আবদুল করিম সাহিত্যবিশারদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃজঠর থেকে পৃথিবীর আলো-বাতাসে এসেছিলেন ১৮৭১-এর ১০ অক্টোবর, চট্টগ্রাম জেলার পটিয়া থানার সুচক্রদণ্ডী গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে। তিন মাস আগে পিতা মুনশি নুরুদ্দীনের বিয়োগ হয়ে গেছে। ৮২ বছরের পূর্ণ জীবন শেষে পৃথিবী থেকে বিদায় নিলেন ১৯৫৩ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর। বাংলার সাহিত্য, গবেষণা, সংস্কৃতি ও সমাজচিন্তার ক্ষেত্রে আধুনিককালের এক আদিপুরুষ, অতি কীর্তিমান এক বরণীয় ও স্মরণীয় মানুষ। পরিবারদত্ত নাম আবদুল করিম, ‘সাহিত্যবিশারদ’ উপাধি চট্টল ধর্মমণ্ডলীর দেওয়া (১৯০৯)। তখন আবদুল করিমের বয়স চল্লিশের নিচে। তত দিনে আবদুল করিমের সুনাম ছড়িয়ে পড়তে শুরু করেছে প্রাচীন পুঁথি সংগ্রহ, গবেষণা ও পুঁথিবিষয়ক রচনার জন্য। সে আমলে বঙ্গীয় মুসলমানদের শিক্ষাদীক্ষার পরিস্থিতিতে আবদুল করিমকে উচ্চশিক্ষিতই বলা যাবে। এন্ট্রান্স (এখনকার এসএসসির পর্যায়) পাস করে চট্টগ্রাম কলেজে এফএ (উচ্চমাধ্যমিক শ্রেণীর সমতুল্য) পড়ার শেষ সময়ে রোগাক্রান্ত হয়ে পরীক্ষা দেননি এবং আর পড়েনওনি। প্রাতিষ্ঠানিক পড়াশোনার সেখানেই ইতি। তারপর কর্মজীবনে প্রবেশ করেন। চট্টগ্রামের কয়েকটি স্কুলে শিক্ষকতা করেন তিনি। পরে চট্টগ্রামেরই সন্তান বিখ্যাত আমলা মহাকবি নবীনচন্দ্র সেনের স্নেহানুকূল্যে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অফিসে কেরানির পদ লাভ করেন। আরও পরে চট্টগ্রাম বিভাগীয় স্কুল ইন্সপেক্টর অফিসে সিনিয়র কেরানির পদাসীন হয়ে একপর্যায়ে অবসর গ্রহণ করেন। শাহরিক-জীবন আবদুল করিমের পছন্দের বাইরে ছিল। বলতে গেলে, সারাটা জীবন তিনি সুচক্রদণ্ডীর গ্রামীণ পরিবেশেই কাটিয়েছেন এবং সেখান থেকেই সর্ববঙ্গীয় বিদ্বৎমণ্ডলীতে সম্মানিত স্থান অধিকার করে নেন।জীবনধারণ ও সংসার পরিচালনার জন্য মানুষকে কোনো না কোনো পেশায় বা কর্মে নিয়োজিত থাকতে হয়। সময় সময় সামাজিক মানুষের বাসনায়ও সাড়া দিতে হয়, জনহিতকর কাজে এগিয়ে আসতে হয়। আবদুল করিম স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও হয়েছিলেন। কিন্তু এগুলো আবদুল করিমের পরিচয় নয়। তাঁর সুপরিচিতি পুঁথি সংগ্রহ ও সম্পাদনার মাধ্যমে মধ্যযুগের বাংলা সাহিত্যের উপকরণ সঞ্চয়নের জন্য। সঙ্গে পুঁথি ও মধ্যযুগের সাহিত্যবিষয়ক অজস্র লেখালেখি তো আছেই।উনিশ শতকে ইংরেজি শিক্ষিত বাঙালির নবজাগরণের, অর্থাৎ রেনেসাঁর কালের সবচেয়ে বড় ফল জাতির শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বাংলা ভাষার বিপুল পরিচর্যা। এ ক্ষেত্রে কলকাতাকেন্দ্রিক হিন্দু শিক্ষিতরাই অগ্রণী ছিলেন। তাঁরা আধুনিক বাংলা সাহিত্যের সম্ভার পূর্ণ করে দিয়েছিলেন। সেই সঙ্গে তাঁদের মধ্যে দেশের ইতিহাস-ঐতিহ্য ও সাহিত্য-সংস্কৃতির লুপ্ত উপকরণ অনুসন্ধানের অন্তর্তাগিদও অনুভূত হয়েছিল। এ ব্যাপারে নেতৃত্ব দিয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষৎ, এশিয়াটিক সোসাইটি, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রভৃতি কয়েকটি গুরুতর গবেষণাকেন্দ্র ও বিদ্যাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এমন সব উচ্চমানের পণ্ডিত ও প্রাজ্ঞ মনীষী, যাঁদের কারও কারও কাজ ছিল বাঙালির পুরাবৃত্তের ও বাংলা ভাষাসাহিত্যে ইতিহাস প্রণয়ন। এ কাজে এগিয়ে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজেন্দ্রলাল মিত্র, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামগতি ন্যায়রত্ন, রাজনারায়ণ বসু, হরপ্রসাদ শাস্ত্রী, রমেশ চন্দ্র দত্ত, দীনেশচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, মুহম্মদ শহীদুল্লাহ, আবদুল করিম সাহিত্যবিশারদ, নগেন্দ্রনাথ বসু, প্রাচ্যবিদ্যা মহার্নব, সুশীল কুমার দে-সহ আরও অনেক। পরে তাঁদের সঙ্গে যুক্ত হন সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, মুহম্মদ এনামুল হক, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, আহমদ শরীফ, সুখময় মুখোপাধ্যায় প্রমুখ। বোঝাই যায়, বাংলা ভাষা ও সাহিত্যচর্চার রথী-মহারথীদের একজন হলেন আবদুল করিম সাহিত্যবিশারদ।ইতিহাস লিখতেই হয়, না হলে জাতীয় সভ্যতা ও সংস্কৃতির রূপ-স্বরূপ ও গতিপ্রকৃতি জানা যায় না, চর্চাকারী ও গবেষকদের অবদান বোঝা যায় না, জাতীয় মানসের অগ্রবর্তিতার কোনো চিত্রই ধরা পড়ে না। মূর্খ ও অজ্ঞ জাতি ইতিহাস জানে না। বাঙালির সেই দশা নয়, বাঙালি বরাবরই ইতিহাস-সচেতন ও সংস্কৃতিপরায়ণ। ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে সেটিই বেশি করে দেখা গেছে। কেবল আধুনিককালে নয়, মধ্যযুগেও বাঙালির সৃষ্টিশীলতার অপরিমেয়তা আছে। এর প্রমাণ অজস্র পুঁথি, অর্থাৎ হাতে লেখা পুস্তক। সবটাই কাব্যিক মিলের ফল। কেননা, তখনো গদ্যের চল হয়নি। পাওয়া গেল ধর্মসম্প্রদায়ের আধ্যাত্মিক সংগীত, মরমিগীতি, পৌরাণিক উপাখ্যান, কাহিনিকাব্য, প্রণয়োপাখ্যান, লৌকিক দেবোপাখ্যান, শাস্ত্রকথা, প্রেমগান ও লোকসাহিত্য, তত্ত্বকথা ও জীবনীসাহিত্যসহ আরও অনেক বিচিত্র রচনা। এগুলোই মধ্যযুগের সাহিত্যের উপাদান। কিন্তু আধুনিককালে পশ্চিমবঙ্গীয় পণ্ডিতবর্গ ও ইতিহাসবেত্তাদের রচিত সাহিত্যের ইতিহাসগুলোতে হিন্দু-বৌদ্ধদের রচনার বিশদ আলোচনা আছে বটে, কিন্তু মুসলমানেরা সে ইতিহাসে নেই। বটতলার পুঁথির সুবাদে কিছু সংবাদ থাকলেও সেগুলো অকিঞ্চিৎকর। আবদুল করিমকে এ দিকটাই গভীরভাবে ভাবিয়েছে। সে জন্য যৌবন থেকেই তিনি পুঁথি সংগ্রহে নিয়োজিত হয়ে পড়েন। এ কাজে তাঁর আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, শ্রমনিষ্ঠা ও আন্তরিকতা কিংবদন্তিতুল্য। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল থেকে তিনি প্রায় আড়াই হাজার পুঁথি সংগ্রহ করেন। পশ্চিমবঙ্গীয় পুঁথি সংগ্রাহকদের প্রাতিষ্ঠানিক আনুকূল্য ছিল, কিন্তু আবদুল করিমের ক্ষেত্রে তা ঘটেনি। তিনি একাই বাড়ি বাড়ি গিয়ে, বিজ্ঞাপন দিয়ে, খোঁজখবর নিয়ে অসংখ্য পুঁথি সংগ্রহ করেন। পদব্রজে রোদে তেতে, বৃষ্টিতে ভিজে, শীতে কুয়াশায় সিক্ত হয়ে তিনি দ্বারে দ্বারে ঘুরেছেন একখানি পুঁথির জন্য। পেলে অপরিসীম আনন্দ পেতেন, এত পরিশ্রমের সার্থকতা অনুভব করতেন এবং পুঁথিগুলো কাগজে মুড়ে সযতনে সংরক্ষণ করতেন। সংগৃহীত পুঁথি মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান বুঝিয়ে দিয়েছে এবং সংস্কৃতি, ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে মুসলমানদের হীনম্মন্যতা দূর করেছে। হিন্দুদের অনেক পুঁথিও তিনি সংগ্রহ করেছেন। হিন্দুদের পুঁথি নিয়েও বিপত্তি। রক্ষণশীল গোঁড়া সংস্কারাচ্ছন্ন হিন্দু গৃহস্থ পুঁথি ছুঁতে দেবে না। আবদুল করিম সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছেন। তাঁর অনুরোধে পুঁথির মালিক দূর থেকে পুঁথি মেলে ধরে রেখেছেন, আবদুল করিম দেখে দেখে পুঁথি টুকে নিচ্ছেন। এ রকম একাগ্রতা ও দায়বদ্ধতা নিয়ে তিনি পুঁথি সংগ্রহের শ্রমসাধ্য কঠিন কর্ম সম্পন্ন করেন। দায়বদ্ধতা পূর্ববঙ্গীয় মুসলমানদের অবদান বাংলা সাহিত্যাঙ্গনে তুলে ধরার জন্য। আবদুল করিমের কাজের তাৎপর্য ও মহিমা এখানে। এটি অনুধাবন না করলে জাতি ও সম্প্রদায় হিসেবে আমরা অপরাধতুল্য কাজ করব। সন্দেহ নেই, মধ্যযুগের হিন্দু-বৌদ্ধ রচিত সাহিত্যগুলো একেকটা মুক্তো, অত্যুজ্জ্বল হীরকখণ্ড। সেট চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন, রামায়ণ, মহাভারত, ভাগবত, নাথ সাহিত্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, অন্নদামঙ্গল, বৈষ্ণব পদাবলি, জীবনীসাহিত্য, বৈষ্ণব শাস্ত্রগ্রন্থ, শাক্ত পদাবলিসহ বেশ কিছু সাহিত্য। রচয়িতাদের নামও বাংলা ভাষা ও সংস্কৃতির মানুষের মনে মুদ্রিত। সেই কাহ্ন পা, লুই পা, ভুসুকু পা, শবর পা; সেই বড়ু চণ্ডীদাস, সেই কৃত্তিবাস, কাশীরাম দাস, মানাধর বসু, বিজয় গুপ্ত, মুকুন্দরাম, ঘনরাম; বিদ্যাপতি, দ্বিজ চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস; সেই ভারতচন্দ্র প্রমুখ। কিন্তু আবদুল করিমের পুঁথি সংগ্রহ ও সংরক্ষণ না হলে কি আমরা মুসলমানদের রচিত অসংখ্য প্রেমোপাখ্যান, শাস্ত্রগ্রন্থ, সুফি সাহিত্য, সওয়াল সাহিত্য, নাথ সাহিত্য, যুদ্ধকাব্য, জঙ্গনামা, শাহনামা, মুসলিম কবির পদসাহিত্যসহ আরও বিচিত্র সাহিত্য সম্বন্ধে জানতে পারতাম? অবহিত হতাম কি শাহ মুহম্মদ সগীর, দৌলত উজির বাহরাম খান, দৌলত কাজী, মাগন ঠাকুর, আলাওল, মরদন, মুহম্মদ কবীর, সাবিরিদ খান, সৈয়দ সুলতান, নওয়াজিস খান, মুহম্মদ খান, শেখ চান্দ, মীর ফয়জুল্লাহ, শুকুর মাহমুদ, মুহম্মদ মুকিম, হাজী মুহম্মদ, মুহম্মদ আলী রজা প্রমুখ অজস্র মুসলমান কবির নাম? তাঁদের রচিত প্রণয়োপাখ্যান, শাস্ত্রগ্রন্থ ও পদাবলীর কথা? প্রান্তিক এলাকা আরাকানের রাজসভায় বাংলা সাহিত্যচর্চার পূর্ণ বৃত্তান্তও আবদুল করিম সাহিত্যবিশারদের অবস্থান, এ নিয়ে একটি গবেষণাগ্রন্থও বের হলো আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য (ডক্টর মুহম্মদ এনামুল হকসহ)। এ গ্রন্থটি মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি সমৃদ্ধ গবেষণাগ্রন্থ। এর চেয়েও মূল্যবান উপকরণ কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত বাঙ্গালা প্রাচীন পুঁথির বিবরণ (১৯১৪)। গ্রন্থটি মুসলমান রচিত পুঁথি সম্ভারের স্মরণীয় ও প্রামাণ্য দলিল। আবদুল করিম মুসলমানদের রচিত ৬০০ পুঁথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে দিয়েছেন; আর হিন্দুদের রচিত শ চারেক পুঁথি দিয়েছেন রাজশাহীর বরেন্দ্র রিসার্চ লাইব্রেরিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রদত্ত পুঁথিগুলোর বিবরণ আবদুল করিমের ভাইপো, দত্তক পুত্রক স্থানীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রখ্যাত শিক্ষক ও গবেষক আহমদ শরীফের সম্পাদনায় পুঁথি পরিচিতি নামে প্রকাশিত হয়। এটি বাংলা বিভাগেরও প্রথম প্রকাশনা। উল্লেখ্য, বাংলা একাডেমীর প্রথম প্রকাশিত পুস্তক লায়লী-মজনু আহমদ শরীফ সম্পাদিত এবং তা আবদুল করিমেরই আবিষ্কার।আধুনিক বাংলা সাহিত্য হিন্দু-মুসলমানের যুক্ত সাধনা। মধ্যযুগের বাংলা সাহিত্যও যে হিন্দু-মুসলমানের মিলিত সাধনা, সেটি আবদুল করিমের পুঁথি সংগ্রহ ছাড়া একেবারেই বোঝা যেত না। আবদুল করিম চিন্তাচেতনায় ও মন-মানসে খাঁটি অসাম্প্রদায়িক। বাংলার সাহিত্য সাধনাকে তিনি হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান-নির্বিশেষে সব বাঙালির যৌথ সৃষ্টিকর্ম হিসেবেই তিনি নিয়েছেন এবং বাংলা সাহিত্যের ইতিহাস প্রণয়নে তিনি ওই মিলনের উপলব্ধিতেই প্রত্যয়ী। এ কারণে বাংলা সাহিত্যের সবচেয়ে সুখ্যাত ইতিহাসপ্রণেতা ডক্টর সুকুমার সেনের ইসলামী বাঙ্গালা সাহিত্য নামের গ্রন্থটি তাঁর কঠোর সমালোচনার বিষয় হয়েছিল। আবদুল করিমের নামের সঙ্গে আহমদ শরীফের নাম ওতপ্রোতভাবে জড়িত। আবদুল করিম আহমদ শরীফের পিতৃব্য, পিতা আবদুল আজিজের চাচাতো ভাই; কিন্তু বিয়ে করেন আহমদ শরীফের আপন ফুফু বদিউন্নেসাকে। আবদুল করিমের পুত্রসন্তান ছিল না। সে জন্য আবদুল করিম-বদিউন্নেসা দম্পতি আহমদ শরীফকে দত্তক পুত্র হিসেবে লালন-পালন করেন। আহমদ শরীফও হয়ে ওঠেন পিতৃব্যের ভাবশিষ্য, চিন্তাচেতনার অধিকারী, সম্পূর্ণ অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন, পুঁথিসাহিত্যের গবেষক ও বিশ্লেষক এবং পিতৃব্যের সংগৃহীত পুঁথির উত্তরাধিকারী। তাঁর দীর্ঘদিনের পুঁথিসাহিত্য গবেষণা ও বিশ্লেষণের ফল বাঙালী ও বাঙলা সাহিত্য নামের দুই খণ্ডে প্রকাশিত অসাম্প্রদায়িক ইতিহাসগ্রন্থ (১৯৭৮, ১৯৮৩)। আবদুল করিম প্রদত্ত উপকরণনির্ভর এই ইতিহাসগ্রন্থটি আহমদ শরীফের মনীষার দীপ্তির পরিচয় এবং এটিই মধ্যযুগের বাংলা সাহিত্যের হিন্দু-মুসলমানের যুক্ত সাধনার পূর্ণাঙ্গ ইতিহাসগ্রন্থ।আধুনিককালে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস পুনর্গঠনের প্রয়োজন দেখা দিল জাতীয় সংস্কৃতির সমৃদ্ধ বিকাশচিত্র অনুধাবনের জন্য। মহা মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ পুঁথি আবিষ্কার এই চিন্তাধারারই অত্যাশ্চর্য ফল। এরই ধারাবাহিকতায় আরও পরে আবিষ্কৃত হয় বসন্ত রঞ্জন বিদ্বদ্বল্লভের শ্রীকৃষ্ণকীর্তন পুঁথি। এ দুটো আবিষ্কার প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের দীনতা ঘুচিয়ে দিয়েছে। আবদুল করিমের আবিষ্কৃত ও সংগৃহীত পুঁথিগুলোও হরপ্রসাদ শাস্ত্রীর বা বসন্ত রঞ্জনের আবিষ্কৃত পুঁথির মতোই মধ্যযুগের বাংলা সাহিত্য পুনর্গঠনে বিপুলভাবে সহায়ক হয়েছে। এগুলোর মূল্য সমান। আবদুল করিমের এ অবদান উপলব্ধি করতে পারলেই তাঁর প্রতি যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।সাহিত্যবিশারদ নিজেও অনেক পুঁথির সম্পাদনা করেছেন। অন্তত ১০টি তো হবেই, যেমন—নরোত্তম ঠাকুরের রাধিকার মানভঙ্গ, দ্বিজ রতিদেবের মৃগলুব্ধ, কবিবল্লভের সত্যনারায়ণের পুঁথি, রাম রাজার মৃগলুব্ধ সম্বাদ, দ্বিজ মাধবের গঙ্গামঙ্গল, শেখ ফয়জুল্লাহর গোরক্ষ বিজয়, মুক্তারাম সেনের সারদা মঙ্গল, আলাওলের পদ্মাবতীর একাংশ। পুঁথি সম্পাদনায়ও আবদুল করিমের পারঙ্গমতা প্রশ্নাতীত। এ নিয়ে তাঁকে কত যে পরিশ্রম করতে হয়েছে, তা বলে শেষ করা যাবে না। পুঁথির একাধিক কপির সাহায্যে প্রামাণ্য কপি তৈরি করতে শব্দবন্ধের, বানানের, বাক্যের এবং ছন্দমিলের কত অবোধ্য আঞ্চলিকতাদুষ্ট পচা-গলিত পদার্থ দূর করতে হয়েছে এবং পরিষ্কৃত করতে হয়েছে। এ কারণে রাধিকার মানভঙ্গ পুঁথির সম্পাদনার গুণপনা ও পারিপাট্য দেখে হরপ্রসাদ শাস্ত্রী আবদুল করিমকে জার্মান এডিটরের সমতুল্য জ্ঞান করেছেন।পুঁথি সম্পাদনা ছাড়াও আবদুল করিমের রয়েছে চট্টগ্রামের ইতিহাস ইসলামাবাদ। আর রয়েছে অজস্র প্রবন্ধ, নিবন্ধ, আলোচনা, সমালোচনা, পরিচিতি ইত্যাদি মূল্যবান রচনা। আহমদ শরীফ পুঁথি পরিচিতিতে আবদুল করিমের চার শর বেশি প্রবন্ধের তালিকা দিয়েছেন। এ তালিকা এত দিনে আরও দীর্ঘ হয়েছে। প্রবন্ধের বিষয় মধ্যযুগের কাব্য, কবিতা ও কবির পরিচিতি; সম্পাদিত পুঁথির পরিচিতি ও আলোচনা লোকসাহিত্য; এ ছাড়া দেশ, সমাজ, সম্প্রদায় ও সংস্কৃতি। তাঁর অভিভাষণগুলোও খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান।এগুলো ছাড়াও আবদুল করিম স্মরণীয় হয়ে থাকবেন এক বিশেষ কারণে। তিনিই প্রথম সুস্পষ্ট ও দ্বিধাহীনভাবে বললেন, বাঙালি মুসলমানের ভাষা হলো বাংলা, উর্দু নয়। বাঙালি মুসলমানের বাংলা ভাষা আন্দোলনের তিনি আদিপুরুষ।একবিংশ শতকের বাংলাদেশের তরুণেরা ও কম বয়সীরা আবদুল করিম সাহিত্যবিশারদের নাম নিশ্চয়ই জানে না। শহুরে অনিকেত তরুণদের আগ্রহের বিষয় যে তিনি হবেন না, তা বলা বাহুল্য। একালের মানুষেরা অনেক কিছুই জানে; কিন্তু বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও দেশের পরিবেশ-আলো-হাওয়ার অনেক কিছুই জানে না। জানার দরকারও তারা অনুভব করে না। এ নিয়ে আধুনিকবাদীদের ভূমিকাও কম নয়। ষাটের দশকের পূর্ববঙ্গীয় সাহিত্যের আধুনিকবাদীরা আবদুল করিম ও আহমদ শরীফকে তুচ্ছতাচ্ছিল্য করতেন। বাংলা একাডেমী যখন আবদুল করিম সংগৃহীত ও আহমদ শরীফ সম্পাদিত পুঁথিগুলো এক এক করে বের করছিল, তখন আমার দুই আধুনিকবাদী কবিবন্ধু এগুলোকে রাবিশ ও ছাপানোর অযোগ্য বলে বসলেন। আবদুল করিম এদের মনোভাব বহু আগেই আঁচ করতে পেরেছিলেন। সে জন্য জীবনসায়াহ্নে এক অভিভাষণে তিনি বলেছিলেন, ‘আজ আমি জীবনসায়াহ্নে দাঁড়াইয়া আমার মন ও কণ্ঠের সমস্ত জোর দিয়া, আপনাদের তথা সমগ্র দেশের সামনে অসংকোচে এই কথা বলিতে চাহি যে, পুঁথি সাহিত্য আবর্জনা নহে, উপেক্ষার বস্তু নহে, সাহিত্যের দরবারে মূল্যহীন তুচ্ছ জিনিস নহে।’ সর্ববঙ্গীয় পণ্ডিতজন ও ইতিহাসপ্রণেতারা আবদুল করিমের কথা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। আধুনিকরা যে ঐতিহ্যরিক্ত হয়ে যাচ্ছে, তাতে দুঃখ ছাড়া বলার কীই-বা আছে।