>কই কই? আঁকিয়েরা কোথায়? তৈরি হচ্ছো তো? যারা খেলাধুলা করতে চাও, চিৎকার করে গলা ভাঙতে চাও, যত খুশি রং দিয়ে হাত রাঙাতে চাও, পুরস্কার পেতে চাও, মজা-আনন্দে কাটাতে চাও পুরো একটা দিন...তৈরি হয়ে যাও। আবার আসছে বর্ণমেলা। প্রতিবছর ২১ ফেব্রুয়ারি, সার্ফ এক্সেলের পৃষ্ঠপোষকতায় তোমাদের জন্য এই উৎসব আয়োজন করে প্রথম আলো। যারা এর আগে বর্ণমেলায় এসেছ, তারা তো জানোই, এই উৎসব এক মহাযজ্ঞ। যারা জানো না, কিংবা আরও জানতে চাও, ঝটপট পড়ে ফেলো তথ্যগুলো
কোথায়, কবে হবে বর্ণমেলা?
দেশের তিনটি জায়গায় একসঙ্গে হবে বর্ণমেলার আয়োজন। আগামী ২১ ফেব্রুয়ারি। ঢাকায় সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং রাজশাহীতে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের মাঠে সকালবেলা পৌঁছে গেলেই দেখতে পাবে সাজ সাজ রব। চলে এসো কিন্তু! বর্ণমেলা সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
কী কী থাকবে সেখানে?
বিশাল আয়োজন। সবটা বলার আগে একটা লম্বা দম নিয়ে নিই, দাঁড়াও! দিনব্যাপী বর্ণমেলায় থাকবে কাগজের ইশকুল, বর্ণদোলা, বর্ণপণ্ডিত, মায়ের সঙ্গে ছবি তোলার সুযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিসিমপুরের পরিবেশনা, অরিগ্যামি, মা-বাবার হাতের ছাপের সঙ্গে নিজের হাতের ছাপ সংরক্ষণ করার সুযোগ, পোশাকে বর্ণ, ছবি আঁকা ও হাতের লেখা প্রতিযোগিতাসহ বর্ণ নিয়ে বিচিত্র সব আয়োজন। অনূর্ধ্ব চার বছর বয়সী ছোট্ট ছেলেমেয়েরা অংশ নিতে পারবে বর্ণদৌড় প্রতিযোগিতায়। আর ছোট্ট সোনামণিদের হাতেখড়ি দিতে বর্ণমেলায় উপস্থিত থাকবেন দেশসেরা শিল্পী, লেখক ও শিক্ষাবিদেরা।
প্রতিযোগিতাগুলোতে কীভাবে অংশ নেব?
তোমরা যারা স্কুলে পড়ো, তারা সবাই বর্ণ বানানো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সহজে নষ্ট হয় না, এমন যেকোনো কিছু দিয়ে বানিয়ে ফেলো তোমার প্রিয় বর্ণটা। ইচ্ছেমতো সাজাও আর পাঠিয়ে দাও প্রথম আলোর ঠিকানায়। তোমার পাঠানো বর্ণ নিয়েই হবে বর্ণ প্রদর্শনী। সেরা বর্ণের জন্য থাকবে পুরস্কার। ছবি আঁকার প্রতিযোগিতা সকাল ১০টায় শুরু হয়ে চলবে সাড়ে ১০টা পর্যন্ত। আর বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বর্ণমেলার নতুন আয়োজন মায়ের কাছে চিঠি লেখার প্রতিযোগিতায়ও তোমরা অংশ নিতে পারো। মাকে লেখা চিঠি পাঠিয়ে দাও প্রথম আলোর ঠিকানায়। সেরা চিঠিগুলো মঞ্চে পাঠ করা হবে, থাকবে পুরস্কারও। আর হ্যাঁ, তোমাদের পাঠানো সব চিঠি নিয়ে হবে প্রদর্শনী।
প্রতিযোগিতার জন্য থাকছে তিনটি বিভাগ। তৃতীয় শ্রেণি পর্যন্ত ক বিভাগ, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়ারা থাকবে খ বিভাগে এবং সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য গ বিভাগ। ঢাকায় বর্ণ ও চিঠি পাঠানোর ঠিকানা: প্রথম আলো ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা।
চট্টগ্রামের ঠিকানা: প্রথম আলো, এএস টাওয়ার, সড়ক: ১, প্লট: ৫৫৩, হিলভিউ আবাসিক এলাকা, পাঁচলাইশ, চট্টগ্রাম।
রাজশাহীর ঠিকানা: প্রথম আলো রাজশাহী অফিস, ২০৯ কুমারপাড়া (বোয়ালিয়া থানার মোড়), ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।