যৌবনে আবদুল মান্নান সৈয়দের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস। ইলিয়াস-বিষয়ে তথ্যচিত্রের কাজ করতে গিয়ে আবদুল মান্নান সৈয়দের একটি ভিডিও সাক্ষাৎকার ধারণ করেন শিবু কুমার শীল। এর নির্বাচিত অংশ এখানে ছাপা হলো, যেখানে তাঁর সময়ের কুশীলব আর উত্তরকালের কথা আছেগল্প লেখার শুরুঢাকা কলেজেই আমাদের পাঁচজনের একটা বন্ধুমণ্ডলী ছিল। আখতারুজ্জামান ইলিয়াস, আমি, সিকান্দার দারাশিকোহ, আমিনুল ইসলাম বেদু ও মফিজুল আলম। ঢাকা কলেজে এবং ঢাকা ইউনিভার্সিটিতে আমরা বাংলার ছাত্র ছিলাম। একসঙ্গে পাস করি, একসঙ্গে ইউনিভার্সিটিতে ভর্তি হই। ঢাকা কলেজে তখন অনেক রকম বলয় ও বৃত্ত ছিল—রাজনৈতিক বলয়, সাহিত্যিক বলয় ছিল, খুব মেধাবী ছাত্রদের বলয় ছিল, বড়লোকদের ছেলেদের বলয়। পাঁচজনের এই বন্ধুমণ্ডলী কলেজে থেকেই ময়ূখ নামে একটি পত্রিকা বের করার পরিকল্পনা করলাম। সেই পত্রিকা আর বেরোয়নি। ইউনিভার্সিটিতে এসে মফিজ ও বেদু বাংলা বিভাগে যোগ দিল। ’৬৩ সালের দিকে বোধহয় একটা পত্রিকা বের করলাম, সাম্প্রতিক। এই পত্রিকার নামকরণ আমার। আসন্ন বলে একটা কাগজ বের করেছিলাম আমরা, এর নামকরণও আমার। আসন্নতে ইলিয়াস একটা গল্প লিখেছিল, ‘চিলেকোঠায়’, অসাধারণ, অসামান্য গল্প! সেখানে ইলিয়াস ও আমার গল্প ছাপা হলো একসঙ্গে। ইলিয়াস তখন লিখত ছোটদের গল্প। আজাদ-এ ইলিয়াসের ছোটদের লেখাগুলো বেরিয়েছে। একটা গল্পের কথা আমার এখনো মনে আছে ‘চোর’। আমি আবাল্য, প্রাপ্তবয়স্কদের গল্প লিখি।ছেলেবেলা থোকেই আমি খুব নির্জন স্বভাবের মানুষ। সিকান্দার নির্জনতর, জীবনানন্দের চেয়েও নির্জন। আমার স্কুলের এক বন্ধুও গল্প লিখত অবশ্য। ও আমাকে নায়ক করে একটা গল্প লিখেছিল, আমি ওকে নায়ক করে একটা গল্প লিখেছিলাম। কিন্তু ইলিয়াস, আমি আমরা নতুন ধারার গল্প লেখার চেষ্টা করতাম। আমরাই প্রথম গল্পে তথাকথিত শালীনতাকে আঘাত করলাম। আমাদের দুজনের লেখাতেই যৌনতা এল। ইলিয়াসের প্রথম বিখ্যাত গল্প ‘স্বগত মৃত্যুর পটভূমি’ সমকাল-এ বের হলো। আমার প্রথম বিখ্যাত গল্প ‘মাতৃহননের নান্দীপাঠ’ বের হয় পরিচয়-এ। এটি বের করেছিল জ্যোতিপ্রকাশ দত্ত, হুমায়ুন চৌধুরী ও সেবাব্রত চৌধুরী। চৌষট্টির দাঙ্গার পরে চৌষট্টি-পঁয়ষট্টি সালে সেবাব্রত ভারতে চলে গেলেন। অসাধারণ গল্প লিখত হুমায়ুন। এখন বিস্মৃত। তখনকার দিনে উল্টোরথ, সিনেমার জগৎ—এ রকম কাগজ ছিল। ছদ্মবেশী সিনেমার পত্রিকা কিন্তু আসলে সাহিত্যের পত্রিকা। একটু বিনোদন ছিল পত্রিকায়, যাতে লোক দেখে আর লোকে পড়ে। এভাবেই আমাদের সূচনা হয়।কণ্ঠস্বর১৯৬৫-এ কণ্ঠস্বর বেরোল। সম্পাদক আবদুল্লাহ আবু সায়ীদ। প্রথম সংখ্যায় ইলিয়াস এবং আমার গল্প ছাপা হলো পাশাপাশি। বিস্ময়কর ব্যাপার যে আবদুল্লাহ আবু সায়ীদ একটা বই সম্পাদনা করলেন। তাঁরও বয়স বেশি না, আমাদের চেয়ে বছর তিনেকের বড়। তিনি বের করলেন সাম্প্রতিক ধারার গল্প, সেখানে তরুণতম গল্পকার হিসেবে ইলিয়াস ও আমার গল্প আবার পাশাপাশি মুদ্রিত হলো। আমাদের আরেক বন্ধু ছিল শহীদুর রহমান। ওর ‘বিড়াল’ গল্পটি বিখ্যাত ছিল। অনেকে ওকে ঠাট্টা করে বলত শহীদুর রহমান বিড়াল। ইলিয়াসের নানা রকম অভ্যাস ছিল। প্রত্যেকের একটা নাম দিত। তখন আমিও রোগা কাঠি, ইলিয়াস রোগা ফর্সা। পরের ইলিয়াস তো মুখে ব্রণ বোঝাই। ইলিয়াস, আমি, সিকান্দার আমরা সবাই অন্তর্মুখী। ইউনিসভর্সিটিতে এসে ইলিয়াস ক্রমশ বহির্মুখী হয়ে ওঠে। ওকে একবার হাসপাতালে যেতে হয়—সেখানকার পটভূমিকায় ‘স্বগত মৃত্যুর পটভূমি’ লেখে। এই গল্প লিখেই কিন্তু ও দৃষ্টি আকর্ষণ করল।সমকাল, ছোটগল্পসমকাল-এ তখন একটি লেখা বেরোলেই আপনি লেখক পদবাচ্য হয়ে গেলেন। সমকালে আমি অষ্টম সংখ্যায় প্রবেশ করি। শেষ পর্যন্ত দুটো করে লেখা লিখতাম। আমাকে প্রথম নিয়ে গিয়েছিলেন হাসান হাফিজুর রহমান। প্রথম সাক্ষাতেই সিকান্দার আবু জাফর বললেন, তোমার কোন কোন শিক্ষকের লেখা ফেলে দিয়েছি শুনবে? নজরুল-মার্কা স্বভাব। ওইসব সম্পাদক নেই আর। এখনকার সম্পাদকদের সঙ্গে আমার বনিবনা হয় না। আমরা যাঁদের হাত দিয়ে মানুষ হয়েছি—সিকান্দার আবু জাফর, হাসান হাফিজুর রহমান, আবদুল গনি হাজারী; তার পরে শওকত ওসমান, মুনীর চৌধুরী।ছোটগল্প নামে একটি পত্রিকা বের করল কামাল বিন মাহতাব। এর সঙ্গে ছিল কায়েস আহমেদ। পত্রিকায় ছোটগল্পের বিজ্ঞাপন দেখে আমরা খুব খুশি। যাক একটা কাগজ বেরোচ্ছে। প্রথম সংখ্যাতেই আমার, জহির রায়হানের লেখা ছিল। ছোটগল্প পত্রিকায় লিখতাম বিরামহীন।আমার বন্ধু ইলিয়াসপুরান ঢাকায় আমরা একই কলেজে চাকরি করেছি, জগন্নাথ কলেজে। কিন্তু ওর সঙ্গে আমার দিবারাত্রির পার্থক্য ছিল। ও ছিল দিনের বেলা আর আমি ছিলাম রাতে। আাামাদের জীবনেও পার্থক্য ঘটে গেছে। জগন্নাথ কলেজে আমি দশ বছর ছিলাম। ইলিয়াসও ও-রকম সময়ই ছিল। আমার বেশির ভাগ সময় কিন্তু জগন্নাথ কলেজেই কেটেছে। পরে ও যখন ঢাকা কলেজে, তখন দু-একবার জগন্নাথ কলেজে এসেছে। তো সেই সময় হাসি-মশকারা হতো। আমাদের মধ্যে একটুও ঈর্ষা ছিল না, এটা বললে মিথ্যাচার হবে। আমারও একটু ঈর্ষা ছিল। ওরও ছিল না, এটা বললে মিথ্যাচার হবে। কিন্তু ভেতর থেকে কোনো অশ্রদ্ধা ছিল না। আমার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটা পুস্তিকা বেরিয়েছিল শতাধিক পৃষ্ঠার। সেটি দেখে ইলিয়াসের মন্তব্য—মান্নান রাতেও ঘুমায় না নাকি? মানে, আমি যে জীবনভর এত কাজ করেছি, তা নিয়ে এটা হচ্ছে এক ধরনের শ্রদ্ধার্ঘ্য।আমাদের কোথাও একটা বিচ্ছেদ ঘটেছিল, আবার কোথাও পরস্পরের প্রতি একটা প্রেমও তো ছিলই। তার সঙ্গে যখন কোনো সম্পর্ক নেই, পুরোনো শহরে তার জাদুকরের মতো চলাফেরার কথা লিখছি—ইলিয়াসের সেটা চোখে পড়েছে এবং সেটা উদ্ধৃতও করেছে। ইলিয়াসের সঙ্গে আমার সেই প্রথম কৈশোরিক বন্ধুতা, সেটা প্রেমিক-প্রেমিকার মতো সম্পর্ক ছিল, বিশ্বাস করুন। আমার অন্য ক্ষেত্রে অন্য বন্ধু আছে কিন্তু এ রকম গল্পকার বন্ধু আমি পাইনি। আমার বিশ্বাস ইলিয়াসও পায়নি। যেটা পেয়েছে, সেটা এক ধরনের আদর্শঘটিত বন্ধুতা।তরুণ কথাশিল্পীদের প্রতিকী করে জীবন অধ্যয়ন করতে হয়, প্রচারমুখী না হয়ে নিঃশব্দে নিজের কাজ করে যেতে হয়—এই আশ্চর্য নিষ্ঠা, এই বিস্ময়কর নিষ্ঠা—তরুণ প্রজন্মকে আমি এটা ইলিয়াসের কাছ থেকে শিক্ষা নিতে বলব। গোর্কি দুবার পায়ে হেঁটে সফর করেছেন সারা রাশিয়া। দরিদ্র মানুষ ছিলেন, টাকা-পয়সা ছিল না।আমি যে কথাসাহিত্য লিখি, এটা এত ব্যক্তিগত—এত ভ্রাম্যমাণ যে ওটা শেখার দরকার নেই। আমাদের দেশের জন্য উপযুক্ত হচ্ছে ইলিয়াসের মতো কথাসাহিত্যিকের কাছ থেকে পাঠ গ্রহণ করা। আদিবাসীদের নিয়ে ওর একটা আগ্রহ ছিল। বাংলাদেশ ছোট জায়গা না। বিশাল! নোয়াখালীর একটা ভাষা, সন্দ্বীপের একটা চরিত্র, ঢাকার একটা চরিত্র। এই চরিত্রগুলো আবিষ্কারই যথেষ্ট। এই ঢাকা শহরই আমাদের চোখের সামনে যে বদলে গেল, এটা একটা মহাকায় উপন্যাসের বিষয় হতে পারে। আমরা যেন ইলিয়াস, সৈয়দ ওয়ালীউল্লাহ, শহীদুল জহিরের মতো লেখক থেকে পাঠ গ্রহণ করি।মানিক বন্দ্যোপাধ্যায়ের ভক্তকলেজে থাকতেই পুতুলনাচের ইতিকথা আমাদের হাতে পড়ে। একটা বই-ই আমরা হাতে হাতে পড়ি। তার পরই আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের ভক্ত হয়ে গেলাম। আমরা ইউনিভার্সিটিতে উঠেই একটা উদ্যোগ নিয়েছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ওপর কিছু হোক। তাঁর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী। আমার এইটুকু মনে আছে, আমি একেবারেই লাজুক ছিলাম, ফলে আমি যাইনি। তবে আমার সব বন্ধু দল বেঁধে রণেশ দাশগুপ্তের কাছে গিয়েছিল। রণেশ দাশগুপ্ত তখন সংবাদ-এ। তাঁর কাছে সবাই গিয়েছিল, যাতে সংবাদ পত্রিকার সাহিত্যপাতায় মানিক সম্পর্কে একটা পাতা বের হয়।আমার বৃত্তআমাদের একটা প্রতিজ্ঞা ছিল, আমরা প্রেমের গল্প লিখব না। আমার আবার এক ধরনের প্রতিজ্ঞাভঙ্গের অভ্যাস আছে। আমি পরে প্রেমের গল্প প্রচুর লিখেছি। ইলিয়াস মনে হয় না একটিও প্রেমের গল্প লিখেছে। আমার ও ইলিয়াসের লেখায় ছিল মানুষের মনোজগতের উদ্ভাবন। আমার বৃত্ত তো সম্পন্ন হয়নি, আমার মৃত্যুর পরে আমার বৃত্ত সম্পন্ন হবে।কিম্পুরুষবিপ্লব দাশ অসম্ভব ভালো ছেলে ছিল। ও এখন মারা গেছে। কিম্পুরুষ নামে অসাধারণ একটা উপন্যাস আছে তার, হিজড়াদের নিয়ে।দেশত্যাগের বেদনাশিল্পীর একটা জিনিস হচ্ছে মমত্ব। মমত্ববোধ। সংখ্যালঘুর বেদনাটা আমি বুঝি, সংখ্যালঘু হিসেবে আমি একটা দেশ থেকে বিতাড়িত। আমাদের দেশে সিনেমা হচ্ছে, বাংলাদেশ থেকে যারা ওপারে চলে গেছে, তাদের নিয়ে কথা হচ্ছে। কিন্তু বাংলাদেশে যারা ওদিক থেকে এসেছে, তাদের সম্পর্কে সবাই নীরব। এটা আমি সত্যভাষিতা বলে মনে করি না। সাতচল্লিশের পরেও একটা দাঙ্গা হয়েছিল, ১৯৫০-এ। তখন অগণন হিন্দু এ দেশ থেকে চলে যায়। পশ্চিম বাংলা থেকে অগণন মুসলমান এখানে চলে এসেছে। আমরাও আসি। আব্বা আগে সরকারি চাকরি করতেন। তিনি আগেই চলে এসেছেন। সারা পৃথিবীর দুঃখ, দুর্দশা, দুর্ভোগের একটা চিত্র এটা। আমাদের টোটাল শিল্প-সাহিত্যের কথা মনে রেখে বলতে চাই, আমরা যদি চিত্রের একটা পিঠ দেখাই, সেটা সত্য হয় না।সাহিত্যের ছলনাআমরা যে ভূখণ্ড পেয়েছি, এর মাহাত্ম্য আমরা কিন্তু বুঝতে পারছি না। অনেক সময় চলে গেলে বোঝা যায়, আমি কী হারালাম। আমি খবরের কাগজ পড়ি না, পড়লে আমার প্রেসার চড়ে যায়। পঁয়ত্রিশ-ছত্রিশ বছরে আমরা কোথায় এসেছি? আমরা যদি গণতান্ত্রিকতাকে না রক্ষা করতে পারি, আমরা যদি সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা না দিতে পারি, সেটা আমাদের অক্ষমতা। আবার যারা ভারত থেকে এসেছে, তাদের হূদয় দিয়ে গ্রহণ করতে হবে, তাদেরও দুঃখের অনুভূতি বুঝতে হবে।আমাদের সাহিত্যিকেরা নিম্নবিত্ত থেকে আসেন না। নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত—এই হচ্ছে আমাদের দেশের সাহিত্যিকদের উৎস। দু-একজন উচ্চ ঘরানার, দু-একজন নিম্ন ঘরানারও আসেন। আমাদের কথাসাহিত্যিকেরা যে জীবন যাপন করেন, সেটা লিখতে ভালোবাসেন না। লিখতে পছন্দ করেন নিচুতলার জীবন অথবা উঁচুতলার জীবন নিয়ে। এর মধ্যে কোথাও একটা ছলনা আছে। আমাকে বাজার করতে হয়, এটা আমি লিখছি না। আমি লিখছি বাজারে গিয়ে কোন গরিব মানুষ কিনতে পারছে না, তার কথা। বড়লোকেরা গুলশানে বাজার করছেন—এসব দেখে এসে কেউ লিখছেন। আমাদের কথাসাহিত্যের বিরাট দুর্বলতা হচ্ছে, আমরা বাস্তবতার মুখোমুখি হতে ভয় পাই। বাস্তবতার মুখোমুখি হলে আমার নিজের ছবিটা তুলে ধরতে হয়।শহীদুল জহিরশহীদুল জহিরের লেখা অসম্ভব রকম ক্ষমতাশালী। সে অকালপ্রয়াত। এদের ধারার উৎস কিন্তু সৈয়দ ওয়ালীউল্লাহ। সৈয়দ ওয়ালীউল্লাহর ধারাবাহিকতা আংশিক সৈয়দ শামসুল হকে, পরবর্তী সময়ে আখতারুজ্জামান ইলিয়াসে, তার পরবর্তী সময়ে শহীদুল জহির ও আরও অনেক তরুণ লেখকে আছে। কিন্তু শক্তিশালী লেখক যারা, যেমন ইলিয়াস বা শহীদুল জহির—এরা আবার নিজ নিজ অবস্থান তৈরি করেছে। বিভিন্ন জায়গায় থেকে শহীদুল জহিরের যে অভিজ্ঞতা হয়েছে, সেটা তার লেখায় দেখি, যেমন চট্টগ্রাম বা ঢাকা। পুরান ঢাকা, যেটা ইলিয়াসের ক্ষেত্রেও ছিল। তবে শহীদুল জহিরের বিষয়টা একটু আলাদা। ও অন্তর্মুখী। ইলিয়াসের চেয়েও বেশি অন্তর্মুখী সে। ওর লেখায় ওয়ালীউল্লাহর মতো কোথাও একটা নিয়তির ব্যাপার আছে।নিতে হবে জীবন থেকেআমি ভারতপ্রেমী লোক না। ওদের সাহিত্যের যে অগ্রসরতা আছে, সেটা আমাদের স্বীকার করতে হবে। তারা মোকাবিলা করতে পারে। তাদের সমসাময়িক বিষয়কে অকুণ্ঠভাবে তারা সাহিত্যে তুলে ধরতে পারে। অগণন লেখক আছে ওদের। আমাদের লেখকও কম। আমরা মধ্যবিত্ত জীবন থেকে এসেছি। একটু আগে আজান হলো, আমাদের সাহিত্যে আজানের কোনো বিবরণ নেই। সন্ধ্যার একটু পরে আমাদের এই বাড়িতেই উলুধ্বনি হয়। আজানের কিছুক্ষণ পরেই আমরা উলুধ্বনি শুনতে পাই। উলুধ্বনি আমাদের সাহিত্যে দেখতে পাবেন না। আমি ব্যক্তিগত জীবনে ধর্মাচরণ করি বা না-করি, আমার সমাজের যে বাস্তবতা, সেটা কিন্তু আমার সাহিত্যে আসতে হবে। এ বাস্তবতা যে আসে না, আমি মনে করি, এটা আমাদের কথাসাহিত্যের একটা মৌলিক দুর্বলতা। এই দুর্বলতা কাটাতে হলে আমাদের আরও সত্যভাষী হতে হবে। জীবন থেকে আরও পাঠ নিতে হবে।[মে ২০০৮, উপশিরেনামগুলো আমাদের]