মানুষের মুক্তি ও শোষণমুক্ত এক পৃথিবী গড়ার স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী চে গুয়েভারা। আলেইদা মার্চ ছিলেন তাঁর সহযোদ্ধা, সহধর্মিণী, তাঁর স্মৃতিচারণায় চে।আমার জীবনসঙ্গী হওয়ার আগেই অনন্য ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি পাওয়া একজন মানুষ সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলা সত্যিই কঠিন। কিউবার বিপ্লবী যুদ্ধের সময় এস্কাম্ব্রে পাহাড়ে কমান্ডার আর্নেস্তো চে গুয়েভারার সঙ্গে আমার পরিচয়ের ভেতর দিয়ে গল্পের শুরু। এরই ভেতর প্রাপ্য স্বীকৃতি পেয়ে যাওয়া আর্জেন্টাইন চে ছিলেন এইটথ কলামের অধিনায়ক। আর আমি শহুরে গোপন আন্দোলনে সক্রিয় একজন কর্মী। ২৬ জুলাই আন্দোলনের স্থানীয় নেতারা একটা মিশনে পাঠালেন আমাকে। আমার উপস্থিতি সর্ম্পকে চের ধারণা হয়েছিল তার ওপর নজরদারি করতেই আমাকে পাঠানো হয়েছে। স্বৈরাচার বাতিস্তার নিপীড়ক বাহিনীর নিবিড় নজরদারিতে ঘেরাও তখন আমাদের প্রতিটি প্রদেশ। বিদ্রোহীরা এস্কাম্ব্রে পাহাড়ে এসে পৌঁছালে ওদের হাতে টাকা আর কিছু কাগজপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে আমার ওপর। কাজটা বিপজ্জনক, কিন্তু গেরিলা আন্দোলনের সঙ্গে আমার প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের প্রথম সুযোগও ওটা। বিদ্রোহী শিবিরে পৌঁছে দেখলাম আমাকে ওরাও বেশ নিবিড়ভাবেই জরিপ করছে। গেরিলাদের অনেকে ঠিক বুঝতে পারছিল না আমি ওদের ক্যাম্পে কেন গেছি। অবশ্য এ রকম প্রশ্ন জাগা বিস্ময়কর কিছু ছিল না। কারণ, আমাকে দেখে কঠিন কোনো গেরিলা যোদ্ধা মনে হচ্ছিল না কারও। বরং বেশ সুন্দরী তরুণীই ছিলাম আমি, লড়াইয়ে প্রস্তুত কোনো নারীযোদ্ধার মতো মোটেই নই। আমাকে প্রথম দেখে চে কী ভেবেছিল সেটা জানতে বেশ কয়েক বছর সময় লেগেছিল আমার। ১৯৬৫ সালে কঙ্গো থেকে পাঠানো স্মৃতিচারণা ভরা এক চিঠিতে কেবল কঠোর সুশৃঙ্খল এক বিপ্লবীর খোলস থেকে বেরিয়ে আসা সাধারণ মানুষ এক চের খানিকটা প্রকাশিত হয়েছিল। প্রথম দেখায় আমাকে ‘ছোটখাটো সোনালি চুলওয়ালা, কিছুটা নাদুসনুদুস মাস্টার’ বলে মনে হয়েছিল চের। ১৯৫৮ সালের নভেম্বরে গেরিলাদের কাছে ওই টাকা পৌঁছে দেওয়ার অ্যাসাইনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ হলেও আমার কাছে ওটা আর পাঁচটা দায়িত্বের মতোই ছিল। বিখ্যাত কমান্ডার চে গুয়েভারার দেখা পাব জানতাম। কিন্তু পাহাড়ে গিয়ে টাকা পৌঁছে দেওয়ার কাজটা আমি অন্য আর দশটা কাজের মতোই নিয়েছিলাম। আমি নিজেকে হুকুম তামিল করা আর পাঁচজন যোদ্ধার মতোই মনে করতাম। এর বাইরে আসলে আর কোনো প্রত্যাশা ছিল না। চে গুয়েভারার কিংবদন্তিসম বিভিন্ন অভিযানের কথা জানা ছিল। ওকে ঘিরে নানা কাহিনি বলতে গেলে গোপন বেতারে (দ্য রেবেল রেডিও স্টেশন) রোজই প্রচারিত হতো। বাতিস্তার সরকার তত দিনে তার নামের সঙ্গে কমিউনিস্ট তকমা জুড়ে দিয়েছে। সান্তা ক্লারার রাস্তার দেয়ালে দেয়ালে সাঁটা ওকে ফেরারি ঘোষণা করে ছাপানো পোস্টার। এস্কাম্ব্রে পাহাড়ে ওঠাটা আমার জন্য ছিল অস্বস্তিকর। কারণ, ডাকাতি এড়াতে আমার কাছে টাকা থাকার কথা কাউকে বলতে পারছিলাম না। টাকাটা আমার শরীরের সঙ্গে বাঁধা। সন্ধ্যার মুখে গেরিলা কমান্ডারের শিবিরে পৌঁছে গেলাম আমরা। এ ধরনের সমীহ আদায় করা কোনো বিদ্রোহী দলের সঙ্গে এটাই আমার প্রথম সাক্ষাৎ। সবগুলো চেহারা অপরিচিত, নতুন—অন্যদিকে আমি গেরিলা শিবিরে অল্প কজন মেয়ের মধ্যে একজন অল্পবয়সী মেয়ে হওয়ায় সবার নজর আমার ওপর—সবাই আমাকে খুঁটিয়ে জরিপ করার চেষ্টা করছে। প্রত্যাশামতো চে আগে ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে দেখা করল...শেষে আমার পালা এল। আইনজীবী ও আন্দোলনের সদস্য মার্তা লুগিয়োর পাশে দাঁড়িয়ে ছিলাম আমি। আগের সফরে চের সঙ্গে আলাপ হয়েছিল ওর। কমান্ডারের সঙ্গে পরিচয় পর্বের পর ভেতরে নিয়ে গিয়ে ওর সম্পর্কে আমার ধারণা জানতে চাইল মার্তা। আমি হালকা চালে বললাম, খারাপ না, ওর তীক্ষ দৃষ্টি আমার কাছে কৌতূহলোদ্দীপকই মনে হয়েছে। আর প্রথম দেখায় আমার কাছে ওকে একজন বয়স্ক লোক বলেই মনে হয়েছে। অন্যদিকে মার্তা ওর চমৎকার হাত জোড়ার কথা বলে যাচ্ছিল, কিন্তু ওই মুহূর্তে আমি সেটা খেয়াল করিনি, পরে মার্তার কথার সত্যতা পেয়েছি। চের সঙ্গে কথা বলার সুযোগ হলে পরে ওকে জানালাম, আমি একটা প্যাকেট দিতে এসেছি। অ্যাডেসিভ টেপ দিয়ে ওটা শরীরে সাঁটা থাকায় তখনো ব্যথা বোধ করছিলাম। ওটা খুলতে সাহায্য করতে বললাম ওকে। আসলে ওটাই ছিল আমাদের সত্যিকারের প্রথম দেখা। বিদায় নেওয়ার অপেক্ষায় তিন কি চার দিন ওই শিবিরে ছিলাম আমি। গেরিলাদের অনেকেই আমার সঙ্গে নানা ছলছুতোয় কথা বলার চেষ্টা করছিল, কিন্তু গেরিলাদের কয়েকজন সযত্নে আমাকে আগলে রাখছিল ওদের ওই অতি উৎসাহ থেকে। গেরিলা সৈনিক হওয়ার দুর্বার ইচ্ছে ছিল আমার। কোনো এক সুযোগে চের কাছে কথাটা পাড়ার পরিকল্পনা করেছিলাম। একদিন সন্ধ্যায় ওর সঙ্গে দেখা করতে গেলে নার্স হিসেবে আমাকে শিবিরে থেকে যাওয়ার প্রস্তাব দিল ও। সোজাসাপ্টা জবাব দিলাম আমি, দুই বছর ধরে আমার গোপন তৎপরতায় গেরিলা ইউনিটের একজন হওয়ার যোগ্যতা অর্জন করেছি। ও একমত হয়নি। অনেক বছর পরে চে স্বীকার করে যে ওর ধারণা হয়েছিল আমি লাস ভিলার (বেশির ভাগ ডানপন্থী লোকজনের সংগঠন ছিল) কেউ, ওর ওপর নজরদারি করার জন্যই ওরা আমাকে পাঠিয়েছে। সে কারণেই আমাকে গেরিলা ইউনিটে অন্তর্ভুক্ত করতে অনীহা ছিল ওর। [ডিসেম্বরে, বেশ কয়েক দিন পরে, এল পেদ্রোরো শহরে চের গেরিলা ইউনিটে যোদ্ধা হিসেবে যোগ দেওয়ার অনুমতি পেতে আবারও যুক্তি তুলে ধরছিল আলেইদা। বিপ্লবী লড়াই তখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছিল।] একদিন ভোরের দিকে এল পেদ্রোরোয় হাজির হলো চে। ওই মুহূর্ত থেকেই শুরু আমাদের কাহিনির। হাঁটুর ওপর ট্র্যাভেল ব্যাগ রেখে রাস্তায় বসেছিলাম আমি, এই সময় একটা জিপে চড়ে যাওয়ার সময় আমাকে ওর সঙ্গে ‘কয়েক রাউন্ড গুলি ছুড়তে’ যাওয়ার আমন্ত্রণ জানাল ও। দ্বিতীয় চিন্তা না করেই রাজি হয়ে গেলাম আমি। লাফ দিয়ে উঠে বসলাম জিপে। ব্যস। এক অর্থে ওই জিপ থেকে আর কখনো নামা হয়নি আমার।চের স্বতঃস্ফূর্ত আমন্ত্রণের পর ব্যক্তিগত পর্যায়ে এর মানে কী হতে পারে সেটা নিয়ে ভাবার আর ফুরসত ছিল না। জয়ের ব্যাপারে আস্থাশীল এক আদর্শে অঙ্গীকারবদ্ধ ছিলাম আমি...দিন গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে চের ‘খ্যাতি’র ব্যাপারে ভীতির মাত্রা কমে এসে তার জায়গায় ওর প্রতি শ্রদ্ধা আর সমীহ তৈরি হতে শুরু করল। দারুণ বুদ্ধিমান ছিল ও, একধরনের নিরাপত্তা আর আস্থার বোধ ঠিকরে বের হতো, যা থেকে কঠিন পরিস্থিতিতেও ওর সঙ্গে থাকা লোকজন অনুপ্রেরণা পেত। অনেক শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলায় ওর ভেতর কোনো দ্বিধা ছিল না, অবিশ্বাস্য সাহসের পাশাপাশি গেরিলারা কলাকৌশলের অনন্য বোধসম্পন্ন একজন নেতার ওপর নির্বিঘ্নে ভরসা রাখতে পারত। ফোমেন্তো অধিকারের পর কাবেইগান দখল করার প্রস্তাব করে চে। তো সেদিকেই এগিয়ে যাচ্ছিলাম আমরা। শহরের ঠিক বাইরে একটা খামার থেকে সেনাদের একটা শিবির দেখতে পাচ্ছিলাম। রেকি করতে জনা দুই স্কাউট পাঠিয়ে দেওয়া হলো। শহরের দিকে এগিয়ে যাওয়া অব্যাহত রাখলাম আমরা। এখানে কোনো সেনা চোখে পড়ল না। শহর সীমান্তে একটা তামাক কারখানায় অবস্থান নিলাম আমরা। ওখানেই আমাদের আস্তানা আর রেডিও কমিউনিকেশন বেস বসানো হলো। এবং এমনই উত্তেজনাকর মুহূর্তকে আমাকে কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য বেছে নিয়েছিল চে। নিজেকে প্রকাশ করার এটা ছিল ওর সেরা কায়দাগুলোর একটা। কারখানার দরজা-পথে দাঁড়িয়ে ছিলাম আমি। সহসা পেছন থেকে আমার অজানা কবিতাটা আবৃত্তি শুরু করল ও। তখন আমি অন্যদের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিলাম, কিন্তু ওর দিকে নজর কাড়ার এটাই ছিল ওর কায়দা। আমার মধ্যে এই সন্দেহটা তখন বদ্ধমূল হচ্ছিল, নেতা বা ঊর্ধ্বতন কেউ নয়, চে চাইছে আমি যেন ওকে একজন পুরুষ হিসেবেই দেখি। [এরপরের বেশ কটা যুদ্ধে অংশ নিয়ে আলেইদা গেরিলা দলের পূর্ণ সদস্য। যুদ্ধযাত্রা চলছে তখনো পুরোদমে, এ পর্যায়ে চে দলবল নিয়ে জড়ো হয়েছে প্লাসেতাসে। এখানকার লড়াইটি সান্তা ক্লারা লড়াই নামে পরিচিতি পায়।] বৃহত্তম সেনা তৎপরতার প্রস্তুতি নিতে শুরু করে চে। মানিকারাগুয়ার সিনেসিও তোররেসে পাঠাতে বিভিন্ন পাসওয়ার্ড নকল করতে বলে আমাকে। এখান থেকেই চের একান্ত সহকারীর দায়িত্ব পালন করতে শুরু করি আমি, যার অর্থ আর যুদ্ধক্ষেত্র নয় তখন থেকে সর্বক্ষণ ওর পাশে থাকাই আমার কাজ হয়ে দাঁড়ায়। [২৮ ডিসেম্বর আহত যোদ্ধাদের দেখতে আর দাফন অনুষ্ঠানে যোগ দিতে এল পেদ্রোরো শহরে গিয়েছিল চে আর আলেইদা, ওখান থেকে সান্তা ক্লারায় ফিরে আসছিল ওরা।]সূর্যাস্তের মুহূর্তে একেবারে অপ্রত্যাশিত ব্যাপারটা ঘটল। জানি না নির্দিষ্ট ওই সময় নাকি ওর গভীর চাহিদার কারণে, প্রথমবারের মতো আমার সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কথা বলল চে। হিলদা গাদিয়ার সঙ্গে ওর প্রথম বিয়ে আর মেয়ে হিলদিতার কথা বলল ও। ওই সময় হিলদিতার বয়স তিন নাকি ১৩ বছর বলেছিল ও, খেয়াল করিনি। মেক্সিকো থেকে আসার আগেই হিলদার সঙ্গে সর্ম্পক চুকে যাওয়ার কথা বলল ও...বিকেলের অপস্রিয়মাণ আলোয় ওই গাড়িতে একজন সতীর্থ সেনার কাছে নিজের কাহিনি বলে চলা এক পুরুষের পাশে নিজেকে কল্পনা করতে পারি আমি এখনো। যুদ্ধের ওই ঘূর্ণিপাকের মধ্যেও দারুণ উপভোগ্য কিছু মুহূর্ত ছিল আমাদের। ওই মুহূর্তগুলো আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল। পরস্পরকে জানতে সাহায্য করেছিল। ২৯ ডিসেম্বর রাতে মহাসড়কে হাঁটতে বেরিয়েছিলাম আমি আর চে। সবকিছু পরখ করছিল ও, আর আমি বিশ্বস্ত সহকারীর মতো টুকে রাখছিলাম। স্বৈরাচারের সশস্ত্র ট্রেন লাইনচ্যুত করতে রেললাইন উপড়ে ফেলতে একটা ক্যাটারপিলারের— বুলডোজার—খোঁজ করার কথা বলল ও। ক্যাটারপিলার কী জিনিস জানতাম না আমি। ক্যাটারপিলার কথাটা ইংরেজিতে বলেছিল ও—কিন্তু স্প্যানিশ বলেছে ভেবে আমি লিখলাম: ‘ক্যাত্রেস, পালাস ই পিলাস’ [বিছানা, শাবল আর ব্যাটারি]। আমি দ্বিধান্বিত বুঝতে পেরে কী লিখেছি দেখতে চাইল ও। তারপর রসিকতার ছলে বলল, ‘টিচার, না?’অনেক বছর পর বাচ্চাদের এই গল্প করেছি আমি, ওরা আমার সঙ্গে এখনো সেই গল্প বলে মজা করে: ‘বিছানা, শাবল আর ব্যাটারি!’[১ জানুয়ারি, ১৯৫৯ নাগাদ চের ‘আত্মঘাতী বাহিনী’ সান্তা ক্লারা দখল করে নেয়, বাতিস্তা পালিয়ে যান হাভানায়। চে আর আলেইদা ফিরে যাচ্ছিল রাজধানীতে।] গোধূলির দিকে তেল নিতে থেমেছিলাম আমরা। মনে হয় জায়গাটা লস আরাবোস হবে, আবার কোলিসেও-ও হতে পারে। গোপন সংগ্রামের সময় আনাগোনা করায় জায়গাটা পরিচিত ছিল। কিন্তু এটাই যে আমার জীবনের এমন গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হবে সেটা ভাবতেও পারিনি। ওই ছোট, আপাত গুরুত্বহীন শহরে প্রথমবারের মতো আমাকে ভালোবাসার কথা বলেছিল চে। গাড়িতে একা বসে ছিলাম আমরা। কিন্তু পথের ধকলে, যুদ্ধের চাপে ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম প্রায়, তাই ওর কথা ঠিক বুঝতে পারিনি। ওকে আমার চেয়ে বেশ বয়স্ক মনে হতো বলে কথাগুলোকে গুরুত্বও দিইনি। আমার কাছ থেকে হয়তো কোনো ধরনের উত্তর আশা করেছিল ও, কিন্তু ওই মুুহূর্তে একটা শব্দও উচ্চারণ করতে পারছিলাম না—এত ক্লান্ত ছিলাম। সম্ভবত ওর কথা ঠিকমতো শুনতে পাইনি বলে সেই ‘ক্যাটারপিলার’ ঘটনার পুনরাবৃত্তি করতে চাইনি।পেছনে তাকিয়ে আমার মনে হয় ভালোবাসার কথা বলার জুতসই সময় বেছে নেয়নি চে। কিন্তু ব্যাপারটা ওভাবেই ঘটে। চে হয়তো তৎক্ষণাৎ জবাবের প্রত্যাশা করেছিল, কিন্তু গাড়ি গন্তব্যে পৌঁছে যায়, অন্যরা এসে গাড়ি ঘিরে ভিড় করে দাঁড়ায়। তবে ওই দিনের পর সহসা সব বাধা ভেঙে গিয়েছিল।[২ জুন ১৯৫৯ চে আর আলেইদার বিয়ে হয়।]আলেইদা মার্চ রচিত ও স্প্যানিশ থেকে পাইলার আগিলেরা অনূদিত ওশান প্রেস থেকে প্রকাশিত রিমেম্বারিং চে: মাই লাইফ উইথ চে গুয়েভারা গ্রন্থের নির্বাচিত অংশ।