
বিখাইনহুফের নারী আশ্রম থেকে বের হয়ে কয়েক মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই স্পাউ স্কোয়ারে। স্কোয়ারটি আমস্টারডামের মূল সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। গাড়িবিহীন চওড়া সড়কের মোহনায় সাপের মতো এঁকেবেঁকে শুয়ে আছে ট্রাম লাইন। আর আছে সাইকেল আরোহীদের নিশ্চিন্ত-নিরাপদ আনাগোনা। আমাদের রাস্তার তেমোহনায় দাঁড় করিয়ে তরুণী গাইড ইনবার জায়গাটার পরিচিতি জানিয়ে বলে, কয়েক শ বছর আগে এই জায়গাটা ছিল পানির নিচে। আঠারো শ সালের শেষদিকে এটিকে ভরাট করে ব্যবহারযোগ্য করে তোলা হয়। স্কোয়ারটাও তৈরি হয় তখন। জায়গাকে নিরুপদ্রব রাখতে ১৯৯৬ সাল থেকে এখানে মোটরগাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই সংক্ষিপ্ত পরিচিতি দেওয়ার পর লালচে কোঁকড়া চুলের সেমেটিক মেয়েটি স্বাধীনভাবে ঘুরে দেখার জন্য আধা ঘণ্টা সময় বরাদ্দ করে আমাদের যেখানে ছেড়ে দেয়, সেখান থেকে দেখা যাচ্ছিল বিখ্যাত গ্রন্থবিপণি এথেনিয়াম বুকহান্ডল। মশহুর বুকস্টোরটার সামনের চওড়া স্কোয়ারের মাঝখানে ঢাকার শিশু একাডেমির আঙিনায় ভাস্কর্য ‘দুরন্ত’র মতো ‘হেৎ লিভার্জি’ (ছোট্ট সোনামনি) নামের এক বালকের ভাস্কর্য। ওটার পাশে গাড়ির ওপর ফাস্টফুডের ঝকমকে দোকান দেখে আমাদের সঙ্গী কয়েকজন খাদক জোর কদমে ওদিকপানে পা বাড়ান। আমি উঁচু বেদির ওপর কোমরে হাত দিয়ে দাঁড়ানো মুখে দুষ্টু হাসি-ভরা বালকটিকে দেখি। হেৎ লিভার্জি আমস্টারডামের উদ্দাম তারুণ্যের প্রতীক এক দুষ্টু বালকের মূর্তি। ষাটের দশকে কোনো এক সিগারেট কোম্পানি এই ভাস্কর্যকে আমস্টারডাম নগরীর পৌর কর্তৃপক্ষকে উপহার দিয়েছিল।

এথেনিয়াম থেকে ঢিল ছোড়া দূরত্বে আমেরিকান বুক সেন্টার। তবে মাত্র সেদিন এপাড়ার প্রতিবেশী কালভারস্ট্রাটর বনেদি বুকস্টোর ওয়াটারস্টোন থেকে কিছু বই কিনে ফেলা হয়েছে বলে এ দুটোতে ঢোকার চিন্তা বাদ দিই, বই দেখতে গেলে বরাদ্দ সময় আধা ঘণ্টায় কিছুই হবে না। তার চেয়ে বরং শানবাঁধানো চত্বর থেকে বেরিয়ে যাওয়া পায়ে হাঁটা পথের দুপাশে পেইন্টিংয়ের অস্থায়ী দোকানগুলোর সামনে ঘুরঘুর করে ডাচ্ আর্টের বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করি। বেশির ভাগ স্টলে লোকজন নেই বলে আমার মতো ভবঘুরে ধরনের দর্শনার্থী দেখে স্টল আগলে বসে থাকা যৌবন যায় যায় করা নারীদের কেউ কেউ অলস ঢুলু ঢুলু দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এঁদের প্রায় সবাই শিল্পী, আর তাই হয়তো এক ঝলক দেখেই বুঝতে পারেন, কারা সত্যিকার ছবির ক্রেতা বা সমঝদার। প্রত্যেক রোববার সকাল থেকে এখানে এই আর্ট মার্কেটটা বসে। ছুটির দিন বলে দিনের প্রথম বেলায় তেমন ক্রেতা-দর্শক সমাগম নেই। স্টলগুলোর কোনো কোনোটিতে প্রধান অতিথি আসার আগে মঞ্চ সাজানোর মতো ব্যস্ততায় তখনো ফ্রেম বাঁধানো ছবিগুলো সাজানো হচ্ছিল। এই স্কোয়ারের রাস্তাজুড়ে শুক্রবারে বসে নতুন-পুরোনো বইয়ের দোকান। হয়তো একটি বইও কেনা হবে না, তবুও সেটি ঘুরে দেখার সুযোগ মিলছে না বলে আফসোস হয়। পুরোনো বইয়ের দোকান এক খনির মতো, আচমকা কোনো হীরে মিলে যায় মাঝেমধ্যে।
স্পাউ থেকে কিছুদূর হাঁটিয়ে নিয়ে ইনবার আমাদের হান্ডবুগস্ট্রাট নামের একটা মাঝারি গলিতে দাঁড় করায়। ওখানের একটা ফাস্টফুডের দোকান দেখিয়ে বলে, কেউ চাইলে এখান থেকে স্যান্ডউইচ কিনে নিতে পারেন, খুব নামকরা দোকান। এই সুযোগে কয়েকজন সেটির সামনে কিউতে দাঁড়িয়ে যায়। যারা কিছুক্ষণ আগেই স্পাউ চত্বরের অস্থায়ী দোকান থেকে খেয়ে এসেছে, তারা আফসোসের ভঙ্গিতে করুণ চোখে দোকানটার দিকে তাকিয়ে থাকে। গলির আরেক পাশে ডাম্পক্রিং নামের বেশ খানদানি চেহারার একটা কফিশপ। ওটার বড় বড় গ্লাস উইন্ডোর ভেতর উঠতি বয়সের নারী-পুরুষের সমাবেশ দেখা যায়। কেউ দাঁড়িয়ে, কেউ-বা বসে কফির পেয়ালায় চুমুক দিচ্ছে, হাতে জ্বলন্ত সিগারেট। ইনবার বলে, এটাও বেশ নামকরা কফিশপ, তবে জানেন তো এখানকার কফি শপ মানেই হচ্ছে গাঁজার ঠেক। আমস্টারডামে গাঁজা খাওয়া নিষিদ্ধ নয়। অভিজ্ঞতার জন্য কেউ চাইলে ভেতরে ঢুকে দু টান দিয়ে আসতে পারেন। এদের মেন্যুতে মারিজুয়ানা, হাশিশ, জয়েন্ট—সবকিছুই পাবেন।
কাচের ওপাশে ওদের হাতে যে সিগারেট দেখা যাচ্ছে ওগুলো তাহলে গাঁজার স্টিক! ডাম্পক্রিংয়ের মতো আমস্টারডামের বড় কফিশপগুলোতে ঢুকলে সত্যিই পাওয়া যায় অভিজাত রেস্তোরাঁর আদলে দীর্ঘ মেন্যুতে ছাপা বিভিন্ন দেশের নানান প্রজাতির আকর্ষণীয় ব্র্যান্ড নামে গাঁজার আইটেম। নামের পাশে দাম, কোন দেশে চাষ এবং কোনটা খেলে কী অনুভূতি হবে—সবই ছাপা আছে। যেমন নেপালের রয়েছে ‘নেপাল টেম্পল বল’, ‘হিমালয়ান সুধা’ কিংবা ‘ব্যোম শংকর’, মরক্কো থেকে আসা ‘বারাকা’, কিংবা ‘সাহারা’ অথবা ভারতের ‘পার্বতী’ ইত্যাদি।

কলকাতার আনন্দবাজারপত্রিকায় পিনাকী ভট্টাচার্য এক লেখায় লিখেছিলেন, ‘ক্যানাবিস সাতিভা’ প্রজাতির শণের মতো এই পাহাড়ি গাছটির শুকনো পাতা হচ্ছে ভাং বা সিদ্ধি, কাঁচা ফুলের পাতা ও রস শুকিয়ে গুলি করে তৈরি করা হয় চরস, আর বাছাই করা কুঁড়ি ধরা অংশের আঠা থেকে হয় হাশিশ। চিন সম্রাট শেন নুং সর্বপ্রথম গাঁজার ভেষজ গুণ নিয়ে লিখেছিলেন যে বাতের ব্যথা আর ম্যালেরিয়া সারাতে এবং একাগ্রতা বাড়াতে এটির জুড়ি নেই। গ্রিক দার্শনিক হেরোডোটাসও তাঁর লেখায় গাঁজার কথা উল্লেখ করেছিলেন। পিনাকী ভট্টাচার্য আরও লিখেছেন, ক্রুসেডের সময় নাকি অন্য ধর্মাবলম্বীদের গুপ্তহত্যা করতে যাওয়ার আগে, অনেকটা করে হাশিশ খেয়ে নিত হত্যাকারীরা। পশ্চিম এশিয়ায় এই লোকদের, আরবি ভাষায় ‘হাশিশিন’ বা হাশিশখোর বলা হতো। আর সেখান থেকেই ইংরেজি শব্দ ‘অ্যাসাসিন’ বা ‘হন্তারক’-এর উদ্ভব।
ইনবারের পরামর্শ সত্ত্বেও কেউ কফিশপটিতে ঢোকার আগ্রহ দেখায় না। কেবল আমাদের দলের এক ছোকরা বলেন, নাহ, এখন বড্ড তাড়াহুড়া হয়ে যাবে। সন্ধ্যার পর হাতে সময় নিয়ে আসতে হবে।
এখানে-ওখানে ঘুরিয়ে আমাদের নিয়ে ইনবার ঢোকে আমস্টারডামের বিখ্যাত রেড লাইট ডিস্ট্রিক্টে। অন্য জায়গায় হলে এটিকে কুখ্যাত বলাই হয়তো যথার্থ হতো। কিন্তু নগরীর এই পল্লিটি একাধারে আবাসিক এলাকা, বারাঙ্গনা পল্লি এবং প্রধান ট্যুরিস্ট আকর্ষণ। তখন সন্ধ্যা নামছে, বিকেলের আলো নরম হয়ে নিভে যাচ্ছে খালের জলের ওপর। নগরীর বিভিন্ন লোকালয়ে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে এই জায়গাটিতে এসে যেন এক ভিন্ন পরিবেশের দেখা মেলে। জনাকীর্ণ, কিছুটা কোলাহলময়, তবে সে কোলাহল যেন উল্লাসমুখরিত, রাত যত বাড়বে ভিড় এবং মানুষের কোলাহলও তত বাড়বে। বারাঙ্গনাপল্লি হলেও এখানে বহু ট্যুরিস্ট ঘুরে বেড়াচ্ছে বাচ্চাকাচ্চা নিয়ে। এসব পাড়া সচরাচর নিষিদ্ধ পল্লি হিসেবে পরিচিত হলেও আমস্টারডামের এটিকে কোনো অর্থেই নিষিদ্ধ পল্লি বলার উপায় নেই।
খালের দুপাড়ে পাথর বাঁধানো রাস্তার ওপর চার শ পাঁচ শ কিংবা তার চেয়ে বেশি বছরের পুরোনো বাড়িগুলোর নিচতলায় বিশাল একেকটা শো উইন্ডোর সারি। ওগুলোর প্রতিটির ভেতর স্বল্পতম পোশাকে একজন করে মেয়ে দাঁড়ানো বা বসা, তাদের ভঙ্গিতে আমন্ত্রণ, লাস্য, প্ররোচনা—কোনো কিছুই লুকানো নেই। প্রত্যেক উইন্ডোর ওপর লম্বা টিউবলাইটের লাল আলোর ফ্রেম। ভেতরে প্রতীক্ষমাণ রমণীদের কাউকে কাউকে ‘ভিক্টোরিয়া সিক্রেট’ কিংবা ‘সিলভিয়া’ অন্তর্বাসের জীবন্ত ম্যানিকিন বলে ভ্রম হয়, কাউকে মনে হয় বিদেশি ম্যাগাজিনের স্বল্পবসনা সুন্দরী মডেল। খোলামেলা এই উইন্ডো ব্রথেলের সামনে আমাদের জড়ো করে ইনবার জানায়, রেড লাইট ডিস্ট্রিক্টের সীমানা এদিক-সেদিক ছড়ালেও সবচেয়ে প্রাচীনটি হচ্ছে ডা ভালেন। ওলন্দাজ আর বিদেশি নাবিকদের জন্যই এটির পত্তন হয়েছিল ১২৭০ সাল নাগাদ। তবে মজার ব্যাপার, কয়েক শ বছর ধরে এখানে যাজক আর বিবাহিত পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। যাজক কিংবা বিবাহিতদের পরিচয় কীভাবে নির্ধারিত হতো, প্রশ্নটি মাথায় এলেও ইনবারকে জিজ্ঞেস করি না, হয়তো বেচারি নিজেও জানে না। আমরা যেখানে দাঁড়িয়ে ইনবারের ধারাবর্ণনা শুনছিলাম, তার সামনের একটা উইন্ডোর ভেতর উৎকট টিয়া রঙের দুই খণ্ড সংক্ষিপ্ত পোশাকে এক বেঢপ শরীরের নারী দাঁড়ানো, তার হাতে জ্বলন্ত সিগারেট, গাঁজাও হতে পারে। আমাদের দলে ছিলেন এক তরুণ দম্পতি, ইনবারের বক্তৃতায় বউটির মন নেই, তিনি বারবার আড়চোখে শো উইন্ডোর ভেতরের নারীটিকে দেখছিলেন, আর ওর স্বামীটিকে কনুইয়ের খোঁচা দিয়ে দৃষ্টি আকর্ষণ করছিলেন। আমাদের কারও কারও মধ্যে একটু উসখুস ভাব দেখে ইনবার সাবধান করে দেয়, দয়া করে এখানো কোনো মেয়ের ছবি তোলার চেষ্টাও করবেন না, গোপন ক্যামেরা ছাড়াও এখানে বাউন্সার নামের মাস্তানরা রয়েছে, নানানভাবে হেনস্তা করবে আপনাকে, এখান থেকে বের করেও দিতে পারে।
তারপর কথার খেই ধরে বলে, এখানে উইন্ডো সেক্স ওয়ার্কারদের আইনি বৈধতা দেওয়া হয়েছে। নিচে শো উইন্ডোগুলোর ভেতর ব্রথেল হলেও ওপরতলায় নিখাদ গেরস্তবাড়ি। নিচতলার কর্মকাণ্ড নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। এখানকার মেয়েরা রীতিমতো ইনকাম ট্যাক্স দেয়, সরকারিভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে, রয়েছে জীবনযাত্রা এবং তাদের পেশার মানোন্নয়নের চেষ্টা।
তখনো সন্ধ্যা পুরোপুরি নামেনি, এরই মধ্যে শো উইন্ডোগুলো জীবন্ত হয়ে উঠেছে। আমাদের মতো দলবদ্ধ ট্যুরিস্ট গ্রুপ ছাড়াও একা বা সদলে ঘুরে বেড়াচ্ছে লোকজন, হল্লা করে হেঁটে যাচ্ছে যুবকের দল। কৌতূহলী মেয়েদের দলও গা টেপাটেপি করে না তাকাবার ভান করে পেরিয়ে যাচ্ছে শো উইন্ডোগুলো। আবার কেউ-বা নিরীহ পথচারী। কোনো খদ্দের উইন্ডোর সামনে গিয়ে ইশারা করলে ভেতরের মেয়েটি পাশের দরজা খুলে বেরিয়ে আসে, লোকটি যখন দর-দস্তুর করছে তখন যুবকের দল একযোগে স্লোগানের মতো করে আওয়াজ দিতে থাকে, তাদের সম্মিলিত কণ্ঠে উৎসাহ দেওয়ার সুর। তারপর খদ্দেরটি ভেতরে ঢুকে গেলে তারা সহর্ষে আওয়াজ দিয়ে ওঠে বিজয়োল্লাসের মতো। ঠিক তখন সেই উইন্ডোর ওপরের লাল আলো নিভে যায়।
ইনবারের এসবে ভ্রুক্ষেপ নেই, এসব দৃশ্যে অভ্যস্ত বলে সে আমাদের শোনায় মারিসকা মাজুর নামে এক প্রাক্তন যৌনকর্মীর কথা, যিনি তাঁর আদি পেশা ছেড়ে দিয়ে এখানকার মেয়েদের জন্য গড়ে তুলেছেন ‘পিক’ (প্রস্টিটিউশন ইনফর্মেশন সেন্টার) নামের এনজিও। এমনকি অবাঞ্ছিত মাতৃত্বে জন্ম নেওয়া এ পাড়ার বাচ্চাদের জন্য এখানে চালু করা হয়েছে চাইল্ড কেয়ার সেন্টার। ইনবার বলে, এখানকার সেক্স ওয়ার্কারদের এমন সব সুযোগসুবিধা দেওয়া হলেও এঁদের প্রতি একচোখা আচরণ বন্ধ করা যায়নি। কিছু ব্যাংক এখনো এখানকার মেয়েদের হাউস মর্টগেজ লোন দিতে রাজি নয়। তবে মারিসকা মাজুর খুব খতরনাক নারী, তিনি ঠিকই এই অধিকারটা আদায় করে নেবেন একসময়। ইনবার জানায়, মারিসকা নিজে এখন অবসর নিয়েছেন বটে, তবে কখনো টাকার প্রয়োজন হলে তার মেয়েটিও শো উইন্ডোর ভেতরে গিয়ে দাঁড়ায়।
আমাদের দলের কারও কারও এ পাড়ায় আরও কিছু সময় থাকার ইচ্ছে থাকলেও সময় শেষ হয়ে আসছে বলে ইনবার আমাদের দলটিকে প্রায় ওখান থেকে খেদিয়ে বের করে আনে। তারপর ধূসর আলোকচ্ছটাহীন প্রাচীন ঘরবাড়ি ঘেরা এক চত্বরে একটা অর্ধনগ্ন ব্রোঞ্জের নারীমূর্তির সামনে দাঁড় করিয়ে বলে, এই চত্বরটার নাম আউডিকের্কস প্লেইন, অর্থাৎ পুরোনো গির্জা চত্বর। ১২১৩ সালে তৈরি আমস্টারডামের সবচেয়ে পুরোনো গির্জা এটি। কিন্তু মজার ব্যাপার হলো, এই গির্জার ঠিক সাথেই এখানকার সবচেয়ে পুরোনো রেড লাইট এরিয়া। এটিই আমস্টারডামের সহনশীলতার নমুনা। কয়েক শ বছর আগে এই চত্বরটা ছিল গোরস্থান, ওটাকে সরিয়ে দেওয়ার পর তৈরি হয় চত্বরটি। এখন নগর কর্তৃপক্ষ চেষ্টা করছে এই চত্বর ঘিরে যে উইন্ডো ব্রথেলগুলো আছে ওগুলো সরিয়ে দিয়ে এখানে রেস্তোরাঁ, দোকান, আর্ট বাজার ইত্যাদি বসাতে।
আমি ইনবারের কথার দিকে কান পেতে রেখে ভাস্কর্যটি দেখি। এর ভিত্তির গায়ে খোদাই করে লেখা, ‘সারা বিশ্বের যৌনকর্মীদের সম্মান করুন’। আমাকে ব্রোঞ্জমূর্তিটির ছবি তুলতে দেখে ইনবার বলে, ২০০৭ সালে ‘বেলে’ নামের এই ভাস্কর্যটা এখানে বসানোর জন্য মারিসকাকে বহু হেনস্তা হতে হয়েছিল। গির্জা প্রাঙ্গণের পবিত্রতা রক্ষায় উৎসাহী লোকজন এটিকে উৎখাত করতে চেয়েও সফল হয়নি। কারণ স্বয়ং নেদারল্যান্ডসের রানির প্রত্যক্ষ সমর্থন ছিল মারিসকার এই উদ্যোগের প্রতি। আমি রানির আশীর্বাদপুষ্ট ভাস্কর্যটি আবার দেখি, আহামরি কোনো শিল্পকর্ম না হলেও মূর্তিটির দেহভঙ্গিমায় আদিম আবেদন ফুটে বের হচ্ছে যেন।