
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বেশ কিছুদিন ধরেই ছিলেন অসুস্থ। তাঁর আরোগ্য কামনা করে তাঁর জীবনের এই কোয়ারেন্টিন-কাহিনি যখন প্রেসে যাচ্ছিল, তখন—গতকাল বিকেলে খবর এল অকস্মাৎ, স্যার আর নেই। স্যারকে শ্রদ্ধা। তাঁর মৃত্যুতে অভিভাবক হারাল বাংলাদেশ
আনিসুজ্জামান ১৯৭৩ সালে ওয়ার্ল্ড পিস ওয়েভের কনফারেন্সে বুদাপেস্ট যান। প্রথমে যান মস্কো। কনফারেন্স বসবে বুদাপেস্টে। মস্কোতে রাতে থেকে পরদিন দুপুরে আবার বিমান ধরবেন। সেখানে তখন প্রচুর শীত। হোটেলে গিয়ে খেয়েই ঘুমিয়ে পড়লেন। পরদিন সাতসকালে একজন তরুণী এসে ‘এয়ারপোর্ট, এয়ারপোর্ট’ বলে ডাকতে লাগলেন। আনিসুজ্জামান অবাক হলেন। তাঁর বুদাপেস্টের বিমান ছাড়বে দুপুরে। তরুণীকে জিজ্ঞেস করলেন, ‘এখনই কেন যেতে হবে?’ তরুণী বললেন, ‘নো ইংলিশ, এয়ারপোর্ট।’ তাড়াহুড়া করে রেডি হয়ে হোটেলের লাউঞ্জে এসে বসলেন আনিসুজ্জামান। আবিষ্কার করলেন, তাঁর হেলথ কার্ড পাওয়া যাচ্ছে না। তখন বিদেশ যেতে কয়েকটা ভ্যাকসিন শরীরে নিয়ে ইমিগ্রেশন পার হতে হতো। হেলথ কার্ডে ভ্যাকসিনগুলো নেওয়া হয়েছে কি না, উল্লেখ থাকত।
বিমানবন্দরে যাওয়ার বাস ছেড়ে দিচ্ছে। আবার হেলথ কার্ডও পাচ্ছেন না। দ্রুত হোটেলের রিসেপশন থেকে চাবি নিয়ে আবার ঘরে গিয়ে খুঁজে দেখলেন হেলথ কার্ড। পাওয়া গেল না। ফিরে এসে বাসে উঠলেন। কিছু দূর গিয়ে বুঝতে পারলেন, হেলথ কার্ড খুঁজতে গিয়ে ওভারকোট ফেলে এসেছেন। ফিরে গিয়ে নিয়ে আসবেন, সে উপায় নেই। বাসের চালকের ভাষা জানেন না।
মস্কো থেকে বুদাপেস্ট এলেন। ইমিগ্রেশনে বললেন, ‘আমি মস্কোতে ঢোকার সময় হেলথ সার্টিফিকেট দেখিয়েছি। দরকারে তোমরা সেটার খোঁজ নাও।’ সবাই বলল এতে কাজ হবে না। সবার কৌতূহল, ‘তুমি মস্কোর শীতে কোট ছাড়া বাইরে পা দিলে কেমন করে?’ এরপর কয়েক মিনিটে অ্যাম্বুলেন্স এল। আনিসুজ্জামান চললেন কোয়ারেন্টিনে।
একটা লম্বামতো দালানের এক পাশে ছোট্ট একটি ঘর। ঘরের একটা দেয়াল কাচের। তাঁকে সে ঘরে ঢুকিয়ে তালা মেরে দেওয়া হলো। দুদিন আলাদা হয়ে থাকতে হবে। জেলখানার মতো এক ঘরে বন্দী হয়ে গেলেন।
এরপর এক ভিয়েতনামি ডাক্তার এসে ইংরেজিতে বললেন, ‘তোমাকে আবার ইনজেকশন নিতে হবে। এতে তোমার কোনো ক্ষতি হবে না। আর দুদিন বাদে তুমি ছাড়া পাবে।’
সন্ধ্যার দিকেই অস্থির হয়ে উঠলেন আনিসুজ্জামান। ঢাকায় ফেরত আসার কথা ভাবতে লাগলেন।
পরদিন সকালে পাশের ঘরের বন্দী জানালায় টোকা দিলেন। এক রোমান ভদ্রলোক। একই অবস্থায় পড়ে কোয়ারেন্টিনে আছেন। দাড়ি কামাবেন, ভদ্রলোকের কাছে আয়না নেই। ইশারায় জিজ্ঞেস করলেন, আয়না আছে? আনিসুজ্জামান নিজের ঘর থেকে আয়না ধরলেন। ওপাশের ঘরে ভদ্রলোক দাড়ি কামাতে লাগলেন।
কিছুক্ষণ পরে ডাক্তার এলেন। বললেন, ‘হোটেলের লাউঞ্জে কোট উদ্ধার হয়েছে। এর পকেটে হেলথ কার্ডও পাওয়া গেছে। ভালোই হয়েছে। তোমার দুটো সার্টিফিকেট হলো। আমাদেরটা কাল সকালে পাবে।’
মস্কো বিমানবন্দরে দেখিয়ে হেলথ কার্ড ওভারকোটের পকেটে রেখে দিয়েছিলেন। ওই পকেটে কিছু রাখেন না বলে পরে আর খোঁজ করেননি।
অকারণ কোয়ারেন্টিন শেষে নিজেকে ধিক্কার দিয়ে আনিসুজ্জামান চললেন বুদাপেস্টের আরামদায়ক হোটেলে।
সূত্র: আনিসুজ্জামানের বিপুলা পৃথিবী, প্রকাশক: প্রথমা প্রকাশন
গ্রন্থনা: আহমাদ মুদ্দাসসের