এ বছর অদ্বৈত মল্লবর্মণের জন্মশতবর্ষ। কৈবর্তসমাজে জন্ম নেওয়া এ কথাশিল্পীর তিতাস একটি নদীর নাম উপন্যাস তাঁকে পৌঁছে দিয়েছে অন্য এক উচ্চতায়। জন্মশতবর্ষে তাঁকে নিয়ে এ লেখা
আমার ‘তিতাস’ পাঠ
১৯০০বাংলা উপন্যাসের কাহিনি—কেন্দ্রে ছিল জমিদার, সামন্ত আর ধনীরা। বঙ্কিমচন্দ্রের প্রথম দিকের উপন্যাসগুলোতে এই বক্তব্যের সমর্থন আছে। কৈবর্তদের মতো প্রান্তজনদের উপন্যাসের কেন্দ্রে প্রথমবারের মতো উপস্থাপন করলেন মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) তাঁর পদ্মানদীর মাঝি উপন্যাসে।মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি প্রকাশিত হয় ১৯৩৬ সালে। অদ্বৈত মল্লবর্মণের (১৯১৪-১৯৫১) তিতাস একটি নদীর নাম প্রকাশিত হয় ১৯৫৬ সালে। লক্ষণীয়, মানিকের মৃত্যু-বছরেই অদ্বৈতের উপন্যাসটি প্রকাশ পায়।উপন্যাস দুটোর প্রকাশকালের মধ্যে ব্যবধান ২০ বছরের। এই ২০ বছরে বাংলা ভাষার কোনো ঔপন্যাসিক কৈবর্তসমাজকে কেন্দ্রে স্থাপন করে নদীভিত্তিক কোনো পূর্ণাঙ্গ উপন্যাস লেখেননি, অমরেন্দ্র ঘোষের (১৯০৭-১৯৬২) চরকাশেম (১৯৪৯) উপন্যাসটির কথা স্মরণে রেখেও এ কথা বলা যায়।মানিক ছিলেন প্রান্তিক সমাজের বাইরের লোক। তিনি বাহির থেকে কৈবর্তসমাজে আলো ফেলেছিলেন, যদিও সে আলো ছিল সমাজভেদী। মানিকের পরে কৈবর্ত জনজীবন নিয়ে তিতাস একটি নদীর নাম-এর মতো আরেকটি উপন্যাস লেখার প্রয়োজন ছিল। কারণ, লেখক যে আর কেউ নন, কৈবর্তসমাজেরই একজন তিনি। তিনি অদ্বৈত মল্লবর্মণ। পরিচয়ের এই প্রত্যক্ষতাই ছিল তাঁর গৌরবের ভিত। ফলে তাঁর লেখা কৈবর্তসমাজলগ্ন উপন্যাসটি হয়ে উঠল মালোজীবনের অকৃত্রিম চালচিত্র।মাত্র ৩৭ বছরের (০১.০১.১৯১৪—১৬.০৪.১৯৫১) জীবন তাঁর। তিতাস একটি নদীর নাম দ্বারা বিলম্বিত অথচ স্থায়ী খ্যাতির আসনে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। অবজ্ঞাত প্রান্তিক পরিশ্রমজীবী পরিবারের অন্তর্গত হয়েও তিনি সাহিত্যের সত্য ও সৌন্দর্যানুষ্ঠানে নিজেকে যুক্ত করেছিলেন। অদ্বৈত জন্মেছিলেন সেকালের ত্রিপুরা রাজ্যের ব্রাহ্মণবাড়িয়ার উপকণ্ঠে গোকর্ণঘাটের মালোপাড়ায়। অদ্বৈতর বাবা ছিলেন অধরচন্দ্র মল্লবর্মণ। বাবার নাম জানা গেলেও মায়ের নাম এখনো অনাবিষ্কৃত। অদ্বৈতরা ছিলেন তিন ভাই, এক বোন। অদ্বৈতর অপরিণত বয়সে মা-বাবা পরলোকগমন করেন।ব্রাহ্মণবাড়িয়ার এডওয়ার্ড হাইস্কুল থেকে ১৯৩৩ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন অদ্বৈত। এরপর আত্মশক্তিতে বলীয়ান অদ্বৈত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। কিন্তু ১৯৩৪ সালের মে-জুন মাসে অদ্বৈতর প্রাতিষ্ঠানিক পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর বহু চড়াই-উতরাই পেরিয়ে অদ্বৈত কলকাতায় পৌঁছালেন। তার পরের ইতিহাস অন্য রকমের—জীবনের ও মরণের।শ্রাবণ ১৩৫২ থেকে মাঘ ১৩৫২ সময়সীমার মধ্যে সাত সংখ্যায় উপন্যাসটির কিছু অংশ মোহাম্মদীতে প্রকাশ পায়। অদ্বৈতর মৃত্যুর পাঁচ বছর পর ১৯৫৬ সালে পুঁথিঘর নামক প্রকাশন সংস্থা তিতাস একটি নদীর নাম-এর আমূল সংশোধিত বর্তমান রূপটি প্রকাশ করে।‘মায়ের স্নেহ, ভাইয়ের প্রেম, বউ-ঝিয়েদের দরদের কাহিনিই নির্মাণ করেছেন লেখক তিতাস একটি নদীর নামে। তিতাসপারের মাছশিকারি জেলেদের জীবনযাত্রা, আচার-ব্যবহার, সভ্যতা-সংস্কৃতি, শোষণ-বিড়ম্বনা, মিলন-বিরহ, দুঃখ-উল্লাস-দ্রোহ—এককথায় মালোসমাজের অতীত ও বর্তমান প্রাণস্পন্দনের হদিস মেলে তিতাস একটি নদীর নাম-এ। এখানে অদ্বৈত মালোসমাজের জীবনচর্যার লবণাক্ত রূপের গাথা রচনা করেছেন।মাছ ধরার মতো আদিম উপজীবিকার ওপর নির্ভরশীল জেলেগোষ্ঠীকে প্রাকৃতিক শক্তির পাশাপাশি বাইরের সমাজের নানা অর্থনৈতিক শক্তির সঙ্গেও নিরন্তর লড়াই করতে হয়। মহাজন-আড়তদার থেকে শুরু করে সাধারণ ক্রেতা পর্যন্ত সবার সমবেত শোষণচক্রের বিরুদ্ধে লড়াই করে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি, সমরেশ বসুর গঙ্গা, আবদুল জব্বারের ইলিশমারির চরসহ অধিকাংশ নদীকেন্দ্রিক উপন্যাসে এই জীবনসংগ্রামের পরিচয় আছে।মালোদের ‘জলের উপরে জলটুঙ্গি’ বাঁধা জীবন, তাই তাদের জীবন সংশয়াতীতভাবে অনিশ্চিত। আর এই অনিশ্চয়তা স্বাচ্ছন্দ্যের—দুবেলা দুমুঠো অন্নের। একটা কদাকার, ভীষণ, জীবনধ্বংসকারী দারিদ্র্যদীর্ণ জীবনের নিদর্শন ছড়িয়ে আছে উপন্যাসজুড়ে।মালিক-শ্রমিক, জমিদার-প্রজা, প্রভু-ভৃত্য, মহাজন-খাতক, মনিব-মুনিষ—এই দুই বিপরীত বর্গের মধ্যে অর্থনৈতিক বিরোধ প্রকট হয়ে আছে। এই অর্থনৈতিক টানাপোড়েনে ক্ষত-বিক্ষত হয়েছে তিতাস একটি নদীর নাম উপন্যাসের মালোদের ব্যক্তিজীবন ও সমাজজীবন। এই উপন্যাসে তিতাসকে ঘিরেই মালোদের অর্থনৈতিক সংঘাত মূর্ত হয়েছে। শুধু সুবল, গগন, তিলক মালোর নয়, অন্যান্য কৈবর্তেরও অর্থনৈতিক জীবনের ওঠা-নামা নদীর সঙ্গেই সূত্রবদ্ধ। এরা ব্যক্তি হিসেবে যতটুকু, তারচেয়ে বেশি গোষ্ঠীকেন্দ্রিক হয়েই অর্থনৈতিকভাবে আক্রান্ত হয়েছে।নিজে কৈবর্ত বলেই অদ্বৈত জানতেন যে মাছ ধরার মতো আদিম উপজীবিকার ওপর নির্ভরশীল গোষ্ঠীর সঙ্গে অন্যান্য সমাজের সংঘাত প্রতিনিয়ত চলতে থাকে। বাইরের এই শক্তিসমূহ মালোদের অস্তিত্বকে পুরোপুরিভাবে কব্জা অথবা নিশ্চিহ্ন করে ফেলতে চায়। উপন্যাসের প্রথম থেকেই মালোদের অর্থনৈতিক প্রসঙ্গের অবতারণা করেছেন লেখক। এসেছে বিজয় নদীর পাড়ের মালোদের সঙ্গে তিতাস পাড়ের মালোদের অর্থনৈতিক তুলনা। গোকর্ণঘাটের মালোদের অবস্থা সচ্ছল। কারণ, এখানকার তিতাসে অনেক জল, অফুরান মাছ। তবু এখানে গগন মালোর মতো দরিদ্ররা আছে। পদ্মানদীর মাঝির কুবের-গণেশের জাল, নৌকা ছিল না। ফলে ধনঞ্জয়ের মতো শোষকের জাল-নৌকা নিয়ে তাদের জীবসংগ্রামে লিপ্ত হতে হয়েছে। এরা প্রতারিত হয়েছে, দারিদ্র্যের পীড়ন পেয়েছে। তিতাস একটি নদীর নামের গগন-সুবলের কোনোকালেই নিজস্ব নৌকা-জাল ছিল না। ফলে দারিদ্র্যের কামড় তাদেরও সহ্য করতে হয়েছে। কৈবর্তসমাজের ভেতরই বোধাই-কালো বরণদের সঙ্গে সুবল-গগন-তিলক-গৌরাঙ্গদের শ্রেণীপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। সমাজ বিকাশের ধারায় কৈবর্তরা একটা বিশেষ স্তরে স্থিত, কিন্তু সেখানেও নিরবচ্ছিন্ন সংগ্রামের চিত্র স্পষ্ট। গোষ্ঠীবদ্ধ জীবন ধ্বংস হওয়ার পেছনে বিরুদ্ধ অর্থনৈতিক শক্তি কাজ করে এবং মালোসমাজেই তার উদ্ভব হয়—এই কথাটিই লেখক সচেতনভাবে উপন্যাসে পরিষ্কার করে তুলেছেন।তিতাসের জলের দখলিস্বত্ব ছিল মালোদের। চর জাগার ফলে তিতাস হয়েছে শীর্ণকায়া, তার বিপুল জলরাশি শুকিয়েছে। জলসংশ্লিষ্ট মালোদের জীবন ধীরে ধীরে মনুষ্যত্বের পর্যায় থেকে মানবেতর স্তরে নেমে আসে। তাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। লোন কোম্পানির বাবুরা বন্দুকধারী পেয়াদার সাহায্যে মালোদের ওপর অকথ্য অত্যাচার চালিয়ে যথাসর্বস্ব নিয়ে যায়। তারা ঋণদান কোম্পানির কাছ থেকে হুজুগে পড়ে যে ঋণ নিয়েছিল, তা শোধ করতে পারে না। চক্রবৃদ্ধিহারে সে ঋণের পরিমাণ এখন পাহাড়সমান। এই কোম্পানির প্রতিনিধি বিধুভূষণ পাল মালোদের ধ্বংসকামী পালদের প্ররোচনায় রুদ্রমূর্তি ধারণ করল—‘সব ছাঁকিয়া তুলিয়াও তেমন কিছুই আদায় হইল না দেখিয়া শেষে তারা ঘরের থালা-ঘটি-বাটি, সুতার হাঁড়ি, জালের পুঁটলি বাহির করিয়া নিয়া ঘোড়ার গাড়িতে তুলিয়া চলিয়া গেল।’যে সমিতি প্রান্তিক মানুষের অর্থনৈতিক কল্যাণে নিয়োজিত ছিল, সে সমিতিই চক্রান্তকারীর ভূমিকায় অবতীর্ণ।তিতাস-বুকে চর জাগার ফলে তার দখল নিয়ে বিরোধ ঘটেছে ভূমিলগ্ন কৃষকের সঙ্গে রামপ্রসাদ মালোদের। জল যাদের দখলে ছিল, সেখানে চর জাগলে স্বাভাবিক নিয়মে তার মালিক তারাই হওয়ার কথা। কিন্তু মালোরা নিঃস্ব দরিদ্র বলে, শক্তিহীন বলে ওই নিয়ম এখানে প্রযোজ্য হলো না। রামপ্রসাদ ভূমিহীন কৃষকের সঙ্গে জোট বেঁধে চর দখলে উদ্যোগী হয়ে বেঘোরে প্রাণ দিল। ভূমিহীন কৃষক ও মালোরা দখল পায় না, চরের মালিক হয় পেশিতন্ত্রের লালনকারী শোষক মহাজনেরা। অদ্বৈত মল্লবর্মণ এখানে অসহায় ব্রাত্যশ্রেণীর শ্রমজাত মুনাফা লুণ্ঠনকারী শোষকদের রুগ্ণ-স্বরূপটি উদ্ঘাটন করেছেন।তিতাস একটি নদীর নাম উপন্যাসে মালোসমাজের লোকায়ত সংস্কৃতির এক বর্ণময় জগৎ উদ্ভাসিত হয়ে উঠেছে। মালোদের নিজস্ব একটা সংস্কৃতি ছিল। সেই সংস্কৃতির প্রকাশ ঘটত গানে, প্রবাদে, পূজা-পার্বণে এমনকি দৈনন্দিন জীবনযাপনের হাসিঠাট্টায় এবং তাদের নিজস্ব ধারার ধর্মবিশ্বাসে। মালোসমাজের প্রাত্যহিকতার সঙ্গে তাদের ধর্মবিশ্বাস জড়িয়ে ছিল। এই ধর্মবোধ দুইভাবে এই উপন্যাসে প্রকাশিত হয়েছে— সম্প্রদায়গত ধর্মভাবনায় ও জীবনজীবিকার প্রয়োজনে।উপন্যাসে উল্লিখিত গোকর্ণঘাট, শুকদেবপুর, নয়াকান্দা, বাসুদেবপুর, বৈকুণ্ঠপুর, নবীনগর ইত্যাদি গ্রামের সব মালোই কৃষ্ণমন্ত্রী অর্থাৎ বৈষ্ণব। মালোদের ব্যক্তিনামের মধ্যেও বৈষ্ণব ভাবাপন্নতা লক্ষ করা যায়। উদাহরণ—কিশোর, সুবল, নিত্যানন্দ, গৌরাঙ্গ, অনন্ত, ছিনিবাস (শ্রীনিবাস) ইত্যাদি নাম উল্লেখ করা যায়। এই নামগুলো কৃষ্ণ ও চৈতন্য মহিমায় আকীর্ণ।নদী একাধারে মালোদের পূজ্য দেবতা এবং জীবিকা সংগ্রহের প্রধান ক্ষেত্র। প্রতিদিনের জালিক কাজকর্মে তারা নদীকে নমস্কার করে এবং তার জলে হাত-পা ধুয়ে নৌকায় ওঠে। নদীযাত্রায় তারা গঙ্গামায়ের নাম স্মরণ করে, কখনো কখনো নদীর বুকে নৌকা ভাসানোর সময় পাঁচপীরের ধ্বনি দেয়—‘পাঁচপীর বদরের ধ্বনি দিয়া প্রথম লগি ঠেলা দিল তিলক।’নদী-নৌকা-জাল—এই তিন নিয়েই মালোজীবন। নদীর মতো নৌকাও জেলেজীবনের অপরিহার্য উপাদান। সেজন্য নৌকা ধুয়েমুছে তারা পরিষ্কার রাখে, তাকে দেবতাজ্ঞানে প্রণাম করে। দূরদেশে নৌকাযাত্রার সময় মালোনারীরা জোকার দেয়।এই উপন্যাসে নানা ধরনের জালের উল্লেখ আছে। যেমন—ঠেলা জাল, ভেলাস জাল, ভৈরব জাল, জগৎবেড়া জাল, ছান্দি জাল ইত্যাদি। নদীতে এই জাল ফেলা ও মাছ ধরা নিয়েও মালোসমাজে নানা সংস্কার প্রচলিত আছে। শুকদেবপুরের সুবল-কিশোরের মাছ ধরার চিত্রে দেখা যায়—“নৌকা মাঝনদীতে গেলে কিশোর জাল ফেলিল এবং এক আঁজলা জল মুখে পুরিয়া কুলি করিয়া জালে ‘বুলানি’ দিল।’’বাংলার নদীকেন্দ্রিক গানবহুল জীবনের প্রতিচিত্র স্পষ্ট হয়ে উঠেছে তিতাস একটি নদীর নাম উপন্যাসে। নদী-নৌকা-জালনির্ভর মালোজীবনের কাহিনি লিখতে গিয়ে অদ্বৈত গানের ডালি দিয়ে সাজিয়েছেন এই উপন্যাসটিকে। তাদের দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ, নানা ব্রতকথা, পূজা-পার্বণাদি এই উপন্যাসে সংঘীতনির্ভর হয়ে পরিবেশিত হয়েছে। এই উপন্যাসে অদ্বৈত মল্লবর্মণ সম্পূর্ণ এবং আংশিক কলি নিয়ে মোট ৫৯টি গান ব্যবহার করেছেন।অদ্বৈত মল্লবর্মণ তিতাস একটি নদীর নামে জন্ম-মৃত্যু-বিবাহের স্রোতে বহমান কৈবর্তসমাজের বিচিত্র নারীদের মূর্ত করে তুলেছেন। এখানে আছে বাসন্তী, অনন্তর মা, উদয়তারার মতো মুখ্য চরিত্র, আছে গৌরাঙ্গসুন্দরের বউ, সুবলের মা, বাঁশিরামের স্ত্রী, কালোর মা প্রভৃতির মতো গৌণ চরিত্র। কালোয়-ফর্সায় মেশানো এই মালোনারীরা কৈবর্তসমাজের প্রতিনিধিত্ব করছে।মালোসমাজ গোষ্ঠীবদ্ধ। যূথবদ্ধ সামাজিক নিয়মের বাঁধন এখানে যেমন কঠোর ও মান্য, তার শিথিলতাটুকুও নজর এড়িয়ে যায় না। পুরুষেরা মাছ ধরে, নারীরা জালের সুতা কাটে, সংসার সামলায় এবং সন্তান ধারণ করে। শ্বাস-প্রশ্বাসটা যেমন স্বাভাবিক, নারীর সন্তান ধারণও এ সমাজে তেমনি স্বাভাবিক। পরিশ্রমের ফাঁকে, দারিদ্র্যের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াইয়ের অবকাশে জেলেপুরুষ জেলেরমণীর সঙ্গে মিলিত হয়; তার ফলে স্বাভাবিক নিয়মে সন্তান জন্মায়। উচ্চশ্রেণীর নারীর মতো জেলেনারী পুরুষের নর্ম সহচরী নয়। তারা সামাজিক জীবনে পুরুষের সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম করে।তিতাসতীরের জেলেসমাজে কালোর মা, মঙ্গলার বউ, সুবলের মায়ের মতো অনেক চরিত্র আছে, কিন্তু বাসন্তীর মতো দ্বিতীয়টি নেই। এই চরিত্রটির প্রাণলক্ষণ নিহিত আছে অপরিচিতকে চেনার মধ্যে, বাস্তবকে স্বীকারের মধ্যে, প্রতিকূলতাকে জয়ের মধ্যে, ব্যক্তি ও সমাজ নির্বিশেষে মানুষকে ভালোবাসার মধ্যে। অসংস্কৃত প্রান্তিক জেলেসমাজে এ এক অসাধারণ নারী। তার ভেতরে একজন শাশ্বত বাঙালি নারীর উপস্থিতি আমাদের সচেতন করে তোলে।কৈবর্তসমাজের মতো নিম্নবর্গীয় সমাজে সন্তানহীনা নারীর মানসিকতা প্রায়ই রুক্ষ ও কর্কশ হয়। সন্তান জন্মের অক্ষমতা তাকে ভারসাম্যহীন ও ভয়ংকর করে তোলে। বাসন্তী শুধু সন্তানহীনা নয়, পতিহারাও বটে। প্রত্যেক বিবাহিতা নারীর জীবনে পতি ও সন্তানের ভূমিকা সর্বাত্মক, যা থেকে বাসন্তী বঞ্চিত। তাই পিতৃহারা বালক অনন্তর প্রতি বাসন্তী আগ্রাসী—সন্তানবাৎসল্য প্রদর্শন করে। বাসন্তীর এই অনন্ত-প্রীতি শেষ পর্যন্ত তার মা-বাবাকে তার প্রতি নিষ্ঠুর ও সন্দেহপ্রবণ করে তোলে। বাসন্তী কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে পবিত্রতম সম্পর্কটিকে মধুরতমভাবে আস্বাদন করতে পারে না। ফলে বাসন্তীর মধ্যে জেলেরমণীর আদিমতার বহিঃপ্রকাশ ঘটে—‘ভাবছিলাম আমারই দুঃখের দুঃখী অনন্তর মার মত সাথী পাইয়া, অনন্তর মত ছাইলা কোলে পাইয়া সব জ্বালাযন্ত্রণা জুড়ামু। তোমরা আমারে তার কাছে যাইতে দিবা না। দিবা না যখন, আমি মানুষ ধরুম। দেখি তোমরা কয়দিন আমারে ঘরে বাইন্ধ্যা রাখতে পার।’এই উপন্যাসে অদ্বৈত মল্লবর্মণ নিজেই কথক এবং তিনি সর্বদর্শী। আখ্যানবৃত্তে কৈবর্তজীবনের নানা অনুষঙ্গকে উপস্থাপন করেছেন তিনি। এই উপস্থাপনে কোনো কৃত্রিমতা নেই। জেলেসমাজকে আদ্যন্ত চিনতেন তিনি। মালোদের সমাজ-সংস্কৃতি অদ্বৈতের চেতনার গভীরে প্রোথিত ছিল। লেখক তাঁর আবাল্য পরিচিত জগৎকে এই উপন্যাসের বিষয়-আশয় করে তুলেছেন। নারী-আচরণ, জন্ম-মৃত্যু-বিয়ের অনুষ্ঠানাদির বিবরণের পাশাপাশি নানা পূজা-পার্বণের ছবিও ফুটিয়ে তুলেছেন অদ্বৈত এই উপন্যাসে।অদ্বৈত যথোচিত বাস্তবতায় কৈবর্তজনজীবনের জাত-কর্মাদি অনুষ্ঠানের ছবি এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। পদ্মানদীর মাঝি উপন্যাসে কেতুপুরের জেলেপাড়ায় জন্মের অভ্যর্থনা বিষণ্ন ও নিরুৎসব। অন্য দিকে তিতাসপাড়ের মালোপাড়ায় জন্মের অভ্যর্থনা জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর। এর পেছনে কৃষ্ণমন্ত্রী মালোদের ধর্মভাবনা কাজ করেছে। কৃষ্ণের প্রতি মা যশোদার যে নিবিড় স্নেহ, তারই অভিব্যক্তি লক্ষ করা যায় মালো জনজীবনে। সন্তানের আগমনকে এখানে সানন্দে স্বাগত জানানো হয়। তবে, মেয়ের তুলনায় ছেলের আগমন এ সমাজে অধিকতর আকাঙ্ক্ষিত। তাই ‘ছাইলা হইলে পাঁচবার জোকার, মাইয়া হইলে তিনবার।’মালোসমাজ একেবারে আবিলতামুক্ত নয়। এ সমাজে সৎলোক যেমন আছে, অসৎলোকেরও তেমনি অভাব নেই। উপন্যাসটি রচনা করতে গিয়ে অদ্বৈত মল্লবর্মণ একথা ভোলেননি। এই সমাজেও যে লোভী আছে, ঈর্ষাতুর আছে, বেইমান আছে, শোষক আছে, বঞ্চনাকারী আছে—উপন্যাসটি লিখতে বসে অদ্বৈত তা এড়িয়ে যাননি।মালাদের মধ্যে একতা ছিল বজ্রের মতো দৃঢ়, পাড়াতে তারা আঁটসাঁট সামাজিকতার সুদৃঢ় গাঁথুনির মধ্যে জীবনযাপন করত। কিন্তু পাড়ার ভেতর যাত্রার দল ঢুকে সেই ঐক্যে ফাটল ধরাল। এর পেছনে ছিল কতিপয় মালোর সমর্থনপুষ্ট উচ্চবর্ণের কায়স্থরা। আপন সংস্কৃতি-সচেতন মালোরা যাত্রার বিরোধিতা করলেও মালোপাড়ায় যাত্রার অনুপ্রবেশ বন্ধ করতে পারল না। তামসীর বাপের সমর্থনে ও কালোবরণের সহযোগিতায় মালোপাড়ার কয়েকটি ছেলে এই যাত্রাদলে অংশগ্রহণ করল। দয়ালচাঁদ, কৃষ্ণচন্দ্র, গৌরকিশোর ধীরে ধীরে কালোবরণকে অনুসরণ করল। পরাজিত, বিধ্বস্ত মালোসমাজের আখ্যান লিখতে গিয়ে এইসব স্বজাতি-বিদ্বেষীদের কথাও অদ্বৈত নির্দ্বিধায় লিখেছেন। অদ্বৈত মল্লবর্মণ সাধু ও চলিতের এক মিশ্ররীতিতে তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন। তৎসম, তদ্ভব ও আঞ্চলিক শব্দের সমন্বয়ে অদ্বৈত উপন্যাসটি লেখেন। তিতাস একটি নদীর নাম অঞ্চলভিত্তিক উপন্যাস এবং এই উপন্যাসে কেন্দ্রীভূত সম্প্রদায়টি মাছ ধরা পেশার সঙ্গে যুক্ত। তাই এই উপন্যাসে এমন অনেক শব্দ ব্যবহূত হয়েছে, যা জাতিনির্ভর পেশাগত শব্দ। অনেক আঞ্চলিক শব্দ আছে এই উপন্যাসে, যা দ্বারা সংশ্লিষ্ট সম্প্রদায়ের জীবনভাবনা প্রকাশ পেয়েছে। উদাহরণ—ডহর, মাথট, গরদিস, সাইৎ, উদার্চন, আরব্ব, ঠিসারা, কুয়ারা, গাওয়াল, বুলানি, গেরাপী ইত্যাদি ইত্যাদি শব্দের কথা বলা যায়। তদ্ভব বিশেষত আঞ্চলিক শব্দের মাধ্যমে কৈবর্তজনজীবন এই উপন্যাসে নিবিড়ভাবে স্পষ্টতা লাভ করেছে।সমুদ্রকে কেন্দ্র করেও জেলেসমাজ গড়ে উঠেছে। তবে এ কথা সত্যি যে নদীকে কেন্দ্র করেই কৈবর্তজনজীবন পূর্ণতা পেয়েছে। বাংলা সাহিত্যে নদীভিত্তিক অনেক উপন্যাস রচিত হয়েছে, তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তিতাস একটি নদীর নাম। এই উপন্যাসে লেখক তিতাস নদীর শান্ত স্নিগ্ধ রূপের সঙ্গে তীরবর্তী মালোদের শান্ত—অস্থির জীবনপ্রবাহকে একাকার করে দেখিয়েছেন।উপন্যাসটির প্রথম দিকে প্রায় ২০ পৃষ্ঠাব্যাপী তিতাস নদীকে মানুষীসত্তা দেওয়া হয়েছে। কিন্তু তার পরও বলা হয়েছে তিতাস শুধু একটা নদী। ভূগোলের পাতায় তার নাম নেই, তার মহাসমুদ্রের দিকে যাত্রাও নেই; দুরন্ত মেঘনা-বিচ্ছিন্ন এক শাখানদী সে। সে শান্ত ও নিরাপদ। ঝড়-তুফানের রাতে স্বামী-পুত্রদের তিতাসে মাছ ধরতে পাঠিয়ে মালোনারীরা নিশ্চিন্ত থাকে।তিতাসের আনুকূল্যে মালোজীবনের বৃদ্ধি-বিকাশ এবং এই নদীর রুদ্র-রোষেই তার অনিবার্য বিনাশ দেখানো হয়েছে আলোচ্য উপন্যাসে। নদীটিকে ঘিরে মালোসমাজের সাংস্কৃতিক জীবনের আবর্তন ঘটেছে। নদীতে চর জাগার ফলে মালোগোষ্ঠী অলঙ্ঘ্যনীয় ধ্বংসের মুখোমুখি হয়েছে।অদ্বৈত মল্লবর্মণ তিতাস একটি নদীর নামে মালোসমাজের ইতিহাস রচনা করেছেন। এই সমাজ-দলিলে কোনোরূপ বিকৃতি নেই, কোনোরূপ ওপর-চালাকি নেই। ‘জাউলার পোলা’ হয়ে অদ্বৈত জেলেজীবনকে খুলেমেলে ধরেছেন আলোচ্য উপন্যাসে। তিনি ভেতর থেকে জেলেজীবন ও কৈবর্তসমাজকে অবলোকন করেছেন। ফলে তাঁর লেখাটি হয়ে উঠেছে নিম্নবর্গীয় মালোসমাজের নান্দনিক কথান্যাস।মালোদের নানা মানসিক স্তর, তাদের সামাজিক বিন্যাস, তাদের জীবন-জীবিকা, শোষণ-তিরস্কার, সংস্কৃতি, উচ্চবর্ণের সঙ্গে সম্পর্ক-সংঘাত, মুসলমান কৃষকদের সঙ্গে সহাবস্থান ইত্যাদি বিশ্বস্ত বাস্তবতায় উপস্থাপন করেছেন অদ্বৈত মল্লবর্মণ তাঁর খ্যাতিমান উপন্যাস তিতাস একটি নদীর নামে।উপন্যাসের উপসংহারে দেখা গেছে—মালোপাড়ায় মৃত্যু-স্তব্ধতা। অধিকাংশ মালো মারা গেছে। বেঁচে আছে দুজন—সুবলার বউ বাসন্তী ও কিশোরের বুড়া বাপ রামকেশব মালো। একটা নিবিড় শূন্যতা, একটা বুকভরা কান্না এবং গভীর বেদনার অনেক স্মৃতি গোকর্ণঘাটের মালোপাড়ার বাতাসে ভেসে বেড়াচ্ছে। উপন্যাসের শেষে প্রান্তিক মালোসমাজের বিনষ্টির সমারোহ থাকলেও এর অন্তস্রোতে নিয়তই শোনা যায় প্রতিবাদ, প্রতিরোধ ও উত্তরণের আহ্বান।অদ্বৈত মল্লবর্মণ এক বিপুল ভালোবাসা দিয়ে কৈবর্তজনজীবনের সীমাহীন দুঃখ ও বুকভরা আর্তিকে সাজিয়েছেন তিতাস একটি নদীর নামে। সরোজ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসকে যতই ‘নদীর পাঁচালি’ বলেন না কেন, প্রকৃতপক্ষে লেখকের ঈর্ষণীয় নৈপুণ্যে এটি হয়ে উঠেছে মালোজীবনের মহাকাব্য।