আমার বোন লীলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র সরকার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। জন্মেছিলেন বাংলাদেশের সাভারের বলিয়ারপুর গ্রামে। বোন লীলার সঙ্গে যমজ ভাইবোন হয়ে। তারপর দুজন ছিটকে পড়েন দুই জায়গায়, একজন বাংলাদেশের ধামরাইয়ের কাছাকাছি ভাদালিয়া গ্রামে, অন্যজন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। যোগাযোগ নেই তিন দশকেরও বেশি। ৬৫ বছর ধরে তাঁরা ভাইবোনের উষ্ণ সান্নিধ্য থেকে বঞ্চিত। যার পেছনে শুধু দেশভাগ নয়, রয়েছে দুই পরিবারের বিচ্ছিন্নতার গল্প। লীলা আমার যমজ বোন। কিন্তু তার সঙ্গে আমার প্রায় ৪০ বছর দেখা-সাক্ষাৎ নেই। দুজনেই ৭৫ পেরিয়েছি। কবে আবার দেখা হবে, জানি না। সে থাকে বাংলাদেশে। সেখানেই ধামরাইয়ের কাছাকাছি ভাদালিয়া গ্রামে তার শ্বশুরবাড়ি; আসলে তার নিজেরই ঘর-সংসার। আর আমি ৬৭ বছর ধরে আছি ভারতে, পশ্চিমবঙ্গে। এর মধ্যে তার সঙ্গে আমার একবার কি দুবার দেখা হয়েছে, সে-ও প্রায় ৩০ বছর আগে হবে। আমার মুখটা কি তার মনে আছে? কিংবা তার মুখটা আমার? অবশ্য আমাদের দুজনেরই মুখ অনেকটা এক রকম; তাই লোকে বলে, আমাদের জন্মদাত্রী (‘জন্মদাত্রী’ কথাটা ব্যবহার এখানে অপ্রাসঙ্গিক নয়, সেটা পরে বোঝা যাবে) মায়ের মুখের আদলে পাওয়া। কাজেই ভেবে নিতে হয়, মুখচ্ছবির দিক থেকে আমরা এক রকমই আছি; শীর্ণতা, চামড়ার বয়সজনিত কুঞ্চন ইত্যাদি বাদ দিলে। সে বিধবা হয়েছে প্রায় ৪০ বছর। তার একমাত্র ছেলে রন্থাও আর নেই। সে এখন তার বিধবা পুত্রবধূ আর নাতি-নাতনি নিয়ে ভাদালিয়ায় থাকে। আমি তার গ্রামে কখনো যাইনি, সেও আমার কলকাতার বাড়িতে কখনো আসেনি। আমার নিজের যমজ বোন। কিন্তু মাত্র কয়েক বছরের শৈশব আমরা অল্পস্বল্প ভাগাভাগি করে নিয়েছি। বাকি ৬০-৬৫ বছর পরস্পরকে দেখিনি বললেই চলে। ৪০ বছর একটানা না-দেখা।এ নিয়ে নিজের মধ্যে তো একটা অপরাধবোধ আছে। আমি দুই বছর ধরে মাঝেমধ্যেই বাংলাদেশে যাচ্ছি, থাকছি একসঙ্গে দুই সপ্তাহ, তিন সপ্তাহ। ইচ্ছে করলে দেখে আসতে পারতাম না, তা নয়। ঢাকা থেকে ভাদালিয়া আর কত দূর! আমি চট্টগ্রাম গেছি, রাজশাহী গেছি, শিলাইদহ-কুষ্টিয়া গেছি, কিন্তু ওই ভাদালিয়া গ্রামে যাওয়া হয়নি। নয়ারহাটের ওপারে নিজের গ্রামও একবার দেখে এসেছি। সেখানে আমার ছেলেবেলায় দোস্তালি পাতানো বন্ধু রহমানের বাড়িতেও গেছি সেই কবে। লীলার সঙ্গে শেষ দেখা বোধ হয় সেই ১৯৮৮-তেই। গত দুই বছরে প্রায় ছয়-সাতবার গেলাম ঢাকায়; কিন্তু তার সঙ্গে দেখা করতে পারিনি আর। এবার প্রাণপণ সংকল্প নিয়েছি, একদিন তাকে দেখতে যাব। হাতে তো আর সময় বেশি নেই।আমাদের এভাবে দূরবর্তী হয়ে যাওয়ার পেছনে একটা গল্প আছে। এ ধরনের গল্প কার জীবনে না থাকে? এক তো দেশভাগ, কিন্তু সেটাই সব গল্প নয়। আমরা আসলে ভাগ হয়ে গিয়েছিলাম দুই পরিবারে, সেটাই আগেকার গল্প। সেই গল্প দিয়ে শুরু করা যাক।আমার যিনি জন্মদাতা, সেই কেশবচন্দ্র সরকারের বাস ছিল বলিয়ারপুরে। ঢাকা থেকে সাভার যেতে গ্রামটি ডান দিকে পড়ে। এখন সেটি অনেকেরই চোখে পড়ে। অনেক ট্রাকের গ্যারেজ, একটি-দুটি আধুনিক রেস্তোরাঁ, সুদৃশ্য বিপণি—কী নেই? কিন্তু আমরা যখন জন্মাই, তখন তা ছিল এক এঁদো ঘিঞ্জি গ্রাম, ঢাকা-ফুলবাড়িয়া সড়কে। সড়ক আর গ্রামের মাঝখানে ছিল একটা নোংরা জলের খাল, তার ওপরে বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে সড়কে পৌঁছানো যেত।গ্রামের বর্ণনা পরে আরও হবে। জন্মদাতা কেশবচন্দ্র সরকারের দিদির বিয়ে হয়েছিল আরও উত্তরে নয়ারহাটের ওপারে পঞ্চাশ গ্রামের পতিতপাবন সরকারের সঙ্গে। এ অঞ্চলের মাহিষ্যদের পদবি ঢালাওভাবে সরকারই ছিল বলে মনে হয়। তিনি বালিয়াটির জমিদারির এক ছোট গ্রামীণ নায়েব। সুতরাং, পাত্র ভালো। কিন্তু পাত্র ভালো হলেও স্বামিত্বের সব শর্ত তিনি পূরণ করতে পারবেন কি না, তা আগে থেকে বোঝা যায় না। তিনিও পারলেন না। কয়েক বছর গেল, তাঁদের কোনো সন্তান হলো না। পতিতপাবন স্ত্রী বিনোদাসুন্দরীকে লুুকিয়ে দু-এক জায়গায় নতুন স্ত্রী গ্রহণের চেষ্টায় গিয়েছিলেন। শুনেছি, স্থানীয় প্রতিরোধে ব্যর্থ হন। তখন বিনোদাসুন্দরীই, মানে আমার বড় পিসিমাই উদ্যোগী হয়ে তাঁর ছোট বোন—কেশবচন্দ্রেরও ছোট বোন—জ্যোতির্ময়ীর সঙ্গে স্বামীর বিয়ে দিলেন। তারপর বোনের হাতে স্বামী ও সংসার ছেড়ে দিয়ে (আঁচলের চাবির গোছা তাঁর আঁচলে বেঁধে দিয়ে বলা চলে) তিনি তীর্থ-ধর্ম, গ্রামে উৎসব-অনুষ্ঠানে প্রচুর লোকের রান্নাবান্না—এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মনের দুঃখকে তিনি গান গেয়ে মুক্তি দিতেন। তাঁর গানের গলাটি খুব ভালো ছিল। গ্রামের নানা অনুষ্ঠানে, বিশেষ করে বিয়েতে গান গাওয়ার জন্য তাঁর ডাক পড়ত।কিন্তু বছরের পর বছর গেল, জ্যোতির্ময়ীও সন্তানের মুখ দেখলেন না। পতিতপাবনের সচ্ছল ও বর্ধিষ্ণু সংসার একটি সন্তানের অভাবে শূন্য রয়ে গেল। গ্রামের মুখ্য হিসেবে তাঁর প্রতিষ্ঠা, জেলেরা জালে বড় মাছ পড়লে তাঁর উঠোনে এনে ফেলে, কিন্তু তাঁরই ঘরে সন্তানহীনতার দীর্ঘশ্বাস।দুই ননদের এই দুঃখ কেশবচন্দ্রের স্ত্রী হেমবালাকে কষ্ট দেয়। বিশেষ করে সুন্দরী ও নরম-সরম মানুষ, অপরিসীম স্নেহশীলা, বড় ননদের প্রতি তাঁর সহানুভূতি বেশি। তাই একদিন, পঞ্চাশ গ্রামে ননদদের বাড়ি বেড়াতে এসে, তাঁদের সঙ্গে বংশাই (ভালো নাম বংশী) নদীতে স্নান করতে গিয়ে তিনি বড় ননদকে বললেন, ‘এবার মনে লয় প্যাটে দুইটা আইসে। যদি তা-ই অয়, তোমারে একজনেরে দিমু।’বলিয়ারপুরে ফিরে যাওয়ার পর হেমবালা উঠোনে আঁতুড়ঘরে গেলেন, দুই ননদও আঁতুড় তোলার জন্য সেখানে হাজির ছিল। দাই প্রথমে একটি পুত্রসন্তানকে বের করে আনে। সেই সদ্যোজাতটি এই ক্ষণজন্মা বর্তমান লেখক। পুত্রসন্তান বলে তার জন্মের ইতিহাসে কোনো অস্পষ্টতা নেই।তার পরের ইতিহাস একটু অস্পষ্টভাবে আমার কাছে পৌঁছেছে। ঠিক কী ঘটেছিল, তার বিবরণ অবিসংবাদিত নয়। যখন পুত্রসন্তানের জন্মে, তখন সবাই আনন্দ করছে (এ আনন্দের কারণও অস্পষ্ট। কারণ, আগেও কেশবচন্দ্রের আরেকটি পুত্রসন্তান ছিল), পুত্রসন্তান কখনোই বাহুল্য নয়, এ সময় নাকি, প্রায় আধঘণ্টা পরে, অজ্ঞান প্রসূতির পাশের কাঁথা-কাপড়ের মধ্যে একটি ক্ষীণ কান্না শোনা যায়। তখন সবাই দৌড়ে গিয়ে দেখে, তার মধ্যে চাপা পড়ে আছে একটি শিশুকন্যা। হয় তাকে কেউ লক্ষই করেনি, না হয় সবাই যখন পুত্রসন্তানকে নিয়ে ব্যস্ত ছিল, তাকে আগুনের আঁচে গরম রাখা বা তার মুখে মধু নিক্ষেপ ইত্যাদি নিয়ে, তখন এসবের দাবি না নিয়ে মেয়েটি তার জননীর জঠর থেকে বেরিয়ে এসেছে। সেই ইতিহাসের পুনর্নির্মাণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যা শুনেছি নানা সূত্রে, তারই জোড়াতালি দিয়ে লিখছি। এর যথার্থতার কোনো দায় নিতে পারব না। শুধু এইটুকু অবিতর্কিত যে আমারই সঙ্গে লীলাও পৃথিবীতে এসেছিল।দুজনের জন্মবীজ একসঙ্গেই নিক্ষিপ্ত হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। মাতৃগর্ভে দুজনে একসঙ্গেই পরস্পরকে ঠেলে, লাথি মেরে, ধাক্কাধাক্কি করে বেড়ে উঠেছি, তাতেও কোনো সন্দেহ নেই। শুধু জন্মের সময় কোনো এক ষড়যন্ত্রে পুত্রটি আগে মাটিতে এসে পড়ল, কন্যাটি পরে; আর তারই ফলে আজীবন পুত্রটি ‘দাদা’ হওয়ার অধিকার এবং একটা আধিপত্যবোধ অর্জন করল। সামাজিক ব্যবস্থাই তার জন্য আগে থেকে এসব প্রস্তুত করে রেখেছিল, তাকে কিছু কষ্ট করে বা যোগ্যতা দেখিয়ে অর্জন করতে হয়নি।এবার ননদেরা তাঁদের দাবি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। নদীর জলে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমবালা। ফলে তা রক্ষা না করলে তাঁর নরকবাস সুনিশ্চিত। সে ঝুঁকির মধ্যে কে যায়? অন্যদিকে প্রশ্ন হলো, কোনটিকে নেবেন ননদেরা। দুটিকেই? সে প্রশ্ন ওঠে না। তা হলে কি মেয়েটিকে? উন্মাদ ছাড়া সে কথা কে ভাবে?মেয়েরা আসে পর হওয়ার জন্য, দূরে চলে যাওয়ার জন্য। তাদের দিয়ে কি আজীবন সন্তানসুখের তৃষ্ণা মেটে? তার ওপর তাদের বড় করার কত সমস্যা, বিয়েতে কত ঝামেলা! তাই সেই বিকল্পের কথা কারও মনেই আসেনি। পুত্রটির দখলই দাবি করলেন দুই ননদ।শুনেছি, এতে কেশবচন্দ্রের একটু আপত্তি ছিল, হাজার হলেও পুত্রসন্তান। কিন্তু হেমবালা তাঁকে নদীর জলে দাঁড়িয়ে সেই প্রতিশ্রুতির কথা মনে করালেন। শত হলেও কেশবচন্দ্র বুঝলেন, ভগ্নিপতি প্রতিষ্ঠিত মানুষ, অর্থে-সম্পদে-সম্ভ্রমে একটা আধিপত্যের অবস্থান তাঁর। তাঁকে এবং দুই বোনকে ফেরানো তাঁর পক্ষে সম্ভব নয়।কাজেই তিন মাস পর দুই শিশুকে নিয়ে হেমবালা গিয়ে উঠলেন পঞ্চাশ গ্রামে, ননদের সংসারে, অস্থায়ীভাবে এক মূল্যবান অতিথি হিসেবে। তিনি পরকে দিয়ে দেওয়া তাঁর পুত্রসন্তানকে কিছুদিন বুকের দুধ খাওয়াবেন। শিশুকন্যাটিও ওখানে তাঁর সঙ্গে থাকবে। কাজেই মাতৃদুগ্ধ থেকে সেও বঞ্চিত হবে না। তাঁর এই ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে একটাই সম্বোধনে। পুত্রটি তাঁকে আজীবন ‘দুধুমা’ বলে ডাকবে।২.পুত্রটির এই সময়ের কোনো স্মৃতি নেই, তার ‘বোনের’, না থাকারই কথা। তার স্মৃতি একটু বড় হয়ে। কদাচিৎ সে পঞ্চাশ গ্রামে এসেছে, কিন্তু ছেলেটি মাঝেমধ্যেই আনন্দ ও শোকের নানা উপলক্ষে গেছে বলিয়ারপুর। তখন থেকেই সে লক্ষ করেছে, ফুটফুটে ছোট্ট বোনটি সে যেখানেই যেত, তার পেছন পেছন ‘দাদা’ বলে ঘুরঘুর করত। বাড়িতে তার সমবয়সী খেলার সাথি কেউ ছিল না। ফলে দাদাকে পেলে সে যেন হাতে চাঁদ পেত।সে বলিয়ারপুরে এক হিসেবে দাদার ‘গাইড’ও ছিল। বাড়ি থেকে খালের ঘাট পর্যন্ত হাঁটু সমান কাদায় ডোবা রাস্তা। কী করে কাদা মাড়িয়ে, কোন প্রতিবেশী জেলের বাড়ির উঠোন দিয়ে ঘাটে গিয়ে চান করে কাদা না লাগিয়ে ফিরতে হবে, তাতে সে-ই নেতৃত্ব দিত পথ দেখিয়ে। যে খালে আমরা স্নান করতাম, বর্ষায় সেটা আর খাল থাকত না, তুরাগ নদী এসে তাকে গ্রাস করে ফেলত। তখন সে দিগন্তবিস্তৃত ঘোলা জলের সমুদ্র ছাড়া আর কিছু নয়। তার ওপারে মিরপুর। মাঝখানে দেখতাম অজস্র পালের নৌকা চলছে নানা রঙের পেটফোলা পাল সাজিয়ে। খাওয়া-দাওয়ার পর নিদ্রাহীন সারা দুপুর আমাদের তুরাগের ওই নৌযাত্রার ছবি দেখে সময় কেটে যেত। কখনো সকালে বা বিকেলে দেখতাম, কিছু লোক গরু-মহিষের খড়-বিচালি-ভুসি খাওয়ার মস্ত গামলা (আমরা তখন বলতাম ‘চার’) উলটে নৌকার মতো করে বইঠা দিয়ে বাইতে বাইতে আসছে, কিংবা কেউ বা তাতে স্থির হয়ে জলের মধ্যে একটা ছিপ ফেলে রয়েছে। লীলা তাতেও আমার সঙ্গী, পৃথিবীর এসব অসামান্য দৃশ্যের খবর সে-ই আমাকে দিত, আমার জন্য প্রস্তুত রাখত। আমার নিজের পঞ্চাশ গ্রামেও নদী ছিল, নৌবাহিনী ছিল, কিন্তু তাতে তুরাগের এই দিগন্তবিস্তার ছিল না।ফুলবাড়িয়ার লাল কাঁকরের সড়কটা আমাদের কাছে ছিল বিশাল পৃথিবীর পথ। মোটরগাড়ির আওয়াজ লীলার কানেই আগে পৌঁছাত, সে-ই অস্থির হয়ে আমার কাছে এসে বলত, ‘দাদা, সরকে গারি যাইতে আছে। চল, দেখি গিয়া।’ ব্যস, দুজনে ছুট ছুট; হাঁপাতে হাঁপাতে সড়কের সীমানায় সাঁকো পার হয়ে গিয়ে দেখি, গাড়ি আমাদের ছাড়িয়ে চলে গেছে, কখনো ঢাকার দিকে, কখনো ফুলবাড়িয়ার দিকে। দিনে আমরা তার পেট্রল-গন্ধি ধোঁয়াটুকু উপহার পেতাম শুধু। সেটাই আমাদের কাছে ছিল মহিমাসম্পন্ন পুরস্কার; আর সন্ধ্যার পর দেখতাম, তার পেছনে লাল-নীল আলো। কোনো রহস্যময় প্রাণীর চোখের মতো সেগুলো দূরে মিলিয়ে যেত। ঢাকার দিকে কিছু দূরেই ছিল একটা ছোট পুল। বাস, জিপ ও লরি তার ওপর উঠে আবার ক্রমশ মিলিয়ে যেত। বর্ষায় পুলটা প্রায় জলের ওপর ভাসত।একবার মনে আছে, খবর পাওয়া গেল, এক ভয়ানক ডাকাতকে পুলিশ মেরে ফেলেছে সম্মুখযুদ্ধে। কিছুক্ষণ পর তার মৃতদেহ নিয়ে যাবে। আমরা কি আর ঘরে থাকি! রাস্তার ধারে প্রায় পুরো জনপদ উঠে এসেছে। দুপুর রোদে আমরা গিয়ে পুড়তে লাগলাম। প্রায় ঘণ্টা খানেক পর দেখি, দূর থেকে পুলিশের লোক একটা ডুলির মতো জিনিস ঝুলিয়ে আনছে। কাছে আসতেই দেখি, সেই ডাকাতের দেহটি চাটাই দিয়ে বেঁধে তা একটি বাঁশে ঝোলানো হয়েছে; আর দুজন লোক, সম্ভবত পুলিশেরই ভাড়া করা ডোম, তারা সেই বাঁশ কাঁধে করে বয়ে আনছে। ডাকাতের মুখটি বীভৎসভাবে হাঁ হয়ে আছে, জিবটি বেরোনো। তার শরীরের আর কোনো অংশ দেখা গেল না বলে গ্রামের মানুষ খুব মনঃক্ষুণ্ন হয়ে ফিরল। কারণ, শোনা গিয়েছিল তার সর্বাঙ্গ পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়েছিল।আর একটা স্মৃতি নাছোড়বান্দার মতো লেগে আছে। এক শীতকালের সন্ধ্যায় মনে হলো, সড়ক দিয়ে একটা অদ্ভুত শব্দ এগিয়ে আসছে। নিশ্চয় এটা কোনো বিচিত্র ধরনের শকট, যা আমরা আগে দেখিনি। লীলা আর আমি যথারীতি ছুট লাগালাম। অন্ধকারে চাষের জমির ওপর দিয়ে ছুটছি। চোখে আর কিছু নেই। দূরে সেই লাল-নীল-হলুদ বহুবিধ আলো জ্বলা একটা প্রায় অলৌকিক যান যেন এগিয়ে আসছে, আমাদের প্রবল সম্মোহনে টানছে। এমন সময় উঁচু টিবির মতন কী একটা যেন পার হতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর কোনো রকমে পড়িমড়ি করে উঠে সড়কের দিকে ছুট লাগালাম। গিয়ে দেখি, সেটা একটা মিলিটারি ট্রাক।তখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। বলিয়ারপুরের পুবপ্রান্তে দাঁড়িয়ে আমরা কুর্মিটোলার বিমানঘাঁটিতে যুদ্ধবিমানের ওঠা-নামা দেখতাম। তার প্রচণ্ড শব্দ আমাদের গ্রামের গায়ে আছড়ে পড়ত।বাড়ি ফেরার সময় লীলা বলল, ‘দাদা, তুই কব্বরের ওপর দিয়া গেসিলি তখন।’কেন জানি না, সেই রাতে আমার ধুম জ্বর এল, গায়ে কাঁপুনি দিয়ে।৩.এই তো দুই যমজ ভাইবোনের গল্প। এতে পাঠকের মনে অপু-দুর্গার ছক ভেসে উঠতে পারে, কিন্তু সেই গল্প বাংলার ঘরে ঘরে ছিল বলেই না এমন করে আমাদের মন টানে।দেশ ভাগ হলো, পতিতপাবন সরকারের পরিবার ১৯৪৭ সালেই চলে এল পশ্চিমবঙ্গে। এরপর লীলার যমজ দাদা ভারতের নাগরিক হয়ে যাবে, উদ্বাস্তুর শংসাপত্রসহ। ভারতে তার নিয়তি তৈরি হবে। ছোট গ্রাম থেকে বড় দেশ, তারপর সে একসময় বৃহৎ বিশ্বেরও কিছু পরিচয় পাবে।লীলা পড়ে থাকবে বলিয়ারপুরে, তারপর একসময়ে বালিকা-সময় না পেরোতেই তার বিয়ে হয়ে যাবে ভাদালিয়ার এক মধ্যবিত্ত চাষি গৃহস্থ পরিবারে। সেখানে তার জীবন অন্যভাবে চালিত হবে।এভাবে প্রায় অর্ধশতাব্দী পেরিয়ে যাবে।এবার ভাই ভেবেছে, যা হয় হোক, একবার গিয়ে দেখে আসবে যমজ বোনকে। এক শতাব্দীর চার ভাগের তিন ভাগ দুজনেই পার করে দিয়েছে, আর বেশি সময় কারও হাতেই নেই।দেখা যাক।