আনিসুজ্জামানের রবীন্দ্র-বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
তাঁর সৃষ্টির পথ
তাঁর সৃষ্টির পথ
তাঁর সৃষ্টির পথ
আনিসুজ্জামান
প্রচ্ছদ: রফিকুন নবী* প্রকাশক: বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেড, ঢাকা
* প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬* ১২৭ পৃষ্ঠা* দাম: ২৭৫ টাকা।

সমগ্র জাতিসত্তার কাছে রবীন্দ্রনাথ নিঃসন্দেহে মহামূল্যবান। কিন্তু রবীন্দ্রসাহিত্যের বিচার-বিশ্লেষণের নামে যে ‘বন্দন-কীর্তন’ চালু হয়েছে, তাতে একে ‘রবি-কীর্তন’ বলাই শ্রেয়। এর মধ্যে নতুন করে রবীন্দ্র বিচার-বিশ্লেষণের সুযোগ-পরিসর কতটা? এই ধরনের জিজ্ঞাসার কেবল জবাব নয়, রবীন্দ্র বিচার-বিশ্লেষণের একটি নির্মোহ পাঠসূত্রও নির্মাণ আছে আনিসুজ্জামান রচিত তাঁর সৃষ্টির পথ বইয়ে। তিনি এই বইয়ে রবীন্দ্রনাথকে নিয়ে কোনো ‘কীর্তন’ তো করেনইনি, বরং নিজেকে হেফাজত করেছেন ‘রবীন্দ্র গীবত’ থেকে। বলে রাখা ভালো, আনিসুজ্জামানের রবীন্দ্রচর্চার বয়স বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের বয়সের চেয়ে ঢের বেশি।

কবি শঙ্খ ঘোষকে উৎসর্গিত এই বইয়ে ‘রবীন্দ্র-বিশ্ব’, ‘নানা রবীন্দ্রনাথের মালা’, ‘রবীন্দ্রনাথের নারীরা’, ‘রবীন্দ্রনাথ ও পূর্ববঙ্গের অন্তর্লোক’, ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’, ‘জাতীয় শিক্ষা-আন্দোলন ও রবীন্দ্রনাথ’, ‘রবি ও রাজ: এক অধ্যায়’, ‘ইংরেজি গীতাঞ্জলি: রচনা ও অভ্যর্থনা’, ‘তাঁর সৃষ্টির পথ’, ‘রবীন্দ্রনাথের উৎসব-ভাবনা’, ‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’—মোট ১১টি প্রবন্ধ আছে। প্রতিটি প্রবন্ধ আলাদা কিন্তু চিন্তাসূত্র এক ও অভিন্ন। প্রবন্ধগুলো লেখাও সমসাময়িক সময়ে। বিভিন্নভাবে রবীন্দ্রনাথকে বিশ্লেষণ করা হয়েছে প্রতিটি প্রবন্ধে।
বিলেতের এক স্কুলের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথের হাতে এক ছাপানো প্রশ্নমালা তুলে দিয়েছে উত্তর প্রার্থনা করে। তার একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, কবির সর্বোত্তম গুণ কী? অপর একটিতে জিজ্ঞাসা করা হয়, তাঁর সর্বাধিক দোষ কী? একটিমাত্র শব্দে দুটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন রবীন্দ্রনাথ: inconsistency—অসংগতি। এই তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে সেই ‘অসংগতি’র সন্ধান করেছেন আনিসুজ্জামান ‘নানা রবীন্দ্রনাথের মালা’ প্রবন্ধে। রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার ও ব্যক্তিজীবনের ‘অসংগতি’র নানা রূপ উপস্থাপন ও বিশ্লেষণ করেছেন আনিসুজ্জামান। এ ক্ষেত্রে তাঁর উপাদান কবির সৃষ্টিসম্ভার-কাব্য, পত্র, নাটক, প্রবন্ধ, জীবনস্মৃতি প্রভৃতি। তবে এই সন্ধানের মাধ্যমে রবীন্দ্রনাথকে হেয় করার কোনো মানসিকতা কাজ করেনি তাঁর মধ্যে। তাতে কাজ করেছে নির্মোহ ও নিরাসক্ত গবেষকসত্তা। কারণ, এই প্রবন্ধে নানা রবীন্দ্রনাথের মালাকে খণ্ডরূপে নয়, যতটা সম্ভব অখণ্ডরূপে দেখার প্রয়াস রয়েছে।
তাঁর সৃষ্টির পথ বইয়ের ‘রবীন্দ্রনাথ ও পূর্ববঙ্গের অন্তর্লোক’ প্রবন্ধটি যেকোনো পাঠককে আকৃষ্ট করবে। লেখক এখানে রবীন্দ্রনাথের পূর্ববঙ্গ আগমনের প্রেক্ষাপট, পূর্ববঙ্গের সমাজ, সংস্কৃতি, প্রকৃতি, জলরাশি, জলবায়ু প্রভৃতির সঙ্গে মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা, গান, ছোটগল্প, প্রবন্ধ, পত্রাবলির সন্ধান করেছেন। রবীন্দ্র সৃষ্টিসত্তার সঙ্গে পূর্ববঙ্গের অন্তর্লোককে অসাধারণভাবে বিশ্লেষণ করেছেন। নীরদচন্দ্র চৌধুরী, আহমদ রফিক, গোলাম মুরশিদসহ অন্যদের রচনা শ্রদ্ধার সঙ্গে স্মরণে রেখেই বলা যায়, আনিসুজ্জামানের এই প্রবন্ধের তথ্য ও বিশ্লেষণ রবীন্দ্রনাথ ও পূর্ববঙ্গের সম্পর্ক বিচারে নতুনত্বের পরিচয় বহন করবে।
এই বইয়ে সব থেকে আলোচিত ও আলোড়িত প্রবন্ধ হলো ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’। রবীন্দ্রনাথের পূর্ববঙ্গে আগমন থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রবীন্দ্রচর্চা ও ‘গ্রহণ-বর্জনের’ এক নির্মম ইতিহাস উপস্থাপিত হয়েছে। ১৯৪৮ সালের গোড়ার দিকে ভারতীয় কমিউনিটি পার্টির দ্বিতীয় কংগ্রেসে রবীন্দ্রনাথকে ‘প্রতিক্রিয়াশীল’ হিসেবে চিহ্নিত করে সাংস্কৃতিক তত্ত্ব দেন ভবানী সেন। এরই প্রভাবে ‘পূর্ব বাংলার লেখক ও শিল্পী সংঘ’ রবীন্দ্রনাথকে ‘প্রগতিবিরোধী বুর্জোয়া’ হিসেবে গণ্য করে। মুনীর চৌধুরী, আখলাকুর রহমান, আবদুল্লাহ আল-মুতী, আলাউদ্দিন আল আজাদসহ সবাই ভবানী সেনের তত্ত্বেই একমত পোষণ করেন। দ্বিমত পোষণ করেন শুধু আজিত কুমার গুহ ও রণেশ দাশগুপ্ত। পরবর্তী সময়ে মুসলিম লীগের হয়ে রবীন্দ্রনাথকে অস্বীকার করেন সৈয়দ আলী আহসান। একই প্রেক্ষাপটে বিচারপতি সৈয়দ মাহবুব মুরশেদ, খান সারওয়ার মুরশিদ, সুফিয়া কামালের অনবদ্য সাহসী ভূমিকার উল্লেখ এই গ্রন্থকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছে। সেই বিতর্কে আনিসুজ্জামানের সম্পাদিত রবীন্দ্রনাথ (১৯৬৭) সংকলনটি সরকারি নীতির উপযুক্ত প্রতিবাদ হিসেবে গণ্য হয়েছিল। পাকিস্তান সরকারের রবীন্দ্র-বর্জন থেকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে আহমদ শরীফের রবীন্দ্র-বিতর্ক সবটাই এসেছে এই আলোচনায়।
‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’-এ রবীন্দ্রনাথের চিন্তার সঙ্গে মিলিয়ে আজকের সভ্যতাকে দেখতে চেয়েছেন লেখক। তাঁর মনে হয়েছে, ‘সভ্যতার সংকট এখনো প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক শুধু তার ইতিহাস-বিশ্লেষণের কারণে নয়। সাম্রাজ্যবাদের চরিত্রের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, তা আজও নির্মমভাবে সত্য।’ অপরদিকে ‘রবীন্দ্রনাথের নারীরা’ প্রবন্ধে রবীন্দ্র উপন্যাসের নারী চরিত্রগুলোর নানা দিক নিয়ে আলোচনা আছে। তবে এই আলোচনা কোনো মতাদর্শিক নয়। লেখক দেখিয়েছেন, ‘রবীন্দ্রনাথের উপন্যাসের নারী চরিত্ররা সকলেই সমাজের এমন পর্যায় থেকে এসেছে, যেখানে সাধারণত অন্নবস্ত্রের চিন্তা করতে হয় না।’ এই ভাবনা নতুন চিন্তার উদ্রেক করে।
আনিসুজ্জামানের চিন্তার স্বচ্ছতা, তথ্যনির্ভর যুক্তি, নির্মোহ বিচার-বিশ্লেষণ, অনবদ্য গদ্যভঙ্গি ও দৃষ্টিভঙ্গির ঔদার্য—সর্বোপরি তাঁর প্রাণের ঐশ্বর্যে তাঁর সৃষ্টির পথ বইটি রবীন্দ্রসাহিত্য বিচার-বিশ্লেষণে নতুন পথের সন্ধান দেবে বলেই আমাদের ধারণা।