আন্তর্জাতিকতার পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওয়েটিং ইন সাইকেল-২’,  শিল্পী: রুহুল করিম কাজল
‘ওয়েটিং ইন সাইকেল-২’, শিল্পী: রুহুল করিম কাজল

শতাব্দী-পূর্বে শিল্পীরা যখন সরাসরি প্রকৃতির আলো-ছায়াকে ক্যানভাসে ধরতে সময়ের সঙ্গে পাল্লা দিতেন, ইতিহাসে তা ইম্প্রেশনিজম। আর এখন আলো-ছায়া, প্রকৃতির রূপ সৌন্দর্যের বর্ণনার চেয়ে তীব্রতর সংকটে মুহ্যমান মানুষ।
প্রযুক্তির ব্যবহার জীবনে আবশ্যিক এবং কখনো কর্তৃত্বপরায়ণভাবে বেঁধে ফেলছে মানুষের ভাবনা ও ব্যবহারিক জগৎ। শিল্পীরাও সমাজে বিদ্যমান সবকিছু নিয়েই অন্যান্য মানুষের মতোই লড়ছেন। শিল্পী রুহুল করিম কাজল তাই বলে ওঠেন, ‘কনসেপচুয়াল কন্সপিরেন্সি= কন্সপিরেচুয়াল’। গ্যালারি শিল্পাঙ্গনে চলছে কাজলের ৩৫তম একক প্রদর্শনী ‘কন্সপিরেচুয়াল’।
এই প্রদর্শীর মাধ্যমে দ্ব্যর্থহীনভাবে সমাজকে সমালোচনা করেছেন শিল্পী। পুঁজিবাদী সমাজের বিকশিত জটিলতর নিয়মকানুন ও কৌশলে বিদ্ধ মানুষের জীবনের গতিপ্রকৃতি ইতিবাচক নাকি নেতিবাচক দিকে ধাবিত হচ্ছে, বিষয়টি পর্যবেক্ষণ করছেন মনোযোগ সহকারে । তবে তাঁর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। এ সময়ের রাজনীতিসচেতন একজন শিল্পী বলেই হয়তো তিনি এমন করেন।
কাজল দীর্ঘদিন ডেনমার্কে থাকেন। সেখানে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ আর্ট প্রজেক্ট করেন। তাঁর বিশ্ববিখ্যাত প্রজেক্ট ‘ট্রাফিক আর্ট’; যা মূলত পৃথিবীর দীর্ঘতম রোড পেইন্টিং হিসেবে গিনিস বুকস অব রেকর্ডে স্থান পেয়েছে। এই প্রকল্পে শিল্পী গ্যালারির চার দেয়াল ছেড়ে মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ তৈরি করতে চেয়েছেন বলে অর্ধেক কিলোমিটারের বেশি রাস্তাজুড়ে করেছেন রোড পেইন্টিং।
এছাড়া ‘কলোনি সিরিজ ১৯৮১’, ‘সোসাইটি ১৯৮৬’, ‘ইমব্যালেন্স ওয়ার্ল্ড ১৯৯২’, ‘ভায়োলেন্স ১৯৯৩’, ‘ডেমোক্রেজি ২০০০’ ইত্যাদি শিরোনামের যেসব প্রদর্শনী হয়েছে তাঁর, তাতে নিজস্ব শৈল্পিক ভাষাকে স্বতন্ত্র ও দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছেন তিনি। ‘শিল্প শিল্পের জন্য’ যেমন বহুল প্রচলিত একটি চিন্তা, শিল্প তেমনি জীবনের জন্যও। একবিংশ শতকের চূড়ান্ত ব্যক্তিস্বাধীনতার কালে এইই দুই চিন্তা-বাক্যের সংঘর্ষ সব সময় লক্ষণীয়। কাজলের চিত্রমালায় এই বিষয়টি স্পষ্ট।
প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে সাদা কাগজে হালকা রিলিফ করে বিভিন্ন ফর্ম তৈরি করেছেন শিল্পী। গোলাকার, পিরামিড, গাছ, চতুর্ভুজ ইত্যাদি ফর্মের সঙ্গে বিন্যস্ত আছে বিশাল স্থানিক বিভাজন এবং এরসঙ্গে হালকা রঙে আঁকা সারিবদ্ধ মানুষের মিছিল। স্থান বিভাজনের পরিপ্রেক্ষিতে মানুষের ক্ষুদ্রতা লক্ষণীয় বটে। কিন্তু গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত মানুষের এই সারি শিল্পীর ভাবনাকে তুলে ধরে।
কাজলের ছবিতে ঠিক বাংলাদেশ নয়, আছে আন্তর্জাতিকতা। শিল্পী নিজের কর্মকৌশল সম্পর্কে বলেছেন, ‘এই সিরিজে তিনি টাচ্ অ্যান্ড প্রেস টেকনিকে কাগজে কাজ করেছেন। কারণ, এই যুগে ক্ষুদ্র মুঠোফোন আমাদের অভ্যস্ত করছে শিখতে জাস্ট টাচ্ অ্যান্ড প্রেস।’
প্রদর্শনীটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।