আমাদের দুর্দিনের সহযাত্রীরা
স্মৃতি অম্লান ১৯৭১আবুল মাল আবদুল মুহিতআগামী প্রকাশনী১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি ৫৬ হাজার বর্গমাইলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছড়িয়ে পড়েছিল পৃথিবীর সব প্রান্তে। মুক্তিযুদ্ধ চলাকালে আবুল মাল আবদুল মুহিত (বর্তমানে অর্থমন্ত্রী) ছিলেন ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর অন্যান্য বাঙালি কূটনীতিকের মতো তিনিও অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। আমেরিকায় অবস্থিত বাঙালি কূটনীতিকেরা আনুষ্ঠানিকভাবে ৪ আগস্ট পাকিস্তান দূতাবাস ত্যাগ করেন। কিন্তু অনেক আগে থেকেই তাঁরা বাংলাদেশের পক্ষে কাজ করতে থাকেন। আর এই পক্ষত্যাগে অনুঘটকের ভূমিকা পালন করেছিলেন আবুল মাল আবদুল মুহিত। মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাঙালি কূটনীতিক তথা প্রবাসী বাঙালিরা কীভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্যদের সমর্থন আদায় করেছেন; তার বিবরণ আছে তাঁর স্মৃতি অম্লান ১৯৭১-এ। ১০টি পর্বে রয়েছে—অমীমাংসিত দাবি স্বায়ত্তশাসন, স্বায়ত্তশাসন থেকে মুক্তিযুদ্ধ, আমেরিকায় জনসংযোগে হাতেখড়ি, বিবিধ উদ্যোগ, মনোযাতনার এক মাস, সঞ্চায়নের সময়, সাফল্যের প্রথম উপলব্ধি, ধীরে-সুস্থে অগ্রগতি, বিজয়ের আনন্দ ও স্বাধীন বাংলাদেশে।বইটি প্রচলিত অর্থে কোনো ইতিহাসগ্রন্থ নয়। লেখকের দাবি অনুযায়ী, যুগান্তকারী পাঁচটি ঘটনার সঙ্গে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন, তারই সংক্ষিপ্ত বিবরণ আছে বইটিতে। ইকোনমিক কাউন্সিলর হিসেবে বিশ্বব্যাংকের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে লেখক বলেছেন, ‘পাকিস্তান ডেস্ক এবং বিশেষ প্রকল্প বিভাগ মুক্তিযুদ্ধের পুরো নয় মাস ছিল আমার দ্বিতীয় দপ্তর। তাদের সমর্থন ও সহমর্মিতা ছিল অত্যন্ত মূল্যবান। তাদের কাছে সব সময়ই ভরসা পেয়েছি। বিশ্বব্যাংকে গড়ে উঠেছিল শক্তিশালী বাংলাদেশ-সমর্থকগোষ্ঠী।’ ৬ এপ্রিল ওয়াশিংটনের শহরতলির জর্জ সেশন কলেজে এক বক্তৃতায় পাকিস্তানের ওপর আলোচনার সুযোগে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। সিনেটর এডওয়ার্ড কেনেডির কাছে বাংলাদেশের মুক্তিসংগ্রামের বিষয়টিও প্রথম তুলে ধরেন মুহিত। তাঁর ভাষায়, ‘পরবর্তী আট মাস কোস্টাল হিল হয় আমার প্রধান কর্মস্থল। কেননা সিনেটের অত্যন্ত প্রভাবশালী সদস্য এডওয়ার্ড কেনেডি পাকিস্তানিদের অত্যাচার-নির্যাতনের প্রতিবাদই শুধু করেননি, তিনি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করে সিনেট কমিটিতে প্রতিবেদন দেন। একই সঙ্গে তিনি নিক্সন প্রশাসনে পাকিস্তানঘেঁষা নীতির কঠোর সমালোচনা করেন। মুজিব সরকারের সবুজ সংকেত পেয়েই বাঙালি কূটনীতিকেরা ঘোষণা করেন, ‘গণতন্ত্র ও জুলুমতন্ত্রের মধ্যে পছন্দের সময় এসেছে এখন এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন করছি বাংলাদেশকে সমর্থন করতে, যাতে ফ্যাসিবাদ ও ঔপনিবেশিক অপশক্তি বাধাপ্রাপ্ত হয়।’সে সময় লেখক কূটনৈতিক তৎপরতার বাইরে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে যান জনমত তৈরি করতে। সিনেটর কেনেডি, ফ্রাংক চার্চ, উইলিয়াম সাক্সবি, কংগ্রেস সদস্য কর্নোসিয়াস গাসাগার, ডোনাল্ড ক্লেজার, টমাস ডাইন, ডন রেডি, ডোনাল্ড ফ্রেজার প্রমুখের সঙ্গে লেখক নিয়মিত যোগাযোগ রাখেন। ওয়াশিংটনে বাংলাদেশি কূটনীতিকদের কার্যক্রম এবং বাংলাদেশের পক্ষে মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানের ভূমিকা বইয়ে অগ্রাধিকার পেলেও ঘটনাপরম্পরায় এসেছে অন্যান্য প্রসঙ্গ। বিশেষ করে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার সেখানে একটি প্রতিনিধিদল পাঠায়। তারা অধিবেশনে যোগ দিতে না পারলেও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুক্তি তুলে ধরে। আগেই বলেছি, এটি ইতিহাস নয়, স্মৃতিচারণা। একাত্তরের কথা বলতে গিয়ে লেখক ভাষা আন্দোলন, সাতচল্লিশের দেশভাগ, ১৯৫৪-এর নির্বাচন, সামরিক শাসন ইত্যাদি প্রসঙ্গও আলোচনা করেছেন। মুক্তিযুদ্ধের সপক্ষে ওয়াশিংটনে বাঙালি সমিতির উদ্যোগ, আমেরিকায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত, ফিলাডেলফিয়ার ফ্রেন্ডস অব আর্ট এবং ওয়াশিংটনে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারের কার্যক্রমও বিবৃত হয়েছে এ বইয়ে। তিনি আলোচনা করেছেন আমাদের মুক্তিযুদ্ধে মার্কিন সরকার, নির্বাচিত প্রতিনিধি, জনগণ, বুদ্ধিজীবী ও বিভিন্ন সম্প্রদায়, বিশ্বব্যাংক, মার্কিন গণমাধ্যম ও জাতিসংঘের ভূমিকাও।সবশেষে মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডির বাংলাদেশ সফর দিয়ে বইটি শেষ হয়েছে। যাতে তাঁর বিখ্যাত সেই উক্তি রয়েছে, ‘তোমরা জানো যে কতিপয় সরকার তোমাদের দেশকে স্বীকৃতি দেয়নি কিন্তু পৃথিবীর মানুষ তোমাদের স্বীকৃতি দিয়েছে।’মুক্তিযুদ্ধে বহির্বিশ্বে, বিশেষ করে আমেরিকার ভূমিকা, প্রবাসী সরকারের কূটনৈতিক তৎপরতা জানতে এ বইটি অবশ্যপাঠ্য। এ বই আমাদের ইতিহাস-ঐতিহ্য জানতে যেমন সহায়ক হবে, তেমনি দুর্দিনের সহযাত্রীরা কীভাবে এক হয়ে কাজ করেছিলেন, সেসবও নতুন প্রজন্মের পাঠকদের অনুপ্রাণিত করবে।বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এটি অন্যতম ঐতিহাসিক দলিল হিসেবেই বিবেচিত হবে।