আমার বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ হাবিবুর রহমান (৩ ডিসেম্বর ১৯২৮—১১ জানুয়ারি ২০১৪), প্রতিকৃতি: মাসুক হেলাল
মুহাম্মদ হাবিবুর রহমান (৩ ডিসেম্বর ১৯২৮—১১ জানুয়ারি ২০১৪), প্রতিকৃতি: মাসুক হেলাল

নিজের কর্মদক্ষতায় তিনি হয়ে উঠেছিলেন আমাদের আশ্রয়স্থল—অভিভাবক। দেশের যেকোনো সংকটে বারবার ভেসে ওঠে তাঁর মুখ। ১১ জানুয়ারি পেরিয়ে গেল সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। এই আয়োজনে রয়েছে মুহাম্মদ হাবিবুর রহমানের অগ্রন্থিত রচনা ও তঁার মেয়ের স্মৃতিভাষ্য
মানুষকে মহান আল্লাহ অফুরন্ত নিয়ামত দান করেছেন। সেই অসাধারণ সুন্দর নিয়ামতের একটি সন্তানের জন্য তার মা-বাবা। সব লেখারই একটা শিরোনাম থাকে। লেখাটি শুরু করার সময় ভেবেছি, এর শিরোনাম কী দেব: ‘আমার চোখে আমার বাবা’, ‘আমার কাছে আমার বাবা’। শেষ পর্যন্ত মনটা সায় দিল ‘আমার বাবা’ শিরোনামে। প্রতিটি শব্দের একটা অন্তর্নিহিত গভীর অর্থ থাকে। ‘আমার’ শব্দটার মধ্যে আছে ভালোবাসা, গভীরতা ও অধিকারবোধ। ‘আমার বাবা’—এই দুটি শব্দের মধ্যে নিহিত আছে বাবার জন্য আমার বলা না-বলা যত আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, গর্ব; তাঁকে হারানোর কষ্ট আর অশ্রু।
বাবার মৃত্যুর পর তাঁর পড়ার ঘরের কাগজপত্র নাড়াচাড়া করে দেখতে দেখতে, বাবাকে নিয়ে চিন্তা করতে করতে তাঁকে নতুন করে আবিষ্কার করতে শুরু করেছি। অবাক হয়ে উপলব্ধি করছি, বাবা এত কাজ একা একা কীভাবে করতেন। নানা বিষয়ে তিনি লিখেছেন। তার মধ্যে আছে বিভিন্ন অভিধান, প্রবন্ধ, গবেষণামূলক গ্রন্থ, ইতিহাস, ভ্রমণকাহিনি, কবিতা, এমনকি ছোটগল্পও।
বাবার প্রকাশিত বইয়ের সংখ্যা ৯৪। আরও বেশ কয়েকটি পাণ্ডুলিপি তিনি তৈরি করে গেছেন। আগামী দিনে সেসব প্রকাশিত হবে। তাঁর বইগুলোর মধ্যে কয়েকটি বাদে সব কটিই তাঁর অবসর জীবনে লেখার ফসল। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্যের কালানুক্রমিক সংকলন বাংলাদেশের তারিখ-এর তথ্য সংগ্রহের প্রধান উৎস ছিল সংবাদপত্র। এ বইয়ের একটি বা দুটি প্যারাগ্রাফ লেখার জন্য তিনি নিয়মিত ৮-১০টি করে পত্রিকা পড়তেন। এর পাশাপাশি অন্যান্য লেখাপড়া তো ছিলই।
তিনি নিজের হাতে সব লেখা লিখতেন। পরে সেগুলো কম্পোজ করা হতো। এসবের ফাঁকে ফাঁকে বেজে চলেছে ফোন, মানুষ আসছে, বাবা তাঁদের সঙ্গে কথা বলছেন, বাইরে যাচ্ছেন, আমাদের সঙ্গে হাসিমুখে গল্প করছেন, নিয়মিত সকাল-বিকেল হাঁটছেন, গাছের পরিচর্যা করছেন, পাঁচ ওয়াক্ত নামাজ ও কোরআন শরিফ পড়ছেন—সবকিছু করছেন। এই বয়সেও একটা মানুষ এত ধরনের কাজ কীভাবে করতেন, তা ভেবে পাই না।

বাবাকে একবার জিজ্ঞাসা করেছিলাম, ‘আব্বা, আমরা তিন বোনের কেউই যে আপনার মতো হতে পারিনি, তার জন্য আপনার দুঃখ হয় না?’ বাবা একমুখ স্নেহমাখা হাসি দিয়ে উত্তর দিয়েছিলেন, ‘পাগল নাকি, মন খারাপ হবে কেন?’ বাবার নাম না ভাঙিয়ে বা মামা-চাচার জোর না খাটিয়ে নিজের প্রচেষ্টায় জীবনে আমরা যে যতটুকু অর্জন করেছি বা করার চেষ্টা করেছি, তাতেই তিনি খুশি ছিলেন। আমার মাকে বা আমাদের বাবা সব সময় বলতেন, ‘আমার তিন মেয়ে কখনো জ্বালাতন করেনি।’
পারিবারিক জীবনে বাবা ছিলেন বটবৃক্ষের মতো। সারা জীবন শীতল ছায়া দিয়ে গেছেন, যাতে কোনো ঝড়ঝাপটা আমাদের গায়ে না লাগে। স্ত্রী ও সন্তানদের তিনি অসম্ভব সম্মান দিতেন। বাবার শরীর ভালো থাকুক অথবা না থাকুক চলার সময়, গাড়িতে ওঠার সময়, লিফটে ওঠার সময় আমাদের সামনে এগিয়ে দিতেন। তিনি আসতেন পরে। এর ব্যতিক্রম কখনোই হয়নি।
আমরা যখন ছোট ছিলাম, বাবা আমাদের গল্প শোনাতেন। ঘুম না এলে বা কান্নাকাটি করলে কোলে করে হেঁটে হেঁটে ঘুম পাড়াতেন। ঘটনাটা আমার মনে আছে। তার মানে বেশ বড় হওয়া পর্যন্তই এ আদরটা আমরা পেয়েছিলাম। আমাদের তিন বোনকে তিনি ‘বাবু’ বলে ডাকতেন। আমি দরজা দিয়ে বাইরে থেকে এসে ঢুকলেই বাবার পড়ার কামরার সামনে দিয়ে যাওয়ার সময় বাবা ডাকতেন, ‘বাবু, কী খবর?’
একবার আমাদের বাসায় হঠাৎ করেই ঘরের কাজ করার কোনো লোক নেই। মা গেছেন যুক্তরাষ্ট্রে, আমার বোনের বাসায়। বাবার চোখের ক্যাটার্যাক্ট অপারেশন হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি, বাবা চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আমার জন্য রুটি টোস্ট করেছেন। স্ক্র্যাম্বল্ড্ এগ আর চা বানিয়ে রেখেছেন। যাতে আমি খেয়ে অফিসে যেতে পারি।
মা বলেন, মানুষ হিসেবে বাবা ছিলেন অসামান্য। তাঁদের দুজনের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া ছিল। কেউ কখনো নিজেদের পছন্দ-অপছন্দ অন্যের ওপর চাপাতে চাননি। একইভাবে মা-বাবা আমাদের তিন বোনকে স্বাধীনতা দিয়েছিলেন। কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেননি। আমরা আমাদের পছন্দমতো বিষয়ে পড়াশোনা করেছি। আমার ছোট দুই বোন পড়েছে প্রকৌশলে, আমি অর্থনীতিতে। অনেকেই প্রশ্ন করেছেন, ‘তোমাদের তিনজনের মধ্যে কেউ আইন পড়োনি? একজনও বাবার পেশায় গেলে না?’ কিন্তু বাসায় আমাদের এ প্রশ্নের মুখোমুখি হতে হয়নি।
কেউ যখন জানতে পারতেন যে আমরা তিন বোন, তখন অবধারিতভাবেই পরের প্রশ্নটা আসত, ‘তোমাদের কোনো ভাই নেই?’ বাবা তাঁর তিন মেয়েকে নিয়েই খুশি ছিলেন। ছেলে নেই বলে কখনো তাঁকে আফসোস করতে দেখিনি। বাবার নয়নের মণি ছিল তাঁর একমাত্র নাতি আবরার আজিজ রহমান।
বাড়িতে কেউ এলে কখনোই তাঁকে কিছু না খাইয়ে বাবা বিদায় দিতেন না। আপ্যায়ন করতে তিনি ভালোবাসতেন। একটা সাধারণ প্রশ্ন ছিল, ‘চা খাবেন, নাকি কফি?’ তারপর বাবার ভান্ডারে যেসব চা বা কফির সংগ্রহ ছিল, সেসব তাদের আপ্যায়নের জন্য খুলে দিতেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত আমার দুই বোন ও বোনজামাই আহসান মূলত বাবার জন্য নানা ধরনের চা-কফি নিয়ে আসতেন। নিয়ে আসতেন বাবার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনেরাও। বাবা অন্যের সঙ্গে সেসব ভাগাভাগি করে আনন্দ পেতেন।
বাবা তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনসহ সব বয়সী মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসতেন। কারও কোনো ভালো খবর জানতে পেলে খুশি হয়ে তা আমাদেরও জানাতেন। পরিচিত কারও মৃত্যুর সংবাদ পেলে যতই ব্যস্ত থাকুন না কেন, শরীর সুস্থ না থাকলেও জানাজায় শরিক হতেন।
মায়ের মুখে শুনেছি, বাবা যখন ওকালতি করতেন, তখন ভাবনাচিন্তা করে অনেক বেছে কেস হাতে নিতেন। যেকোনো পক্ষে যুক্তি উত্থাপন করার স্বাধীনতা একজন আইনজীবীর থাকলেও জেনেশুনে কখনো তিনি কোনো অন্যায়কারীর পক্ষ নিয়ে লড়তেন না। বাবার মন কখনো তাঁকে অন্যায়ের পক্ষে লড়ার অনুমতি দেয়নি।
বাবার জানার আগ্রহের কখনো কমতি ছিল না। নতুন নতুন বিষয় নিয়ে তিনি চিন্তা করতেন। ১৯৭৪ সালে তিনি প্রকাশ করেন বাংলা ভাষার প্রথম ভাব অভিধান যথাশব্দ। পরবর্তীকালে প্রকাশ করেন কোরানসূত্র। পবিত্র কোরআনে যেসব ভাব, বিষয়বস্তু বা ব্যক্তির উল্লেখ রয়েছে, তার সূত্র যাতে সহজেই পাওয়া যায়, সেভাবে গ্রন্থিত এমন বই বাংলা ভাষায় এটিই প্রথম ও একমাত্র। বাংলা ভাষার প্রথম অন্ত্যমিল শব্দকোষ মিত্রাক্ষর-এর প্রথম প্রকাশ ২০০০ সালে। বাংলা ভাষায় প্রথম ধর্ম অভিধান যার যা ধর্ম আগে একবার প্রকাশিত হয়েছিল। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তা আরও পরিমার্জিত ও পরিবর্ধিত হয়ে প্রকাশিত হয় । বাবা নতুন সংস্করণের কাজ শেষ করে গেছেন, কিন্তু দেখে যেতে পারেননি।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ গানটি শুনলে আবেগে বাঙালির চোখ ভিজে যায়, গলার স্বর বুঁজে আসে। বাংলা ভাষা, দেশ ও দেশের মানুষের জন্য বাবার ছিল প্রচণ্ড ভালোবাসা, তাদের নিয়ে ছিল গভীর ভাবনা। আমরা কি যাব না তাদের কাছে যারা শুধু বাংলায় কথা বলে, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলা ভাষার সংগ্রাম এখনো অসমাপ্ত, একুশে ফেব্রুয়ারি সকল ভাষার কথা কয়, দেশ ভাবনা—তাঁর বইয়ের নামগুলো তাঁর সে ভাবনারই বহিঃপ্রকাশ। ১৯৫২ সালে ১৪৪ ধারা ভঙ্গ করে যে ছোট ছোট দল এগিয়ে গিয়েছিল, তার প্রথম দলটির নেতৃত্ব দিয়েছিলেন বাবা। এ জন্য তাঁকে কারাবাসও করতে হয়।
২০ ফেব্রুয়ারি ১৯৯৭ ‘একুশে ফেব্রুয়ারি’ কবিতায় বাবা লেখেন, ‘একুশে ফেব্রুয়ারি সকল ভাষার কথা কয়।’ পরবর্তীকালে ২৩ অক্টোবর ২০১০ সালে ইউনেসকোর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। মানুষের সৎ চিন্তা মহান স্রষ্টা হয়তো এভাবেই কবুল করে থাকেন।
দেশের নানা অশান্ত পরিস্থিতিতে বাবা যা সঠিক মনে করেছেন, তা দ্বিধাহীনভাবে প্রকাশ করেছেন। কখনো তিনি আশা ছাড়েননি। তিনি বিশ্বাস করেছেন, আমাদের মধ্যে যে অপূর্ণতা, অসত্য ও অমানবিকতা রয়েছে, তা পেরিয়ে আমরা একদিন সত্যিই সুন্দর ও সত্যের ভোর দেখব।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে পারস্পরিক সহাবস্থানের নীতি ঘোষণা করে একটি চুক্তিপত্রের মাধ্যমে জাতিগত ঐক্যের ভিত্তিতে মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করে শান্তি স্থাপন করেন। মদিনা সনদ নামে পরিচিত সে চুক্তি বিশ্বের প্রথম লিখিত সংবিধান। বাবা ইসলাম ধর্মের শিক্ষা সঠিকভাবে গ্রহণ করেছিলেন এবং তা মেনে চলার চেষ্টা করেছেন। তাঁর ভালোবাসা কোনো ধর্ম বা শ্রেণির সীমায় আটকে থাকেনি। অন্যের মতামতকে তিনি সম্মান করতেন। মানুষের জন্মগত, সামাজিক, জাতিগত অধিকারে বিশ্বাস করতেন; অসাম্প্রদায়িক নীতিকে ধারণ করতেন।
বাবার মৃত্যুর পর অনেকের সঙ্গে দেখা হয়েছে। বাসায় তাঁরা এসেছেন। দেশের নানা প্রান্ত ও দেশের বাইরে থেকে ফোন করেছেন। বাবার প্রতি তাঁদের যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার অভিব্যক্তি দেখেছি, তা অতুলনীয় ও হৃদয়স্পর্শী। ভালোবাসার সম্ভবত একটি তরঙ্গ আছে। বাবা যেমন মানুষকে ভালোবাসতেন, তারাও তেমনি ভালোবাসতেন বাবাকে। ভালোবাসার সেই অদৃশ্য তরঙ্গ সবাইকে স্পর্শ করত।
বাবা সব সময় এত অকৃত্রিম, অনাড়ম্বর ও সহজভাবে থাকতেন যে তাঁর হৃদয়ের বিশালতা, গভীরতা ও প্রজ্ঞাসহ বহুকিছুই আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারিনি। বাবাকে আমার ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’।
লেখক: মুহাম্মদ হাবিবুর রহমানের বড় মেয়ে