আমার কথা
বছর কুড়ি আগে আমার কাব্যনাট্য সংগ্রহের ভূমিকায় লিখেছিলাম, ‘ভাষা মাধ্যমে নাটক আমার সর্বশেষ সংসার; অথচ, এখন পেছনের দিকে তাকিয়ে দেখতে পাই, নাটকের জন্য আমি তৈরি হয়ে উঠেছিলাম সেই ছেলেবেলায়।’ ছেলেবেলায় আমরা থাকতাম কুড়িগ্রামে। কুড়িগ্রাম তখন মফস্বলের খোলসে যেন একটা গ্রাম। আমার বাবা ডা. সৈয়দ সিদ্দিক হোসাইন ছিলেন চিকিৎসক—ভীষণ যাত্রাপাগল মানুষ তিনি। যৌবনে শখের নাটকে অভিনয় করেছেন। মনে আছে, শীত মৌসুমে বাবার সঙ্গে রাত জেগে ভ্রাম্যমাণ যাত্রাপালা দেখতাম। এখানে বলতে ইচ্ছে করছে, আমার এই যাত্রা দেখার ঘটনাটিও বেশ চমকপ্রদ—পেশায় চিকিৎসক হয়ে বাবার পক্ষে যাত্রাগান দেখতে যাওয়াটা ছিল খানিকটা বেমানান, বিশেষত সেই সময়ে আমাদের ছোট্ট মফস্বলের বাস্তবতায়। তাই আমাকে তিনি সঙ্গে নিয়ে যেতেন হররোজ; যেন আমার কারণেই তাঁকে আসতে হয়েছে এখানে—অনুমান করি, বাবার দিক থেকে এটা ছিল একটা অছিলা, রক্ষাকবচ।বাবার সঙ্গে ঘুরে ঘুরে যাত্রা দেখা, এতে কিন্তু আমার ক্ষতিবৃদ্ধি হয়নি; বরং আমার সেদিনের শিশুমনে নতুন পালক সৃজন করেছে এই কলাবিদ্যা। ফলে বালক বেলা থেকেই নাটকের সঙ্গে আমার সম্পর্ক। এই যে আমার বেশ কয়েকটি নাটক নিয়ে আস্ত একখানা নাট্যোৎসব করছেন প্রাঙ্গণে মোর-এর শিল্পীরা, সেখানে প্রতিদিনই এলেন দর্শক—বন্ধু ও শুভানুধ্যায়ীরা; আমার প্রতি তাঁদের সবার এই প্রীতিময় আন্তরিকতা দেখে কেন জানি না ছোটবেলার এসব স্মৃতি আবারও আপন মনে মনের দর্পণে নকশা কেটে যাচ্ছে! নাটকের সঙ্গে আমার গাঁটছাড়া, তাও তো কম দিনের নয়।হিসাব করে দেখলাম, ছোট-বড় মিলিয়ে এ পর্যন্ত মোট ২৩টি নাটক লিখেছি। আমার কলম সচল—মাথার মধ্যে এখনো গ্রন্থিত হচ্ছে চারটি নাটক। কাব্য নাটক, গদ্য নাটক, রবীন্দ্রনাথকে নিয়ে নাটক—নানা ধরনে, নাটকে কথা-কাব্য-সংলাপে লিখতে চেয়েছি মানুষের বিচিত্র আনন্দ-বেদনা। তাই বলতে পারি, বিনীতভাবে বলতে চাই, এ নাট্যোৎসবে দর্শক আমার নাট্য সৃজনের আংশিক দেখতে পাবেন হয়তো। আর নিজের সৃষ্টির সামনে স্রষ্টার তো মাথা নোয়ানো কর্তব্য। আমিও অবনত; পায়ের আওয়াজ পাওয়া যায়-এর মাতবরের মেয়ে কিংবা নূরলদীনের সারাজীবন-এর নূরলদীন, আব্বাস, আম্বিয়া—নিজের সৃষ্ট চরিত্রের সঙ্গে মিলেমিশেই দেখছি, আমাদের মাটির নাট্যবুদ্ধি থেকে কাব্য এবং সংগীত ক্রয় করে একদা আমার কলম খুঁজে পেয়েছিল, ইতিহাস খুঁড়ে বের করেছিল এই সব!শিল্পের সব মাধ্যমে নিজের স্পর্শ ও গন্ধ রেখে যাওয়ার বাসনা লেখকজীবনের শুরু থেকেই। তবে ঠিক কখন থেকে নাটক লেখায় অনুপ্রাণিত হলাম—প্রশ্নটি যদি নিজেই নিজেকে করি, উত্তর আসবে, এটা তো একদিনে চকিত কোনো মুহূর্তের ঘটনা নয়; বিষয়টি হয়তো আমার ভেতরে অনেক আগ থেকেই আসন গেড়েছে।নাটকের মাধ্যমে একজন জীবন্ত মানুষের সঙ্গে আরেকজন জীবন্ত মানুষের সংযোগ ঘটে—এটি বরাবরই আকর্ষণ করে আমাকে। আরেকটি ঘটনা মনে পড়ছে। ১৯৫৫ সাল। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ সময় নাট্যকার মুনীর চৌধুরীর পৌরহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ থেকে বার্নার্ড শয়ের নাটকের অনুবাদ কেউ কিছু বলতে পারে না মঞ্চস্থ হয়। প্রতিদিন গিয়ে বসে থাকতাম ওই নাটকের মহড়াকক্ষে। লেখক হিসেবে আমি তখন নবীনপ্রায়, কলম হাতে নিয়েছি কবিতা লিখব বলে। সে সময় মুনীর চৌধুরী মাঝেমধ্যেই আমাকে বলতেন, ‘তুমি নাটক লেখো না কেন?’ আজ ভাবি, তাঁর এ কথাটি কি নিভৃতে রয়ে গিয়েছিল আমার অবচেতনে?১৯৭৫-এর মে মাসে প্রথম নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় যখন লিখি, তার কিছু আগে থেকে আমার মনে হচ্ছিল যে বাংলাভাষায় খণ্ড কবিতার সম্ভাবনাগুলো আপাতত আমরা আবিষ্কার করে ফেলেছি, এখন একে কিছুদিনের জন্য পাশে রেখে অন্যদিকে মুখ ফেরানো প্রয়োজন—হতে পারে মহাকাব্য, কথাকাব্য কিংবা কাব্যনাট্য। শেষ পর্যন্ত আমার কাছে কাব্যনাট্য নামটিই জয়ী হলো।পায়ের আওয়াজ পাওয়া যায় লেখার সময় কাজ করতাম লন্ডনে বিবিসির বাংলা বিভাগে। থাকতাম লন্ডনের হ্যাম্পস্টেড পাড়ায়। পাতালরেলে হ্যাম্পস্টেড থেকে অফিসে যাওয়া-আসার পথে লিখেছিলাম নাটকটি। আজ চারপাশে যে ধর্মান্ধতা, ধর্মকে স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষাক্ত কৌশল—এটি আমি নাটকটি লেখার সময়ই বুঝেছিলাম। নাট্যসংলাপের মধ্য দিয়ে তাই জাগাতে চেয়েছি মানুষকে। নূরলদীনের সারাজীবন-এর ভেতরেও জাগরণ আছে; এই জাগরণ এক মাটির নায়ক, যাঁকে আমরা ভুলে গিয়েছিলাম, রংপুরের সেই গণনায়কের মাধ্যমে আসলে মানুষেরই জেগে ওঠা, মানবের জয়।আবার এখন পর্যন্ত আমার লেখা শেষ নাট্যরচনা নারীগণ, সেখানেও তো জেনানা মহলের নারীরা বন্দী অবস্থায় নিজেদের করুণ কথা বলতে বলতে জাগাতে চায় দর্শককে, প্রকৃত প্রস্তাবে মানুষকে। তবে নাটকে সব সময় আমি মানুষের পাশে, মাটির পাশে থাকতে চেয়েছি—এই কথাটি কখনো অস্বীকার করব না। অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ