আমাদের একাত্তর ও সোভিয়েত ইউনিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা—হাসান ফেরদৌসপ্রথমা প্রকাশন \ প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী \ দাম: ৪০০ টাকাবহির্বিশ্বে আমাদের মুক্তিযুদ্ধে কারা সমর্থন দিয়েছিল, কারা দেয়নি সেটা সবার জানা। এক নিঃশ্বাসে আমরা বলে দিতে পারি, ভারত ও সোভিয়েত ইউনিয়ন ছিল মিত্র, যুক্তরাষ্ট্র আর চীন ছিল শত্রু। এ ছাড়া অন্য অনেক দেশই কোনো না কোনোভাবে এই যুদ্ধকে পর্যবেক্ষণ করছিল, চালাচ্ছিল কূটনৈতিক তৎপরতা। কিন্তু আমাদের আলোচনাগুলোয় মূলত জায়গা করে নিয়েছে ভারত, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র আর চীনের কথাই। মোটা দাগে আমরা জানি, সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে বাংলাদেশের পক্ষে অনমনীয় অবস্থান নিয়েছে, মার্কিন সপ্তম নৌবহর পাঠানোর খবরে নিজেরাও বাংলাদেশ রক্ষার স্বার্থে নিজেদের নৌশক্তিকে এদিকে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে। এটুকুই মূলত আমাদের সম্বল। কিন্তু কীভাবে, কেন, কখন সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াল, পুঙ্খানুপুঙ্খ ও ধারাবাহিকতাসহ তা নথিবদ্ধ হয়নি সেভাবে। হাসান ফেরদৌসের মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা বইটি সে শূন্যতা পূরণে একটা বড় ভূমিকা রাখতে পারে। হাসান ফেরদৌসের ভাষা সাবলীল। ইতিহাসের দৃষ্টিতে যে প্রশ্ন উত্থাপিত হতে পারে, সেগুলো নিয়েই বইটি সাজিয়েছেন তিনি। প্রথম অধ্যায়েই সরাসরি ১৯৭১-এর ৩ এপ্রিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে লেখা সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পদগোর্নির চিঠিটি তুলে দিয়েছেন। সে চিঠিতে শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের খবরে উদ্বেগ, শক্তি ব্যবহার না করে রাজনৈতিক পথেই সংকট মোকাবিলার পরামর্শ ও মানবাধিকারের সর্বজনীন ঘোষণার কথা রয়েছে। ২৫ মার্চ গণহত্যার পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। দ্বিতীয়টি সোভিয়েত ইউনিয়ন। এই অধ্যায়েই গণহত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ারও উল্লেখ আছে। ইয়াহিয়ার কাছে পদগোর্নির চিঠি এবং ৬ এপ্রিল মার্কিন নীতি নিয়ে ঢাকার মার্কিন কনস্যুলেট থেকে আর্চার ব্লাড ও তাঁর অধস্তন ২০ সহকর্মীর পাঠানো প্রতিবাদপত্র হোয়াইট হাউসকে বিব্রত করে তুলেছিল। ব্লাড লিখেছিলেন, সোভিয়েত ইউনিয়ন যেখানে গণতন্ত্র সুরক্ষা ও রক্তপাত বন্ধের আবেদন করেছে, সেখানে ‘পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়’ অজুহাতে যুক্তরাষ্ট্র তার নৈতিক প্রতিবাদটুকুও জানাতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ সংকটটি নিয়ে দুই পরাশক্তি কী ভাবছে, সেটার মাধ্যমেই মূল আলোচনায় প্রবেশ করেছেন হাসান ফেরদৌস। ১৯১৭ সালের অক্টোবর বিপ্লব, দুভাগে বিভক্ত পৃথিবীর প্রসঙ্গ টেনে এনে ভারত উপমহাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের কূটনীতি বিষয়ে আলোচনা করেছেন লেখক। চীনে বিপ্লব সংঘটিত হওয়ার পর সোভিয়েত-চীন সম্পর্ক, কীভাবে চীন মার্কিনদের দিকে ঝুঁকে পড়ল, ভারত ও পাকিস্তানের মধ্যে কার পক্ষ নিয়ে এই অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। এই অধ্যায়ে লেখক পাক-ভারত উপমহাদেশে পরাশক্তিগুলোর রাজনীতি সহজভাবে তুলে ধরেছেন। কিসিঞ্জারের পিকিং সফর, চীন-মার্কিন আঁতাত, তারই সমান্তরালে ভারত-সোভিয়েত চুক্তির পর আমাদের মুক্তিযুদ্ধের নতুন মোড় নিয়ে হাসান ফেরদৌসের আলোচনা দৃশ্যত খোলাসা করে দেয় মুক্তিযুদ্ধ বিষয়ে তৎকালীন বিশ্ব রাজনীতির গতিপ্রবাহ। এরপর জাতিসংঘে বাংলাদেশ নিয়ে রয়েছে একটি অধ্যায়, যাতে সাধারণ পরিষদে বাংলাদেশের সমর্থনে বিশ্বজনমত গঠনে মুজিবনগর সরকারের বিশেষ দূত আবু সাঈদ চৌধুরীর তৎপরতার বিশদ উল্লেখ আছে। জাতিসংঘের সদস্য বেশির ভাগ দেশই সংকটটিকে দেখছিলেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে। আবু সাঈদ চৌধুরী কখনো লবিতে, কখনো কোনো সভাকক্ষে, কখনো কোনো দূতাবাসে গিয়ে বাংলাদেশের পক্ষে দেশটির সমর্থন আদায়ের চেষ্টা করে গেছেন নিষ্ঠার সঙ্গে। আর নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন তো একাই বাংলাদেশের পক্ষে লড়ে গেছে। এই অধ্যায়ে জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদের আলোচনাগুলো পড়লে তাকে ভয়ংকর রোমহর্ষক নাটক বলেই মনে হয়। একটি দেশের জন্মের প্রসবযন্ত্রণাও দৃশ্যমান হয়ে ওঠে।বঙ্গোপসাগরে নৌমহড়া নিয়ে যে অধ্যায়টি আছে, তাতে তারিখ ধরে বর্ণনা আছে। আমাদের মুক্তিযুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এটি। এ সময়ই পরিষ্কার হয়ে যায়, যুদ্ধবিরতি নয়, বাংলাদেশের জন্মের মাধ্যমেই হবে এই যুদ্ধের অবসান।বইটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দুই পরাশক্তির স্নায়ুযুদ্ধটি স্পষ্টভাবে উঠে এসেছে। বইটির নাম মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা, কিন্তু প্রতিটি পৃষ্ঠায় সে সময়ের নানা ধরনের কূটনৈতিক তৎপরতার বিশদ বর্ণনা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে বহু অস্পষ্ট ধারণাকে স্পষ্ট করতে সাহায্য করবে। পরিশিষ্টে সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত নভোয়ে ভ্রেমিয়া (নিউ টাইমস) সাপ্তাহিকীর পাতা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারত-সোভিয়েত চুক্তি ও চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে যে নির্বাচিত ভাষ্য ছাপা হয়েছে, তাকে উল্লেখযোগ্য সংযোজন বলেই মনে হয়েছে। সোভিয়েত ইউনিয়ন এখন নেই, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে দেশটির সমর্থন ইতিহাস হয়েই থাকবে। হাসান ফেরদৌস বইটি লিখতে গিয়ে যে অনেক শ্রম ব্যয় করেছেন, তার প্রমাণ আছে বইয়ের প্রতিটি পৃষ্ঠায়। বাংলাদেশের ইতিহাসের প্রতি যাঁদের আগ্রহ আছে, তাঁদের জন্য তো বটেই, সাধারণ পাঠকদের জন্যও বইটি হবে আগ্রহ-উদ্দীপক, সেটা বলতে একেবারেই সংকোচ হচ্ছে না আমার।