আমার শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজলুল হক হলের হাউস টিউটরের কোয়ার্টারসে থাকতাম তখন। একদিন মাইক্রোফোনে ভেসে আসা গান শুনলাম, গাইছিলেন সোহরাব হোসেন। —‘মেঘবরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে’। যেমন কণ্ঠমাধুর্য, তেমনি কারুকাজ। সেজদি আর আমি মুগ্ধ হয়ে গেলাম শুনে। খবর পেলাম ফজলুল হক হলের পূর্ব দিকের গেটের ওপাশে রেলওয়ের ডাক্তার সাহেবের ছেলে আতিকুল ইসলামকে উনি বাড়িতে গান শেখান। আমারও গান শেখার ব্যবস্থা হয়ে গেল সোহরাব হোসেনের কাছে।টানা তিন বছর গান শিখেছিলাম আমি। নানা রকমের গান—আধুনিক, পল্লিগীতি, নজরুলগীতি। গান দ্রুত তুলে নিতাম বলে সোহরাব ভাই খুব খুশি। অন্য ছাত্রছাত্রীর চেয়ে আমার প্রতি বিশেষ পক্ষপাত আর স্নেহ ছিল তাঁর। রবীন্দ্রসংগীতের রসে মজে যাওয়ার আগে পর্যন্ত সোহরাব ভাইকেই আমার একমাত্র গুরু মেনেছি, তাঁর আগে আর যার কাছেই শিখি না কেন, তাঁর সঙ্গে দুষ্টুমি করতেও ছাড়তাম না। বাইরের ঘরে বসে গান শেখানো হয়ে গেলে উনি যেই-না সিগারেট ধরাতেন, আমি উচ্চ স্বরে আম্মুকে ডাকতে শুরু করতাম। সোহরাব ভাই বলতেন, ‘এই দ্যাখো দিনি!’ ততক্ষণে আম্মু এসে হাজির। সোহরাব ভাই সোফার পাশে হাত নামিয়ে রেখেছেন আর ধোঁয়ার রেখা ওপরে উঠে যাচ্ছে। আম্মু দেখেশুনে তাড়াতাড়ি ফিরে যেতেন! সোহরাব ভাইয়ের বাড়ি পশ্চিমবঙ্গের ‘বাদকুল্লা’তে, তাই বিভূতিভূষণের ইন্দিরা ঠাকরনের মতো তাঁর ভাষা।মুকুল ফৌজের ‘আমাদের বোন ফৌজ’ শাখায় মাঝেমধ্যে সোহরাব ভাইকে ধরে নিয়ে আসতাম ছোটদের গান শেখাতে। সোহরাব ভাইয়ের মাংসল পুরুষ্টু গান দেখে এক দুষু্ব মেয়ে ওকে ডাকতে শুরু করেছিল ‘চমচম’ বলে। একবার প্লেনে কোথায় যেন যাচ্ছেন, হঠাৎ শোনেন ‘চমচম!’ এদিক-ওদিক তাকিয়ে দেখেন কেউ তাঁর দিকে তাকিয়ে নেই। আবার খানিক পরে ‘চমচম!’ এবার নিরীহ মুখের এক মেয়েকে সন্দেহ হলো। ঠিকই। মুকুল ফৌজের সেই ফ্রক-পরা মেয়ে এখন বড় হয়ে গেছে।‘ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন’ শুরু করার আগে তাঁকে গিয়ে ধরেছিলাম, ‘সোহরাব ভাই, আমরা স্কুল করছি। আপনাকে কিন্তু আসতেই হবে!’ আমি বললে আসবেন বৈকি! এমন মজা করে ছোটদের গান শেখাতেন! ওরাও জমিয়ে গাইত। পরের দিকে শেখ লুতফর রহমান সাহেবও ছায়ানটের স্কুলে গান শেখাতেন। তখন দুজনের রগড় দেখে হেসে মরত সবাই। ওকে সোহরাব ভাই বলতেন, ‘অ্যাই তৈমুর লঙ্গ! চল তোকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে নিয়ে যাই।’ আমি শুনে জিব কেটে সরে পড়তাম। লুতফর ভাইয়ের খুঁতো পা নিয়ে মজা করা দেখে লজ্জা পেতাম। কিন্তু ওদের হাসি-মশকরা চলতে থাকত। পাকিস্তান হওয়ার পরে বাইরে থেকে ঢাকায় এসে সংগীতশিল্পীরা মিলে জিন্দাবাহারে একটা মেস করে থাকতেন। সেই নবীন যৌবন থেকে তাদের বন্ধুত্ব চলে আসছে।মেসেরই আরেক সঙ্গী ছিলেন মমতাজ আলী খান। তাঁকে সোহরাব ভাই বলতেন, ‘নাচ তো সেই রকম, যে নাচ কলকাতায় সাহেবদের দেখিয়েছিলি!’ পান চিবুতে চিবুতে মমতাজ ভাই মিটিমিটি হাসতেন শুধু। কাহিনিটা একদিন শোনা গেল। কলকাতার মেসে মমতাজ ভাইদের সঙ্গে থাকতেন কবি জসীমউদ্দীন। তিনি একদিন ঘরে ফিরে মমতাজ ভাইকে বললেন, ‘শোন দুই সাহেব আসবে। তুই মাথায় লাল গামছা বেঁধে নেচে নেচে গান গাইবি।’ শুনে তো মমতাজ ভাইয়ের চোখ কপালে। বলেন, ‘সে আমি পারব না’। কবি সাহেব ধমক দেন, ‘খুব পারবি’। নিজেই নেচে-গেয়ে দেখান। মমতাজ ভাই গোসলখানায় গিয়ে ঢুকলেন। কিছুক্ষণ পরে শব্দ পেলেন কারা সব এল। গোসল হয়ে গেলেও, আর কি উনি বেরোন! খিল এঁটে বসে রইলেন। এই ঘটনা নিয়েই সোহরাব ভাই খেপাতেন মমতাজ ভাইকে। জাহিদুর রহিমের পেছনেও লাগতেন তিনি। এ ক্ষেত্রে অবশ্য তুই-তোকারি নয়, তুমি তুমিই চলত।একবার কোনো এক চ্যানেলে সোহরাব ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য আরেক নজরুলের গানের প্রতিষ্ঠিত শিল্পীকে ডাকার কথা। সোহরাব ভাই শুনে খেপে গেলেন। ‘ওরা কি জানে আমার কথা? মিনুকে (আমার ডাকনাম) ডাকো—ও সব জানে!’ এই হলেন আমার সোহরাব ভাই।ইদানীং বেশ কিছুদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে। ফলে মেজাজটাও ভালো থাকে না। ছায়ানটে ওকে ‘সম্মানিত শিক্ষাগুরু’ করার বেশ কিছুদিন আগে ক্লাস নিয়ে মহা গড়বড় হয়ে গেল। ছাত্রছাত্রীদের বলেছেন, ‘আমি শুক্কুরবারে ক্লাস নিতে পারব না, শনিবারে নেব’। তাই সই। পরের সপ্তাহে শুক্রবারে ছেলেমেয়েরা এল না। আর সোহরাব ভাই এসে তুমুল চোটপাট! ‘হ্যাঁ আমি দুপুরে ভালো করে বিশ্রাম না নিয়ে ক্লাস নেবার জন্য ছুটে আসি, আর ছেলেমেয়েরা নেই?’ বোঝাতে চেষ্টা করলাম—‘ওমা! আপনি যে গত সপ্তাহে ওদেরকে শনিবারে আসতে বললেন!’ কিছুতেই মানবেন না, রেগেমেগে চলে গেলেন। আর আসবেন না ছায়ানটের স্কুলে!একদিন দাদা (ছায়ানটের সাইফউদদ্দৌলা) আর আমি গেলাম ওঁর বাড়িতে মান ভাঙাতে। তাই কি মানেন? শেষে ভাবিকে বললাম—‘ভাবি, আজ ভাত খাব।’ তাড়াতাড়ি মুরগি জবাই করে রান্না হলো। খেয়ে উঠতে উঠতে প্রায় তিনটা। সংগীত বিদ্যায়তনের ক্লাস তিনটা থেকে। সোহরাব ভাই আমাদের বললেন, ‘চলো, আমি মোটরসাইকেল নিয়ে বার হচ্ছি।’এ রকম মান-অভিমান হয়েছে আরও। ‘সম্মানিত শিক্ষাগুরু’ হিসেবে দেওয়া সম্মানি নেবেন না কিছুতেই। অর্থ নিয়ে গেলে আমাদের কর্মীকে ভাগিয়ে দেন। একদিন বিকেলের দিকে কাকে যেন সঙ্গে নিয়ে গেলাম ওঁর বাসায়। খবর পেয়ে ভেতর থেকে বেরিয়ে আমার দিকে না তাকিয়ে জোরে জোরে বলতে লাগলেন, ‘আমার এখন চোখের ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, বেরোতে হবে।’ লক্ষণ দেখে চুপ করে থাকলাম। ভাবিকে লজ্জায় ফেলে দিয়ে সোহরাব ভাই বেরিয়ে গেলেন। আমি থাকলাম বসে। ভাবিকে বললাম, ঠিক আছে, ফিরবেন তো ডাক্তারের ওখান থেকে। গল্পগাছা করে সময় কাটালাম। তারপর ফিরলেন সোহরাব ভাই। আমাকে বসে থাকতে দেখে একটা লজ্জা লজ্জা ভাব হলো মুখে। বললেন, ‘কী ব্যাপার বলো।’ বললাম আপনার কিছু পাওনা টাকা এনেছিলাম, এটা কি ভাবির কাছে দিয়ে যাব? বললেন, ‘না না না না! ও পান খেয়ে সব উড়িয়ে দেবে।’ বলে আমার হাত থেকে টাকার খাস প্রায় ছিনিয়ে নিলেন। ব্যস, আমার কাজ হাসিল।শাহীন আক্তারকে (সামাদ) খুব স্নেহ করেন ওর নজরুলগীতির গায়কির জন্য। শাহীন ক্লাস সেভেনে পড়ার সময়ে বিদ্যায়তনে ভর্তি হয়ে ওঁর কাছে গান শিখেছে। এখন সোহরাব ভাইয়ের বাসায় যেতে হলে শাহীনের সঙ্গে যাই। সঙ্গে নিই নানরুটি-কাবাব, ওঁর প্রিয় খাদ্য। একবার ভাবিকে বলে এসেছিলাম, ভাবি, আপনার রান্না খাব একদিন। সময় করে শাহীনকে নিয়ে গেলাম। সোহরাব ভাই দোকানে গিয়ে নিজে দই-মিষ্টি কিনে এনেছেন আমাদের জন্য। কিন্তু বিনা স্বার্থে নয়! বহুদিনকার ডায়াবেটিস কিনা, নিজের জন্যও সুযোগ করে রাখা আরকি। ভাবি কেবলি নালিশ করেন, ‘দেখ না, তোমার ভাইকে যত মানা করি ততই ফ্রিজ খুলে খুলে মিষ্টি খাবে!’ সেদিন খেতে বসে পাতে পোলাও আর মাংস নিয়ে বললেন, ‘ও বউমা! কই আমাকে দই দাও!’ ছেলের বউ ফ্রিজ থেকে তাঁর জন্য ঘরে পাতা টক দই নিয়ে এলে রেগে গেলেন। ‘যে দই এনিছি, সে কই গেল?’ দিতে হলো দোকানের মিষ্টি দই। সেদিনই সোমা (বড় মেয়ে) জানিয়েছে, স্কয়ার হাসপাতালে এবারে ওঁকে পরীক্ষা করে ওরা বলেছে, ‘পায়ের পাতা কেটে ফেলতে হবে।’ আর এ রকম করে চললে গ্যাংগ্রিনের জন্য পুরো পা-ই না কেটে ফেলতে হয়। দেখলাম পায়ের পাতায় ব্যান্ডেজ বাঁধা। সোমা বলল, ‘উনি কিছুই জানেন না এখনো, পায়ের তিনটা আঙুলই কেটে ফেলতে হয়েছে। আর এত যে বলি কিছুতেই কথা শুনবেন না।’ বলতে বলতেই সোহরাব ভাই বৈঠকখানায় এসে বললেন, ‘কই? মিনুকে মিষ্টি দাও।’ শাহীন আর আমার জন্য দই-মিষ্টি আসতেই বললেন, ‘আমাকেও দাও! বিসমিল্লাহ বলে খেয়ে নিলে কিচ্ছু হবে না’। সেই দিতেই হলো!এখনো সোহরাব ভাই রয়েছেন স্কয়ার হাসপাতালে। সোমা কান্নাকাটি করছে, ‘ফুফু আপনারা দোয়া করেন, আব্বা যেন ভালো হয়ে বাসায় ফিরে আসে।’ শরীরে নানা রকম ইনফেকশান। ছোট ছোট স্ট্রোকও নাকি হয়ে গেছে। উল্টোপাল্টা কথা বলছেন। চিনতে পারছেন না কাউকে। নাকে খাবার দেওয়ার নল লাগানো। কাল সোমা বলল, ইনফেকশনগুলো সেরেছে। এখন খেতে চাইছেন, চিনতেও পারছেন লোকজনকে। আমাদের সোহরাব ভাই যেন আবার আমাদের মধ্যে ফিরে আসেন, এই আমাদের আকাঙ্ক্ষা। আমরা তাঁকে বড় ভালোবাসি যে!