আপনাকে অন্তিম অভিবাদন, কবি

সম্প্রতি মারা গেছেন কবি নূরুল হক। তাঁকে স্মরণ করে এবং তাঁর কবিতা পড়ে নিজের অনুভূতির কথা লিখেছেন পরবর্তী প্রজন্মের এক কবি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরুল হক।
ছবি: সংগৃহীত

খুব মিতবাক, অস্ফুট প্রায় নিঃশব্দে শব্দগুলো বুনে বুনে কবিতাগুলো গেঁথে ফেলতেন কবি। কোনো তাড়াহুড়া নেই। শুধু গহনে যাওয়ার প্রস্তাবনা বুনে দেওয়া যেন। এবং যত কথা বলা, সব যেন আন্ডারগ্রাউন্ড থেকে কেউ অদৃশ্যের দিকে ছুড়ে দিচ্ছে তার কথা। বক্তা আশ্চর্যজনক বা নির্লিপ্ত, অগোচরে থেকে যাচ্ছেন। সবাই তো আর মিছিলে শামিল হন না।

হ্যাঁ, বলছিলাম কবি নূরুল হকের কথা। এক প্রাজ্ঞ, নিরপেক্ষ কবি-বুড়ো, কোভিডে ভুগে, বেশ অনেক দিন আইসিইউতে থেকে পৃথিবীকে বিদায় জানালেন। তাঁর লেখার সঙ্গে পরিচয় ‘সব আঘাত ছড়িয়ে পড়ছে রক্তদানায়’ (২০০৭) কাব্যগ্রন্থ দিয়ে। বইটা পেয়েছিলাম ঢাকার আজিজ মার্কেটের ‘লোক’–এ। তারপর আজিজ মার্কেটে দেখেছিও সদা হাসিমুখ, প্রগাঢ় সুদর্শন এই মানুষকে। তত দিনে তিনি কাজ থেকে অবসরে গেছেন। আমার নানাভাই তাঁর মতো করে হেসে কথা বলতেন। এখন এই কবির মৃত্যুর পর প্রথমে মনে পড়ছে সরোজ মোস্তফার কথা, তারপর চৈতন্য প্রকাশিত নূরুল হকের ‘কবিতাসমগ্র’ (২০২০ সাল)–এর কথাও মনে পড়ছে। এবং শেষে আমার নানাভাইয়ের মুখও স্মরণে এল।

নূরুল হকের কবিতা পড়ার অনেক অনেক দিন পর, সরোজ মোস্তফা তাঁর কথা মনে করিয়ে দিয়েছিলেন আমাকে। মমতা দিয়ে তাঁর সমগ্র প্রকাশনার সঙ্গে সরোজদা যুক্ত ছিলেন বলে জেনেছি। ফলে এই কবির মৃত্যুর খবরটি জানার পর সরোজদাকে বিরক্ত করতে ইচ্ছা হয়নি মোটেও। আমি বরং নূরুল হকের ‘কবিতাসমগ্র’ নিয়ে বসেছি। উল্টেছি–পাল্টেছি। নিভৃতের এক মানুষ, যিনি কবিতার কাছেই সঁপেছিলেন প্রাণ, তাঁকে চেনার জন্য কবিতা ছাড়া আর উপায়ই-বা কী? কেননা, তাঁর সৃষ্টিও নির্জন বাতির মতো নিঃসঙ্গ জ্বলতে থাকবে, আমি জানি, জনা কয়েক উদার পাঠকের হাতে:
‘...সময় বিগলিত হয়ে
ঝরছে
নিঃসীম রৌদ্র থেকে
মলমূত্র মাঝে।

চিন্তাগুলো নির্জন বাতির মতো
নিঃসঙ্গ জ্বলছে।
অলিখিত।’
(‘বস্তি’; ‘কবিতাসমগ্র’, পৃষ্ঠা: ২২৫)

নূরুল হকের ‘কবিতাসমগ্র’

২২৭ নম্বর পৃষ্ঠায় এসে চোখ আর মগজ গেঁথে গেল একটা কবিতায়! কী অদ্ভুত, কী অসাধারণ। কত উদার ছিলেন এই কবি আমাদের। কবিতায় তিনি বললেন:
‘যদি
সব কাজ তুমি নিজে করে দাও
তবে
অন্যে করবে কী?
খেয়াল রেখো
যেন
মাটির বুক থেকে কারো অভিমান
ছিনতাই না হয় কখনো
যাতে
মাল্যবিনিময়ের দান
টানটান থাকে
সর্বদাই
টুঁটিচাপা খুশিতেও।’
(‘দান’)

আহা, বলেছিলেন, ‘মাটির বুক থেকে কারো অভিমান/ যেন ছিনতাই না হয় কখনো।’ ইশ কী কোমল সেই হৃদয়। আহা এমন মানুষের যুগ কি শেষ হয়ে এল? নূরুল হকের মৃত্যু দিয়ে!

দুই.

প্রতিটি কবিতাই ছোট ছোট বাক্যে রচিত। অল্প কথা। কিন্তু হিরণ্ময় একেকটি পঙ্‌ক্তি। হীরার মতো, ঝিকঝিক করে ওঠে। জানি, অপঠিত আছেন নূরুল হক। হয়তো অপঠিতই থেকে যাবেন। তাঁর মৃত্যু নিয়ে তেমন কিছু লেখা হবে না হয়তো। কিন্তু জানি প্রকৃতি ঠিকই বাজাবে বিউগল। প্রকৃতি ঠিকই তার সন্তানের জন্য বের করবে ক্রোড়পত্র কোনো। আর যে পাতাগুলো ঝরে যাবে বিভিন্ন গাছ থেকে, তারাই শুধু একজন কবির কথা বলবে হয়তো। হয়তো নূরুল হককে মনে রাখবে একটা পিঁপড়েও:
‘চলে এসেছে মেহমান,
দুটি পাখি
এবং একটি পিঁপড়ে’।
(‘আমার সংসারের হালচাল’)

নূরুল হক।
ছবি: সংগৃহীত

যিনি ‘ব্রহ্মাণ্ড হাসছে একটি ফুলের মধ্যে’ বলতে পারেন, তার মেহমান, আত্মীয়স্বজন কারা হবে, তা তো সহজেই অনুমেয়।
আপনি মারা গেছেন নূরুল হক। আপনার আত্মা চলে গেছে মহান আল্লাহর কাছে। যদিও মৃত্যু নিয়ে আপনার মীমাংসা সেরে ফেলেছিলেন ‘মৃত্য মানে’ কবিতায় ‘একদিন সবকিছু থেমে যায়’ বলে। যদিও ‘হাসিগুলি যে পাপড়ি হয়ে ফোটে’ আর ‘পৃথিবী যে একটি আশ্চর্য রহস্যময় ফুল’—এই কথা বলার বা এই সব ভাবার জন্য জাগতিকভাবে আপনি থাকলেন না আর। এই আফসোস কি থাকবে আপনার? মনে হয় থাকবে, আবার না–ও থাকতে পারে। সন্তের জীবনে তো কোনো লোভ থাকে না বলেই জানি। শুধু নিজের সন্তানদের মর্মবেদনার কানফুল বলে ঘোষণা করবেন না আর এই তো?
‘আমার সন্তানগুলো
মর্মবেদনার
কানফুল,
বাতাসে দুলিয়ে দিয়ে যাই।’
(‘কানফুল’)
এই যে চলে গেলেন ওপারে, সেখান থেকে নিজের ‘সুপ্রভাত’ নামের কবিতাটি আওড়ে নিয়েন কবি। খুব নমিত স্বরে বলুন:
‘হে হৃদয়
তোমারই নাম সুপ্রভাত
তুমিই তো
নিজেকে প্রণাম করে
নুয়ে আছো পায়ের তলায়।’
(‘সুপ্রভাত’)
কবি, কামনা করি আপনি যেখানে আছেন, সেই ভুবনে যেন একটা পিঁপড়াও আপনার মেহমান হয়ে আসে। কবি নূরুল হক, আপনাকে অনুজ এই কবির পক্ষ থেকে টুপি খোলা অভিবাদন। ওপারে ভালো থাকুন, কবি।