আমাদের সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার কিংবদন্তি—শীলা বসাকআনন্দ পাবলিশার্স দাম: ৫০০ টাকা‘সামাজিক ইতিহাসের বিশেষ কোনও ঘটনা যখন তীব্র আকার ধারণ করে তখন তা কিছুটা কল্পনার পাখায় ভর করে কিংবদন্তির রূপ নেয়।’—মূল লেখায় প্রবেশের আগে লাইনটি মনে রাখুন। কিংবদন্তি কী, কীভাবে এর জন্ম হয়—ইত্যাকার বিষয়ের সুরাহা দিয়ে বাংলার কিংবদন্তি শিরোনামে লোকসংস্কৃতি গবেষক শীলা বসাক একটি বই রচেছেন। লাইনটি এই বই থেকে নেওয়া। বইটি বাংলা অঞ্চলের বিভিন্ন জনপদে ছড়িয়ে থাকা বিচিত্র কিংবদন্তি ও এর উৎসমুখ এবং কিংবদন্তি গড়ে ওঠার পেছনের কাহিনির প্রতি ক্যামেরা তাক করে। এটুকু জানিয়ে এখানে কিংবদন্তি সম্পর্কে লেখকের ব্যাখ্যাটিও টুকে নিতে হবে, ‘ইংরেজি “লেজেন্ড” শব্দের বাংলা প্রতিশব্দ কিংবদন্তি।...কোনও ঘটনা যা সত্যি একদিন ঘটেছিল বলে বিশ্বাস করা হয় এবং লোকমুখে যে কাহিনিগুলি বিপুল বিস্তৃতি ও জনপ্রিয়তা অর্জন করে, তা ইংরেজিতে “Local Legend” নামে পরিচিত। সুতরাং ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিক কথা-সাহিত্যের রূপধারণকারী লোককাহিনিকে কিংবদন্তি বলে সংজ্ঞায়িত করা যেতে পারে।’তাহলে ঠাওর করা যাচ্ছে, কিংবদন্তির সঙ্গে কল্পনার একটি যোগসাজশ আছে এবং স্থান বা অঞ্চলের প্রচলিত ইতিহাসের সঙ্গেও রয়েছে এর মাখামাখি সম্পর্ক। এবার যে বাক্য দিয়ে এই লেখা শুরু হয়েছে, তার দিকে তাকিয়ে বলতে হয়, কথাগুলোর সারমর্ম এমন: সামাজিক পরিপ্রেক্ষিত ও ইতিহাসের পাশাপাশি কল্পনার লতাপাতা ছুঁয়ে কিংবদন্তি আসলে শেষমেশ এক বা একাধিক গল্পের মধ্যে বাস করে।বাংলার কিংবদন্তি বইয়ে শীলা বসাক সেই গল্পগুলো সূচিবদ্ধ করেছেন। ঢাকা শহরের শাঁখারীবাজারের নাম সবার জানা। কিন্তু আমরা কি তলিয়ে দেখেছি, কেমন করে এই স্থানের নাম হলো শাঁখারীবাজার?লেখক জানাচ্ছেন, কিংবদন্তি অনুসারে, বাংলাদেশে শাঁখারি সম্প্রদায় প্রথম এসেছিল বিক্রমপুরে, বল্লাল সেনের সঙ্গে। সে সময় ‘শাঁখারীবাজার’ নামে বিক্রমপুরেও একটি বাজার ছিল। সেই বাজারের স্মৃতি বহন করছে আজকে ঢাকার এই শাঁখারীবাজার! মোগলরা ঢাকায় আসার পর বিক্রমপুরের শাঁখা প্রস্তুতকারক সম্প্রদায়কে জমিজমার লোভ দেখিয়ে নতুন গড়ে ওঠা এ শহরে নিয়ে আসেন। তাঁরা ঢাকার যে অঞ্চলে বসবাস শুরু করেন, সেটিই এখন শাঁখারীবাজার। কিন্তু মজা এখানেই, ঢাকার শাঁখারীবাজার এখনো বহন করছে বিক্রমপুরের শাঁখারীবাজারের স্মৃতিময় নাম। কিংবদন্তির গল্পগুলো বেশ চমকপ্রদ, তাই না?তথ্যের অবয়বে আরেকটি গল্প শুনুন: ঢাকার যে অঞ্চলটির নাম এখন গেন্ডারিয়া, একসময় সেখানে ছিল ঘন জঙ্গল। উনিশ শতকের শেষ দিকে বিজয়কৃষ্ণ গোস্বামী এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। শোনা যায়, অনেক আগে এখানে প্রচুর গেন্ডারি বা আখ জন্মাত বলেই নাকি এলাকাটির নাম হয়েছে গেন্ডারিয়া। বইয়ে এমন অসংখ্য গল্প আছে। আর প্রতিটি গল্পের ঘুলঘুলির ভেতর সযত্নে ধরা আছে কিংবদন্তি।এ কথা অবশ্যই বলতে হবে, এসব কিংবদন্তি সংকলিত করার ক্ষেত্রে শীলা বসাকের রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা। নির্দিষ্ট ছক মেনেই বইটি বিন্যস্ত করেছেন তিনি। প্রথমত, কিংবদন্তি কী—বিভিন্ন সংজ্ঞা-তত্ত্বের আলোকে তার সমাধান ঘটিয়ে কিংবদন্তির কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তারপর বিষয়ভেদে বাংলার কিংবদন্তিগুলোর শ্রেণীকরণ করেছেন। ‘স্থাননাম’, ‘ব্যক্তিনাম’, ‘দেবদেবী ও পূজাপার্বণ’, ‘আধ্যাত্মিক ও লৌকিক প্রতিষ্ঠান’—বিষয়ানুসারে মোট ১১টি ভাগে বিভাজিত হয়েছে এসব কিংবদন্তি।আবার কোনো বিষয়ে একাধিক কিংবদন্তিরও উল্লেখ করেছেন লেখক। তবে বেশির ভাগ ক্ষেত্রে কিংবদন্তি যেহেতু নিজ নিজ অঞ্চলের প্রচলিত গল্পের বাতাবরণে গড়ে উঠেছে, তাই এর কোন গল্পটি আসল, কোনটি নকল—প্রশ্নটি এখানে অতটা খাটে না। বাংলার কিংবদন্তি বইয়ে লেখক কিংবদন্তির ভেতরে থাকা গল্পগুলো থরে-বিথরে সাজিয়েছেন, গল্পের তত্ত্ব তালাশ করেছেন, যাচাই-বাছাই করেছেন, কিন্তু কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। গবেষক হিসেবে এখানে তিনি নির্মোহ। এর মধ্যে ধরা পড়েছে তাঁর পরিমিতিজ্ঞানও। ফলে, এই কিতাবকে বাংলা অঞ্চলের কিংবদন্তির খেরোখাতাও বলা যেতে পারে।এখানে যেমন বাংলাদেশের কিংবদন্তি আছে, তেমনি ভারতের পশ্চিম বাংলার কিংবদন্তিও ভরপুর। দুই বাংলার সম্মিলনে এই পুস্তক ধরে আছে অখণ্ড বঙ্গের কিংবদন্তি। যত সহজে কথাটি লেখা গেল, কাজটি মোটেও ততটা অনায়াসসাধ্য নয়। সমগ্র বাংলার হাজারো কিংবদন্তির ভেতর প্রদেশের গল্পগুলো জড়ো করাই তো এক জীবনের কর্ম; তারপর আছে যাচাইয়ের দায়।নিপুণভাবে সব দায় সম্পন্ন করে বাংলার কিংবদন্তি নামের বইটিকে অনুপম ও ‘আকরগ্রন্থ’ করে তুলেছেন শীলা বসাক। বইটি কেবল গবেষক নয়, সবার কাজে লাগবে। উপরন্তু, হরেক রঙের কিংবদন্তি এক মলাটে জড়ো হওয়ার ফলে এটির গড়নও হয়েছে তোফা।বইটির প্রকাশক ওপার বাংলার আনন্দ পাবলিশার্স, কিন্তু এটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশে—অধ্যাপক আনিসুজ্জামান ও সিদ্দিকা জামানকে। এ ছাড়া কিংবদন্তি সংকলনের বেলায়ও আছে সাম্য—কাঁটাতারের বিরোধ এখানে উধাও। তাই নানাবিধ কারণে বইটিকে আমাদের সম্পদ বলেই মনে হয়।