আমার থিকাও দুঃখী যমুনার নদীর কিনার

লেখালেখির পথ ব্যথাতুর, সর্পিল। এই পথ আমাদের চুপিসারে ডাকে তারপর আর নিশানা দেয় না, ফিরেও যেতে দেয় না। আমাদের বিহ্বল করে রাখে। অক্ষরের পর অক্ষর সাজিয়ে এক দ্বিতীয় জীবন তৈরির লোভে সেই পথে নেমে টের পেয়েছি আমি। দেখেছি যাত্রাপথে আহত, নিহত কত পথিক। যখন দৃষ্টি দিয়েছি দূরে, দেখেছি কতিপয় অগ্রজ পথিক কেমন ঋজু ভঙ্গিতে এগিয়ে চলেছেন বরাবর। লেখালেখির এই দুর্গম কুয়াশাঘেরা পথের তেমনি এক অগ্রজ যাত্রী সৈয়দ শামসুল হক। তিনি চর্যাপদের অক্ষরগুলো থেকে নেমে হেঁটে আসছেন—এমনি জানিয়েছিলেন আমাদের। আমি তাঁর হাঁটার বিচিত্র পথ লক্ষ করি। আমি তাঁকে দেখি তাঁর আকাঙ্ক্ষার ভেতর। শিল্পপথে হাঁটবেন বলে পিতার ইচ্ছার বিরুদ্ধে ছেড়েছেন বাড়ি, ত্যাগ করেছেন শিক্ষার উচ্চতর সনদ পাওয়ার সুযোগ। উত্তর বাংলার আধকোষা নদী, মান্দারবাড়ি, শকুনমারির ধু ধু প্রেক্ষাপট ছেড়ে নেমেছেন ‘ছন্দশব্দশাসিত’ বিপজ্জনক পথে। তৃতীয় দুনিয়ার প্রান্তিক এক ক্ষুদ্র শহরের যুবকের জন্য এ এক যারপরনাই ঝুঁকির পথ। সেই ঝুঁকি নিয়েছেন সৈয়দ হক। এরপর দেখি শিল্প সৃষ্টির আগ্রহ, তৃষ্ণা বরাবর কাতর করে রেখেছে তাঁকে। জীবনের কলবর আর আড়ম্বরের ভেতর সক্রিয় থেকেছে তাঁর কল্পনা আর স্বপ্ন। জীবনকে নিরন্তর বাঁধার চেষ্টা করে গেছেন শব্দ আর ছন্দে। শিল্পের সংসার বদল করেছেন একের পর এক। কবিতাকে আরাধ্য করেছেন একসময়। লিখেছেন:
তবু আমি বারবার সাধব কবিতা।
গ্রীষ্মের চাতালে, শীত রাত্রির পাথারে,
বিপন্ন বর্ষায়, প্রতি বসন্ত বিভ্রমে,
বিপুল শহরে আমি হেঁটে হেঁটে যাব
শব্দের প্রদীপ হাতে, অক্লান্ত নিয়ত।...

তারপর আবার ফিরে গেছেন গল্পে, উপন্যাসে। ক্রিয়াপদের বিশেষ বিন্যাসে, বিশেষ তৎসম শব্দের ব্যবহারে গম্ভীর-নিজস্ব আবহের এক গদ্যের জন্ম দিয়েছেন তিনি। দেখি কথাসাহিত্যে স্থান এবং কাল তাঁকে সতর্ক রাখে নিরন্তর। বহুকাল আগে সওদাগরের ডিঙার স্পর্শ লাগা তের শ নদীর এই যে আমাদের সবুজ, করুণ জনপদ, এর প্রতি নিবিষ্টভাবে তাকিয়েছিলেন তিনি তাঁর গদ্যে। দূরত্ব বা বৃষ্টি ও বিদ্রোহীগণ তার চিহ্ন বহন করে। এ দেশের ইতিহাসের সবচেয়ে গৌরব এবং বেদনাদীর্ণ ঘটনা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত সীমিত কথাসাহিত্যের ক্ষুদ্রতম তালিকার ভেতর থাকবে তাঁর নিষিদ্ধ লোবান। কথাসাহিত্যে বিষয়ের বৃত্ত ভাঙার ঝুঁকি নিতেও দেখি তাঁকে। এক শৌচাগারের দেয়াল থেকে পাওয়া শব্দবন্ধ খেলারাম খেলে যা শিরোনামে তিনি লেখেন যৌনতা এবং গ্লানির জটিল পাকচক্রতাড়িত এ দেশের সবচেয়ে বিতর্কিত উপন্যাস।
শিল্পের বিচিত্র পথে হাঁটবেন বলে পা রেখেছেন নাটকেও। উপস্থিত করেছেন অভিনব কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়। সেখানেও তিনি ফিরে গেছেন মুক্তিযুদ্ধে। বাংলাদেশের মঞ্চের দুর্লভ একটি নাট্যমুহূর্ত তৈরি হয় যখন সে নাটকে যুদ্ধে ধর্ষিত নারী দর্শকের শ্বাসরুদ্ধকর নীরবতার ভেতর আহাজারি করে:
‘আপনেরা বিচার চান কারণ সামনে আছে দিন, আরও দিন/ আরও শস্য, আরও কত হালখাতা, তারাবাজি, আহলাদের দিন/ আপনেদের দুঃখেরও দিন আছে আরও কত কষ্টের অদিন/বান, খরা, সাপের ছোবল, কত ব্যারাম অচিন/ সুখ দুঃখের দিন।/ আমার কি আছে? / গ্যাছে সুখ/ য্যান কেউ নিয়া গেছে গাভীনের বাটে/ যতটুকু দুধ আছে নিষ্ঠুর দোহন দিয়া...’
নাটকেই তিনি হাজার বছরের ইতিহাস খুঁড়ে তুলে আনেন নুরলদীনকে। লেখেন, ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়, যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে, প্রতিটি পৃষ্ঠায়।’ তাঁর সেই নাটকের সংলাপ হয়ে ওঠে প্রায় প্রবাদ, ‘জাগো বাহে কোনঠে সবাই’। সৈয়দ হক মানভাষার মতো আঞ্চলিক ভাষাতেও উপস্থিত করেন উৎকৃষ্ট রচনা। আঞ্চলিক ভাষার পক্ষে বিবাদে লিপ্ত না হয়ে তিনিই রেখে যান আঞ্চলিক ভাষায় রচিত মেধাবী কাব্যের উদাহরণ পরানের গহীন ভিতর। অন্যদিকে জগৎশ্রেষ্ঠ নাট্যকার শেক্সপিয়ারের নাটককে তিনি তুলে আনেন মাতৃভাষায়।

কৌতূহলে সৈয়দ হক পা রাখেন শিল্পের আরও বিবিধ শাখায়। বেশ কিছু চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেন। তাঁর চিত্রনাট্যে নির্মিত সুতরাং এ দেশের চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে থাকে। তাঁর রচিত গীত প্রজন্মের সীমানা ডিঙিয়ে সজীব থাকে দীর্ঘদিন। আজকের শিল্পীও গুন গুন করে উচ্চারণ করে তাঁর মিষ্টি লিরিক, ‘তুমি আসবে বলে, কাছে ডাকবে বলে, ভালোবাসবে বলে ওগো মোরে, তাই চম্পা বকুল করে গন্ধে আকুল এই জোৎস্নারাতে মনে পড়ে।’ তিনি হয়ে ওঠেন টেলিভিশন ব্যক্তিত্বও। সেখানেও উপস্থাপনায় বাচিকতার একটি নিজস্ব ধরন তৈরি করেন তিনি। সাংবাদিকতার পথেও কিছুকাল হাঁটেন। কাজ করেন বিবিসির মতো বিশ্বখ্যাত সংবাদ সংস্থায়।
দীর্ঘ সাহিত্যপথ পাড়ি দিয়ে একসময় তিনি সিদ্ধান্ত নেন তাঁর সৃজনশীলতার অভিজ্ঞতা সমবায় করবেন নতুন প্রজন্মের লেখকদের জন্য। তিনি সাহিত্য রচনার ভাষা, আঙ্গিক, কৌশল ইত্যাদি নিয়ে লিখতে শুরু করেন গদ্য। লেখেন মার্জিনে মন্তব্য, গল্পের কলকব্জার মতো বই। জীবন এবং শিল্প বিষয়ে ব্যক্তিগত ভাবনা নিয়ে লেখেন হৃৎকলমের টানে। সেখানে তিনি জানিয়ে রাখেন সমসাময়িক শিল্পজগৎ নিয়ে তাঁর পর্যবেক্ষণ। শিল্পপথের যাত্রায় কখনো কখনো তিনি ফিরে তাকান তাঁর উত্তরসূরি কোনো পথিকের দিকেও। একদিন অবাক হয়ে আবিষ্কার করি, তাঁর নজরে পড়েছে আমার একটি লেখাও। দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘অগল্প’ নামে আমার একটি গল্প নিয়ে তিনি পুরো এক স্তবক ব্যয় করেন সংবাদ-এ প্রকাশিত তাঁর ‘হৃৎকলমের টানে’ নিবন্ধে। সেটি ১৯৯৩ সাল, আমার সাহিত্যযাত্রার প্রাথমিককাল এবং সেটি ছিল আমার দ্বিতীয় প্রকাশিত গল্পমাত্র। সৈয়দ হকের সঙ্গে কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না আমার, সেই লেখাতেই জানিয়েছেন যে তিনিও ছিলেন না আমার নামের সঙ্গে পরিচিত। আত্মপ্রচারের সীমায় গিয়ে ঠেকবে, তবু তাঁর সেই মন্তব্যের একটি টুকরো উদ্ধৃত করার লোভ সংবরণ করতে পারছি না এই যুক্তিতে যে, একজন অগ্রজ লেখক অচেনা, অখ্যাত কোনো লেখকের পক্ষে কলম ধরার এই উদারতা তো দেখি না বিশেষ। তিনি লিখেছিলেন, ‘...এমন কল্পনা, প্রকরণজ্ঞান এবং ভাষাশক্তি যার প্রথম কলমেই পাই, তাকে অভিনন্দন। মুমূর্ষু বাংলা ছোটগল্পকে উদ্ধার করার কাজে এখানে নিয়োজিত আছেন শ্রান্তিহীন শ্রম এবং সচেতন দৃষ্টিকল্পনা নিয়ে অতি সামান্য যে দু-তিনজন, তাদের সহযাত্রী হওয়ার আহ্বান শাহাদুজ্জামানকে জানাই।’
নবীন লেখকের জন্য এ মন্তব্য অনুপ্রেরণার নিঃসন্দেহে। আমি আমার নিজস্ব সক্ষমতা, অক্ষমতা আবৃত অঞ্চলে আমার শিল্পযাত্রা অব্যাহত রেখেছি। পরবর্তীকালে পরিচয় হয়েছে সৈয়দ হকের সঙ্গে। দেখা হলেই আন্তরিকতার সঙ্গে জানতে চেয়েছেন আমার লেখালেখির খবর। সর্বশেষ সাক্ষাতে কথা হয়েছে তাঁর প্রণীত জীবন বইটি নিয়ে। বলেছিলেন, ‘এই বইয়ের মূল চরিত্র আমি নই বরং আমার সময়।’ খানিকটা দূরত্ব থেকেই আমি তাঁর যাত্রার দিকে চোখ রেখেছি বরাবর। লক্ষ করেছি তাঁর অবিরাম সৃজনশীল থাকার ঘোরকে, সৃজনশীলতার নানা ক্ষেত্রের পরিধি অতিক্রমের প্রবণতাকে, নিরন্তর কাল ঘনিষ্ঠ থাকার চেষ্টাকে, জাতীয় ঘটনাবলিতে সোচ্চার হওয়ার উদ্যোগকে, লক্ষ করেছি মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িকতার প্রসঙ্গে তাঁর দায়বদ্ধতাকে।

শিল্পকে জীবন ভেবে নিলে জীবিকার সঙ্গে তার বিশুদ্ধ মেলবন্ধন দুরূহ এই মানচিত্রে। লক্ষ করি জীবন-জীবিকার এই দড়ির ওপর হাঁটার খেলায় বিশেষ দক্ষতা দেখিয়েছেন তিনি। মূলত একজন লেখকের জীবনই যাপন করেছেন তিনি। সে জীবন যাপন করেছেন চৌকস কায়দায়। সাধারণ্যে কবি, লেখকের ব্যক্তিত্বের একধরনের বেভুল, আত্মমগ্ন যে রূপের ধারণা আছে, সেটিকে তিনি বাতিল করেছেন। তাঁকে বরাবর দেখা গেছে কেতাদুরস্ত, ফ্যাশনসচেতন ব্যক্তি হিসেবেই। জেনেছি তিনি প্রতিদিন গোসল, ক্ষৌরকর্ম সেরে, প্রাতরাশের পর নতুন পরিচ্ছন্ন পোশাকে সজ্জিত হয়ে যান তাঁর লেখার টেবিলে, লোকে যেমন যায় তার অফিসে। শিল্পচর্চা করেই জীবনধারণ করেছেন। ঠিক চটুল বিনোদনের শিল্প নয়, চিন্তার শিল্পচর্চাতেই নিয়োজিত রেখেছেন নিজেকে। শিল্পী হিসেবে জীবনযাপনে তাঁর স্ত্রী আনোয়ারা সৈয়দ হকের একটি বড় ভূমিকা আছে বলেই বিবেচনা করি। তিনি নিজেও সাহিত্যিক একজন, যদিও চিকিৎসা পেশাতেও নিয়োজিত। একজন সার্বক্ষণিক লেখকের সঙ্গে দাম্পত্যজীবন সহজ হওয়ার কথা নয়। আনোয়ারা সৈয়দ হক তাঁর একটি লেখায় জানিয়েছেন, ‘জীবনের চলার পথে তার সঙ্গে আমার কাকতালীয়ভাবে আলাপ এবং পরবর্তীকালে সংসারের গাঁটছড়ায় নিজেকে বড় সাহসের সঙ্গে বাঁধা। সাহসের কথা একারণে বলছি যে একজন সৃজনপ্রতিভার মানুষের সঙ্গে দিবারাত্রি ওঠবস করা আক্ষরিক অর্থে সম্ভব নয়। সত্যিকার অর্থেই সম্ভব নয়। হয়তো আমার নিজের মনোভুবনে সৃজনশীলতার কিছু বীজ ছিল বলেই আমি এখন পর্যন্ত টিকে আছি।...এই বয়সে এসে এখন নির্দ্বিধায় বলা যায়, মানবজীবনের প্রেম, একমাত্র প্রেমই ধরে রাখতে পারে একটা দাম্পত্যজীবন।’ (সামান্য কিছু, সম্পাদক: টোকন ঠাকুর)
আমি সৈয়দ হককে তাঁর আকাঙ্ক্ষার ভেতরেই দেখি। তবু অন্য যেকোনো লেখকের মতোই সৈয়দ হকের শিল্পজীবন ঘিরেও নিশ্চয়ই জেগে ওঠে প্রশ্ন। তিনি কি যথার্থই চূড়ান্ত ব্যবহার করেছেন তাঁর ক্ষমতার? ‘সব্যসাচী’ তকমায় অভিহিত হয়ে সৃজনশীলতায় সৈয়দ হক নিজেকে নানা দিকে বিস্তৃত করতে গিয়ে কি অনেক ক্ষেত্রে হারিয়েছেন শিল্পের শীর্ষবিন্দুকে স্পর্শ করার সুযোগ? তাঁর সৃজনপ্রতিভা কোনো একটি বিশেষ মাধ্যমে কেন্দ্রীভূত হলেই কি বস্তুত জন্ম নিত আরও অগণিত শ্রেষ্ঠ মাত্রার শিল্প? দীর্ঘ শিল্পযাত্রায় তিনি কি কখনো কখনো আপস করেননি জীবনের সঙ্গে? এমন কর্মে কি লিপ্ত হননি, যা তাঁর সৃজন ভুবনের সঙ্গে বেমানান? আমরা বরং তাঁর নিজের স্বীকারোক্তির দিকেই নজর দিতে পারি। তাঁরপ্রণীত জীবন গ্রন্থে তিনি লিখেছেন, ‘যতদূর পর্যন্ত এক দেবদূত যেতে পারে লেখায় আমি ততদূর পর্যন্ত সৎ কিন্তু যাপিত জীবনে ততদূর যেতে পারিনি সব সময়।’
অমরত্বের নৌকা অনেক ছোট তাতে কার ঠাঁই হবে বলা দুরূহ। তবে দেবদূতের সততা নিয়ে লেখার এই সর্পিল পথে হেঁটে যাওয়াই বুঝি চূড়ান্ত কথা। টের পাই জীবনানন্দের ‘আর্টের অত্যাচার’ গল্পের সেই লেখকটির মতো শব্দ, অক্ষর সৈয়দ হককে ঘুমে–জাগরণে ডেকেছে। তারা তাঁকে বলে, ‘আমাদের সাজাও, আমাদের সাজাও, আমরা নগ্ন কুৎসিত হয়ে পড়ে আছি, তুমি সাজাতে জানো, তোমাকে আমরা চিনি। তুমি শৃঙ্খলার ওস্তাদ, তুমি আমাদের তুলে ধরো—তোমার হাতে আমরা সুন্দর হব।’ জেনেছি দুরারোগ্য রোগে শয্যাশায়ী হয়েও সৈয়দ শামসুল হক অব্যহত রেখেছিলেন তাঁর শব্দ জাগানো নেশা।
আমরা একটা বিক্ষুব্ধ, বিশৃঙ্খল, ত্রাসের পৃথিবীতে বাস করছি এখন। একক মানুষের পক্ষে এর ভার বহন এখন দুঃসাধ্য। এখন প্রয়োজন পরস্পরের নিকটবর্তী হওয়ার। শুধু নিজের বেদনা নয়, চোখ রাখা প্রয়োজন চারপাশে ছড়ানো অগণিত বেদনার দিকে। প্রয়োজন একে অন্যের ক্ষতকে বুঝে যৌথভাবে এই গুমোটকে মোকাবিলা করার। চারপাশে আরশি সাজানো জাদুঘরে আত্মপ্রেমে মগ্ন মানুষের পক্ষে তা সম্ভব নয়। সাহিত্য পরস্পরের এই বেদনার মেলবন্ধন ঘটাতে পারে। সাহিত্যই পারে নিজের কুঠুরির বাইরে এনে জগতের বেদনাকে দেখাতে। পাঠক-পাঠিকাকে জগতের বেদনার মুখোমুখি করার নিরন্তর চেষ্টা আছে সৈয়দ হকের সাহিত্যে। জনপদের বেদনার কাছে নিজের বেদনাকে তুচ্ছ ভেবে নেওয়ার তেমনি এক টুকরো মুহূর্ত আছে পরানের গহীন ভিতর কাব্যে। কাউকে হারিয়ে দুঃখী কবি একদিন নদীর কিনারে গিয়ে দেখেন নৌকা নেই, চারদিকে সুনসান, বটের বৈরাগী চুল, মেঘে উড়ছে চিল, সন্ধ্যা নামছে ধীরে আর তখন হঠাৎ বোধোদয় হচ্ছে কবির:
আমার থিকাও দুঃখী
যমুনার নদীর কিনার;
আমার তো গ্যাছে এক,
কত কোটি লক্ষ গেছে তার।