আমাদের মুক্তিযুদ্ধ
>১৯৭১ সালে শহীদ হয়েছিলেন সুনন্দন জওহরের দাদি, বুদ্ধিজীবী, সাংবাদিক সেলিনা পারভীন। দাদির স্মরণে তোমাদের জন্য লিখেছে তোমাদেরই বন্ধু সুনন্দন।
মুক্তিযুদ্ধ। শব্দটি শুনলেই বুকটা গর্বে ভরে ওঠে। ১৯৭১ সালে মুক্তি পেয়েছিল এই দেশ। বিশ্ব কবি যাকে বলেছেন সোনার বাংলা, কবি জীবনানন্দ দাসের রূপসী বাংলা আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বাংলাদেশ। বাঙালি সাধারণত শান্তশিষ্ট। কিন্তু তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে তারা অদম্য, অপ্রতিরোধ্য হয়ে ওঠে। দেশকে স্বাধীন করার জন্য বাঙালি ছাত্র, পুলিশ, কৃষক, শ্রমিক, এমনকি শিশুরাও পাকিস্তানি হানাদারদের তাড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তবে যাঁরা শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, শুধু তাঁদের জন্যই এই দেশ স্বাধীন হয়নি। মুক্তিযোদ্ধাদের যাঁরা চিকিৎসা দিয়েছেন, খাবার দিয়েছেন, কলমকে যাঁরা অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন, তাঁদেরও অবদান আছে।
১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানিরা যখন বুঝল তারা বাংলাদেশিদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না, তখন তারা এমন ব্যবস্থা করল যেন দেশটা পিছিয়ে থাকে। তারা দেশের জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবীদের হত্যা করার সিদ্ধান্ত নিলো। এই কাজ তারা করেছিল একদল দুষ্টু বাঙালির সাহায্যে, বাংলায় এদের নাম স্বেচ্ছাসেবক, উর্দুতে বলে রাজাকার। এরা পাকিস্তানি বাহিনীকে সাহায্য করত।
আজ বাংলাদেশ স্বাধীন। এখনো সেই দুষ্টু রাজাকারেরা বাংলাদেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। কিন্তু তা আমরা হতে দেব না। আমরা আমাদের ইতিহাস রক্ষা করব। এই ভাষা ও দেশকে রক্ষা করব। এটাই আমাদের অঙ্গীকার।
সপ্তম শ্রেণি, ন্যাশনাল আইডিয়াল স্কুল