১৯৬২-৬৩ সালের কথা। আমরা তখন নানান পত্রিকা বের করার পরিকল্পনা নিয়ে মত্ত। ভাবছি বের করবস্বাক্ষর, বের করব শব্দরূপ, সূচীপত্র, কণ্ঠস্বর, এমনি। একটা কবিতার, একটা প্রবন্ধের, একটা গল্পের, একটা সব রকম লেখার। পাগলের মতো সব প্লান। সেই সময় হঠাৎ সাম্প্রতিক নামে একটা পত্রিকা বেরোল। সম্পাদক শাহজাহান হাফিজ। ওর মধ্যে আবদুল মান্নান সৈয়দের—তখন অশোক সৈয়দ নামে লিখত—একটা প্রবন্ধ পড়লাম। সে প্রবন্ধ এত নতুন, এত মৌলিক আর ব্যতিক্রমী যে বিস্মিত না হয়ে পারলাম না। ওর বয়স তখন বড়জোর বিশ। আমি মনে মনে ওকে খুঁজতে লাগলাম। তখন আমরা, ষাটের তরুণেরা, প্রায় কাছাকাছি এসে গেছি। সবার সঙ্গে সবার যোগাযোগ হচ্ছে, আমরা আড্ডা দিচ্ছি। নানা রকম প্লান চলছে। ঠিক সেই সময়ে হাতে এল লেখাটা। লেখাটার মধ্যে একটা বাক্যের কথা মনে পড়ছে: ‘যেহেতু কোনো একটা সত্যকে আমরা বলের মতন বা স্তনের মতন মুঠোয় পেড়ে ফেলতে পারব না।’ চমকে উঠেছিলাম। কী শরীরী উষ্ণতায় ভরা এই গদ্য। কী সজীব।এর পরপরই একটা গল্প পড়লাম ওর: ‘মাতৃহননের নান্দীপাঠ’। পড়ে আবার বিস্ময়াভিভূত। চিন্তার গভীরতায়, আধুনিকতায়, মননশীলতায়, বিষয়ের নতুনত্বে আর তীক্ষতায় একেবারে কড়কড়ে। তখন আমি সবে ইউনিভার্সিটি থেকে বের হয়েছি। ওরা ইউনিভার্সিটিতে পড়ছে। একটা বিশ বছরের ছেলে এই গল্প কী করে লেখে! মাথায় আসে না।এর মধ্যে আমরা হোটেল নাইলভ্যালি, ক্যাপিটাল রেস্টুরেন্ট আর মধুর ক্যানটিনে আড্ডা দিচ্ছি। একটা দল গড়ে উঠছে। ঠিক হয়ে গেছে কণ্ঠস্বর হবে আমাদের প্রধান পত্রিকা। ইতিমধ্যে জ্যোতিপ্রকাশ দত্ত, হায়াৎ মামুদ, হুমায়ুন চৌধুরী, সেবব্রত চৌধুরী—এরা সব কালবেলা নামে একটা কাগজ বের করবে। জ্যোতিপ্রকাশ সেটার সম্পাদক। এটা নিয়ে পাবলিক লাইব্রেরিতে আমাদের মিটিং। এখন যেটা ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি, বাইরের দিকের রাস্তার ওপরের দালান, সেটা ছিল তখন পাবলিক লাইব্রেরি। ওইখানে মিটিং হয়েছিল। মিটিংয়ে এসেছিল মান্নান। মিটিংয়ের পরে আমরা শরিফ মিয়ার ক্যানটিনে বসে গল্প করছি। সেখানে মান্নানের সঙ্গে প্রথম ব্যক্তিগত পরিচয়।ওখানে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম সেদিন। দিন কয়েক পরেই ওর বাসায় গিয়ে হাজির হলাম পত্রিকা নিয়ে কথা বলতে। দিনটাকে স্মরণ করে মান্নান লিখেছে: ‘একদিন আমার বিজন দুপুরবেলা চমকে ওঠে সাইকেলের ঘণ্টার শব্দে। কে? বাইরে এসে দেখি আবদুল্লাহ আবু সায়ীদ তাঁর তখনকার বাহন সাইকেল হাতে দাঁড়িয়ে। ঠিকানা জানলেন কী করে? আমি আমার মতো বিজনবাসীর সঙ্গে প্রয়োজনটাই বা কী? সেসব ভেসে গেল! সেই শুরু।...’স্বাক্ষর বেরিয়ে গেল, কণ্ঠস্বর বেরোবে বেরোবে করছে। দিনে দিনে আমাদের বন্ধুত্ব বাড়তে লাগল। শুরু হলো অন্তহীন আড্ডা আর লেখালেখির জীবন। মান্নান থাকত গ্রিন রোডে, আমি নিউমার্কেটের পাশে। একেক দিন বাড়ির আড্ডা শেষ করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ও আসত নিউমার্কেট পর্যন্ত। তারপর ওকে পৌঁছে দিতে আমি আবার হাঁটতে হাঁটতে ফিরে যেতাম গ্রিন রোডে ওর বাড়ি পর্যন্ত। এমনি সে অফুরন্ত অবিশ্রান্ত কথা। কণ্ঠস্বর বোরোল। মান্নান বহুবার দাবি করেছে, ও ছিল এই পত্রিকার প্রধান লেখক। পরে হিসাব করে দেখেছি যে মান্নানের মতো আমিও ছিলাম কণ্ঠস্বর-এর অন্য এক প্রধান লেখক। নানান নামে আমি প্রায় ওর সমানই লিখেছি। তবু মান্নানই ছিল কণ্ঠস্বর-এর মূল লেখক। ওর যৌবন দিনের শিল্পস্বপ্ন প্রস্ফুটিত হয়েছিল এর পাতায়। মান্নান লিখেছিল: ‘কণ্ঠস্বর ছিল আমার যৌবন, কণ্ঠস্বর-এর যৌবন ছিলাম আমি।’ কোনো কোনো লেখকের অভিযোগ ছিল, কণ্ঠস্বর-এ আমি মান্নানকে বেশি গুরুত্ব দিয়েছি। আমি বলব, আমি মান্নানকে বেশি গুরুত্ব দিইনি, মান্নান তার যোগ্যতাতেই বেশি গুরুত্ব পেয়েছে। মান্নান ছিল সব্যসাচী লেখক। প্রবন্ধ, গল্প, কবিতা, সমালোচনা, নাটিকা—সবই লিখতে পারত—পত্রিকার যেকোনো শূন্যতা ভরাতে ও ছিল ভরসার জায়গা। কাজেই ও ছিল অনিবার্য। তাই কণ্ঠস্বর-এর প্রায় কোনো সংখ্যাই বেরোয়নি মান্নানের লেখা ছাড়া। বাকিরা সবাই হয় কবি, নয় গল্প লেখক, নয়তো প্রবন্ধকার। একবার ছাপলে আর তিন সংখ্যা ছাপা যায় না। কী করব আমি। মান্নান ওর বহুমুখিনতার কারণেই জায়গা করে নিয়েছিল। ২.মান্নান খুব অভিমানী, খুবই মুডি। ফস করেই রেগে যেত, আবার দপ করেই পানি হয়ে যেত। অনেককে অনেক সময় বাড়িতে আসতে না করে দিত পর্যন্ত। ও ছিল আবেগতাড়িত। যুক্তি দিয়ে সব সময় ও চলত না। মাঝেমধ্যে রাগ সীমার বাইরে চলে যেত ওর। আমার সঙ্গে দুবার হয়েছে এ রকম। একবার আমাদের বন্ধুত্বের শুরুতে, একবার শেষে। প্রথম ঘটনাটা বলি। কণ্ঠস্বর-এর প্রথম সংখ্যার জন্য প্রবন্ধ পাচ্ছি না। শেষমেশ প্রেসে বসেই লিখতে শুরু করে দিলাম। প্রবন্ধের নাম ‘দুর্বলতায় রবীন্দ্রনাথ’। ওটা কণ্ঠস্বর-এ বেরোল। পর দিন সন্ধ্যায় মান্নান আচমকা এসে হাজির। ওর চেহারা মারমুখো। কথা না বাড়িয়ে বলল, ‘আপনি আমার লেখা নকল করছেন।’ আমি বললাম, প্রমাণ দাও। মান্নান বলল, ‘আপনি আমার অনেক শব্দ ব্যবহার করছেন।’ আমি বললাম, ভাষার শব্দ তো কারও একক সম্পত্তি নয়। ওতে তোমার যে অধিকার, আমারও তাই। আমি এমন কি কোনো শব্দ ব্যবহার করছি, যেটা তুমি বিশিষ্ট অনুষঙ্গে ব্যবহার করেছ। তা হলে তোমার অভিযোগ মানব। তোমার শব্দের সঙ্গে যদি আমার শব্দ মিলে যায়, তাতে ঠিক অপহরণ বোঝায় না। ও ঠিক উদাহারণ দিতে পারল না। তখন বলল, ‘আপনি আমার অনুকরণে বড় বড় অনুচ্ছেদ লিখছেন।’ আমি বললাম, আমি তো বুদ্ধদেব বসুদের অনুকরণ করেছি, তোমাকে না। বুদ্ধদেব বসু, সুধীন দত্ত, অমিয় চক্রবর্তী বড় বড় অনুচ্ছেদ লেখেন। মান্নান কী যেন ভাবল। তারপর দমকা হাওয়ার মতো চলে গেল। রাত চারটায় আমার দরজায় ঘন ঘন কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দেখি, মান্নান দাঁড়িয়ে আছে। চোখ লাল, চুল উসকোখুসকো। চেহারা নির্ঘুম, বিধ্বস্ত। বললাম, কী হয়েছে। মান্নান বলল, ‘আমি আপনাকে ভুলভাবে অভিযুক্ত করেছি। আমি দুঃখিত।’ বললাম, দেখো মান্নান, এসব মনে রাখলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয় না। বন্ধুদের অনেক ভোলার ক্ষমতা থাকা দরকার। আমি কালকের সব কথা ভুলে গেছি। সেদিন ভুলে গেছি বলেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভুলিনি। তা না হলে আজও মনে আছে কেন? আসলে কথা আমি মনে রেখেছি কিন্তু মনে নিইনি। এই গল্প কোনো দিন কারও কাছে করিনি। আজ বলছি, ও কেমন ছিল, তা বোঝানোর জন্য। ওর মন ছিল শিশুর মতো। ওর মনে মেঘ আর রৌদ্র একসঙ্গে বাস করত।সর্বশেষ ঘটনাটা বলি। ওর হার্টের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে। প্রায় জীবন্মৃত হয়ে থাকছে একেক সময়। আমি গেলে ও যেন জেগে উঠত। বাড়িসুদ্ধ হই-হুলস্থুল ফেলে দিত। এটা রান্না করো, ওই খাবার আনো। সবাইকে হুকুম করে অস্থির। বলত, ‘আপনি আসলে আমার জীবন ফিরে আসে, সায়ীদ ভাই। আপনি সব সময় আসেন না কেন?’ এভাবে চলল বছরের পর বছর। আমি দেখলাম, দিনের পর দিন ওর শরীর আরও খারাপ হচ্ছে। একেবারে নেতিয়ে পড়েছে। অথচ চিকিৎসায় কোনো আগ্রহ নেই। কেউ চিকিৎসার কথা বললেও রেগে যায়। উপায় না দেখে এক দিন বললাম, তোমার চিকিৎসার দায়িত্বটা আমিই নিতে চাই, মান্নান। তুমি যে কিছু করবে না সে আমি বুঝতে পারছি। আমি প্রথমে ডা. বরেন চক্রবর্তীর কাছে ওকে নিয়ে গেলাম। বরেন আমার ছাত্র। ও যত্ন করে ওর ইকোকার্ডিওয়াম করল। ইসিজি করল। পরীক্ষার পর বলল, হূদযন্ত্রের অবস্থা ভালো না। এক্ষুনি এনজিওগ্রাম করানো উচিত। দরকার হলে আমরা সঙ্গে সঙ্গে রিং পরিয়ে দেব। শুনে মান্নান গেল খেপে, হয়তো আসলে কিছুটা ভড়কেই গিয়েছিল ও। চিকিৎসা, সার্জারি—এসবকে একশ হাত দূরে চাইত সব সময়।বেরিয়ে ওকে বললাম, ডাক্তার যা বলছে, করে ফেলো। দেরি করলে অবস্থা আরও খারাপ হতে পারে। দেখলাম, ও আমার ওপরে একটু একটু করে চটে উঠছে। দুদিন পরে আমি ফোন করলাম। বললাম, একটা হাসপাতালে একটা নতুন চিকিৎসা এসেছে, রিং পরাতে হবে না, বাইরে থেকে একটা ট্রিটমেন্ট দিলে আর্টারির ব্লক চলে যাবে। আমি ওকে সে হাসপাতালের ফোন নম্বর দিলাম। বললাম, তুমি একটু দেখো, ওটাতে তোমার কোনো রিস্ক নেই। দুদিন পর ও ফোন করে বলল, ‘এ আমি পারব না, সায়ীদ ভাই। আমাকে বত্রিশ দিন সিটিং দিতে হবে। এ অসম্ভব।’ স্বর খুব উত্তপ্ত। চিকিৎসা করবে না, তবে করবেটা কী। ও কি আত্মহত্যা করতে চায়! চাপাচাপি করলে ও বলল, ‘আল্লাহ যেদিন নেবার সেদিন নেবেন। বিরাট একটা জীবন পেয়েছি আমি। আর আমার দরকার নেই।’ আস্তে আস্তে টের পেলাম সে আমার ওপরে চটে গেছে। অন্যদের কাছ থেকেও শুনতে লাগলাম কথাটা।একদিন ফোনে বললাম, মান্নান, তোমার শরীর কেমন। দেখতে আসতে চাই। আমাকে অবাক করে অদ্ভুতভাবে ও বলল, ‘আমি ব্যস্ত। পরে আসবেন।’মনে কিছুটা আঘাতই লাগল। পঁয়তাল্লিশ বছরে কখনো ও তো এমন করেনি। তবু ওর ভেতরকার এই শিশুটাকে আমি চিনতাম। ঠিক করলাম, রাগ পড়ে নিক। তারপর দেখতে যাব। ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় একটা পারিবারিক অনুষ্ঠানের মধ্যে ছিলাম। হঠাৎ আমার মুঠোফোনের রিংটোনের সঙ্গে মান্নানের নাম ভেসে উঠল। ভাবলাম, রাগ হয়তো পড়েছে। হয়তো দুঃখ প্রকাশ করতে ফোন করেছে। কিন্তু ফোনে মান্নানের কণ্ঠ নেই, তার বদলে আছে ওর মেয়ের অঝোর কান্না।বুঝলাম, প্রতিমুহূর্তে যা আশঙ্কা করছিলাম, ঘটে গেছে সেই অনিবার্য ব্যাপারটি। ও এখন সব রাগ-ভালোবাসার ঊর্ধ্বে। অন্যদের সঙ্গে কথা বলার সময় ও সব সময় আমাকে প্রিয়তম বন্ধু বলত। ওর বহু লেখাতেও কথাটা বারবার লিখেছে। আমি বয়সে ওর তিন বছরের বড় ছিলাম। আস্তে আস্তে আমরা বন্ধু হয়ে গেছি। আমারও খুবই গভীর বন্ধু ছিল ও। আমার এক বইয়ে আমি লিখেছিলাম, মৃত্যুর শীতল স্পর্শ আমাদের স্পর্শ না করা পর্যন্ত এই বন্ধুত্ব অক্ষুণ্ন থাকবে। শেষ অবধি সত্যি তা-ই হলো।৩.আবদুল মান্নান সৈয়দের কবিতা খুবই ব্যতিক্রমী। ওর কবিতার মধ্যে রয়েছে স্যুররিয়ালিজমের আশ্চর্য উপস্থিতি। জীবনানন্দ দাশের মধ্যে এটা অপরূপভাবে ছিল। বাঙালি কবিদের মধ্যে ব্যাপারটা খুব একটা নেই, পাওয়া গেলেও ছিটেফোঁটা। মান্নান সৈয়দের মধ্যে একেবারে জন্মগতভাবে এই শক্তিটা ছিল। যুক্তির ঊর্ধ্বে একা আধা-বাস্তব আধা-স্বপ্নের জগৎ তৈরি করতে পারত ও। পরাবাস্তববাদী হওয়ার জন্য একজন কবির মধ্যে যুক্তির পাশাপাশি একটা প্রবল অযৌক্তিক মন থাকতে হয়। ওর মধ্যে এটা ছিল। ওর কবিতা ভিন্ন স্বাদের। বাংলা ভাষায় আর কেউ এ কবিতা লেখেনি। আমি ওর কবিতা নিয়ে দুটো প্রবন্ধ লিখেছিলাম। ওর বই জন্মান্ধ কবিতাগুচ্ছ যখন বেরোয়, তখন ওটা নিয়ে কণ্ঠস্বর-এ একুশ পৃষ্ঠার একটা লেখা লিখেছিলাম। শওকত ওসমান সম্ভবত ছাব্বিশ পৃষ্ঠা লিখেছিলেন। সমকাল-এ।অনেক উজ্জ্বল কবিতা ওর আছে। শেষ কয়েক বছরে প্রেমের কবিতা লিখেছে অগণিত। আত্মবিস্মৃতের মতো, মাতালের মতো লিখেছে। যেন জীবন ছাপিয়ে উপচে পড়েছে ওর ভেতরকার সারা জীবনের চাপা পড়া সব প্রেম। এই কবিতাগুলো আমার খুব ভালো লাগত। ‘সেরা প্রেমের কবিতা’ নামে এসব কবিতার একটা সংকলন করার কথা বলেছিলাম ওকে। ও দায়িত্বটা ঘুরিয়ে আমার ওপর চাপিয়ে দিয়েছিল। কথা ছিল কবিতা বাছাই করে আমি ওটা সম্পাদনা করব। ও বেঁচে থাকতে করা হয়নি। এখন করতে হবে। প্রেমের কবিতায় ওর জীবন সত্যিকারের ফলে উঠেছে। ওর ভেতরকার সব শক্তি যেন একসঙ্গে হয়েছে এখানে—ওর কল্পনাশক্তি, হূদয়ের প্রাবল্য, সব। চিত্রবহুলতা সব সময়ই ছিল ওর কবিতায়। অসম্ভব তীক্ষ চাউনি ছিল ওর, কোনো কিছু একবার দেখলে ভুলত না। তাই ওর কবিতা এমন হাজার হাজার উপমায় ভরা।মান্নান কাব্যনাটক লিখেছে কিছু। এগুলো আমার ধারণা ওর সমস্ত লেখার মধ্যে সেরা। একদিকে চিত্রময় কবিতা, অন্যদিকে নাটকের ক্ষিপ্রতা, আর সেই সঙ্গে অপূর্ব স্বর্গীয় ভাষা। এসবে আছে একটা উদ্বেল আবেগ আর আশ্চর্য নিটোলতা। এই কাব্যনাটকগুলোতে যে শিল্পসাফল্য রয়েছে, আমি ওর অন্য কোনো কিছুর মধ্যে তা দেখি না। খুবই শক্তিশালী গল্পকার মান্নান। একদম আলাদা গদ্যে অনেক অনন্য শিল্প লিখেছে ও। ওর জীবনের শ্রেষ্ঠ লেখাগুলো এখনো সম্পাদিত হয়ে বের হয়নি। বের হলে ওর সত্যিকার শক্তি স্পষ্ট হবে। আমরা টের পাব মান্নানকে যত বড় হিসেবে সবাই জানে, মান্নান তারচেয়েও অনেক বড়। মহৎ লেখকদের রচনাসমগ্র পড়তে হয়। কিন্তু মধ্যমাপের লেখকদের পড়তে হয় তাদের শ্রেষ্ঠ রচনা। রবীন্দ্রনাথের রচনা সমগ্র আমাদের পড়তে হয়, কিন্তু সুধীন দত্ত বা সত্যেন্দ্রনাথের শ্রেষ্ঠ রচনা পড়লেই চলে। এসব শ্রেষ্ঠ রচনার ভেতর তাঁদের শক্তিমত্তা উজ্জ্বল হয়ে ধরা পড়ে। মান্নানের সেই সেরা লেখাগুলো সংকলন ওভাবে বের হয়নি। ফলে ওর শ্রেষ্ঠ লেখাগুলো এখনকার পাঠকের কাছে অপরিচিত রয়ে গেছে। মান্নানের সেরা কবিতা, সেরা গল্প, সেরা প্রবন্ধ—এগুলো বের হতে হবে। নইলে মান্নানকে আমাদের সাহিত্যের পাঠক বুঝতে পারবে না।আরেকটা বইয়ের কথা বলব, সেটা ঠিক প্রবন্ধ না, ওর একটা বই: আমার বিশ্বাস। ওর গদ্যভাষা যে কী অসাধারণ, তা বুঝতে হলে এই বই পড়তে হবে। অনেক প্রবন্ধ মান্নান লিখেছে। প্রবন্ধের চাইতে সমালোচনা বেশি। সমালোচনায় মান্নান এত ব্যাপকভাবে নিমগ্ন থেকেছে যে ওর ভেতরকার সৃজনশীল লেখকটি তার আড়ালে প্রায় ঢাকা পড়ে গেছে। জীবনানন্দর সাহিত্যের ওপর মান্নান হয়তো বাংলা সাহিত্যের সেরা সমালোচক। নজরুলের ওপরে অসাধারণ সমালোচনা রয়েছে ওর। কিন্তু আমি মনে করি, একটা জায়গায় ও একেবারে অনন্য। সেটা হলো: বাংলা সাহিত্যের সর্বগ্রাসী সমালোচনায়। বাংলা সাহিত্যের এমন কোনো লেখক নেই—সবচেয়ে বড় লেখক থেকে সবচেয়ে সাধারণ লেখক—জাতি-ধর্ম-নির্বিশেষ লেখক, যাকে নিয়ে মান্নান লেখেনি। এই লেখাগুলো পড়া মানে বিশাল বাংলা সাহিত্যটাকেই পড়া। মান্নানের এই সমালোচনাগুলো একত্র করা হলে সেখানে বাংলা সাহিত্যের একটা পুরো চেহারা পাওয়া যাবে।লেখক জীবনের ভেতর পাগলের মতো, নিশিতে পাওয়া মানুষের মতো, আচ্ছন্ন, মাতালের মতো জীবন কাটানো—এ আমাদের যুগে অনেকেই করেছে। নির্মলেন্দু গুণ এখনো প্রায় তা-ই, আখতারুজ্জামান ইলিয়াসও তা-ই ছিল। আবুল হাসানের মধ্যেও এই গুণ দেখতাম। এরা সবাই ছিল সার্বক্ষণিক কবি, লেখক, সারাটা জীবন ছিল এদের শিল্প। সেই অসাধারণ গুণ ছিল মান্নানেরও। অর্থবিত্তের দিকে তাকায়নি, খ্যাতির দিকেও না। দশ বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছে, আজ অবধি পেনশনের টাকাটা পর্যন্ত তুলতে যায়নি। এ রকম অবৈষয়িক এবং সাহিত্যের জন্য পুরোপুরিভাবে নিবেদিত মানুষ আজ কোথায় পাব।মান্নানের একটা কবিতার বই আছে ও সংবেদন ও জলতরঙ্গ। তার মধ্যে আশ্চর্য সুন্দরভাবে এসেছে দেশপ্রেম। এ দেশের অনেক কবির দেশপ্রেমের মতো কাঁচা বা আকরিকভাবে আসেনি ওর দেশপ্রেম, কবিতা হয়ে এসেছে। মান্নানের লেখা নানান দিকে ছড়ানো বলে এদিকে হয়তো সবার দৃষ্টি যায়নি। একাত্তরের স্বাধীনতার বর্ণনা দিতে গিয়ে ওই বইতে অদ্ভুত সুন্দর একটা উপমা দিয়েছে মান্নান। এই মুহূর্তে মনে আসছে না লাইনটা, তবে ভাবনাটা এ রকম: হাজার হাজার টিয়ে বাংলাদেশের প্রত্যেকটা বাড়ির ওপরে এসে বসল। টিয়ের গায়ের রং সবুজ আর ঠোঁট লাল—বাংলাদেশের পতাকা। হাজার হাজার, লাখ লাখ টিয়ে এখন বাংলাদেশ নামের এই বাড়ির ওপর। এই সব উপমা রগরগে কবিরা দিতে পারে না। পরিশ্রুত শিল্পীহূদয়ের মধ্য থেকে এরা আসে। সত্যিকারের কবি কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা নিয়ে সেরা কবিতাটি লিখে ফেলেন না। তাঁকে সময় দিতে হয়। দেশপ্রেম মান্নানের কবিতাতেও এসেছে। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের যে প্রেরণাটা এল, সেই প্রেরণা থেকেই তো ওর সত্যিকার জাগরণ। নতুন জাতিসত্তার প্রেরণা সবার মতো ওর মধ্যেও আছে। সব লেখকের প্রকাশের ধাঁচ এক রকম নয়।৭/৯/২০১০, সেন্ট্রাল রোড, ঢাকা