ইরাক ও আফগানিস্তান যুদ্ধে বেশ বিপদেই পড়েছে আমেরিকা। তারা কিছুতেই যুদ্ধের উত্তাপ চাপা দিতে পারছে না। এই পরিস্থিতি নিয়ে জিদোন রোজের একটি বই বেরিয়েছে, হাউ ওয়ারস এন্ড: হোয়াই উই অলওয়েজ ফাইট দ্য লাস্ট ব্যাটল। বইটি নিয়ে গত ৫ নভেম্বর, ২০১০ নিউইয়র্ক টাইমসে এই রিভিউটি লিখেছেন ডেভিড ই স্যাঙ্গারইরাক হামলার মাসখানেক আগের কথা। ২০০৩ সালের হা-কাঁপানো শীতের মধ্যে হোয়াইট হাউসের দপ্তর থেকে আমি ও আমার এক কলিগ আমন্ত্রণ পেলাম। সাদ্দাম-পরবর্তীকালের ইরাকের বিষয়-আশয় নিয়ে শলাপরামর্শ করতে আমাদের ডাক পড়েছে। প্রেসিডেন্ট বুশ তখনো জনসমক্ষে যুদ্ধে যাওয়ার ঘোষণা দেননি। কিন্তু যুদ্ধের সব প্রস্তুতি অনেক আগেই ঠিক হয়েছিল। তাঁর উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা ব্যাগ্র হয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছিলেন, তাঁরা যুদ্ধের এ-মাথা থেকে ও-মাথা পর্যন্ত এত নিখুঁতভাবে ভেবে ফেলেছেন যে সেটা এক দৃষ্টান্ত। এমন ভরভরন্ত প্রস্তুতি এর আগে ওয়াশিংটন যখন কোরিয়া, ভিয়েতনাম বা পার্সিয়ান গালফ যুদ্ধ করেছে তখনকার কর্মকর্তাদের ছিল না। এরপর কয়েক ঘণ্টা ধরে তাঁদের পরিকল্পনার বিশদ বিবরণ আমাদের শুনতে হলো, কীভাবে তাঁরা বাথ পার্টির নেতাদের উৎখাত করবেন। তারপর সেই জায়গায় টেকনোক্র্যাটদের বসিয়ে ইরাককে আবার কল-কাকলিতে পূর্ণ করে তুলবেন। অচিরেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শান্তিরক্ষী বাহিনী হিসেবে অধিষ্ঠান লাভ করবে।কাগজ-কলমের এই পর্যায়ে এই পরিকল্পনা মুগ্ধ হয়ে যাওয়ার মতো নিখুঁত। আমরা যখন প্রায় বেরিয়ে আসছি তখন এক উপদেষ্টা স্বীকার করলেন, এখনো সব অজানারে জানা হয় নাই। ‘এই যুদ্ধ কত দিন ধরে চলবে?’ তিনি প্রশ্ন করলেন, ‘তিন দিন, তিন সপ্তাহ, তিন মাস, নাকি তিন বছর?’ইতিমধ্যে সাত বছর পেরিয়ে গেছে, হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আমেরিকানরা এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তর জানে না। ফরেন অ্যাফেয়ার্সের নতুন সম্পাদক হিসেবে নিযুক্ত জিদোন রোজ তাঁর হাউ ওয়ারস এন্ড বইতে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, হিসাবে বড় ধরনের গড়বড়ের কারণেই ইরাকে পরিস্থিতি এ রকম দাঁড়িয়েছে। ওয়াশিংটন সত্যি সত্যিই কখনো হিসাব করে দেখেনি কীভাবে তারা এই যুদ্ধের গিঁট খুলে বেরিয়ে আসবে। এখন সে কাজটি দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে। রোজ লিখেছেন, বেশির ভাগ প্রেসিডেন্ট একেবারে তীরে এসে হোঁচট খেয়েছেন। কারণ তাঁরা পরিষ্কারভাবে জানতেন না, যুদ্ধের পরের পরিস্থিতি কেমন দাঁড়াবে বা এত সব গোলমালের মধ্যে কী উপায়ে আমেরিকার স্বার্থ রক্ষা হবে। এখন সকলে সমস্বরে কেবল জেনারেল ডেভিড পেত্রাউসের কথাটিই সমস্বরে আবৃত্তি করছে, ‘আমাকে বলে দিন, কী করে এই যুদ্ধের শেষ হবে।’রুজভেল্ট এবং ট্রুম্যান যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করেছেন সে জন্য তাঁরা উড্রো উইলসনের তুলনায় কিছু বেশি নম্বর পাবেন। সে সময় যেসব বিতর্ক হয়েছিল তার সব থেকে মজার অংশ হলো ‘শর্তহীন আত্মসমর্পণ’। অধিকাংশ কর্মকর্তার মত ছিল, জাপানের রাজতন্ত্র বিলুপ্ত করে দিতে হবে। যত দিন রাজপূজার কাল্ট উচ্ছেদ না হচ্ছে তত দিন এই ভয় থাকে—অতীতের ঝুঁকি আবার চাগিয়ে উঠতে পারে। পরে অবশ্য এই আতঙ্কের তেমন কারণ দেখা যায়নি। ভিয়েতনাম কমিউনিস্ট হয়ে গেলে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়া ওই পথে হাঁটবে— ভিয়েতনাম যুদ্ধের পেছনে এই ছিল প্রধান যুক্তি। পরে আমরা জেনেছি, এটা একটা পুরোপুরি খোঁড়া যুক্তি। ইরাক আক্রমণের যুক্তি ছিল এ রকমই—মহা ধ্বংসাত্মক অস্ত্রের ভূত। রোজ তাঁর বইতে লিখছেন, ‘নিউইয়র্ক এবং ওয়াশিংটনের ওপর হামলার ঘটনা ওয়াশিংটনকে তাঁতিয়ে দিয়েছিল ঠান্ডাযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক রাজনীতিতে নেতৃত্ব গ্রহণের জন্য। এতেও অবশ্য ব্যাখ্যা মেলে না, বুশ কেন যুদ্ধ পুরোপুরি জেতার আগেই আফগানিস্থান থেকে হটে গিয়েছিলেন? সেটা ছিল ঔদ্ধত্যের একটা দৃষ্টান্ত। এর ভিত্তি ছিল এই বিশ্বাস যে, সাদ্দাম হোসেনকে উৎখাতের পর তালেবানদের হারাতে এবং ওসামা বিন লাদেনকে পাকড়াও করতে অনেক সময় তাঁরা পাবেন।’রোজ শেষ করছেন এই বলে, ‘আফগানিস্তানের ক্ষেত্রে সবচেয়ে ভালো যা ঘটতে পারে সেটা হলো আরেকটি ইরাকের পরিস্থিতি, ধীরে ধীরে যুক্তরাষ্ট্র সেখানে শক্তি সঞ্চয় করে উঠতে পারে। আর সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে ভিয়েতনামের পুনরাবৃত্তি। হাউ ওয়ারস এন্ড: হোয়াই উই অলওয়েজ ফাইট দ্য লাস্ট ব্যাটল—জিদোন রোজ; সিমন অ্যান্ড সাস্টার, ২০১০; ৪১৩ পৃষ্ঠা; ২৭ ডলারঅনুবাদ: তৈমুর রেজা