
আমাদের ক্লাসে একটা এলিয়েন পড়ে।
এ কথা আমি যখন বাবুইকে বললাম, বাবুই বলল, ‘ইশ্!’
চোখ বড় করে বলল। বাবুই যখন কিছু বিশ্বাস করে না, তখন চোখ এত বড় করে।
টিফিন পিরিয়ডে বাবুই নীড়কে বলল, ‘ও কী বলেছে জানো?’
নীড় বলল, ‘না তো। জানি না তো।’
আমি কী করব? হেসে ফেললাম। নীড় একটু বোকা বোকা আছে। না হলে আমি কী বলেছি বাবুইকে, সে কী করে জানবে? কথাটা কী আমি তাকে বলেছি?
বাবুই কথাটা নীড়কে বলল।
নীড় কথাটা বুশরাকে বলল।
বুশরা কথাটা ডেরাকে বলল।
সাতচল্লিশজন স্টুডেন্ট আমাদের ক্লাসে। আমি আর বাবুই ছাড়া বাকি পঁয়তাল্লিশজন আট মিনিট আট সেকেন্ডের মধ্যে জেনে গেল, আমি কী বলেছি বাবুইকে।
তারা হাসাহাসি শুরু করল।
হি হি হি!
হি হি হি!
হাসি একটু কমলে বুশরা বলল, ‘আমার মনে হয় ও ঠিকই বলেছে।’
ডেলা বলল, ‘কী-ই-ই-ই? সত্যি আমাদের ক্লাসে একটা এলিয়েন পড়ে? ওহ মাই গড!’
বুশরা বলল, ‘হ্যাঁ। পড়ে তো।’
ডেলা আবার বলল, ‘ওহ মাই গড! কী হবে তাহলে?’
কয় দিন ধরে ডেলা কথাটা শিখেছে। ওহ মাই গড। কথায় কথায় বলে।
বাবুই বলল, ‘কী হবে আর? এলিয়েনটা একদিন আমাদের সবাইকে ধরে খেয়ে ফেলবে। বরবটি মিস আর স্ট্যন্ডআপ মিসকেও খেয়ে ফেলবে।’
অঙ্ক মিসকে আমরা বলি বরবটি মিস। ইংলিশ মিসকে বলি স্ট্যান্ডআপ মিস। মিসদের এমন সব নাম দেয় বুশরা। জিওগ্রাফি মিসের নাম যেমন দিয়েছিল হিপো মিস। হিপো মিস এখন আর আমাদের স্কুলে পড়ান না।
আমার মনে হয়, দু-এক দিনের মধ্যে ডেলারও একটা নাম দিয়ে ফেলবে বুশরা। সেই নামটা হবে ‘ওহ মাই গড’!
ডেলা আবার বলল, ‘ওহ মাই গড! সত্যি সত্যি খেয়ে ফেলবে নাকি?’
বাবুই বলল, ‘হ্যাঁ। চিলি সস দিয়ে খাবে।’
ডেলা বলল, ‘ইহ্!’
নীড় বলল, ‘বাবুই?’
বাবুই বলল, ‘হুঁ।’
নীড় বলল, ‘এলিয়েনটা কে?’
‘কেন? ডেলা।’ বাবুই বলল।
বুশরা বলল, ‘ওহ মাই গড!’
এই সময় টিফিন পিরিয়ড শেষ হয়ে গেল। স্ট্যান্ডআপ মিস ক্লাসে এলেন। বাবুই ফিসফিস করে বলল, ‘ইউ গার্ল!’
বুশরা ফিসফিস করে বলল, ‘স্ট্যান্ডআপ।’
ফিক করে হেসে ফেলল নীড়।
স্ট্যান্ডআপ মিস বললেন, ‘ইউ গার্ল, স্ট্যান্ডআপ!’
ইংলিশ ক্লাসের পর বাংলা। বাংলা পড়ান রেহনুমা মিস। তাঁর এখনো কোনো নাম দেয়নি বুশরা। বাংলার পর ড্রয়িং ক্লাস। এই ক্লাসটা আগে চড়ুই মিস নিতেন, এখন নেন কলাবতী মিস। চড়ুই মিস খুব সুন্দর চড়ুই পাখি ড্রয়িং করতে পারতেন। কলাবতী মিস খুব সুন্দর কলাবতী ফুল ড্রয়িং করেন। রংও করেন। এ ছাড়া আমাদের খুব বন্ধুও কলাবতী মিস।
আমাদের ক্লাসে সবচেয়ে ভালো ড্রয়িং পারে বাবুই। কলাবতী মিস যখন বললেন, ‘আজ আমরা কী ড্রয়িং করব, বাচ্চারা?’
বাবুই বলল, ‘এলিয়েন, মিস।’
কলাবতী মিস বললেন, ‘কী?’
কয়েকজন একসঙ্গে বলল, ‘এলিয়েন, মিস!’
‘এলিয়েন! কেন? একজন বলো। বুশরা, তুমি বলো।’
‘আমাদের ক্লাসে একটা এলিয়েন পড়ে, মিস।’ বুশরা বলল।
কলাবতী মিস বললেন, ‘তাই নাকি? আচ্ছা। কে উনি?’
‘ডেলা, মিস।’ বাবুই বলল।
ডেলা বলল, ‘না মিস, বাবুই!’
নীড় বলল, ‘বুশরা, মিস!’
বুশরা বলল, ‘নীড়, মিস!’
‘শর্মী, মিস!’
‘ইরমা, মিস!’
মহা একটা ক্যাওম্যাও শুরু হয়ে গেল ক্লাসে।
কলাবতী মিস বললেন, ‘সাইলেন্স! সাইলেন্স!’
ক্যাওম্যাও থামল।
কলাবতী মিস বললেন, ‘সত্যি আমাদের ক্লাসে যদি একটা এলিয়েন পড়ে, সেটা কিন্তু চমৎকার একটা ব্যাপার হবে। তোমরা কী বলো? এলিয়েন! বা বা! আমার তো চিন্তা করেই ফ্যান্টাস্টিক লাগছে! ইটির মতো একটা কেউ যদি হয়!’
‘ইটি’ সিনেমাটা আমি দেখেছি। ইটি: দি এক্সট্রা টেরিস্ট্রিয়াল। ইটিটা খুব ভালো, তবে একেবারে থুত্থুড়ে দেখতে। আমি বললাম, ‘ইটির মতো না, মিস।’
কলাবতী মিস বললেন, ‘তাই নাকি? তুমি কি তাকে দেখেছ? কেমন সে দেখতে? শিস দিতে পারে?’
কলাবতী মিস হঠাৎ শিস দেওয়ার কথা বললেন!
আমি বললাম, ‘পারে, মিস।’
‘তুমি শুনেছ? কী রকম করে শিস দেয়?’
আমি শিস দিয়ে শোনালাম। দুই মিনিট একত্রিশ সেকেন্ড ধরে শোনালাম। একবারও নিঃশ্বাস না ফেলে। বাবুই এটা পারবে? নীড়, বুশরা, শর্মী, ডেলা, ইরমা? কলাবতী মিস? কোনো মানুষ? কিন্তু তারা খেয়ালই করল না। কলাবতী মিস পর্যন্ত না। গোটা ক্লাস তন্ময় হয়ে শুধু শুনল। এলিয়েনের শিস শুনল। এ রকম শিস তারা কখনো শোনেনি। দূরের একটা গ্রহ আছে আর্থা। সেই গ্রহের পাখি ইউনিকা এ রকম শিস দেয়। পৃথিবীর মানুষ কী কখনো গেছে আর্থায় যে ইউনিকা পাখির শিস শুনবে? তারা আর্থার কথাই জানে না; আর ইউনিকা!
আমি কী তাদের বলব?
বাবুই, নীড়, ডেলা, ইরমা, বুশরা, শর্মী, কলাবতী মিসকে?
আর্থা গ্রহের ইউনিকা পাখির শিস শুনে মুগ্ধ হয়ে আছে, তার পরও তো বিশ্বাস করবে না কেউ, আমাদের ক্লাসে একটা এলিয়েন পড়ে।