আমার কাছে একটা নতুন দুয়ার উন্মোচিত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা যখন মারা যান, তখন আমার বয়স এক বছর। তাই আমাদের মানুষ করার দায়িত্বটা মায়ের একার হাতেই ছিল। মা ছিলেন কলকাতার সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত মেয়ে। বাসায় গৃহশিক্ষকের কাছে ইংরেজি, উর্দু, ফারসি ও বাংলা শিখেছিলেন। মা বলতেন, মানুষের মতো মানুষ হতে হবে। তোমার সামনে আসছে প্রতিযোগিতায় টিকে থাকার যুগ। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সব প্রতিকূলতাকে জয় করার শক্তি অর্জন করতে পারলে তোমার ওপরে ওঠার সম্ভাবনাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আমি ছবি আঁকতে ভালোবাসতাম। ভেবেছিলাম আর্ট কলেজে ভর্তি হব। কিন্তু লেখাপড়ায় যথেষ্ট ভালো হওয়ার কারণে মা আমাকে বাস্তববাদী মূলধারার শিক্ষায় থাকার পক্ষে মত দিলেন। যথারীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হলাম। এমএ করার সময়েই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ পেলাম শিকাগো বিশ্ববিদ্যালয়ে উচ্চতর অর্থনীতি পড়ার জন্য। বিয়ের পর চট্টগ্রাম চলে যাওয়ার সুবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে চাকরি শুরু করলাম। সেটা ১৯৬৭ সালের কথা। আমি পড়াতাম পাবলিক ফিন্যান্স ও এগ্রিকালচার ইকোনমি। ইতিমধ্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমাদের সবার জীবনে একটা পরিবর্তনের ঢেউ এল। তখন হঠাৎ করে যেন জীবন বোধটা বদলে গেল। তখন সারা দেশে মুক্তিযুদ্ধ চলছে। আমরাও চট্টগ্রামে ব্যক্তিগত পরিমণ্ডলে মুক্তিযুদ্ধের কাজ শুরু করে দিয়েছি। সে সময় শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা সংগঠন করলাম, নাম ‘অতি সাম্প্রতিক আমরা’। মুক্তিযুদ্ধ শুরু হতেই আমার বিভাগের অনেক সিনিয়র শিক্ষক দেশ ছেড়ে চলে গেলেন। তখন অপ্রত্যাশিতভাবে একজন জুনিয়র শিক্ষক হওয়া সত্ত্বেও আমার ওপর দায়িত্ব বর্তাল বিভাগের চেয়াম্যান হওয়া। সে সময়টা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আর্মিরা প্রায়ই এসে বলত, ক্লাস খোলা রেখেছ কেন? বিভাগ খোলা রাখায় আমাদের মুক্তিযুদ্ধে সহায়ক কাজের সমন্বয় সহজে করা যেত। সে সময় আমরা অর্থ সংগ্রহ, তথ্য আদান-প্রদান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতাম।সে সময় চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করে আমার মনে হলো, এত দিন শুধু লেকচার দিয়েছি। ছাত্রদের পড়িয়েছি। এখন আমি শুধু শিক্ষক নই। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। নীতিনির্ধারণও করতে হবে। মনে হলো, যে মানুষ সিদ্ধান্ত ও সে অনুযায়ী দায়িত্ব নিতে পারে, সে জীবনে অনেক কাজ করতে পারে। এটা আমার দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করল। সেই সঙ্গে আমার নিজের চিন্তার জগৎটাই কেমন পাল্টে গেল।যুদ্ধের পর দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন। আমি সেখানে আরও কিছুদিন কাজ করলাম। পরে চলে এলাম ঢাকায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক ছুটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার ব্যবস্থা যখন নিশ্চিত হলো, তখনই একদিন আমার শিক্ষক ড. এম এন হুদার সঙ্গে দেখা এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আমি আমার স্বপ্ন আর আশার কথা আলোচনা করতে গিয়ে একপর্যায়ে তিনি আমাকে বললেন, ‘দেশের জন্য তোমার যখন এত স্বপ্ন, তখন তুমি পরিকল্পনা কমিশনে যোগ দিচ্ছ না কেন? আমরা কিছু অর্থনীতিবিদকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রস্তুতের জন্য এক বছরের চুক্তিতে নিয়োগ দিচ্ছি। তুমিও আসতে পারো।’ আমার কাছে যেন একটা নতুন দুয়ার উন্মোচিত হলো। দেশ নিয়ে স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নে কিছুটা হলেও প্রত্যক্ষ ভূমিকা রাখার এটা আমার সুযোগ। এ সময়ে অবশ্য অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে চাকরি মেয়েদের জন্য অনেক সুবিধাজনক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে এটাই আমার গ্রহণ করা উচিত। কিন্তু আমার মন বলছিল অন্য কথা। কারণ, আমার সব সময় মনে হতো, এমন একটা কিছু করতে চাই, যেখানে আমার মত প্রকাশের স্বাধীনতা এবং উন্নয়নের বিকল্পগুলো নিয়ে চিন্তাভাবনা করে একটা বাস্তবভিত্তিক সুপারিশ রাখা যাবে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি পড়াতে গিয়ে আমার বারবার প্রশ্ন জেগেছে, বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ এবং কৃষিকাজে নারীর গভীর সম্পৃক্ততা ও অবদান থাকা সত্ত্বেও উন্নয়নের নীতিনির্ধারণে এবং ব্যষ্টিক অর্থনীতিতে নারী সম্পূর্ণ অনুপস্থিত। কেন এটা ঘটবে এবং এ বিষয়ে একজন মানুষ ও অর্থনীতিবিদ হিসেবে কী আমাদের করণীয়? আমরা দেশের সার্বিক উন্নয়নের জন্য বহুমাত্রিক নীতি ও পরিকল্পনা গ্রহণ করে থাকি। কিন্তু নারীর দৃশ্যমানতা কোথাও নেই। পরিকল্পনা কমিশনে কাজে এবং সে সম্পর্কে গবেষণা করার মধ্যে এ ধরনের প্রশ্ন তোলার সুযোগ থাকলেও নীতিনির্ধারণের ক্ষেত্রে প্রায়ই তা উপেক্ষিত হতো। নীতি প্রণয়নে যেহেতু নারীর অবদান প্রতিফলিত হতো না, সে কারণে নীতি বাস্তবায়নের কার্যক্রমেও নারী উপেক্ষিত রয়ে যেত। আমার এ ধরনের চিন্তাভাবনার উৎস যদিও পরিকল্পনা কমিশনে আমার কাজের সুবাদে, কিন্তু এগুলো অনেকখানি আমার ব্যক্তিগত চিন্তার ফসল বিধায় আমি আমার কাজের পাশাপাশি নারী অর্থনীতিবিষয়ক একটি বই লেখার উদ্যোগ গ্রহণ করি। যা দ্য ফিফটি পারসেন্ট—ওমেন ইন ইকোনমি অ্যান্ড পলিসি ইন বাংলাদেশ নামে। এটা ইউপিএল কর্তৃক প্রকাশিত হয়।এককথায় বলতে গেলে আমার জীবনবোধের পরিবর্তনটা সম্ভবত সেখান থেকেই শুরু। পরিকল্পনা কমিশনে এক বছরের জন্য যোগদান করে ১৮ বছর চাকরি করে প্রথম নারী হিসেবে ম্যাক্রো ইকোনমি বিভাগের বিভাগীয় প্রধান পদে উন্নীত হই।এভাবেই বলা যায়, আমার জীবনে এটা একটা বদল। সমাজে নারীর অবদান, নারীর প্রতি বৈষম্য, সহিংসতা, নারীকে সমানাধিকার থেকে বঞ্চিত করা এবং এসব ইস্যু নিয়ে কাজ করা, অব্যাহত সংগ্রাম এবং দাবি আদায়ের জন্য স্থানীয় থেকে বৈশ্বিক পর্যায়ে অ্যাডভোকেসি এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও সহায়ক নীতি প্রতিষ্ঠার কাজের মধ্য দিয়ে ১৯৯৩ সালে প্রথমে জাতিসংঘের সিডও কমিটির সদস্য নির্বাচিত এবং পরবর্তী সময়ে প্রথম এশিয়ান হিসেবে ওই কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়া আমাকে প্রতি পদক্ষেপে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন ও লিঙ্গ-সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহ দিয়েছে।আজ এই পর্যায়ে এসে মনে হয়, ১৯৭১ সালে ওই অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করার যে সুযোগ এসেছিল জীবনে, সেটাই আমাকে পাল্টে দিয়েছে। জীবনকে চিনতে সাহায্য করেছে। জীবনের অনেক বড় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দিয়েছে। দায়িত্ব বাস্তবায়নের মতো মানসিক শক্তি দিয়েছে। আর সেই হিসেবে বলতে গেলে আমার মায়ের স্বপ্নটা সত্যি হয়েছে। মা চেয়েছিলেন, আমি যেন সত্যকে তুলে ধরতে পারি। দেশের দায়িত্ববান শিক্ষিত নাগরিক হই। আমার বিশ্বাস, আমি সেটা পেরেছি।সালমা খান: জাতিসংঘের সিডও কমিটির সাবেক চেয়ারপারসন।