আমার প্রিয় ক্রসওয়ার্ড বা শব্দজট খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কিছু শেখার ও জানার প্রতি বরাবরের মতো সব সময়ই আমার আগ্রহ রয়েছে। আমার গানের বাইরের জগতের বেশির ভাগ সময়ই ব্যয় হয় নতুন নতুন শব্দ জানার মাধ্যমে। অবসর সময়টা আমি কাজে লাগাই শব্দজট খেলতে খেলতে।শব্দজট বা ক্রসওয়ার্ড হলো শব্দের ধাঁধা। বর্গাকৃতির একটি সমতলে কিছু ঘর থাকে। প্রতিটি ঘর বরাদ্দ থাকে একটি বর্ণের জন্য, যে বর্ণগুলো একসঙ্গে মিলে একটি শব্দ বা শব্দাংশ তৈরি করে। এখানে সমাধানের জন্য কিছু সংকেতও দেওয়া থাকে, যেগুলো একে কাঙ্ক্ষিত সমাধানের দিকে ধাবিত করে। শব্দ মিলান্তির এ খেলা কখনো ওপর থেকে নিচে, কখনো পাশে, আবার কখনো বাঁ থেকে ডানে হয়। এখানে কিছু গাঢ় বর্ণের ঘরও থাকে, যেগুলো প্রতিটি শব্দ অন্যগুলো থেকে আলাদা।কিশোর বয়স থেকেই শব্দজট খেলার প্রতি আমার আগ্রহ। এখনো সেই বাতিক যায়নি। এর মাধ্যমে সময় যেমন ভালো কাটে, তেমনি শেখা হয় নতুন নতুন শব্দ। জগতের ভাব-ধারণার যেন শেষ নেই। শব্দজট খেলতে বসলে প্রায়ই তা-ই মনে হয়। কখনো কখনো এমন কিছু শব্দ পাই, যার সম্পর্কে জানিই না। তখন অভিধান ঘেঁটে সেটার অর্থ বের করার আগ পর্যন্ত শান্তি পাই না। এই খেলা শব্দ নিয়ে দুর্গম পথে অভিযাত্রার মতো। সমাধানের রাস্তায় খুব রোমাঞ্চ অনুভূত হয়। যখনই দেশের বাইরে যাই, তখনই সুযোগ করে হানা দিই শব্দজটের বিভিন্ন ম্যাগাজিনের দোকানে। পরবর্তী অবসর সময়ের আনন্দের খোরাকটা না নিয়ে ঘরে ফেরা হয় না কখনোই। যাঁরা কোনো ভাষা সম্পর্কে জানতে আগ্রহী, তাঁরা তাঁদের শব্দভান্ডার উন্নত করতে খেলতে পারেন শব্দজট। অবসরে শব্দজটের পাশাপাশি কখনো কখনো চোখ রাখা হয় প্রিয় কোনো বইয়ের পাতায়ও; আর তার সঙ্গে থাকে আমার মনের গুনগুনিয়ে গেয়ে ওঠা কোনো গানের সুর। অনুলিখন: তাওহিদা জাহান