কবি আল মাহমুদকে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই। বাংলা কবিতা যাঁদের হাত দিয়ে আধুনিকতায় পৌঁছেছে, আল মাহমুদ তাঁদের অগ্রগণ্য। পঞ্চাশের দশক থেকে বাংলা সাহিত্যের ফসলি জমিনকে তিনি আরও উর্বরতা দিয়েছেন। কবিতার পাশাপাশি ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শিশুসাহিত্যেও তাঁর সাফল্য ঈর্ষণীয়। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক, আট খণ্ডে বেরিয়েছে রচনাবলি।সাক্ষাৎকার নিয়েছেন আবিদ আজমপ্রশ্ন: আপনি একসময় ঢাকাকে বাংলা সাহিত্যের রাজধানী ঘোষণা করে পরবর্তী সময়ে আর এ ব্যাপারে কথা বলেননি, কেন?আল মাহমুদ: কথাটি সত্যি। শুরু থেকেই বলে আসছিলাম, ঢাকাই হবে বাংলা সাহিত্যের রাজধানী। এখন এ কথা সত্য বলে প্রমাণিত হয়নি? কলকাতা এত বড় একটা নগর কিন্তু সেখানে একটা বিশেষ এলাকায় শুধু বাংলা বলা হয়। বাঙালিদের ঘরে ঘরে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যবিত্তের ঘরের সন্তানেরা ইংরেজি ও হিন্দি জানেন, প্রকৃতপক্ষে তাঁরা বাংলা জানেন না। কলকাতা ও পশ্চিমবঙ্গের মধ্যবিত্তদের ২০০ বছরের গৌরব, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ—এঁদের রক্ষা করবে কে? যদি কলকাতায় বাংলা সংকীর্ণতর হয়ে আসে, তাহলে কী উপায় হবে? আমাদের সাম্প্রদায়িক হলে চলবে না। ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ কিংবা মধুসূদনকে তো আমরাই চর্চা করছি এবং প্রমাণ করেছি। ঢাকা শুধু বাংলা সাহিত্যেরই রাজধানী নয়, বাংলা ভাষারও রাজধানী। এসব বিষয়ে আগে অনেক বলেছি। এখন আমি অন্ধ এক বৃদ্ধ মানুষ। কী বলতে কখন কী বলে ফেলি। এখন তো আমার ভেতর সেই তারুণ্যটা নেই। আমার বয়স হয়েছে। আমার মধ্যে চিন্তার স্থবিরতা হয়তো আছে, অস্বীকার করব না।প্রশ্ন: আপনাকে বর্তমানে বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি বলে আখ্যায়িত করা হয়। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?আল মাহমুদ: আমি সবার বড়—এমন দাবি আমি করতে পারি না।তুমি আমার সোনালী কাবিন-এ জসীমউদ্দীন কিংবা জীবনানন্দ কাউকেই খুঁজে পাবে না। পাবে একটা বাংলাদেশকে, যেখানে তুমি বাস করছ। আমি আমার দেখা দেশের প্রকৃতি, নদ-নদী, নারী, ফুল, পাখি, মাছ, আমার দেশের সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য এ বিষয়গুলো আমার লেখায় আনার চেষ্টা করেছি। আমি নতুন শব্দ, আঞ্চলিক শব্দ সাহিত্যে আহরণ করার চেষ্টা করেছি। একজন মৌলিক কবির জন্য নিজস্ব ভাষা আবশ্যক, যেটা আমি করেছি। সাহিত্যের বিচারে আমার যে স্থান, সে স্থান নির্ধারিত হবেই। সাহিত্য শেষ পর্যন্ত কাউকে ঠকায় না। আমি মরে গেলেও বাংলা সাহিত্যে সুবিচার পাব বলে আশা রাখি। আমাকে সবাই যদি অন্যতম প্রধান কবি বলে, তাহলে আমার অখুশি হওয়ার কিছু নেই।প্রশ্ন: এখন যাঁরা লিখছেন, তাঁদের কথা কী বলবেন?আল মাহমুদ: কবির কাজ হলো অন্যকে স্বপ্ন দেখানো। অন্যকে স্বপ্ন দেখাতে হলে ভাষায় যে উপাদানগুলো প্রয়োজন, এটি কবিকে আয়ত্ত করতে হয়। আমি মনে করি, আধুনিক বাংলা কবিতা এমন একটি অবস্থায় পৌঁছেছে, এখান থেকে তার একটা মোড় ফেরা উচিত। কোথাও চলে যাওয়া উচিত। প্রত্যেক ভাষার একটা গতি আছে, একটা পিরিয়ড আছে। আধুনিক কবিতা কতকাল আধুনিক থাকে? পঞ্চাশ কিংবা এক শ বছর? বাংলা কবিতা বহুদিন ‘আধুনিক’ থেকে গেছে, আমরা সেখান থেকে অগ্রসর হতে পারিনি। হয়তো সামনে এমন কেউ আসবে, যারা ভাষার খোলনলচে পাল্টে দেবে। আমি নতুনদের পড়াশোনা করে সাহিত্যে নতুন কিছু সৃষ্টির আহ্বান জানাই।প্রশ্ন: একজন কবি হয়ে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আপনি ভীষণ গুরুত্বপূর্ণ, এটা ব্যক্তি হিসেবেও। আপনার ব্যক্তিগত জীবনে পথ ও মতের পরিবর্তন অনুভব করেছেন, লেখাতেও?আল মাহমুদ: (একটা দীর্ঘ হাসি দিলেন মাহমুদ) প্রশ্নটা আমি বুঝতে পারছি। কই ভাই, আমি তো শুরু থেকে কবিই ছিলাম। হতে পারে আমি একসময় মার্ক্সসিস্ট ছিলাম। তাঁদের জন্য লড়াই করেছি। পত্রিকা বের করেছি। জেল খেটেছি। কী না করেছি। আমি সৎ ছিলাম। পার্টি আমাকে দোষারোপ করতে পারেনি। আমি দাঁড়িয়ে থাকতে পারিনি। কে দাঁড়িয়ে আছে নিজের স্থানে? আমি কমরেডদের যে ত্যাগ স্বীকার দেখেছি! আহা, একটা তরুণ সারা জীবন ধরে খাটছে। তারা পরিবারের জন্য কী করেছে, নিজের জন্যই কী করেছে? তাদের এই ত্যাগটা দেশের মানুষের জন্য। আমি কি এটাকে অগ্রাহ্য করতে পারি? শান্তি ও সাম্যের জন্যই তো ওরা কাজ করেছে। এখন কি এমন দেখো? ওই বিষয়ে আমি ভুলে যেতে পারি না। মানুষের ত্যাগের কি কোনো মূল্য নেই। সোনালী কাবিন-এ আছে, ‘আমাদের ফসলের হোক সুষম বণ্টন’। এটা কিসের শিক্ষা? ইসলামের-সাম্যের। এ বিষয়ে ভাই বেশি কিছু বলতে চাই না।প্রশ্ন: পৃথিবীর অনেক বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কবিরা—ফরাসি, রুশ ও বাংলায়। সেই চেতনা থেকে আপনি যে জাগরণের কথা বলেন, সেখানে বাংলাদেশের কবিরা কী করছে; কিংবা আপনি?আল মাহমদু: আমার যে কাজ, আমি সেটা করেছি। কেউ যদি অনুভব না করে, তাহলে আমি ব্যর্থ। এখানে সত্য ও কল্যাণ প্রতিষ্ঠায় শুধু অস্ত্রের লড়াই পারবে না, ইন্টেলেকচুয়ালিটি লাগবে। কারণ, আমার কাছে কোনো ক্ষেপণাস্ত্র নেই, বুদ্ধিবৃত্তিকভাবে কিছু করতে হবে। কারও কারও মধ্যে সেই গুণটা আছেও। আমি তো আর মহাজাগরণের জন্য মহাকাব্য লিখে ফেলতে পারছি না। নজরুলের কাঁধে যে দায়িত্ব ছিল, আমারও কি সে দায়িত্ব? আমি মনে করি না সমাজবিপ্লব ঘটানোর জন্য মিছিলে নেমে আসার প্রয়োজন। আমি মোটেও রাজনৈতিক ব্যক্তি নই। আমি তো কবিতাই লিখব। সত্য, সুন্দর ও প্রেমের পক্ষে এক নীরব বিপ্লব আছে আমার লেখায়। পড়ে দেখো। আমি তো কবিতার জন্য, মানুষের জন্য জীবনটাই উৎসর্গ করে দিলাম। ভয় পাইনি। তোমরা কী করো? হিমালয়পরিমাণ দায়িত্ব আমার একার নয়, সবার—সব কবির। সব মানুষের। পাবলো নেরুদা আমার প্রিয় কবি, আমি কি তাঁর মতো দুঃসাহসী? একজন কবির যে দায়িত্ব, আমি তা পালন করেছি।প্রশ্ন: মূলত রক্তে-মাংসে কবি হয়েও কথাসাহিত্য, গল্প, উপন্যাসেও তো সমান কাজ করলেন। আল মাহমদু: আমার বন্ধু শহীদ কাদরী বলত, গল্পকার আল মাহমুদই শ্রেষ্ঠ। আমার যা করার আমি তা করেছি। হয়তো অনেক কিছুই করার ছিল। এখন শান্তিপূর্ণ সমাপ্তি দরকার। স্বীকার করছি, আমার লেখায় মৃত্যুর কথা চলে আসে। প্রশ্ন: ‘আজি হতে শত বর্ষ পরে’ আপনার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নিজের লেখার ব্যাপারে ভবিষ্যদ্বাণী করে গেছেন। আল মাহমুদ সম্পর্কে নিজেই বলুন।আল মাহমুদ: কবির কখনো মৃত্যু নেই, কবির ধ্বংস নেই, বিনাশ নেই। আমার কোনো অপ্রাপ্তি বোধ যেমন নেই, দুশ্চিন্তাও নেই। আমার কাজের কারণে ইতিহাস আমাকে মনে রাখবে। আমি থাকি আর না থাকি, আমার সাহিত্য অনন্তকাল বেঁচে থাকবে। আমি যুগ যুগ ধরে পঠিত হব।