জনান্তিকের মুক্তিযুদ্ধ ও অন্যান্য—ভীষ্মদেব চৌধুরী \ প্রচ্ছদ: সব্যসাচী হাজরাপ্রকাশক: কথাপ্রকাশ \ প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৩ \ মূল্য: ১৭৫ টাকাহরিপ্রভা তাকেদার ভ্রমণবৃত্তান্ত বঙ্গমহিলার জাপান যাত্রা ১৯১৫ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়। এশীয় নারীদের মধ্যে হরিপ্রভা হলেন জাপানবিষয়ক গ্রন্থের প্রথম রচয়িতা। ১৯০১ থেকে ১৯২০ সাল পর্যন্ত ঢাকায় বসবাসকারী একমাত্র নারী গ্রন্থকারও তিনি। নিছক ব্যক্তিগত ডায়েরির মতো করে লেখা হলেও তখনকার বাংলাদেশ ও জাপানের আর্থসামাজিক ব্যবস্থা বোঝার জন্য এটি একটি দরকারি গ্রন্থ। ভীষ্মদেব চৌধুরী তাঁর জনান্তিকের মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রবন্ধ বইয়ের ‘হরিপ্রভা তাকেদা’ প্রবন্ধে ব্রাহ্মসমাজের এই ভদ্রমহিলার জীবন ও সাহিত্যকর্মের নানা খুঁটিনাটি তুলে ধরেছেন। ১৯৯৯ সালের আগে তাকেদার বইটি সাধারণের অজ্ঞাত ছিল। লন্ডনের ইন্ডিয়া লাইব্রেরি অফিস থেকে ১৯৯৯ সালে এটি আবিষ্কৃত হয় এবং গবেষক মনজুরুল হক তাঁর ভূমিকাসহ পুনর্মুদ্রণ করেন। ফলে, ঢাকার নারী-লিখিত গ্রন্থবিষয়ক ইতিহাসের সূচনাবিন্দু হিসেবে ধরে নিতে হবে এই বইটিকেই। জনান্তিকের মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রবন্ধ বইটিতে ভীষ্মদেব চৌধুরী সাহিত্যের নানা প্রসঙ্গ নিয়ে মোট ১৪টি প্রবন্ধ অন্তর্ভুক্ত করেছেন। বিভিন্ন বিষয় ও প্রচলিত দৃষ্টিভঙ্গির বাইরে থেকে দেখা এসব লেখায় লেখকের অন্তর্দৃষ্টি আমাদের নতুন আবিষ্কারের আনন্দ দেয়। ‘সোনার বাংলা ও জয় বাঙলা’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের দেশপ্রেম, বিশেষ করে বাংলা অঞ্চলের প্রভাবে তাঁদের চৈতন্যের যে পরিবর্তন, তা স্পষ্ট করে তুলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রান্তিক মানুষের সংস্পর্শে এসেছেন কম, তবু পদ্মাপারে জীবনের যেটুকু সময় কাটিয়েছেন, তার মধ্য দিয়েই সাধারণ মানুষের জীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছেন। সংকীর্ণ কোনো রাজনীতির ছায়াতলে না থেকেও রাজনীতিসচেতন ছিলেন তিনি। আর নজরুল তো বিশ্বাস করতেন ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামের নেতৃত্ব দেবে বাঙালিরাই। নজরুলের স্বভাবজাত দ্রোহের যে প্রকাশ তা রূপায়িত হয়েছে ‘জয় বাঙলা’র তেজস্বী রূপকল্পে, আর রবীন্দ্রনাথ তাঁর অনিঃশেষ প্রজ্ঞা, বিশ্বজনীনতা ও ভালোবাসার মিলন ঘটিয়েছেন তাঁর ‘সোনার বাংলা’র মাধ্যমে। ‘রবীন্দ্রগল্প: উনিশ শতকের নারীমণ্ডলী’ শিরোনামের লেখাটিতে লেখক রবীন্দ্রনাথের পূর্বপর্যায়ের গল্পের নারী চরিত্রকে বিশ্লেষণ করেছেন নির্মোহভাবে। যদিও পরবতী সময়ে, বিশ শতকে, তাঁর গল্পের নারীরা অনেকখানি অধিকারসচেতন, কিন্তু উনিশ শতকে তারা এক পুরুষতান্ত্রিক ভাবনায় অলংকৃত। ব্যক্তিগত জীবনেও রবীন্দ্রনাথ বিয়ে করেছিলেন আট বছর নয় মাস বয়সী বালিকা ভবতারিণীকে। এমনকি তিনি তাঁর কন্যাদেরও বাল্যবিবাহ দিয়েছিলেন। উনিশ শতকে তাঁর ছোটগল্পের নারীরা পুরুষতান্ত্রিক ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গিতে নির্মিত হলেও একই সময়ের কাব্যলক্ষ্মীরা অপেক্ষাকৃত প্রাগ্রসর। রবীন্দ্রনাথের নারীদের বুঝতে এবং তখনকার রবিমানস ও তার প্রবণতার পরিবর্তন অনুধাবনে লেখাটি গুরুত্বপূর্ণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ে পথের পাঁচালী-অপরাজিত উপন্যাসের পটভূমিকায় ভীষ্মদেব চৌধুরী আমাদের দেখান লেখকের বিশ্বাসের সত্য কীভাবে শিল্প হয়ে ওঠে আর জীবনের জয়গান গায়। ‘জীবনের সত্য আর বিশ্বাসের শিল্প’ প্রবন্ধে ‘কাজল’ চরিত্রের ওপর ফোকাস রেখে সমগ্র উপন্যাসটিকেই পর্যালোচনা করেছেন তিনি। বিভূতিভূষণের স্ত্রী গৌরী বিয়ের এক বছর পরই নিঃসন্তান অবস্থায় মারা যান। অথচ অপু, যাকে বলা হচ্ছে ঔপন্যাসিক স্বয়ং, তাঁর স্ত্রী উপন্যাসে একটি পুত্রসন্তান রেখে পরলোকগত হন। প্রকৃতপক্ষে হরিহর, অপু এবং কাজল তিনটি চরিত্রই লেখকের প্রতিরূপ। লেখক এর মাধ্যমে উপন্যাসে ‘জীবনবৃত্ত’ সম্পূর্ণ করেন। প্রবন্ধটি পড়ার পর আত্মজৈবনিক উপন্যাস হিসেবে ‘কথিত অসংগতিগুলো’ যৌক্তিক বলে প্রতিষ্ঠিত হয়।‘জীবন এতো ছোট কেনে’ প্রবন্ধটিতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের একটি অভিনব নির্মাণশৈলীর ওপর আলোকপাত করেছেন লেখক। উপন্যাসে কবিয়াল নিতাইয়ের প্রশ্ন, ‘জীবন এতো ছোট কেনে?’—প্রবন্ধকার বলছেন, প্রশ্নটি হয়তো দার্শনিকতার, কিন্তু, লোকায়ত ব্রাত্য মানুষের জীবনের অভিন্ন সত্যরূপে হূদয় থেকেই উৎসারিত হয়েছে এটি। নিতাইয়ের ‘মনের মানুষ’ বসন্ত যখন মৃত্যুপথযাত্রী, তখনই এই গান রচনা করে সে। লেখক দেখাচ্ছেন, এই গানটিই সমগ্র উপন্যাসে ভেতরে ভেতরে বেজে চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম উপন্যাসটির রচয়িতাও তারাশঙ্কর। একটি কালো মেয়ের কথা উপন্যাসে একজন আগন্তুকের চোখে লেখক মুক্তিযুদ্ধকে বর্ণনা করেন। প্রথাগত গুরুগম্ভীর প্রবন্ধের মতো নয়, বইয়ের প্রতিটি প্রবন্ধে লেখক ভীষ্মদেব চৌধুরী বিষয়ের অভ্যন্তরে গিয়ে প্রসঙ্গের বহুমাত্রিক রূপ উন্মোচন করেন এবং আমাদের ভাবনার সঙ্গে সংঘাতপূর্ণ বিশ্লেষণে তাঁর মতামতকে উপভোগ্যরূপে প্রতিষ্ঠিত করেন।