আমতু ও বটুদা

‘অ্যাই দোয়েল, অ্যাই! একদম চুপ!’
‘খবরদার শালিক! এখানে পটি করবি না!’
‘ওই দুষ্টু কাক! কা কা করার আর জায়গা পেলি না! যা ভাগ!’
‘টিয়া আরেকবার আমার শরীরে ঠোকর দিলে তোকে কিন্তু ঝাঁকি মেরে নিচে ফেলে দিব!’
বটুদার এমন চিত্কার-চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় আমতুর। বটুদা কেন খেপেছে তা সে জানে। প্রতিদিন ভোরবেলায় পাখিদের ওপর বটু’দা খেপে যায়। বেশ চিত্কার-চেঁচামেচি করে। কিন্তু কোনো পাখিই বটু’দাকে ভয় পায় না। তার নিষেধ শুনে সবাই আরও জোরে জোরে চিত্কার করে। আরও দুষ্টুমি করে।
আড়মোড়া ভাঙতে ভাঙতে আমতু জিজ্ঞেস করল, ‘কী হয়েছে বটুদা? সকাল সকাল এত খেপেছ কেন?’
আমতুকে দেখে বটুদা বিরক্ত হয়ে বলল, ‘উঠে পড়েছিস? এমনেই পাখিদের জ্বালায় বাঁচি না, এর মধ্যে আবার তুই এসে পড়েছিস। যা ভাগ!’
বটুদার কথা শুনে হি হি করে হাসে আমতু। বটুদা চোখ পাকিয়ে বলল, ‘এখন বিরক্ত করবি না একদম। নয়তো এমন একটা ঝাঁকি দেব যে নিজের নাম ভুলে যাবি!’
বটুদার কথা শুনে আবারও হাসে আমতু। সে জানে বটুদা যতই বলুক হ্যান করবে, ত্যান করবে, আসলে সে কিছুই করবে না। সবাইকে খুবই ভালোবাসেন বটুদা। পরম মমতায় আগলে রাখে সব সময়। এই বটুদা না থাকলে আমতুর যে কী হতো, তা সে ভাবতেই পারে না। জন্মের পর থেকেই আমতু দেখে আসছে তার পাশে বটুদা দাঁড়িয়ে আছে। ঝড়-বৃষ্টি, রোদ-খরা সবকিছুতেই আমতুর পাশে ছিল সে। সব সময় সাহস দিয়েছে। শিখিয়েছে কীভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়। বটুদা না থাকলে আমতুর এখানে টিকে থাকাই মুশকিল হতো।
আমতুর যখন জন্ম হয়, তখন পাশে বিশাল বটুদাকে দেখে প্রথমে ভেবেছিল এটিই বোধ হয় তার মা। সেদিনের কথা এখনো মনে পড়ে। ইস! কী বোকার মতোই না সে বটুদাকে বলেছিল, ‘তুমি কি আমার মা?’
শুনে বটুদার সে কী হাসি! হাসতে হাসতে বটুদা বলেছিল, ‘নারে না, আমি তোর মা না! আমি বটু। বটবৃক্ষ। সবাই আমাকে বটুদা বলে ডাকে। তুইও তাই ডাকবি।’
‘তাহলে আমার মা কই?’
আমতুর প্রশ্নে চুপ করে যায় বটুদা। বেশ কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানি না!’
তার কিছুদিন পরের কথা। বটুদার মনমেজাজ খুব ভালো ছিল। সেদিন জিজ্ঞেস করতেই আমতুর পরিচয় বলে দেয় বটুদা।
‘তুই হচ্ছিস একটা আমগাছ।’
‘আমগাছ কী বটুদা?’
‘দ্যাখ, কথার মধ্যে প্রশ্ন করবি না। প্রশ্ন করলে কিন্তু ধরে একটা রাম ঝাঁকি দিব! একদম চুপ করে শোন।’
আমতু কান্না কান্না গলায় বলল, ‘বা রে! আমার পরিচয় আমি জানতে চাইব না? আর এর জন্য তুমি আমাকে ধমক দিতে পারলে বটুদা!’
‘এই দেখো দেখি কী মুশকিল! তোরে ধমক দিলাম কখন? কাঁদিস না আমতু। আচ্ছা দাঁড়া, আমি তোকে এখনই সব ঘটনা খুলে বলছি—সেদিন সময়টা ছিল দুপুরবেলা। একজন মানুষ ফুটপাতের ধার দিয়ে আম খেতে খেতে যাচ্ছিল। সেই মানুষটা একটা আমের আঁটি রাস্তার মাঝের এই আইল্যান্ডে ফেলে। আর সেই আঁটি থেকেই জন্ম হয় তোর। পরে আমরাই তোর নাম দিই, আমতু।’
বটুদার কথা শুনে আমতু খুব অবাক হয়ে যায়। তাহলে কী আমার মায়ের সঙ্গে জীবনে কোনো দিন দেখা হবে না? মায়ের কাছে জীবনেও কোনো আবদার করতে পারব না? আমতুর মাথায় এমন নানা প্রশ্ন যখন ঘুরেফিরে আসছিল, ঠিক তখন পাশ থেকে দেবুদা বলল, ‘মন খারাপ করিস না আমতু। আমরা তো তোর পাশে আছি। আমরাই তোর মা!’
দেবুদার কথায় আমতু সেদিন খুশি হয়ে গেল। দেবুদা কীভাবে কীভাবে যেন সবার মনের কথা বুঝতে পারত। আসলেই তো জন্ম থেকে যারা তাকে আগলে রেখেছে, ভালোবাসা দিয়েছে, স্নেহ-মমতা দিয়ে বড় করছে, তারাই তো মা হবে। দেবুদার কথায় আমতুর মনের সব কষ্ট দূর হয়ে গেল।
তারপর থেকে বটুদা, দেবুদা, শিউলি আপা আর জাম্বুদাকে নিয়ে আমতুর দিন বেশ সুখেই কাটছিল। শিউলি আপা প্রতিদিন ভোরবেলায় শিউলি ফুলের চাদর বিছিয়ে দেয়। জাম্বুদা তাকে ছায়া দেয়। বটুদা তার সব আবদার রক্ষা করে। কেউ তাকে কিছু বলে না। এই শহরের কোনো এক রাস্তার মাঝের আইল্যান্ডে এভাবেই সবার আদরে আদরে আমতু ধীরে ধীরে বেড়ে উঠছিল। বটুদা তাকে বলেছিল, ‘তুই একদিন অনেক বড় হবি। তোর মধ্যে থোকায় থোকায় আম ধরবে। আম পাকবে। ঝড় হবে। সেই ঝড়ে আম পড়বে। ছোট ছোট ছেলেমেয়ে সেই আম খেতে আসবে। আর ছড়া গান গাইবে:
‘ঝড় এল এল ঝড়
আম পড় আম পড়!’
তারপর থেকেই আমতুর স্বপ্ন সে একদিন অনেক বড় হবে। অনেক আম ধরবে। ছোট ছেলেমেয়েরা তার নিচে এসে মজা করে আম খাবে...
একদিন সকালবেলায় আমতুর ঘুম ভাঙতেই সে অদ্ভুত এক দৃশ্য দেখতে পেল। তাদের চারপাশে হলুদ দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। আমতু বটুদার দিকে তাকায়। বটুদা কোনো কথা বলে না। দেবুদা, শিউলি আপা, জাম্বুদা সবাই চুপচাপ। কারও মুখে কোনো কথা নেই।
‘কী হয়েছে বটুদা?’
বটুদা আমতুর দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। হঠাৎ একটা মেশিনের ঘড়ঘড় শব্দে চমকে উঠল আমতু। সঙ্গে সঙ্গেই শোনা গেল দেবুদার আর্তচিৎকার। আমতুর চোখের সামনে মুহূর্তেই লুটিয়ে পড়ল দেবুদা। আমতু তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। আমতু ডাকে, ‘দেবুদা, ও দেবুদা? কী হয়েছে তোমার? কথা বলছ না কেন?’
এবার আমতু দেখল, একটা দু পেয়ে মানুষ ভয়ংকর দেখতে একটা মেশিন নিয়ে শিউলি আপার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই শিউলি আপাও মাটিতে লুটিয়ে পড়ল।
আমতু কাঁদো কাঁদো স্বরে বলল, ‘ও বটুদা, মানুষেরা এভাবে আমাদের কেটে ফেলছে কেন? তুমি না বলতে আমরা মানুষকে অক্সিজেন দিই! অক্সিজেন ছাড়া নাকি মানুষ বাঁচতে পারে না। ওরা কী এটা জানে না?’
বটুদা কোনো জবাব দেয় না।
আমতু এবার জাম্বুদার দিকে তাকায়। দেখে, জাম্বুদা ভয়ে থর থর করে কাঁপছে। তার ডালে ডালে কেবল থোকায় থাকায় জাম ধরেছিল। আর কদিন পরেই পাকত। ভয়ে সেই জামগুলোও কাঁপছে।
‘ও জাম্বুদা, তুমি কিছু বলো না? ওরা এভাবে আমাদের কেটে ফেলছে কেন?’
জাম্বুদা কিছু বলতে গিয়েও বলতে পারল না। দু পেয়ে মানুষটা সেই ভয়াল ঘড়ঘড় শব্দ করা মেশিনটা নিয়ে জাম্বুদার কাছে গিয়ে দাঁড়িয়েছ। জাম্বুদা একটা আর্তনাদ করে উঠল। তারপর বিকট শব্দে লুটিয়ে পড়ল।
‘বটুদা তুমি চুপ করে আছ কেন? তুমি তো বটবৃক্ষ। আমাদের সবাইকে তুমি আগলে রাখো। তুমি থাকতে ওরা এভাবে আমাদের কেটে ফেলছে কেন?’
বটুদা এবার ছল ছল চোখে আমতুর দিকে তাকিয়ে বলল, ‘উন্নয়ন হবে রে, উন্নয়ন! রাস্তা বড় হবে। তাই ওরা আমাদের কাটছে।’
‘কিন্তু উন্নয়ন কী অক্সিজেন থেকেও বড় হলো? তুমি এটা মানুষকে বুঝিয়ে বলছ না কেন?’
বটুদা আমতুর প্রশ্নের জবাব দেয় না। লম্বা করে একটা দম নিয়ে বেশি করে অক্সিজেন ছাড়তে ছাড়তে চোখ বুজে ফেলে।
‘ওরা কী আমাকেও কেটে ফেলবে বটুদা?’
‘আরে না, তোকে কাটবে না। তুই তো অনেক ছোট। দেখবি ওরা তোকে রেখে দিবে।’
কথাটা শেষ করেই বটুদা মাটিতে লুটিয়ে পড়ল। আমতু দেখে, সেই নিষ্ঠুর দু পেয়ে মানুষটা বটুদার গোঁড়ায় দাঁড়িয়ে আছে।
আমতু ডাকে, ‘বটুদা! ও বটুদা।’ বটুদা কোনো জবাব দেয় না। দু পেয়ে মানুষটা এবার ছোট্ট আমতুর দিকে এগিয়ে আসতে থাকে। তার হাতে ঘড়ঘড় করছে সেই ভয়ংকর যন্ত্রটা। আমতু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কী আশ্চর্য! যন্ত্রটার শব্দ সে এখন আর শুনতে পাচ্ছে না। তার বদলে আমতু শুনতে পাচ্ছে, একদল ছেলেমেয়ে মধুর স্বরে গান গাইছে!
‘ঝড় এল, এল ঝড়
আম পড় আম পড়
ঘড়ঘড় ঘড়ঘড়
ঘড়ঘড় ঘড়ঘড়...’