আমার লেখালেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের লেখার ঘরে শওকত আলী। ছবি: খালেদ সরকার
নিজের লেখার ঘরে শওকত আলী। ছবি: খালেদ সরকার

বাড়ির সবাই আমাকে চাঁদ বলে ডাকত। মা রেখেছিলেন নামটা। আমার জন্মের আগে মা নাকি স্বপ্ন দেখেছিলেন, জানালা দিয়ে তাঁর পেটে ঢুকে যাচ্ছে চাঁদ। তো, ওই চাঁদ নামটাই আমার পারিবারিক ডাকনাম। সবাই তা-ই ডাকত। আর ভালো নাম শওকত আলী। এই যে চাঁদ থেকে আমি শওকত আলী হয়ে উঠলাম, লেখক হয়ে উঠলাম—মাঝেমধ্যে ভাবি, লেখক হলাম কেন? লেখক হওয়া কি আমার নিয়তি ছিল?
ছোটবেলা থেকেই গল্পের বই পড়তাম। আমার যেখানে জন্ম সেটা একটা থানা শহর ছিল। রায়গঞ্জ। সেটা এখন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা হয়েছে। বাড়িতে আমার বাবার বইপত্র পড়ার ঝোঁক ছিল, মায়েরও ছিল একই ঝোঁক। পত্রপত্রিকা আসত নিয়মিত—আনন্দবাজার, আর যখন যুগান্তর বের হলো সেটাও আসত। প্রবাসী বলে একটা মাসিক সাহিত্য পত্রিকা ছিল, মনে আছে ছোটবেলা থেকেই পড়তাম সেটি; আর পড়তাম সওগাত। এগুলো পড়তে পড়তেই আমার বড় হয়ে ওঠা, মনের মধ্যে বাসা বাঁধল লেখালেখির বাসনা। কত-কী পড়তাম তখন! বিশেষ করে গল্প পড়তাম। আহা! জীবনের এই শেষ বেলায় অসুস্থতা আমার স্মৃতি খেয়ে ফেলেছে। তাই সেই শৈশবে প্রবাসী বা সওগাত পত্রিকায় কাদের লেখা পড়েছি, কোন কোন লেখকের গল্প পড়ে মুগ্ধ হয়েছি, সেসব আজ মনে নেই! তবে এটুকু মনে আছে, আমাদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়—এঁদের বই ছিল। আমার যখন স্কুলজীবন শুরু হলো, যখন উচ্চমাধ্যমিকের পড়ালেখা করলাম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে, তখনই কি এঁদের বই পড়েছিলাম? মনে নেই।
ও হ্যাঁ, মনে পড়েছে, তৃতীয় শ্রেণিতে থাকার সময়ই আমার মনে হতো, আমি কি কবিতা লিখতে পারব? তখন কবিতা লেখার চেষ্টা করতাম। তারপর রবীন্দ্রনাথ-নজরুলের কবিতা পড়তে শুরু করলাম। অন্ত্যমিল দিয়ে লিখলাম কবিতাও। পরে এটি আর বেশি দূর এগোয়নি। এরপর লিখতে চেষ্টা করলাম গল্প। সেসব গল্পের বিষয় ছিল বাস্তব জীবন থেকে নেওয়া। ছোট বয়সে তখন তো আর বাস্তবতার বড় অভিঘাতগুলো বুঝতাম না; বাস্তবতা বলতে আমার দেখা চারপাশকেই বুঝতাম। লিখতাম সেসব নিয়ে। যেমন: গাছ থেকে আম পাড়া নিয়ে গল্প, পলো আর জাল দিয়ে জেলেরা কীভাবে মাছ ধরে—এসব নিয়ে ছোট ছোট গল্প। যদিও এখন বুঝি, সেগুলো গল্প হতো না। তবে স্বীকার করতে হবে যে, এই বিষয়গুলোই আমার জীবনের পরিধি বাড়াচ্ছিল। কিন্তু তখনো আমার এই লেখাজোখা কারও চক্ষুগোচর হয়নি।
প্রত্যেক লেখকের বেড়ে ওঠার পেছনে অনেকের অবদান থাকে, প্রভাব থাকে। আজ মনে হয়, আমার লেখক হয়ে ওঠার শুরুর দিনগুলোতে পরিবার ভীষণভাবে প্রভাবিত করেছিল আমাকে।
বাবা পেশায় ছিলেন চিকিৎসক, তিনি লেখালেখি করতেন। স্থানীয় পত্রিকায় তাঁর বেশ কয়েকটি লেখা ছাপাও হয়েছিল। আর আমার মা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই সঙ্গে তিনি সুচিকর্ম করতেন। সেকালেই তাঁর হাতে ঘোরানো সেলাই মেশিন ছিল। তিনি এটা কিনেছিলেন শ্রীরামপুর থেকে। আমাদের পরিবারে মেয়েদের কাপড়চোপড় তখন বাড়িতেই সেলাই হতো। ছেলেদের ফিতে বাঁধা হাফ প্যান্ট বানানো হতো বাড়িতেই। এসব বলছি কারণ, আমাদের বাড়িতে বরাবরই সৃজনশীল আবহাওয়া ছিল, আধুনিকতার একটা প্রবাহ ছিল। অবশ্য তখন বুঝতাম না আধুনিকতা কী। কিন্তু বড় হয়ে বুঝেছি। এভাবেই আমরা বেড়ে উঠেছি। আর আমার লেখালেখির শুরু, লেখক-জীবনের সূচনাও এই প্রেক্ষাপটে।
তো, নবম বা দশম শ্রেণিতে পড়ার সময় একটি প্রতিযোগিতা হলো—স্কুলের বার্ষিকীতে লেখালেখি প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় আমি লিখে পাঠালাম একটি প্রবন্ধ। মনে পড়ে, আমাকে বই পুরস্কার দেওয়া হয়েছিল। আর ওই প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার ফলে আমি যে লেখালেখি করি, এটাও জানল সবাই।

২.
এখন অতীতের দিকে তাকালে মনে হয়, আমার প্রজন্মের মানুষের অনেককেই ভয়ানক ঘাত-সংঘাতময় অস্থির সময় পাড়ি দিতে দিতে জীবনযাপন করতে হয়েছে।
জ্ঞান-বুদ্ধি হওয়ার সময়ই শুনতে পাই, সারা দুনিয়াতে যুদ্ধ হচ্ছে আর দেখি রাতের বেলা ভূতের কান্নার মতো সাইরেন বাজছে আর সব বাতি নিভিয়ে ঘুরঘুট্টি অন্ধকার করে ফেলা হচ্ছে সারা শহরটাকে। একদিন সত্যি সত্যি বোমা পড়ল কলকাতার কাছে আর তখন শুরু হলো পালাও পালাও রব। গাঁটরি-বোঁচকা নিয়ে মানুষ ছুটছে রেলস্টেশনের দিকে—উদ্দেশ্য, গ্রামগঞ্জে, নয়তো মফস্বল শহরে ঠাঁই নেবে। ওই যুদ্ধ চলার সময়ই আবার লেগে গেল দুর্ভিক্ষ। রাস্তায় রাস্তায় কঙ্কালসার মানুষকে বসে নয়তো দাঁড়িয়ে ভিক্ষে চাইতে দেখা যেত। কাউকে কাউকে ডাস্টবিন থেকে পচা আর উচ্ছিষ্ট জিনিস তুলে নিয়ে খেতেও দেখা গেছে। বাইরে বেরোলেই মরা মানুষের লাশ চোখে পড়ত। ক্রমে যুদ্ধ-দুর্ভিক্ষ দুই-ই শেষ হলো বটে, তবে প্রায় সঙ্গে সঙ্গে মানুষের মুখে স্লোগান শোনা যেতে লাগল। একদিকে জয় হিন্দ আর ভারতমাতা কী জয়, অন্যদিকে, লড়কে লেঙ্গে পাকিস্তান। খবর শোনা গেল কলকাতা আর বিহারের মুঙ্গেরে মুসলমানদের মেরে কেটে সাফ করে দিচ্ছে হিন্দুরা আর মুসলমানরা নোয়াখালী, বরিশাল আর ঢাকায় একজন হিন্দুকেও রাখেনি। সবাইকে মেরে বাড়িঘর, সহায়-সম্পদ লুট করে নিচ্ছে। ওই রকম খবর শুনতে শুনতেই একদিন জানা গেল, ব্রিটিশরাজের দিন শেষ, তাদের ভারত সাম্রাজ্যকে হিন্দুস্তান আর পাকিস্তান—এই দুই ভাগে ভাগ করা হয়ে গেছে। পাকিস্তানে হিন্দুর জায়গা নেই আর হিন্দুস্তানে মুসলমান থাকলে তারা বেঘোরে মারা পড়বে। দেখা গেল চৌদ্দপুরুষের ভিটেমাটি ছেড়ে বউ-বাচ্চা, ভাই-বোন, মা-বাবাকে নিয়ে মানুষ পালিয়ে যাচ্ছে। হিন্দুরা যেদিকে মুসলমানরা তার উল্টো দিকে। একদিন রাতের অন্ধকারে গাঁটরি-বোঁচকা ঘাড়ে নিয়ে আমাদেরও জন্মভূমি আর ভিটেমাটি ছেড়ে পালাতে হলো। এসব ঘটনায় সর্বস্ব হারানো মানুষের অসহায়ত্ব যেমন দেখা গেছে, তেমনি দেখা গেছে নতুন জায়গায় বসবাসের জন্য ভিত গড়ার দুর্মর ইচ্ছা এবং প্রাণপণ চেষ্টাও।
নতুন জায়গায় ভিত গড়ার চেষ্টা চলল বটে কিন্তু চারদিকের ঘটনায় মনের মধ্যকার অনিশ্চয়তা বোধ থেকেই গেল। কারণ, নতুন জায়গার জীবন তো রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল। তখন কলেজে পড়ি, ভাষা আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। সরকারবিরোধী আন্দোলনে তরুণেরা ঝাঁপিয়ে পড়ছে। ১৯৫৪ সালের নির্বাচনে পাকিস্তান কায়েমকারী দল মুসলিম লীগের নাম-নিশানা পূর্ববাংলা থেকে মুছে যাওয়ার দশা হলো। বিজয়ী যুক্তফ্রন্ট সরকার গঠন করলেও পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তাদের ক্ষমতা থেকে হটিয়ে দিল। ৯২/ক ধারা জারি করে হাজার হাজার মানুষকে জেলে পোরা হলো। আর তাতে বোঝা গেল, পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন আর সাম্রাজ্যবাদ বিরোধিতাই পূর্ববাংলার রাজনীতিতে প্রধান বিষয় হয়ে উঠবে। কিন্তু রাজনীতি সরাসরি সেদিকে গেল না। শুরু হলো নানা ধরনের টালবাহানা আর দলাদলি। সামরিক বাহিনী ক্ষমতা দখল করল ১৯৫৮-তে। দুই বছর যেতে না-যেতেই ছাত্ররা শুরু করে দিল সামরিক শাসনবিরোধী আন্দোলন। ’৬২-এর পর থেকে আর থামাথামি নেই। দেখা গেল সমগ্র পূর্ববাংলায় জাতীয়তার চেতনা প্রবল হয়ে উঠেছে। ’৬৮-’৬৯-এর গণ-অভ্যুত্থান পাকিস্তানি শাসনের শেষ ঘণ্টা বাজিয়ে দেয়। তারপর এসে যায় মুক্তিযুদ্ধ এবং দেশের সব মানুষ ওই যুদ্ধে শরিক হয়ে বাংলাদেশকে স্বাধীন করে। ওই যুদ্ধে লাখ লাখ মা-বাবা, ভাই-বোনকে হারায় এ দেশের মানুষ।

কলেজে পড়ার সময় বহু তরুণের মতো আমিও আন্দোলনে শামিল হয়েছি, আর তাতে কারাবাসেও যেতে হয়েছে। স্বল্পকালের হলেও কারাবাসের অভিজ্ঞতা নানা দিকে নজর দিতে শিখিয়েছে। তেভাগা আন্দোলনে যাঁরা শরিক ছিলেন, সেসব মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ হয়। এমনকি দাগি অপরাধীদের সঙ্গেও গল্প-গুজব হতো। তবে সবাই যে দাগি আসামি ছিল, তা নয়। ময়মনসিংহ অঞ্চলের কৃষক আন্দোলনে শরিক হাজংদের নানা ধরনের ফৌজদারি মামলায় ফাঁসিয়ে দিয়ে জেলে সাজা খাটানো হয়েছিল। তাদের সঙ্গে প্রায়ই আলাপ হতো।
কারাবাস শেষে কলেজের পাট চুকিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গৃহশিক্ষকতার সুবাদে ঢাকার মধ্যবিত্ত পরিবারে নাগরিক জীবনযাপনের নানা টানাপোড়েনের ঘটনা চোখে পড়ে। তরুণদের রাজনীতি আর সংস্কৃতিচর্চা বা লেখালেখি অথবা প্রেম-ভালোবাসা কিংবা প্রতারণা আর স্বার্থপরতা-সংক্রান্ত বহু কিছু জানার সুযোগও ওই সময়ই হয়। তারপর ঠাকুরগাঁও কলেজে শিক্ষকতা করার সময় ওই অঞ্চলের গরিব কৃষিজীবী মানুষের সঙ্গেও মেলামেশা করতে ভালো লাগত। বিশেষ করে আদিবাসী রাজবংশী আর সাঁওতাল সম্প্রদায়ের সঙ্গে। ঠাকুরগাঁও আর দিনাজপুরে যাওয়া-আসার পথে বাসের ড্রাইভার-হেলপারদের সঙ্গে পরিচিত হই, বন্ধুত্বও হয় অনেকের সঙ্গে। কর্মজীবনে শ্রমজীবী মানুষদের সঙ্গে সম্পর্ক ও ঘনিষ্ঠতা হওয়ার ফলে আমার এই ধারণা জন্মায় যে আমরা, ভদ্দরলোকেরা, এঁদের থেকে আলাদা। এঁদের চিন্তাভাবনা, জীবনযাপন—সবই অন্য রকম, যার নাগাল সহজে পাওয়া যায় না। অথচ পুরো সমাজটা দাঁড়িয়ে আছে এঁদেরই ওপর।
এসব ধারণা আর অভিজ্ঞতা আমার ভালো লাগা-মন্দ লাগা, আমার চিন্তাভাবনা আর আত্মপ্রকাশের ইচ্ছার সঙ্গে মিলেমিশে গেছে। এই প্রক্রিয়াটি আমার মনে হয়, বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তের ফল নয়, এটা ঘটেছে আপনা থেকে। স্বভাবের কারণে।
এই যে সংক্ষিপ্ত পরিসরে নিজের জীবনকে তুলে ধরলাম, এই জীবন—জীবনের রূঢ় বাস্তবতাই আমাকে লেখক হিসেবে তৈরি করেছে।
যত দূর মনে পড়ে, আমার প্রথম গল্প ছাপা হয়, দিনাজপুরের কোনো কাগজে। সেই কাগজের নাম কিংবা সেই গল্পের নাম—কোনোটাই এখন আর মনে নেই। পরে বিএ পরীক্ষা দিয়ে ঢাকায় এসে জুটে গেলাম কবি হাসান হাফিজুর রহমানের সঙ্গে। তাঁর সূত্রেই পরিচয় হলো সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফরের সঙ্গে। তখন থেকেই সমকালে লেখালেখি ও কাজের শুরু। আজ পেছন ফিরে তাকালে মনে হয়, এই দুই কীর্তিমান লেখক আমার লেখক-জীবনকে নানাভাবে পরিচর্যা করেছেন।

>প্রত্যেক লেখকের বেড়ে ওঠার পেছনে অনেকের অবদান থাকে, প্রভাব থাকে। আজ মনে হয়, আমার লেখক হয়ে ওঠার শুরুর দিনগুলোতে পরিবার ভীষণভাবে প্রভাবিত করেছিল আমাকে

নিজের এবং নিজের প্রজন্মের অভিজ্ঞতার বয়ানের সঙ্গে আমার সাহিত্য রচনার প্রয়াসের সম্পর্ক কতখানি, তা তো সঠিকভাবে বলতে পারব না। আমি শুধু জানাতে পারি নিজের উপলব্ধি: মিথ্যাচার, লোভ, দমন-পীড়ন, জিঘাংসা হত্যাতেই জীবনধারার অবসান হয় না। সব রকম ধ্বংস ও বিপর্যয়ের পরও জীবনের ধারা অনবরত বয়ে চলে এবং সৃজনশীলতার ফুল ফোটায়। জীবনের কথাই যদি সাহিত্যের কথা হয়, তাহলে পাশবিকতা, ধ্বংস ও বিপর্যয় যেমন বাস্তবতা ও সাহিত্যের বিষয়, তেমনি ওই সবের পাশাপাশি ফুল ফোটানোর বাস্তবতাও সাহিত্যের বিষয়। এটা গ্রিক সভ্যতার যুগে যেমন সত্য, এই বিশ্বায়নের যুগেও তেমনি সমান বা খানিক বেশি রকমই সত্য। ব্যক্তির আপেক্ষিকতা মুক্ত স্বয়ম্ভর বিচ্ছিন্ন অস্তিত্বের যতই গুণগান করা হোক, কি সংসার-সম্পর্কহীনতাকে যতই প্রগতিশীলতার পরিচায়ক বলে ঘোষণা করা হোক, ভবিষ্যতে কী হবে জানি না, তবে এখনো ওসব কথা চমকমারা বুলি ছাড়া অন্য কিছু মনে হয় না।
মানুষকে এবং তার জীবনকেই, সব রকম অনুষঙ্গসুদ্ধ তুলে ধরার চেষ্টা করেছেন বর্তমানের লেখকেরা, আর আমি সেই লেখকদের সারিতেই নিজের একটু-আধটু অবস্থান লাভের চেষ্টা করি মাত্র।