
সৈয়দ শামসুল হক
ভাষার গভীরে ভাষা
ছড়িয়ে ছিটিয়ে পড়া নীল এই মখমল রাতে
চাঁদের সোনালি থালা, রাশি রাশি নক্ষত্রের ফুল;
মনে হয় মানুষ এমন রাত দেখেছে বোগদাদে।
অথচ কী অগ্নিদাহ, স্তব্ধতার দীর্ঘ কালো চুল
খুলে পড়ে আছে পথে রাজপথে অন্ধকারময়।
ছদ্মবেশে—হারুনর রশিদের মতো—নামী পথে,
এখন আমার সঙ্গী সেদিনের হাবশি খোজা নয়—
আমারই কবিতাগুলো, নাছোড় সঙ্গী সে কোনোমতে।
শব্দের অমৃত আমি পান করে উঠি সেই কবে,
এখনো জিহ্বায় স্বাদ, চেতনায় অমরত্ব ধরি,
না, আমার নয় সেটি, আমাদেরই ভাষার—আ মরি!
ভাষার খবর নাই, তবু কথা ভাষাতেই ক’বে!
কী কথা তাহার সাথে? তার সাথে? প্রশ্ন প্রেমিকের
যখন প্রেমিকা তার কথা বলে অপরের সাথে।
ওটি কি কাব্যেই শুধু? ওই ভাষা—জীবনানন্দের।
এখনো কি তরুণ প্রেমিক তার প্রমিত ভাষাতে?
পথ চলতে থেমে যাই!—ওর লগে তুই কি করোস?
কিয়ের প্যাচাল এত? উত্তরে সে, তুই কি জেলাস?
দিন পরে দিন যায়, সরোদের টংকারে খরজ।
বানরের হাতে খন্তা—বাংলা আজ ব্যবহৃত লাশ।
ভাষার গভীরে ভাষা, চেতনার গভীরে চেতনা—
এ যদি কানে না পশে, বোধে যদি নাই এসে যায়,
তবে তো বাহান্ন সাল একাত্তর কখনো পেত না!
ভাষার গভীরে দেশ, দেশকণ্ঠ রয়েছে ভাষায়।
কে তাকে আবার দেবে প্রাণ ফিরে জীবন ফুৎকারে?
কে আছে প্রেমিক আজও হৃদয়ের এবং ভাষার?
মানুষ যদি না নামে পাঁক থেকে প্রতিমা উদ্ধারে!
পঙ্গু যদি তবু তারই দায় আজ পাহাড় ভাঙার।
ইতিহাসে এত রক্ত দেখেছি এ একটি জীবনে—
সন্ধ্যায় আকাশ মাখে রক্ত সেই কারবালা যুদ্ধের,
সে কথা সুদূর কথা, বাহান্নর কথা পড়ে মনে—
ফেব্রুয়ারি একুশের রক্ত আজও এ বুকে ক্ষুদ্রের।
শামসেত তাবরেজী
এরলেবনিস
নিকালো ফল্গু-হাওয়া অবতলা থেনে
মৃত্যুর বয়স দিয়ে আমায় মেখে নে।
কার্বন-কুহু গাথা ধ্বনীন মহলে
রওশন-উজ্জ্বল ফণা দুচোখের জলে,
এ যদি কান্না হয়—আমি তার নুন
জিবের স্বাদের মর্মে হয়ে আছি খুন!
রে জেনোম-জ্যামিতির প্রথম নিষ্ঠা
হেন ফাল্গুনে হোক আদিম প্রতিষ্ঠা।
দূরতম স্মৃতি থেকে আর্শি-বিবরে
জোড় হয়ে থাকি যেন ভাষার কবরে।
যা আছে নিংড়ে নে ক্রিয়ামূলসহ
কে আছে চায় না ব্যথা—ভাষার বিরহ!
শিশুচোখ দেখে নিচ্ছে বিনির্মিত ব্রিজ
কবে সে ওপারে গিয়ে বুনে আসবে বীজ।
শাহ্নাজ মুন্নী
বলেছে পাগলের দেবতা
খোলা বর্শা হাতে ঘুরে বেড়াচ্ছে মাতৃঘাতকের দল
তাদের প্রতি অভিশাপ!...কাঁদো দুর্দশায়...
যে মর্কট-ক্রীড়ায় মেতেছ সকলে, তার ফল শুভ নয়, বলেছে পাগলের দেবতা।
পৃথিবীতে এল আজ অন্ধ বসন্ত, মানুষ পায় না খুঁজে প্রিয় ফুলগুলো
শহরের পুকুরগুলো ভরে গেছে রক্ত ও অশ্রুতে
কথা বলতে গিয়ে কাঁপছে অক্ষরদের পাতলা ঠোঁট
চমকে উঠছে বর্ণমালা, যেন কেউ পুড়িয়ে দিচ্ছে, ছড়িয়ে পড়ছে ছাই ত্রিভুবনজুড়ে
আলো ছুঁয়ে যাচ্ছে তোমার শেভ করা গাল, নাকের পাশটা হাসছে
দেখছি তোমার কোমল নগ্নতা, অনুভব করছি প্রেম, প্রবেশ করছি নতুন বন্দরে
আমি তো সেই উন্মাদিনী, যাকে চিনেছে দূরের জাহাজ
আমার রক্তকণিকায় প্রবাহিত তোমার অস্তিত্ব
আর শত সন্তানের জন্ম দিয়েও মেরীর মতোই অটুট আমার সৌম্য কুমারিত্ব।
তারিক টুকু
ভাষা
দুরারোহ, অস্পষ্ট আয়না থেকে জন্মমৃত্যু
সবই দেখা যায়।
এ মন ক্রন্দনশীল, সরব গলিতে এ শরীর হাটে ধীরে,
মাঝে মাঝে গলা ঠেলে গান আসে;
গমকে গমকে মীড় সন্ধ্যা থেকে অপসৃত হয়।
সুর ও ধ্বনির মধ্যে খাবি খাওয়া এইসব অতিরিক্ত কথা
ফুলে ওঠে, যেন রক্তাপ্লুত, আয়না ডুবে যায়।
টোকন ঠাকুর
জঙ্গলের দিকে
কারা এসেছিল জঙ্গলের দিকে?
আর আমিও কত কিছু, আমিও কত কী, আমিও জিজ্ঞাসার লোভে
বেঁচে থাকার চেয়ে, ভাষাময় বর্ণমালার প্রহেলিকা লিখে লিখে
এসেছি জঙ্গলে, কী মনে হয়, বনদেবী আমার সঙ্গে শোবে?
শুকনো পাতার বিছানায় শীৎকার শুনে বাঘ এসে থমকে দাঁড়াবে?
জঙ্গলে কি রূপান্তরিত হতে পারব? ফুল-পাতা বা পাখি হতে পারব?
এরপর, আমার মধ্যে কি কোনো প্রকার গাছ দেখা যাবে?
কে যেন বলেছিল, আসলে পাতার মর্মর বলে কিছু নেই!
সবই কিছু কথা, প্রেমালাপ বা কোনো এক সময়ের শ্বাস-প্রশ্বাসের ধ্বনি
কারা রেখে গেছে? কারা এসেছিল জঙ্গলের দিকে? তারাও কি দিবস ও রজনী
কারও আশায় ছিল...এইসব প্রশ্ন মনে আসে, এসব প্রশ্নও ভালো লাগে
আবার এমনিই মনে হয়, ঘর ছেড়ে কেন জঙ্গলে আসিনি আগে!
আজ এসেছি জঙ্গলে, যদি পাঠ্যবই থেকে বেরিয়ে যেতে পারি
যদি মাত্রাবৃত্ত-মধবিত্ত থেকে নিষ্কৃতি পাই, সেই আশায়
যদি একবার কোনোভাবে বাঘ হয়ে যেতে পারি, সেই আশায়
কারণ, আমি তোমার মধ্যে একটি হরিণীর পলায়নপরতা দেখেছি
বাঘ সেই পলায়নপরতা ভালোবাসে বলেই
আমি এসেছি জঙ্গলে
আসাদ জামান
স্বকীয়
অপর সমুদ্র যাকে জানি তারই দিকে
ঠেলে দাও তোমার শস্যভান্ডার।
নয়তো—
আপন শব্দমালার পানে এত ভ্রুকুটি
তুমি লুকোবে কোথায়?
তোমার স্বর্ণ-শস্যভান্ডারে
কবে যে জন্ম নিল এত সংকর মথ
ধাতু-পুষ্পে মগ্ন হলো,
ওড়বার ভঙ্গি হলো তার
দুরূহ ভাষা পেল
সে ভাষার মৃত-পরাগ—
গর্ভদণ্ডে মেখে নিল আবহ ফুলের!
অথচ—তারা স্বয়ম্ভু,
নিজেরই গর্বে দীর্ঘ করে আছে পালক
জ্যোতিঃসংগীতে—সুর-চিহ্ন ইশারাময়!