আনাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লম্বা হুইসেলের সঙ্গে যাত্রা করল খুলনা-ঢাকা মহানগর এক্সপ্রেস চিত্রা। তাপানুকূল চেয়ার কোচের ধুলো জমা জানালা দিয়ে বাইরে তাকালেন মকিম চৌধুরী। প্ল্যাটফর্মের বুক স্টল, চায়ের দোকান আর মানুষজন মন্থর গতিতে পিছিয়ে যেতে শুরু করেছে। স্পষ্ট নয় দৃশ্যটা, একটু ঝাপসা।প্ল্যাটফর্মের শেষ মাথায় পৌঁছে গেছে ট্রেন, এই সময় ছোটখাটো, লিকলিকে স্বাস্থ্যের এক লোক দেখা দিল কোচের দরজায়।হাঁপাচ্ছে আর ঢোঁক গিলছে লোকটা। ট্রেন ধরতে ১০০ মিটার সিপ্রন্ট দিতে হয়েছে বোধহয়। পরনে সুতির প্যান্ট আর ফতুয়া। খুব শুকনো সে। এত শুকনো মানুষ জীবনে খুব কমই দেখেছেন মকিম চৌধুরী। গায়ে-গতরে সব মিলিয়ে কেজি পাঁচেক মাংস আছে কি না সন্দেহ।নিজের চারদিকে তাকালেন তিনি। কোচে এই মুহূর্তে যাত্রী তেমন নেই। অর্ধেকের বেশি চেয়ার খালি পড়ে আছে। সামনের স্টেশনগুলোয় পূরণ হবে।খালিশপুর...দৌলতপুর পেরিয়ে এল চিত্রা। তারপর শিরোমণি। জোর ঘট্-ঘটাং ঘট্-ঘটাং শব্দে ছুটে চলেছে। গতির সঙ্গে তাল মিলিয়ে ডানে-বাঁয়ে দোল খাওয়া বাড়ছে। গতি আরও বাড়লে এই দোল হয়ে উঠবে ঘুমপাড়ানি দোল। একটু দূরে, ট্রেন লাইনের সমান্তরালে রয়েছে খুলনা-যশোর হাইওয়ে। ওটা দিয়ে সোহাগ পরিবহনের একটা বাস যশোরের দিকে ছুটছে। ধরন দেখে মনে হয় চিত্রার সঙ্গে পাল্লা দিচ্ছে। চোখের কোণে একটা গাঢ় ছায়া নড়ে উঠতেই ঘুরলেন মকিম। হাড্ডিসার লোকটা এদিকেই আসছে। বয়স পঞ্চাশ থেকে ষাটের মধ্যে হবে তার। চোখাচোখি হতে দ্বিধাগ্রস্তের মতো হাসল।চেয়ার কোচগুলোর অর্ধেক সিট হয় গন্তব্যমুখী, বাকি অর্ধেক পেছনমুখী। মকিম চৌধুরীর সিট পড়েছে ঢাকামুখী সিটগুলোর প্রথম সারিতে। কোচের ঠিক মাঝখানে। সামনের সিটগুলো তার দিকে মুখ করা। এই দুই সারির মাঝখানে খাওয়াদাওয়ার জন্য সরু টেবিলও আছে একটা। আগন্তুক তার মুখোমুখি, প্রথম সারির জানালাঘেঁষা সিটে বসল, তিন হাতের মধ্যে।হুইসেল বাজিয়ে তুমুল গতিতে নওয়াপাড়া ছাড়িয়ে এল চিত্রা, ধরল না। কিছু সময়ের জন্য ঘট্-ঘটাং শব্দটা দুই পাশের দালানকোঠায় বাড়ি খেয়ে হাজার গুণ জোরাল শোনাল। আরও ২০-২৫ মিনিট পর গতি কমতে শুরু করল ট্রেনের। যশোর এসে পড়েছে। চেয়ার কোচে মাত্র সাত-আটজন যাত্রী উঠল এখান থেকে। তাদের একজন মাঝবয়সী, ভুঁড়িওয়ালা। গায়ে ধূসর রঙের কোট। সৌম্য চেহারা। হাড্ডিসারের পাশের সিটে পায়ের ওপর পা তুলে বসল মানুষটা। আবার ছুট লাগাল চিত্রা। আনমনে বাইরের দৃশ্য দেখতে লাগলেন মাকিম চৌধুরী। শহর ছাড়িয়ে এসে ফসলের মাঠের মধ্য দিয়ে চলছে গাড়ি। চায়ের অর্ডার দিয়ে যশোর থেকে কেনা ঢাকার পত্রিকাটায় চোখ বোলালেন তিনি। উল্টেপাল্টে দেখতে লাগলেন। আকর্ষণীয় খবর নেই কোনো।মকিম চৌধুরী নিম্ন আদালতের বিচারক। বয়স ৫৪-৫৫। বাড়ি খুলনায়। কর্মস্থল ছিল বরিশালে, মাস তিনেক হলো ঢাকায় বদলি হয়েছেন। মা-বাবার একমাত্র সন্তান। তাই দু-তিন মাস অন্তর তাদের দেখতে আসতে হয়। সাধারণত বৃহস্পতিবার সন্ধ্যার ট্রেনে খুলনায় আসেন। শনিবার দিনের বা রাতের গাড়িতে ফিরে যান। এবার বাবার শরীরটা ভালো মনে না হওয়ায় আরও দু-একদিন থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু রোববার প্রথম বেলায় দুটো মামলার তারিখ, তাই থাকা হলো না।কী মনে হতে সামনে তাকালেন মকিম। তার দিকে বিনীত ভঙ্গিতে চেয়ে আছে হাড্ডিসার লোকটা।চাকরিজীবনে প্রচুর মামলা ঘাঁটাঘাঁটি করতে হয়েছে তাঁকে। মামলার নথিপত্র নাড়াচাড়া করতে গিয়ে বিচিত্র মানবচরিত্র বিশ্লেষণ করার যথেষ্ট সুযোগ হয়েছে। তাই এ বিষয়ে নিজেকে যথেষ্ট অভিজ্ঞ মনে করেন তিনি—মানুষের চেহারা, ভাবভঙ্গি দেখে বলে দিতে পারেন কে কেমন। সেই সূত্রে প্রথম দর্শনেই একে ‘সহজ-সরল’ সার্টিফিকেট দিয়ে রেখেছেন তিনি।‘কিছু বলবেন?’বিনয়ে গলে গেল মানুষটা। ‘এটা ব্যবহার করতে পারি, স্যার?’ সামনের টেবিলটা দেখাল সে।‘নিশ্চয়ই!’ নিজের ব্রিফকেস ওটার ওপর রেখেছিলেন মকিম। ওপরের কার্গো র‌্যাকে তুলে দিলেন সেটা। লোকটা ব্যস্ত হয়ে উঠল, ‘সরাতে হবে না, স্যার! সরাতে হবে না! থাকুক... থাকুক। আমার সামান্য একটু জায়গা হলেই চলবে।’‘সমস্যা নেই। নিন।’ লজ্জা পেল লোকটা। ‘আপনাকে শুধু শুধু কষ্ট দিলাম।’‘না, না।’ দ্বিধা কাটিয়ে এক সেট ময়লা তাস বের করে সাজাতে লাগল লোকটা। তার পাশেরজন উঠেই একটা বইয়ে ডুবে গেছে। কোনো দিকে খেয়াল নেই। লোকটা কী পড়ছে দেখার চেষ্টা করলেন মকিম, কিন্তু কভারে আলগা মলাট দেওয়া বলে বোঝা গেল না।একটু পর প্রথম লোকটিকে বিরক্তি প্রকাশ করতে শুনে তাকালেন তিনি। পেশেন্স খেলছে সে। টেবিলে সাজানো তাসগুলোর দিকে চোখ কুঁচকে চেয়ে আছে। ভুল করেছে? হ্যাঁ, তাই। লোকটা মনে হয় পেশেন্স খেলতে জানে না, কার্ড সাজানোর নমুনা দেখে অনুমান করলেন মকিম। ভাবলেন ভুলটা ধরিয়ে দেবেন, কিন্তু মন চাইল না। যার খেলা সে খেলুক, আমার কী? কিন্তু চুপ থাকা গেল না। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত মনটা চোখের সামনে একজনকে ভুলভাল পেশেন্স খেলতে দেখে ধৈর্য হারিয়ে ফেললেন। ‘ওই সাহেব ওখানে বসবে,’ বললেন তিনি। তাঁর আঙুল অনুসরণ করে তাকাল লোকটা। ‘তাই তো!’ চাল ঠিক করে নিল। ‘এবার লালের নয়। এটাকে ওখানে বসাতে হবে। হ্যাঁ। এবার খেলে যান।’‘আমি পারি না, স্যার। এ কাজ আমার না।’‘পারবেন, খেলে যান!’ পত্রিকা রেখে ঝুঁকে বসলেন বিচারক। তাঁর নির্দেশে কালোর নয়ের ওপরে লালের নয় বসাল সে। এরপর একে একে দশ, গোলাম, বিবি ও সাহেব। সবেশেষে বসাল একটা টেক্কা। ‘এই তো হয়েছে!’ সম্পূর্ণ কলামের দিকে চেয়ে থাকল লোকটা। ‘আপনি ছিলেন বলেই! না থাকলে...আপনি দারুণ কার্ড খেলেন, স্যার।’ ‘ও কিছু না! ’ মুখে যা-ই বলুন, মনে মনে ঠিকই গর্ব অনুভব করলেন। কারণ এ ক্ষেত্রে তিনি আসলেই ভালো। তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা জানেন, অনেক সময় প্রতিপক্ষের মুখ দেখেই মকিম বলে দিতে পারেন কার হাতে কী আছে। এ ক্ষেত্রে যদিও সে কথা খাটে না, তবুও।এরপর কিছুক্ষণ খামকা তাস বাঁটল লোকটা, উল্টে দেখল কোন ভাগে কী পড়েছে, তারপর ওগুলো প্যাকেটে ভরে সরু, চামড়াসর্বস্ব দুই হাত বুকে বেঁধে বাইরের দিকে তাকিয়ে থাকল। চিত্রা আলমডাঙ্গায় থামার জন্য গতি কমাচ্ছে। ‘কোথায় ঢাকা!’ দীর্ঘশ্বাস ছাড়ল সে। ‘এত সময় কীভাবে কাটাই?’পোকার শব্দটা কার মুখ থেকে বেরিয়েছিল মনে পড়ে না, তবে বিচারকের জোর সন্দেহ, তার মুখ থেকেই। প্যাকেট টেনে নিয়ে অলস ভঙ্গিতে নিজের জন্য তাস বাঁটতে লাগলেন তিনি। কয়েকবার বাঁটার পর একবার পেলেন দশ আর গোলামের মিলিয়ে দারুণ হাত। তাসের মালিক লক্ষ করল ব্যাপারটা। নিজের জন্যও এক হাত বাঁটল সে। বলল, ‘স্যার, আপনি যে কার্ড পেয়েছেন, তার তুলনায় আমি জিরো। আপনি এর ওপর চোখ বন্ধ করে দশ টাকার বাজি ধরতে পারেন।’‘টাকা...?’‘সত্যি সত্যি না, স্যার। কল্পনায়!’মাথা দোলালেন মকিম। ‘দশ টাকা? বেশ।’ নিজের জন্য নতুন করে তাস বাঁটলেন তিনি। ফুল হাউস হলো না, তবে এক জোড়া নয় ছিল ওতে। তাসের মালিক আগের হাত নিয়ে বসে আছে, এখনো দেখেনি কী আছে ওর মধ্যে।‘এবার দেখা যাক’ বলে টেবিলে কার্ড বিছালেন বিচারক। লোকটাও বিছাল। তিনটা পাঁচ পেয়েছে সে। কাল্পনিক দশ টাকা হেরে যাওয়ায় একটু লজ্জা পেলেন বিচারক। বললেন, ‘আমি কোনো নতুন কার্ড নিইনি কিন্তু। চাইলে নিতে পারতাম।’‘অবশ্যই।’‘ঠিক আছে। আবার হোক তাহলে।’তাস বাঁটা হলো। লোকটা এবার তিনটা নতুন কার্ড টানল, মকিম দুটো। তিনিই জিতলেন। ‘আমার কাল্পনিক দশ টাকা ফেরত পেলাম তাহলে!’‘হ্যাঁ। আপনার তাসের হাত দারুণ, স্যার।’‘ও কিছু না। হিসেব করে ঝুঁকি নিতে জানলে যে কারও হাত ভালো হতে বাধ্য।’ এ পর্যায়ে পরিচয় হলো দুজনের। বিচারক নিজের নাম আর পেশা ‘চাকরি’ বলে খতম করলেন। অন্যজন নাম জানাল, আবুল হোসেন। খুলনায় ছোটখাটো ব্যবসা করে। বিনা পয়সায় কয়েক দান পোকার খেলার পর আগ্রহ হারিয়ে ফেলল আবুল হোসেন। মাথা চুলকাল। ‘দূর!’‘কী?’ চোখ তুললেন বিচারক।‘আমার আপার চেম্বার গোবরে ভরা, স্যার,’ মাথার পাশে টোকা দিল সে। ‘কে কোন দান জিতছে মনে রাখতে পারি না।’বিচারক একটু ভেবে ব্রিফকেস থেকে দাঁত খিলান বের করলেন এক প্যাকেট। এক মাথা ছুঁচোল ওগুলোর। গুনে দেখলেন মোট চল্লিশটা। ওগুলোকে দুভাগ করে এক ভাগ তাকে দিলেন। ‘এগুলো দিয়ে হিসেব রাখবেন। তাহলে ভুল হবে না।’আরও কয়েক দান খেলা হলো। কিন্তু জমল না। দুজনের পোকার এমনিতেও জমে না। হাত ভালো হয়নি বলে একজন হাত গুটিয়ে নিলে অন্যজনের হাত হাজার ভালো হলেও বেকার হয়ে যায়। কী ভেবে পাশেরজনের দিকে তাকাল আবুল হোসেন। এখনো পড়ায় বিভোর লোকটা। তার দিকে ঝুঁকে বসল সে। ‘আপনার সাথে এখনো পরিচয় হলো না। আমি আবুল হোসেন।’তাকাল লোকটা। ‘আমি পিতর ডি কস্তা।’ ‘তাস খেলব ভাবছিলাম... সময় কাটাতে আর কি! যদি...’‘তাস? মিশনে অবশ্য ছেলেদের সঙ্গে মাঝেমধ্যে খেলি।’‘মিশন?’ ‘আমি একটা ব্যাপ্টিস্ট মিশনের সঙ্গে জড়িত।’‘তার মানে আপনি ফাদার?’ মাথা দোলাল সে। ‘কিন্তু তাস ভালো খেলতে পারি না।’‘ভালোর দরকার নেই, ফাদার। সময় কাটানোই আসল কথা।’‘নিয়মকানুনও তেমন জানি না।’‘খুব সোজা, আমি বলছি। সবার জন্য পাঁচটা করে তাস বাঁটা হবে। সেগুলো সুবিধের মনে না হলে ডেক থেকে আরও পাঁচটা পর্যন্ত টানতে পারবেন আপনি। হাত ভালো হলে বাজি ধরবেন। না হলে নেই।’‘বাজি?’ আপত্তি ফুটল ফাদারের চেহারায়।‘টুথপিকের, ফাদার,’ আবুল হোসেন বলল। ‘এই যে, এগুলোর।’‘বুঝলাম।’‘সব তাস যদি এক পদের হয়, ফাদার, মানে হরতনের বা ইস্কাবনের হয়, টেক্কা দিয়ে শুরু হয়ে নিচের দিকে ক্রমানুসারে থাকে, সেটা হবে রয়্যাল ফ্লাশ।’‘আচ্ছা।’‘তারপর আসবে চারটা একই পদের তাসের কথা। যেমন চারটা টেক্কা, চারটা সাহেব বা চারটা বিবি থেকে চারটা দুই। সে ক্ষেত্রে পঞ্চম কার্ড কাজে আসবে না।’‘হুম।’‘তারপর ফুল হাউস।’‘স্ট্রেইট ফ্লাশ,’ বিচারক বললেন।‘ঠিক!’ জিভ কাটল আবুল হোসেন। ‘স্ট্রেইট ফ্লাশ অনেকটা রয়্যাল ফ্লাশের মতোই, ফাদার। সে ক্ষেত্রে শুরুতে টেক্কা থাকা জরুরি নয়। তবে তাস সব সিরিয়ালি হতে হবে। তারপর ফুল হাউস। তিনটা একধরনের, বাকি দুটো অন্য ধরনের। যদি প্রথম তিনটা হয় দশ, পরের দুটো হতে হবে বিবি। বিবির পরে দশ—এই হলো ফুল হাউস। আর সব মূল্যহীন।’খেলা শুরু হলো। প্রথম দুই দানে বিচারক চারটা পিক জিতলেন। তৃতীয় দানে ফাদারের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। নিজের তাস মেলে ধরল সে। ‘কেমন হলো?’বিচারক হাসলেন। ‘ভালো, ফাদার। ফুল হাউস পেয়েছেন আপনি। কিন্তু এভাবে কার্ড দেখাবেন না। তাহলে আমরা জেনে যাব যে আপনার হাতে কী আছে। বেশি ভালো হাত হলে আমরা বাজি ধরব না।’‘বুঝেছি।’ পরের এক ঘণ্টায় পনেরো দান খেলা হলো। মকিম চৌধুরীর সামনে কাঠির স্তূপ জমে গেছে। ডি কস্তা প্রায় ফতুর, আর আবুল হোসেনের পিক অর্ধেকে নেমে গেছে। ট্রেন যমুনা সেতুর কাছাকাছি পৌঁছাতে খেলায় আগ্রহ হারিয়ে ফেলল সে। ‘দূর! শুধু কাঠি দিয়ে আর ভালো লাগে না, স্যার।’মকিম বললেন, ‘আমি কিন্তু বেশ মজা পাচ্ছি।’‘কিছু টাকা বাজি ধরলে আরও মজা হতো মনে হয়,’ ইতস্তত করে বলল সে।‘আপনি হারছেন। টাকা দিয়ে খেলার ঝুঁকি নেবেন কেন?’‘ভাগ্য কখন পাল্টায় কে বলতে পারে? ’‘আপনারা টাকা দিয়ে খেলবেন?’ ফাদার বলল। ‘তাহলে আমি নেই।’‘না থাকলে হবে না, ফাদার। অল্প কিছু টাকা...।’‘এমনি এমনি খেলা আর টাকা দিয়ে খেলা এক কথা নয়।’আবুল হোসেন মাথা নাড়ল। ‘নগদ না, ফাদার। এই কাঠি হবে টাকা। কাঠিগুলোর একটা মূল্য ধরে সমান দুই ভাগ করা হবে। আমরা দুজন ওগুলো ভাগ করে নিয়ে তা থেকে আপনাকে কিছু ধার দেব। আপনি খেলায় হারলে ধার শোধ করতে হবে না। কিন্তু যদি জিতে যান, তাহলে কাঠির মূল্য হিসেব করে আপনার পাওনা আমরা নগদে পরিশোধ করব। তখন মাছের তেলে মাছ ভাজবেন আপনি। অর্থাৎ আমাদের ধারের টাকা নগদে শোধ করবেন।’একটু ভাবল লোকটা। ‘কিন্তু যদি জিতে যাই...জুয়োর টাকা সঙ্গে রাখা...।’গতি মন্থর হয়ে এসেছে। যমুনা সেতুতে উঠে পড়েছে ট্রেন। একটা যাত্রীবাহী বাস চিত্রার পাশাপাশি চলছে। নীরবে ওটার দিকে তাকিয়ে থাকল সবাই। ‘রাখতে না চাইলে রাখবেন না,’ আবুল হোসেন বলল, ‘গরিবদের দান করে দেবেন।’‘আইডিয়া মন্দ না!’ মৃদু কণ্ঠে বললেন মকিম চৌধুরী। ‘আরও একটা কাজ করা যায়, ফাদার। আপনার টাকার সঙ্গে আমাদের ধারের টাকাটাও না হয় দান করে দেবেন। আমাদের পক্ষ থেকে ডোনেশন হিসেবে।’ বিচারকের দিকে ফিরল সে। ‘যদি স্যারের আপত্তি না থাকে।’‘এ তো ভালো প্রস্তাব। আপত্তি করব কেন? ’‘তা...’ মাথা চুলকাল পিতর ডি কস্তা, ‘এই বুদ্ধিটা মন্দ না। যশোরের বারান্দিপাড়ায় আমার এক বোন থাকে। নিজের ছেলেমেয়ে নেই বলে দুটো এতিম ছেলেকে লালনপালন করে। বাচ্চা দুটোর ভালো শীতের কাপড় নেই। কিছু টাকা পেলে...।’‘ব্যস। হয়ে গেল।’চল্লিশটা কাঠি কম হয়ে যায়। তাই আবুল হোসেনের বুদ্ধিতে ওগুলোকে মাঝখান থেকে ভেঙে আশিটা করা হলো। ছুঁচলো মাথাওয়ালা একেকটার দাম ধরা হলো ১০০ টাকা করে। বাকিগুলোর ৫০০ করে। ফাদারকে ধার দেওয়া হলো চারটা ১০০ ও সাতটা ৫০০ টাকার হিসেবে মোট চৌদ্দটা কাঠি। তার পুঁজি হলো চার হাজার ১০০ টাকা। নিজের অন্তর্দৃষ্টি আর হিসেবি মনটার ওপর আস্থার অভাব নেই মকিম চৌধুরীর। কাজেই আবুল হোসেনের বাঁটা তাস নির্ভার মনে তুলে নিলেন। প্রথম দুই দান জিতলেন তিনি। তৃতীয় দানে হাত ভালো না হওয়ায় আবুল হোসেন শুরুতেই শো করল। ১০০ টাকার চারটা কাঠি হারাল সে। ডি কস্তাও হারাল চারটা। তার পুঁজি প্রায় শেষ ততক্ষণে। ‘ঘাবড়াবেন না,’ তার ছটফটানি দেখে বিচারক অভয় দিলেন। ‘প্রয়োজনে আমি আপনাকে আরও ধার দেব।’ ফাদারের মুখ শুকিয়ে গেল। ‘হায়, হায়! আমি তো প্রায় ফতুর হয়ে গেলাম। এখন কী করি?’আবুল হোসেন পরামর্শ দিল, ‘যদি আরও দেনা হতে না চান, তাহলে ৫০০ টাকা বাজি ধরে স্যারকে শো করতে বলুন।’বাধ্য ছাত্রের মতো তাই করল ফাদার। তবে ১০০ টাকার পাঁচটার বদলে ৫০০ টাকার দুটো বাজি ধরে বলল, ‘দেখান আপনার কার্ড।’ মকিম দেখালেন—ফুল হাউস। ফাদার চারটা হরতনের দশ দিয়ে দান জিতে নিল। দুজনের কাছ থেকে আগের হেরে যাওয়া টাকাসহ ভালো একটা অঙ্ক পকেটে ভরল সে। ট্রেন কখন বঙ্গবন্ধু ব্রিজ পেরিয়ে এসেছে খেয়াল নেই। খেলা চলছে, ফাদারই বেশির ভাগ দান জিতছে। একসময় দুজনের পাওনা শোধ করে দিল সে। এদিকে একের পর এক দান হেরে আবুল হোসেনের শুকনো মুখটা আরও শুকিয়ে গেছে। সময় বাঁচাতে ছোট তাস বাদ দিয়ে খেলার প্রস্তাব দিল সে। মকিম রাজি হলেন। অতএব দুই থেকে ছয় পর্যন্ত সব তাস বাদ দিয়ে সাত থেকে টেক্কা পর্যন্ত বত্রিশ ডেকের তাস নিয়ে শুরু হলো আবার। কিন্তু তাতেও সুবিধা হলো না। ভালো কার্ড না জোটায় এক-দু দান পরপরই রণেভঙ্গ দিতে হচ্ছে তাকে। শো করে নিজেকে গুটিয়ে নিচ্ছে। বিচারকেরও আস্থার অভাব দেখা দিয়েছে। আত্মবিশ্বাস উবে গেছে। একের পর এক দান হারতে হচ্ছে বলে উদ্বিগ্ন। চিকন ভাঁজ ফুটেছে কপালে। ফাদারের মতো এক আনাড়ির কাছে এমন হার মেনে নিতে পারছেন না তিনি। ফলে অদ্ভুত এক মানসিক অশান্তি ছেঁকে ধরেছে।জয়দেবপুর ছেড়ে আসার পর ফাদার জানাল ক্যান্টনমেন্টে নেমে যাবে সে। তাই শেষ দান বাঁটা হলো। এবার বিচারক নিজের হাত খুব ভালো দেখে ঝুঁকি নিয়ে বসলেন। একবারে তিন হাজার টাকা বাজি ধরে শো করলেন। ‘চার বিবি।’ আবুল হোসেন মুখ বাঁকিয়ে হাসল ফাদারের বিপদ টের পেয়ে। ডি কস্তা ওগুলোর দিকে চেয়ে মাথা চুলকাল। ‘ইয়ে...সাহেব ওপরে, না বিবি ওপরে?’‘সাহেব,’ অস্বস্তির সঙ্গে বললেন বিচারক। ‘কেন?’ এ-গাল ও-গাল হেসে চারটা সাহেব টেবিলে রাখল সে। মুখ শুকিয়ে গেল মকিম চৌধুরীর। তাস খেলায় এমন গো-হারা জীবনে এই প্রথম। বিশ্বাস হতে চায় না। ক্যান্টনমেন্ট এসে পড়েছে প্রায়। কার্ড গুছিয়ে নিল বেজারমুখো আবুল হোসেন। লোকটার জন্য করুণা হলো তাঁর। ফাদার প্রায় ফকির বানিয়ে ছেড়েছে লোকটাকে।মকিম বললেন, ‘ফাদার, আপনি আমার কাছে ঠিক বারো হাজার টাকা পান।’‘আপনি যা বলেন।’‘হিসেবে কোনো ভুল নেই, ফাদার। কিন্তু এত নগদ টাকা সঙ্গে নেই। একটা চেক লিখে দিই, কাল সকালে ব্যাংক খুললে ভাঙিয়ে নেবেন।’ ‘ব্যাংক? কিন্তু আমার তো অ্যাকউন্ট নেই।’‘সমস্যা হবে না। আমার চেকটা জমা দিলেই ব্যাংক টাকা দিয়ে দেবে। তবে চেক হারায় না যেন। বেয়ারার চেক। ব্যাংকে যে-ই নিয়ে জমা দেবে, সে-ই টাকা তুলে নিতে পারবে।’পরদিন। মামলার নথিতে চোখ বোলাচ্ছেন বিচারক মকিম চৌধুরী। বিবাদীকে ডাকা হলো: ‘মামলা নম্বর ১০৬, আবুল হোসেন হাজি...র!’ডকে উঠল এক হাড্ডিসার মানুষ। বিচারক স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে থাকলেন। সেই আবুল হোসেন। চোখাচোখি হলো দুজনের। অভিযোগ পড়ে শোনানো হলো। সেটা এ রকম: গত ১৪ মে খুলনা-ঢাকা ট্রেনে ভ্রমণ করার সময় আবুল হোসেন সুকৌশলে হজরত আলীর আঠারো হাজার টাকা মেরে দিয়েছে। ‘সব মিথ্যা, স্যার,’ মাথা নাড়ল সে। ‘আমি নির্দোষ।’বাদীর উকিল বলল, ‘ইয়োর অনার, প্রতারণা ধরতে পেরে আমার মক্কেল তখনই ট্রেনের গার্ডকে জানান। গার্ড এসে এর কাছ থেকে এই তাসগুলো উদ্ধার করে। পরীক্ষা করে দেখা গেছে, এই প্যাকেটের বেশির ভাগ তাসে বিশেষ ধরনের ট্রিক খাটানো হয়েছে।’‘কেমন ট্রিক?’ রুদ্ধশ্বাসে বললেন বিচারক। ‘ইয়োর অনার, প্রতিটা তাসের ডান বা বাম দিকের কিনারা খুব অল্প করে ছেঁটে ফেলা হয়েছে যাতে কার্ডের আকার নিয়ে কারও সন্দেহ না হয়, আবার তাসের মালিক পেছন থেকে বুঝতে পারে কার হাতে কী আছে। একে বলে ট্রিমিং ট্রিক, ইয়োর অনার। এ ছাড়া কার্ডের পিঠে যে নকশা বা প্যাটার্ন থাকে, কেমিক্যালের সাহায্যে তা কিছুটা গাঢ় বা হালকা করে নেওয়া হয়েছে এগুলোর। দেখুন, চার সেট তাসের টেক্কা থেকে দশ পর্যন্ত প্রতিটায় এই ওস্তাদি করা হয়েছে। একে বলে শেডিঙ ট্রিক।’ কার্ডগুলো হাতে নিয়ে উল্টেপাল্টে দেখলেন মকিম চৌধুরী। কোনো চিন্তায় ডুবে আছেন।‘আমি খুলনা রেলস্টেশন থেকে এই তাস কিনেছি, স্যার,’ আবুল হোসেন বলল। ‘অনেক দিন আগে। ওগুলোর মধ্যে কোনো রকম ট্রিক আছে কি না আমি জানি না। কসম করে বলছি।’বাদীর উকিলের দিকে ফিরলেন বিচারক। চিন্তিত। ‘এ রকম ক্ষেত্রে তাস বাঁটার সময় কি কোনো চালাকি করা হয়ে থাকে?’‘এ ক্ষেত্রে তার প্রয়োজন পড়ে না, ইয়োর অনার।’‘তার মানে এ রকম কারও বিরুদ্ধে জেতার সম্ভাবনা নেই।’‘নেই। কারণ এরা যখন বোঝে হাতে ভালো কার্ড পড়েছে, তখন বাজি ধরে। যখন বোঝে ভালো কার্ড প্রতিপক্ষের হাতে পড়েছে, তখন চাল না দিয়ে শো করে বসে।’বিচারক আবুল হোসেনের দিকে ফিরলেন। ‘আপনার উকিল কে?’‘উকিল নেই, স্যার। আপনি অনুমতি দিলে আমি নিজেই বাদীকে কিছু প্রশ্ন করব।’‘ঠিক আছে।’হজরত আলীর দিকে ফিরল সে। ‘সেদিনের খেলার ঘটনা কীভাবে শুরু হয়েছিল বলবেন?’ রেগে উঠল লোকটা। ‘কীভাবে মানে? আপনি আবোল-তাবোল পেশেন্স খেলছেন দেখে আমি সাহায্য করতে চাইলাম। তারপর...তারপর একসময় কীভাবে পোকার...’‘পোকার খেলার কথা উঠতে আমি ফ্রেন্ডলি খেলার প্রস্তাব দিয়েছিলাম না?’‘হ্যাঁ!’ ‘টাকার বদলে ম্যাচের কাঠি দিয়ে খেলার প্রস্তাব দিয়েছিলাম না?’‘হ্যাঁ। কিন্তু তারপর অল্প টাকা দিয়ে খেলার কথাও বলেছিলেন।’‘তা বলেছি, কিন্তু আপনাকে বাধ্য করিনি। না খেললেই পারতেন। তাহলে লোকসান হতো না।’কিছু ভাবল হজরত আলী। ‘এ রকম কিছু না কিছু চালাকি তো আপনাদের ভান্ডারে থাকেই, তাই না? বিপদ হলে সাধু সাজার জন্য?’গায়ে মাখল না সে। ‘আমার কাছে কত টাকা হেরেছেন আপনি?’‘আঠারো হাজার!’ ‘না, আমার কাছে কত হেরেছেন?’‘না,’ ভুরু কুঁচকাল লোকটা। ‘আপনার কাছে না। হেরেছি তো সেই...হ্যাচারি মালিকের কাছে।’‘আমি তার কাছ থেকে কত জিতেছি?’মাথা নাড়ল হজরত আলী। ‘আপনিও তার কাছে হেরেছেন।’‘আমার আর কোনো প্রশ্ন নেই, স্যার।’বিচারক প্রশ্ন করলেন, ‘আপনি যে হ্যাচারি মালিকের কথা বললেন, তিনি কে?’মাথা চুলকাল হজরত আলী। ‘নাম মনে নেই, স্যার। ভুলে গেছি।’একই কাণ্ড! নিজের গতকালকের অভিজ্ঞতার কথা ভাবলেন বিচারক। আবুল হোসেন টাকা জিতলে না হয় সন্দেহ করা যেত। কিন্তু জিতেছে তো সেই ফাদার। টাকা-পয়সা নিয়ে তাঁর সামনে দিয়েই ট্রেন থেকে নেমে গেছে সে। হজরত আলীর কথায় বোঝা যায়, বেচারা সেদিনও হেরেছে। তাই যদি হয়...তাহলে বুঝতে হবে, কার্ডে কোনো ট্রিক থাকলেও তার জন্য সে দায়ী নয়।অতএব আবুল হোসেনকে বেকসুর খালাস দিলেন তিনি।অফিসের পাঁচ দিন কাছের এক রেস্টুরেন্টে লাঞ্চ করেন মকিম চৌধুরী। খাস রুম থেকে বেরিয়ে সেদিকে যাচ্ছিলেন, এই সময় একটা ঝকঝকে দামি গাড়ি কোর্ট প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেল। চালাচ্ছে আবুল হোসেন। পাশে বসা ভুঁড়িওয়ালা এক লোক। দুজনই খুব হাসছে।পাশ থেকে কেউ চেঁচিয়ে উঠল, ‘আরে...ওই তো সেই হ্যাচারি মালিক!’বিচারক পাশে তাকিয়ে দেখেন হজরত আলী। ‘হ্যাচারির মালিক?’‘হ্যাঁ, স্যার। ওই গাড়িতে...ওই যে। সেদিন আমার টাকা...’‘কিন্তু ওর নাম তো পিতর ডি কস্তা। এক ব্যাপ্টিস্ট মিশনের ফাদার।’‘না, স্যার। ওই ব্যাটাই সেই হ্যাচারি মালিক।’(বিদেশি কাহিনির ছায়া অবলম্বনে)