আমরা এখনো বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুই করা হয়নি আমাদের। এটি এ প্রদর্শনীর শিরোনাম। মানুষের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। কাজটি অতিদ্রুত শুরু করা দরকার। ক্লাউড স্টেইক বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ বিপর্যয়, সাম্রাজ্যবাদের আগ্রাসন, সমুদ্রদূষণ এবং মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাস নিয়ে আঁকা পোস্টারের তিন হাজার প্রদর্শনী করেছেন। ১০ জুলাই জার্মান কালচারাল সেন্টারের গ্যেটে ইনস্টিটিউটে শুরু হয়েছে ৪১টি রঙিন পোস্টারের প্রদর্শনী। ক্লাউড স্টেইক মূলত চিত্রশিল্পী। পোস্টার শিল্পকলার শক্তিশালী মাধ্যম। এতে মানুষের জন্য সচেতনতামূলক আহ্বান, দাবি আদায়, ব্যঙ্গ-বিদ্রূপ করে সমাজবিরোধী আচরণকে তুলে ধরা যায়। শিল্পী ক্লাউড তাই সৃজনক্ষমতার সম্পূর্ণ প্রয়োগ করে তৈরি করেন ব্যতিক্রমী পোস্টার। প্রদর্শনীর মূল শিরোনাম থেকে আমরা কোনো এক ব্যক্তির গভীর উৎকণ্ঠার শব্দ ধ্বনিত হতে শুনি। পৃথিবী নৈরাজ্যের প্রকাশ করছে। অশুভ অতিপ্রাকৃত শক্তি বা দানবীয় প্রতীক হিসেবে কোনো কোনো পোস্টারে চিত্রিত হয়েছে বিশ্বের জ্বালানি বিপণন সংস্থাগুলোর লোগো। বিপি, শেল, ফ্যানাল, শেভরন, অ্যারাল কোম্পানি, আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ড থেকে শুরু করে মেক্সিকোর গালফের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের বে অব আইল্যান্ডস পর্যন্ত আস্তানা গেড়ে শোষণ করছে কোম্পানিগুলো। দরিদ্র দেশগুলোর প্রতি শোষণের নখর আরও প্রসারণে তারা প্রতিনিয়ত ব্যস্ত। এই ঘূর্ণায়মান চক্রে সমাজের মানুষ একধরনের প্রচার অনুষ্ঠান থেকে অন্য ধরনের প্রচারণার দিকে ধাবিত হচ্ছে।১৯৮১ সালে আঁকা ‘বিশ্ব শাসনকর্তা’ বা ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট’ শিরোনামে সাতজন কালো স্যুট পরিহিত মানুষের মাথা হয়ে উঠেছে শেভরন, বিপি, ফ্যানাল, শেল, ফিনা, অ্যারাল, টেক্সাকো কোম্পানির লোগো। অর্থনীতির নিয়মনীতি যাঁরা অলঙ্ঘনীয় মনে করেন, তাঁরাই নৈতিক কর্মকাণ্ডের নিয়মনীতির তোয়াক্কা করেন না। ওয়ার্ল্ড গভর্নমেন্ট পোস্টারটি তারই একটি উদাহরণ। পরিবেশদূষণ শিল্পীর পোস্টারে উঠে এসেছে সচেতনতার ভাষায়। পরিবেশদূষণ-প্রক্রিয়া ব্যাখ্যাতীতভাবে আর্থিক সংকট সৃষ্টি করছে, যা কয়েক বছর ধরে প্রতিটি দেশের জাতীয় অর্থনীতিকে দাবানলের মতো নিঃশেষ করে দিয়েছে। জার্মানির মিউনিখের ভিজ্যুয়াল আর্টস বিভাগের প্রধান লিওনহাট এম্মারলিংয়ের মতে, শিল্পী ক্লাউড স্টেইক হচ্ছেন একজন অগ্রণী পথিকৃৎ, যিনি রাজনৈতিক চিত্রকলায় জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিশেষ ইঙ্গিত দিয়েছেন। তাঁর শিল্পকর্মগুলো প্রকৃতই আগামী প্রজন্মের জন্য সচেতনতার প্রতীক হয়ে থাকবে। পোস্টারগুলোর প্রতিচ্ছবির শক্তির সঙ্গে প্রকৃত পাঠ্যাংশের বিচক্ষণ সদ্ব্যবহারের সম্ভাব্য মিলন ঘটেছে। ক্লাউড প্রমাণ করেছেন, রাজনৈতিক শিল্পকলার দুর্বোধ্যতা নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই। পোস্টারগুলো জার্মানির অন্য কোনো শিল্পীর শিল্পকর্মের চেয়ে ব্যতিক্রম। পৃথিবীব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনকে তিনি দেখিয়েছেন এক কেন্দ্রে। সাম্রাজ্যবাদের আগ্রাসন প্রকাশ করেছেন কাচের বয়ামে অসংখ্য ছোট আকৃতির গ্লোব রেখে দিয়ে শক্ত করে ঢাকনা আটকিয়ে। পোস্টারটি এঁকেছেন ১৯৮৬ সালে। নাম দিয়েছেন ‘নিউ হার্ভেস্ট’। জার্মান সাহিত্যিক দার্শনিক গ্যেটের ২২৫তম জন্মবার্ষিকীতে ১৯৭৪ সালে করা পোস্টারে অভিনব বিষয়ের অবতারণা করেছেন। আকাশে কৌণিকভাবে হেলান দিয়েছেন গ্যেটে। অনেক দূরে জার্মান শহরের দৃষ্টিনন্দন বিল্ডিং শোভা পাচ্ছে। গ্যেটের এক পায়ে কালো শু পরা, অন্য পা কঙ্কাল হয়ে আছে।সবুজ জলের ওপরের অংশে ঝুলে আছে কঙ্কালসার পা। ১৯৮৫ সালে আঁকা প্রদর্শনীর আরেকটি পোস্টার ‘দ্যাট লিটল বিট অব গার্বেজ’। পোস্টারে দেখা যায়, আবর্জনার স্তূপ পড়ে থাকা প্লাস্টিক ক্যান, পলিব্যাগ, সিনথেটিক কৌটা বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। এ পোস্টার আমাদের বলে দেয়, এসব এভাবে আর নয়। প্রদর্শনীকক্ষের প্রথম ছবিটি খুবই চেনা সাধারণ বিষয়, কিন্তু বক্তব্য পিলে চমকে দেয়। শিশুর মাতৃদুগ্ধ পান করাকে তিনি শিরোনাম দিয়েছেন ‘দ্য ফার্স্ট পয়জন’ অর্থাৎ ‘প্রথম বিষ’। পোস্টারটি এঁকেছেন ১৯৮৯ সালে। শিশু যে দুধ পান করছে, তাকে শিল্পী বিষ হিসেবেই উল্লেখ করছেন। কারণ, শিশুটির মা ইতিপূর্বে পরিবেশ থেকে গ্রহণ করেছেন অনেক বিষ। পরিবেশবিধ্বংসী আচরণের দায় মানুষেরই। সমুদ্রের জলে বাস করা সিল মাছের মৃত্যুকে কেন্দ্র করে ১৯৮৮ সালে ক্লাউড একটি পোস্টার তৈরি করেছেন, শিরোনাম ‘নেক্সট ওয়ান প্লিজ’। সমুদ্রের পানিতে অতিমাত্রায় ডিডিটি, ডিডিই, এইচসিএইচ, আইসোমেরেস, গামা, আলফা ও টেট্রাকোলোরাইবেজোডক্সিনের কারণে ওই বছর এক হাজার সিল মাছের মৃত্যু হয়েছিল। তেল কোম্পানি শেলের সমুদ্রপৃষ্ঠে তেল শোধনের প্রতিবাদ জানিয়ে ১৯৭৮ সালে আঁকেন ‘অয়েল স্পিল’। বিশ্বের সব মানুষের বসবাস নিরাপদ করা, দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাস থেকে শুরু করে সব বিষয়ে শিল্পী নজর রাখেন। ফাস্টফুড বা জাঙ্কফুড নিয়ে প্রদর্শনীতে একটি পোস্টার রেখেছেন। পুরো পোস্টারের জমিন কালো রঙের, মাঝখানে একটি বার্গারের আলোকচিত্র। পোস্টারের শিরোনাম ‘পার্ট-টাইম ইনটক্সিকেশন’ অর্থাৎ ‘খণ্ডকালীন বিষাক্তকরণ’। এ রকম ৪১টি বিষয় নিয়ে শিল্পী বক্তব্যপ্রধান স্যাটায়ারধর্মী মানুষের অনুভূতিতে নাড়া দিয়ে বলেন, মানুষই যেন গড়ে তোলে সুন্দর পৃথিবী। এতটাই পরিবেশ-প্রতিবেশের প্রতি আমরা আঘাত হানছি। তাই শিল্পী বলছেন, ‘এভাবে হুর রে, আমরা এখনো বেঁচে আছি।’শিল্পী ক্লাউড স্টেইক: জন্ম ১৯৩৮ সালের ২৮ ফেব্রুয়ারি জার্মানির পুলসনিটজ ড্রেসডেনে। ১৯৬০ সালে প্রথম পোস্টকার্ড ডিজাইন করেন। ১৯৭৩ সালে ফ্রি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফর ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ জার্মানির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ক্লাউড স্টেইক পৃথিবীব্যাপী তিন হাজারেরও বেশি একক প্রদর্শনীর আয়োজন করেন। বর্তমানে তিনি অ্যাকাডেমি ডি কুনসেট ইন বার্লিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।