আমার বোন লীলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৈশোরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন যমজ ভাই আর বোন। সেই বিচ্ছেদ-বেদনা নিয়ে লিখেছিলেন ভাই রবীন্দ্রভারতীর সাবেক উপাচার্য পবিত্র সরকার। ছাপা হয়েছিল প্রথম আলোয়। আড়াই দশক পর মিলন হলো ভাইবোনের। লিখেছেন পবিত্র সরকারআপনারা সবাই জানেন, মোটামুটি দীর্ঘ জীবন পেলে যা হয়, স্মৃতি খুব তীব্র হয়ে ওঠে, বার বারই তার আশ্রয় নিতে ইচ্ছে হয়। তাই প্রথম আলোয় কর্মরত স্নেহভাজন কাজল রশীদ যখন বলেছিল আমার শৈশব নিয়ে একটি লেখা দিতে, তখন আমি স্মৃতি আর বর্তমান মিলিয়ে একটা লেখা লিখে পাঠিয়েছিলাম। আমার যমজ বোনের সঙ্গে আমার বিচ্ছেদ, আমার সঙ্গে দীর্ঘদিন দেখা না হওয়া—এসবের পটভূমিতে স্মৃতিবিষাদে জড়িয়ে নিয়েছিলাম সে লেখা। লেখাটি যে বাংলাদেশের এত মানুষ পড়বেন—ফোনে, ফেসবুকে, ই-মেইলে এত মানুষের সাড়া আমি পাব, তা আমি কল্পনাতেও আনতে পারিনি। এই একটি লেখা যে কত মানুষের সহানুভূতি উপার্জন করেছে, তার সংখ্যা নেই। বস্তুতপক্ষে আমার আর কোনো লেখার এই গৌরব জোটেনি। আমি সেই সব অসংখ্য সহূদয় পাঠক-পাঠিকার কাছে আমার গভীর কৃতজ্ঞতা জানাই।আমি যখন গত ৪ অক্টোবর ঢাকা যাই, এক শুষ্ক ব্যাকরণ লেখার কাজ করব বলে, আমি জানতাম না আমার জন্য কী অপেক্ষা করছে। বাংলা একাডেমীতে পৌঁছামাত্র অন্যতম পরিচালক শাহেদা এসে বলল, ‘স্যার, কোনো কথা শুনছি না, এবার আপনার বোনের সঙ্গে আপনাকে দেখা করতে যেতেই হবে। আমরাও আপনার সঙ্গে যাব।’ মহাপরিচালক জামান ভাই বললেন, ‘হ্যাঁ, নইলে আমরাই দোষী হয়ে থাকব। আচ্ছা, আপনি এতবার আসছেন-যাচ্ছেন, আমাকে আগে বলেননি কেন?’ এর কী উত্তর দেব। তাঁরই ডাকে গত দুই বছর নিয়মিত ঢাকা যাচ্ছি। যখনই যাই, বাংলা একাডেমী আমাকে প্রায় জামাই-আদরে রাখে। তাদের কাছে আর কত আবদার করা যায়? চক্ষুলজ্জা বলেও তো একটা ব্যাপার আছে, না কি? যা-ই হোক, আমার চক্ষুলজ্জাকে উড়িয়ে দিয়ে জামান ভাই বললেন, ‘আগামী রোববারই যান, ঘুরে আসুন আপনার বোনের কাছে। একটা মাইক্রোবাসের ব্যবস্থা হয়ে যাবে।’আমি ভাবলাম, আমি একা মানুষ, একটা মাইক্রোবাস আমার শারীরিক আয়তনের পক্ষে একটু বেশি বড় হয়ে যাবে না কি? রওনা হতে গিয়ে ষড়যন্ত্রটা পরিষ্কার হলো। শাহেদা যে সঙ্গে যাবে, সেটা আগেই ঠিক করে রেখেছিল, শুধু আমার কাছে ভাঙেনি। যাত্রাকালে দেখা গেল গ্রন্থাগারের মোবারক হোসেন, তরুণ কবি পিয়াস মজিদ, আবৃত্তিকার নিমাই মণ্ডল, ফটোগ্রাফার নাসির আলী মামুন, আমাদের ব্যাকরণের সহযোগী দুই কন্যা রুমানা আর শায়েরা এবং কাজল রশীদ—এরাও সঙ্গী হতে প্রস্তুত। আমি বললাম নিশ্চয়, নইলে মাইক্রোবাসের সম্মান থাকে কী করে। জামান ভাই বুঝেশুনেই সব ব্যবস্থা করেছেন। পঁচিশ বছর পরে বুড়ো যমজ ভাইবোনের দেখা হবে, দুজনেরই পঁচাত্তর পেরিয়ে গেছে, এটা ওদের কাছে একটা ঐতিহাসিক উপলক্ষ। ওরা তার সাক্ষী হতে চায়। বুঝতে পারলাম, ব্যক্তিগত জীবন-আখ্যান আর ব্যক্তিগত থাকছে না, শুধু ভাইবোনের মধ্যে থাকছে না। কিন্তু আমি ওদের ফেরাব কী করে, ওরা ওদের যেমন, তেমনই বাংলাদেশের অনেক মানুষের দোয়া আর আশীর্বাদ বহন করে আমার সঙ্গে চলেছে।গ্রামের নাম ভাদালিয়া, সুয়াপুর বাজার থেকে যেতে হয়। আমি পথ চিনি না, কিন্তু মোবারক আমার ছেলেবেলার স্কুল ধামরাই হার্ডিঞ্জ স্কুলের ছাত্র, ধামরাই তার চেনা। সে বলল, ‘চলেন দাদা, আমি সঙ্গে আছি, কোনো ভয় নাই।’ ধামরাই থানার মধ্যে সে গ্রাম, আর ঢাকা-আরিচা হাইওয়ে থেকে বাঁদিকে ঢুকতে হয়, কাজেই ‘অসুবিধা নাই’।তারিখটা ১২ অক্টোবর, ২০১২ জুম্মাবার। দলের মধ্যে আমিই একমাত্র বৃদ্ধ, কিন্তু আর সবাই তরুণ। ফলে তারা সঙ্গে বিচিত্র ধরনের কেক-বিস্কুট ফল-জল ইত্যাদি নিতে কোনো কার্পণ্য করেনি। আয়োজন দেখে মনে হলো যেন পৃথিবীর দূর-দুর্গম প্রান্তে কোনো বিজন মহাদেশে আমরা যাত্রা করছি, মানবসভ্যতার বাইরে বেরিয়ে গিয়ে অনেকটা পথ যেতে হবে, কাজেই ক্ষুধাতৃষ্ণার ঝুঁকি নেওয়া চলবে না। পথে লীলার পরিবারের জন্য মিষ্টিও কিনে নিল ওরা বেশ বড় এক বাক্স। এসব ব্যাপারে আমার যে কোনো ভূমিকা বা বক্তব্য থাকতে পারে, তা ওরা আমলের মধ্যে আনেনি।২.যাবার পথে ডানদিকে রেখে গেলাম আমার জন্মগ্রাম বলিয়ারপুর। ছেলেবেলায় ছিল চারপাশে জলে ঘেরা এক ঘিঞ্জি গ্রাম, বর্ষায় পথঘাট কাদায় ভর্তি থাকত, হাঁটু পর্যন্ত কাদায় ডুবে যেত, এখন তা আচ্ছা শহর, সামনে ট্রাকের গ্যারেজ, এসি রেস্তোরাঁ, শপিং সেন্টার আরও কত কী। গ্রাম আর হাইওয়ের মাঝখানে একটা নোংরা জলের খাল ছিল, কর্ণপাড়ার খাল। সেটা প্রেতলোকে প্রয়াণ করেছে, তা বুজিয়েই গড়ে উঠেছে গ্রামের নাগরিক মুখ। সাভার তো রীতিমতো নগর, আমার শৈশবের গ্রামীণ ছবির সঙ্গে তার কোনো মিল নেই। বাস ধামরাই ছাড়িয়ে গেল। লীলার এক নাতি গোবিন্দের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলাম, তার কথামতো বাস হাইওয়ে থেকে বাঁদিকে ঢুকে পড়ল, লক্ষ্য সুয়াপুর বাজার। ড্রাইভার ভেবেছিলেন, হাইওয়ে থেকে সুয়াপুর খুব বেশি দূর হবে না, আমার নিজের ভাই পরিতোষও এই রকম একটা ধারণা দিয়েছিল যে ধামরাই থেকে মাত্র পনেরো মিনিটের পথ। কিন্তু সে ধারণা খুব বাস্তবসম্মত ছিল না। রওনা হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে আমরা গিয়ে পৌঁছলাম ভাদালিয়া গ্রামের প্রান্তে, একটি বটগাছের তলায়। সেখানে লীলার আরেক নাতি সঞ্জয় আমাদের জন্য অপেক্ষা করছিল। তার সঙ্গে গ্রামের কাদাপিচ্ছিল পথে প্রায় মিনিট দশেক হেঁটে অবশেষে গিয়ে উঠলাম সেই বাড়ি।উঁচু বারান্দার ওপরে টিনের দেয়াল আর টিনের চালের ঘর, বারান্দার একপাশে একটি ছোট রান্নাঘর। কত দিন এমন ঘর দেখিনি। আমরা এসে পৌঁছাতেই বারান্দায় সারি সারি প্লাস্টিকের চেয়ার বসে গেল, গ্রামের আত্মীয়স্বজন আগেই খবর পেয়ে চলে এসেছিলেন, প্রতিবেশীরাও এসেছেন আমাদের দেখতে। লীলা আর আমি পাশাপাশি বসলাম, বাকিরা সবাই আমাদের ঘিরে। ওরা খুঁটিয়ে খুঁটিয়ে লীলাকে জিজ্ঞেস করছিল আমাদের শৈশবের কথা, আমিও জেনে নিলাম যখন আমাদের ইতিহাস আলাদা হয়ে গেল তার দু-একটি খবর। লীলাকে দেখলাম। আমাদের ভাইবোনদের মধ্যে ও-ই ছিল সম্ভবত সবচেয়ে সুন্দরী, কিন্তু আমি তো ওকে যৌবনে দেখিনি। এগারো বছরে জন্মভূমি ছেড়ে এসেছিলাম। ওই পর্বেও প্রায় চল্লিশ বছর আমাদের দেখা হয়নি। এবার দেখলাম ওর রং এখনো উজ্জ্বল আছে। আমার যেমন অনেকগুলো দাঁত পড়ে গেছে, ওর একটিও পড়েনি।এর মধ্যে মামুন ভাইয়ের ক্যামেরা চলতে শুরু করেছে। আমাদের তাঁর নির্দেশ মানতে হচ্ছে, নিজেদের ভিআইপি বা ফিল্ম-তারকা মনে হচ্ছে। ‘স্যার, এই খড়ের গাদা ধরে দাঁড়ান, স্যার, আপনার বোন আপনার কাঁধে একটু মাথা রাখুন, স্যার এই তুলসীগাছটার পাশে দাঁড়ান’—তার আবদার চলতেই থাকল। গ্রামের পথে নেমে হাঁটা শুরুর পর থেকে ছবি তোলা শুরু হয়েছিল, মাইক্রোবাসে ওঠা পর্যন্ত চলতে থাকল। আমার সারা জীবনে আমার ওপর এত ঘন ঘন ক্যামেরার দৃষ্টি নিক্ষিপ্ত হয়নি।লীলারা সাধ্যমতো সবার আতিথেয়তার আয়োজন করেছিল। আমি যা যা খেতে ভালোবাসি তা সে জানত, মুগডাল, বেগুনভাজা, ছোট কাঁচকি মাছের চচ্চড়ি, ফুলকপি দিয়ে কই মাছ করা হয়েছিল, তার ওপরে ছিল মুরগির মাংস। ব্রয়লার নয়, দেশি মুরগি। আমার নাতনিদের রান্নার হাত চমৎকার, আশা করি এটা আমার পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয়, ওরা সবাই খুব তৃপ্তি করে খেল। দেখলাম, লীলা ভালোই আছে। প্রতিবেশী মুসলমান পরিবারও তাকে ‘দিদা’ বলে ডাকে, গ্রামের সবাই তাঁকে বয়সের মর্যাদা দেয়, নানা রকম উপদেশ-পরামর্শ নেয়। ফেরার সময় আমাদের পৌঁছে দিতে সে-ও রাস্তা পর্যন্ত এগিয়ে এল।আসার পথে হিসেব করছিলাম, কতবার দেখা হয়েছে ওর সঙ্গে আমার দেশ ছাড়ার পর? এগারো বছর বয়সের পর? বোধ হয় বার তিনেক হবে? আরও দেখা হবে আশা নিয়ে ফিরলাম। সবাইকে নিয়ে ভালো থাক লীলা, আমার যমজ বোন। আমার শৈশব আর বালক কাল এখন একমাত্র ওরই কাছে গচ্ছিত আছে কিছুটা।