আমার নূরী আপা
বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম চলে গেলেন সম্প্রতি। আগামীকাল ৪ জুন তাঁর জন্মদিন। নূরজাহান বেগমের ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের স্মৃতিচারণা

না ফেরার দেশে তিনি চলে গেছেন মাত্রই। সেই শোক বুকে নিয়ে তাঁর জন্মবার্ষিকী স্মরণে এ লেখা যখন লিখছি, নূরী আপার স্নিগ্ধ-হাস্যোজ্জ্বল মুখটি মনে পড়ছে খুব। নূরী আপাকে অনেকেই চিনতে পারছেন না হয়তো। বেগম সম্পাদক নূরজাহান বেগম, আমাদের কাছে তিনিই ‘নূরী আপা’। তাঁর সঙ্গে আমার কত স্মৃতি! অবশ্য সব স্মৃতি এখন আর সজীব নয়, বিশেষত সাল-তারিখ মনে থাকে না ঠিকমতো। আসলে আমার বয়স হয়েছে, স্মৃতির কুঠুরিতেও পড়েছে মরচে। কিন্তু এটা তো ভুলতে পারব না কখনোই, আমার অসংখ্য ছবি তাঁর জন্যই তোলা, ছবির পেছনের মানুষটি তিনি—নূরজাহান বেগম।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। রেডিওতে শুনলাম দেশ স্বাধীন হয়েছে। আনন্দিত চিত্তে বের হলাম ঢাকার রাস্তায়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল (পরে হোটেল শেরাটন, এরপর রূপসী বাংলা, বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল) পর্যন্ত গিয়ে ফিরে এলাম বাসায়। পরে আমার রোলিকর্ড ক্যামেরাটি নিয়ে সেই স্থানে গেলাম আবারও। তখন থাকতাম ইস্কাটন গার্ডেনে। তো আমার আমার সঙ্গে সেদিন দু-চারজন প্রতিবেশীও ছিলেন। দেখলাম, পাকিস্তানি সৈন্যরা দলবদ্ধভাবে হাঁটছে। ভেবেছিলাম, যখন তারা একটা কাছাকাছি—ক্লোজে আসবে, ছবি তুলব। কিন্তু ক্লোজে আসার আগে হঠাৎই গুলি করতে আরম্ভ করে তারা। ইন্টারকন্টিনেন্টালের সামনে তখন একটা বাড়ি ছিল, দৌড়ে ওই বাড়িতে ঢুকে পড়লাম আমরা। অনেকক্ষণ পর বন্ধ হলো গোলাগুলি। পরিচিত একটা ছেলে আমাকে এসে বলল, আপা, আপনারা ফিরে যান, ধানমন্ডিতে বাড়িতে বাড়িতে ঢুকে গুলি করছে পাকিস্তানি আর্মিরা। আমি তাকে বললাম, দুয়েকটা শট নিয়েই আমি চলে যাব। দ্বিতীয়বার যখন আমরা বের হলাম, দেখি যে ট্রাকে করে পাকিস্তানি সৈন্যরা যাচ্ছে। আমাদের দেখেই মেশিনগান দিয়ে গুলি করতে আরম্ভ করল ওরা। ওখানে খুব বড় একটা আমগাছ ছিল। আমরা দৌড়ে সেই আমগাছের পেছনে দাঁড়ালাম। আমাদের দুপাশ দিয়ে গুলি চলে যাচ্ছে। আর আমরাও অপেক্ষা করছি, কখন বিরতি দেবে মেশিনগান! সব মিলিয়ে সে সময় দুয়েকটা ছবি তুলেছিলাম আমি, কিন্তু পরবর্তী সময়ে ছবিগুলো কোনো কাজেই আসেনি।

আমার প্রতিটি ছবির পেছনে এভাবেই রয়েছে কোনো-না-কোনো গল্প। ছবি তোলার সুবাদে বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়েছি। আর সবাই জানেন, আমার ছবি তোলার এই প্ল্যাটফর্মটি প্রশস্ত হওয়ার নেপথ্যে বেগম-এর রয়েছে বিরাট অবদান। বেগম মানেই তো নূরজাহান বেগম, প্রিয় নূরী আপা। বাংলাদেশে নারী সাংবাদিকদের সামনে সামনে যিনি হেঁটেছেন আলোকবর্তিকা হাতে।
প্রথম বেগম-এ যাই ১৯৫৬ সালে, আমার খালা কবি মাহমুদা খানম সিদ্দিকার হাত ধরে। তিনি বেগম-এ লিখতেন। আমাকে নিয়ে খালা সোজা গেলেন মোহাম্মদ নাসিরউদ্দীন চাচার কক্ষে। নাসিরউদ্দীন চাচাকে মাহমুদা খালা বললেন, ও ভালো ছবি তোলে। কথাটি শুনেই উৎফুল্ল নাসিরউদ্দীন চাচা। আমাকে বললেন, তুমি বেগম-এ আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করে দাও। সেই থেকে শুরু। নূরী আপার সঙ্গে পরিচয়ও তখন থেকে। তিনি অপূর্ব সুন্দরী, বিদুষী রমণী। সামান্যতম অহংকারও ছিল না তাঁর মধ্যে। অতি সাধারণ পোশাক পরতেন, কথা বলতেন অত্যন্ত নম্রভাবে। তাঁর এই নিরহংকার স্বভাবই তাঁর প্রতি যে কাউকে আকৃষ্ট করবে। আমরা যাঁরা তাঁর সঙ্গে কাজ করতাম, আমাদেরও করেছিল।
নূরজাহান বেগমের আর সবকিছুই ছিল বেগমকে ঘিরে। এই যে ৬০ বছরের বেশি সময় ধরে প্রথমে সাপ্তাহিক, তারপর মাসিক পত্রিকা হিসেবে বেগম প্রকাশিত হয়েছে। এর প্রধান কারণ, পত্রিকাটির প্রতি নূরী আপার অপার ভালোবাসা ও অমোঘ আকর্ষণ। কত অর্থনৈতিক ঝড়-ঝাপটা যেতে দেখেছি বেগম-এর ওপর দিয়ে, প্রায় বন্ধ হওয়ার দশা হয়েছে কয়েকবার, নিজের বুক দিয়ে আগলে রেখেছেন। মূলত নূরজাহান বেগমের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কারণেই পত্রিকাটি কোনো সময় রাজনৈতিক রোষানলে পড়ে চরম বিপদে পড়েনি। পত্রিকাটি সচল রাখতে তিনি সাহায্য পেয়েছেন পরিচিতজনদের কাছ থেকে, আমরাও চাঁদা দিয়েছি মাঝেমধ্যে।
তাঁর কাছে অনেকবারই বিদেশ যাওয়ার প্রস্তাব এসেছে। আমরা দেখেছি, কতটা নির্দ্বিধায় সেসব পাশ কাটিয়েছেন তিনি। অভাবনীয় সব প্রস্তাব একবাক্যে ফিরিয়ে দিয়েছেন বেগম-এর জন্য। বেগমকে সম্বল করে এ দেশের নারীদের জাগাতে চেয়েছিলেন তিনি, জাগিয়েছিলেনও। সত্যিকার অর্থে নূরী আপার প্রেম ছিল বাংলাদেশের নারীদের প্রতি। তিনি চেয়েছেন সমাজ থেকে কুসংস্কার দূর করতে। নারী জাগরণে, শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ সৃজনশীলতায় নারীদের সহায়তা করা, উৎসাহ জোগানো এবং তাঁদের এগিয়ে নেওয়াই ছিল তাঁর প্রধান ধ্যান। কথাশিল্পী রিজিয়া রহমান, রাবেয়া খাতুন—সবাই তৈরি হয়েছেন বেগম থেকে। আমরা যাঁরা বেগম-এ কাজ করতাম, তাঁদের কাছে তিনি ছিলেন বন্ধুর মতো। অনেকবারই দেখেছি, মানুষের জীবনের জটিলতর, দ্বন্দ্বমুখর সময়গুলোতে কীভাবে মানসিক সহায়তা দিয়ে যাচ্ছেন নূরী আপা। অভিভাবকের মতো তাঁর এই সহযোগিতা কতভাবে যে উপকার করেছে আমাদের!
এখন যে নারীরা স্বাবলম্বী—রাস্তায় বের হচ্ছেন, ছবি তুলছেন, বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন; আমাদের সময়ে এসবের কিছুই ছিল না। নারীর ঘরের বাইরে বের হওয়ার ব্যাপারটিই ছিল প্রায় অকল্পনীয় ব্যাপার। সেই বন্ধুর সময়ে নারীসমাজের অবরোধ ভাঙতে কী না করেছেন তিনি। নারীসমাজের সৃজনশীলতা ও উন্নয়নে এতটাই আন্তরিক ছিলেন, বেগম-এর প্রথম অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে লেখা-ছবি সংগ্রহ করেছেন। নূরী আপার নাম মনে এলে এখনো চোখে যে দৃশ্যটি ভাসে—চেয়ারে আসীন সুদর্শন ও ব্যক্তিত্বময়ী এক নারী, তাঁকে দেখছি আমি। এভাবে বেশ কয়েকবার আমার ক্যামেরার ফোকাসে ধরা পড়েছেন তিনি। প্রতিবারই চোখে লেগেছে তাঁর সুমিষ্ট ব্যক্তিত্ব।