থাকো তুমি পদ্মদিন, আমাদের স্বাস্থ্যের রঞ্জন; এসো লাবণ্যপ্রতিমা, গলির ঘিঞ্জিতে পরমার রুচি।আমরা বিহ্বল, ভিখারিমানসে রূপমুগ্ধ দাস।দেয়ালে দেয়ালে পরীর মন্ত্রণা, ক্যাটরিনা, কারিনা কাপুর।কোথায় ফেরাব গরিবের চোখ, ওই দ্যুতি করেছে অবশ। অন্ধ হব নাকি?আমি এই সৌন্দর্যপল্লির এক দীন প্রজা,কে দেবে আমার আরও হাত, বহু দৃষ্টিলিপি?এত বিউটি-প্রেরণা বাণিজ্যপ্রহরে রাখব কোথায়?গলির দরজা শোনে ‘ছাই কিনবেন, ছাই’। বিলবোর্ডের ওপর মেট্রোপলিটন কাক। ঠোঁটে নাড়ি।অন্য প্রান্ত দোলে রূপসীর ঠোঁটে। কালো রক্ত চুয়ে পড়ছে স্তনের দিকে, রৌদ্রডোবা চাঁদের উচ্চতা মাপছে দুপুর।মেঘের বসন্তদিন। বর্ষা নামে দ্রব্যমূল্য তাপে। জলাবদ্ধ গলি। রিকশার টুংটাং। বাতাসে কথার পুঁথিপত্র ওড়ে, ‘শালা হুদাই বাজায় হর্ন’, ‘গলিতে গাড়ি ঢোকাস ক্যান?’ড্রেন থেকে উঠে আসে শহিদ কনডম;ইঁদুরের লাশ, ফেয়ার অ্যান্ড লাভলীর বোতল;মাসিক-পীড়িত ন্যাপকিনের যন্ত্রণা;পচা গন্ধে বাতাস মলিন, জন্মতত্ত্ব খোঁজে।গলি, তোমাকে কুর্নিশ, যুবতী ঢুকছে পারলারে;দাঁড়াও তৃষিত চোখ, বের হবে মেনকা অপ্সরা।গোধূলিলগনে কার নববধূ যায়? ‘তুমি কাদের কুলের বউ’? বসনে চন্দ্রিমা, মিনা করা গহনা-পরান; তোমার বিদ্যুৎ ওড়া ঠোঁট, নীল আইশ্যাডো, টিপ-চাঁদ, বাহুর-গহনে ডাকে: দাও বন্ধন। গাড়িতে বাজছে: কুছ কুছ হোতা হায়।প্রিয়তমা, সাবধানে এসো;তুমি জানো, পারলার্ড বিউটি আমি পছন্দ করি না; তোমার সৌন্দর্য কেন সারা দিন পরিচর্যা খোঁজে?