আমারে দেব না ভুলিতে
কণ্ঠশিল্পীদের কেই বা মনে রাখে। স্টেজে যতক্ষণ তালির বিরাম নেই। দু-এক বছর স্মরণ সভা, এরপর বিস্মৃতির অতলে। মনে পড়ছে অন্ধগায়ক কৃষ্ণচন্দ্র দের কথা, হেমন্ত, সতীনাথ, পঙ্কজ মল্লিক, শ্যামল মিত্র, কে. মল্লিক, আবদুল আলীম। কে মনে রেখেছে তাঁদের? রেকর্ড বাজলে, খানিক হা-হুতাশ।পুরানা পল্টন নতুন সাজে। হাইরাইজ বিল্ডিং, ক্যাফে, কেএফসি, সংবাদপত্র, রাজনৈতিক দলের অফিস, টিভি, মসজিদ—সবই আছে। নেই ‘হিরামন মঞ্জিল’। বসত যেখানে শিল্পী আব্বাসউদ্দীনের বাসায় নির্ধারিত-অনির্ধারিত গানের বৈঠক প্রায়ই। গায়ক সারিতে তখনকার শ্রেষ্ঠ শিল্পীরা। সকাল ১০-১১টার দিকে কখনো বা বিকেলে গায়ককুল উপস্থিত। শ্রোতার সারিতে পিতা, ছেলেমেয়েরা ও বেড়াতে আসা অতিথিরা। মা পেছন থেকে নাশতা পাঠাচ্ছেন, সঙ্গে গরম চা। শিল্পীরা বিদায় নিয়েছেন একে একে এ বাড়ির এবং পৃথিবীর মঞ্চ থেকে। কজনের কথা বলব? আবদুল আহাদ, আবদুল লতিফ, বেদারউদ্দিন, নূরুদ্দিন আহমেদ, বিজয় সরকার, আবদুল হালিম চৌধুরী, সত্য সাহা, আবু বকর খান, শেখ লুৎফর রহমান, শেখ মুহিতুল হক, ওস্তাদ গুল মোহাম্মদ খান, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ওস্তাদ বারীন মজুমদার, ইলা মজুমদার, আভা আলম, লায়লা আর্জুমান্দ বানু, হুসনা বানু খানম, আফসারী রহমান, ওস্তাদ আবদুল গফুর, ইউসুফ খান কুরাইশী, ওস্তাদ মুনির হোসেন, আবদুল মজিদ তালুকদার, হাজেরা বিবি, ওস্তাদ বাহাদুর খান, মীর কাশেম খান, খাদেম হোসেন খান, আবু হেনা মোস্তফা কামাল, আনোয়ারউদ্দিন খান, আঞ্জুমান আরা বেগম এবং আমার কাছে আসা বাংলার গ্রাম-গ্রামান্তর থেকে দোতারা-একতারা নিয়ে শত শত শিল্পী।সোহরাব হোসেন। বছর শেষ হওয়ার আগেই ২৭ ডিসেম্বর পরিণত ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সদাহাস্য, নিরহংকার, অজাতশত্রু, মধুকণ্ঠী এই শিল্পী আমাদের ছেড়ে চলে গেছেন চিরদিনের জন্য। শুয়ে আছেন, থাকবেন লাখো বছর বুদ্ধিজীবী কবরস্থানের নীরব-নিথর মাটিতে। আর কোনো দিন টেলিভিশনে, রেডিওতে, মাহিফলে তাঁর গান শোনা যাবে না। দেখা যাবে না তাঁকে কোনো চ্যানেলের নজরুল স্মৃতি অনুষ্ঠানে। গাইবেন না ‘আমি চিরতরে দূরে চলে যাব, তবু দেব না আমারে ভুলিতে’।কত স্মৃতি উদ্ভাসিত চোখের সামনে। পিতা ভালোবাসতেন তাঁকে নিজের ভাইয়ের মতোই। যখন-তখন আমাদের বাসায় এসে বসে থাকতেন, বিশেষ করে পিতা যখন অসুস্থ। রানাঘাট থেকে এই অপরিচিত শিল্পীকে তিনিই নিয়ে আসেন সংগীতের দরবারে, পিতার স্নেহে, ভালোবাসার টানে আব্বাসউদ্দীন-সোহরাব হোসেন একাত্ম হয়ে যান। আমার মাকে তিনি মায়ের চোখেই দেখতেন। বিনয়ী সোহরাব এক দিনের জন্যও তাঁর দেহ থেকে বিনয়ের লেবাস খুলে ফেলতে পারেননি। কারণ, তিনি ছিলেন বিনয়ের প্রতিমূর্তি। নিজেকে তিনি কখনোই বড় শিল্পী ভাবতেন না। বলতেন, ‘আমি কিছুই না।’ তাই তিনি বড় হতে পেরেছিলেন। সবার মন জয় করতে পেরেছিলেন। কোনো রকম বাদানুবাদের মধ্যে তিনি নেই। যেখানেই গণ্ডগোল, সেখান থেকে সাত হাত দূরে। অজাতশত্রু তাই।কথা ছিল খুব মিষ্টি। শেষ দিন পর্যন্ত নদীয়া শান্তিপুরের ডায়ালগ মুখে লেগে ছিল। পিতার মৃত্যুর পর বেদারউদ্দিন ও সোহরাব হোসেন ছাড়া বড় কণ্ঠশিল্পী আর কেউ রইলেন না। পিতার শূন্যস্থান অনেকখানি পূরণ করেছিলেন বেদারউদ্দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে বেদারউদ্দিন ও সোহরাব হোসেন দুজনের কথাই শ্রদ্ধার সঙ্গে উল্লেখিত। তাঁরা দুজনেই গাইতেন নজরুলগীতি ও পিতার গাওয়া ইসলামি গানগুলো। আমার পিতা এ দুজনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। বেশির ভাগ গান তাঁরই তুলে দেওয়া। বেদারউদ্দিন ও সোহরাব হোসেনের মধ্যে ছিল ভীষণ ভাব। তাঁরা একে অপরকে মিষ্টি কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করতেন, আবার এমনও হয়েছে দুজনে খালি গায়ে কুস্তিতে অবতীর্ণ হতেন। দুজনকেই অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি।১৯৮২ সালে সোহরাব হোসেন স্বাধীনতা পদক পান। পদকটি সম্মানের। যখন তাঁর সঙ্গে দেখা হলো, তিনি নিজেকে মূল্যই দিলেন না। বললেন, ‘না বাবা, এর যোগ্য নই।’ এত দিন পরে মনে হলো যে তাঁর আসল গুণটি বিনয়। গুণ তো ছিলই, কিন্তু কোনো দিন তা নিয়ে এতটুকু অবিনয় প্রকাশ পায়নি। এখনকার সংগীতের মহিরুহ সন্জীদা খাতুন তাঁর কাছে দীর্ঘদিন গান শিখেছেন। বিনয়ের সবক সম্ভবত সোহরাব হোসেনের কাছ থেকেই সংগ্রহ করেছেন তিনি।সদ্য প্রয়াত পণ্ডিত রবিশঙ্কর ও তাঁর বয়স প্রায় একই। রবি আকাশে উদয় হলে সবাই আলো পাবেই। পৃথিবী জোড়া তাঁর নাম, গ্রাম-বাংলায় কেউ তাঁকে চেনেন না। চেনেন যাঁদের, তাঁদের মধ্যে অগ্রগণ্য সোহরাব হোসেন। তিনি যখন রেডিওতে নজরুলগীতি গাইতেন, রেডিও খুলে বসে থাকত সবাই। মিষ্টি গলার আকর্ষণে। নজরুল সংগীতের বিশেষত্ব, এর রোমান্টিকতা ও সূক্ষ্ম কাজ তাঁর গলায় খেলত।আমার গান ভালোবাসতেন। বাংলা একাডেমীতে তাঁর ও আমার গানের আসর। প্রথমে উনি, পরে আমি। উনার কণ্ঠ তখন খানিকটা স্তিমিত, আমার উঠতির দিকে। ভাবলেন, আব্বাসীর গান তো সবাই পছন্দ করবে, তাই তিনি কোনোভাবে দু-তিনটে গান গেয়ে শেষ করলেন। আমার পালা এবার। শ্রোতা কম, জনা চল্লিশেক। যখন ধরলাম ইসলামি গান, চার-পাঁচজন শ্রোতা প্রতিবাদের ভঙ্গিতে ওয়াকআউট করলেন। কৌতুক অনুভব করলাম। পরের গান ধরলাম ‘আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন’। ছেলেগুলো ভাবছে ফিরে আসবে কি না। সোহরাব চাচা অনুষ্ঠানের শেষে বললেন, ‘সমাদর করে ডেকে এনেছে, দেবে তো মোটে ৩০০।’একদিন এক ফ্যাংশনে গান গাইতে গেছি। আমার গান সবার শেষে, গাইব ভাটিয়ালি-ভাওয়াইয়া। সোহরাব চাচা গাইছেন তখন, ‘তুমি যে গিয়াছ বকুল বিছান পথে’। গানটি আমার এত পছন্দ হলো যে পরদিনই তাঁর বাসায় গিয়ে গানটি তুলে নিলাম। গানটি যখনই গাই, সোহরাব চাচার কথা মনে হয়। তাঁর সঙ্গে কোনো দিন বিদেশে অথবা অন্য শহরের কোনো অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাইনি। তবে রেডিওতে গান গাইতে গেলে দেখতাম উনি গ্লাসের বাইরে থেকে গভীর আনন্দের সঙ্গে আমার গান শুনছেন। কোনো ভুল থাকলেও তিনি বিনয়ের কারণে মুখ ফুটে বলেননি। পিতার মৃত্যুর পর যতগুলো স্মরণ সভা হয়েছে, মুখ্য শিল্পী বেদারউদ্দিন ও সোহরাব হোসেন। উনারা তাঁকে সম্মান করতেন মন থেকে। এখন তা নয়। নতুন শিল্পীরা সংগীতের গুরুকে কত সহজেই বিস্মৃত হয়েছেন।বেশ-ভুষায় সাধারণ, একটি শার্ট ও একটি পাজামা। বেশির ভাগ সাদা। পরের দিকে পাঞ্জাবি-পাজামা। বিদেশে গেলে সুন্দর আলোয়ান জড়াতেন। একদিন মোহাম্মদপুরে তাঁর বাসায় গেলাম। যত্ন করে চা বানালেন চাচি, সেই সঙ্গে মজার সেমাই। এত মজার যে পরে আরেক বাটি চেয়ে খেলাম। আমার খাওয়া তাঁদের তৃপ্ত করল। শহর অবাসযোগ্য হওয়ায় কেউ কারও খোঁজ নিতে পারি না, ইচ্ছে থাকা সত্ত্বেও। নিকটাত্মীয় মারা গেলেও শেষ অনুষ্ঠানে হাজিরা দিতে পারি না। এর চেয়ে কোনো মফস্বল শহরে অথবা গ্রামে থাকাই ছিল ভালো।তাঁর মৃত্যুতে যুগের একটি অবসান ঘটল বৈকি। সুধীন দাশ রয়ে গেলেন। ওই দিন শহীদ মিনারে সুধীন দাশের সে কী কান্না! ছায়ানট বিদ্যায়তন প্রতিষ্ঠালগ্নে, নজরুল একাডেমীর নানা কার্যক্রমে, নজরুল ইনস্টিটিউটের একজন সহযোগী স্বরলিপিকার হিসেবে সোহরাব হোসেন শ্রেষ্ঠ শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ। এর স্বীকৃতিও মিলেছে। নজরুল একাডেমী তাঁকে বিশেষ সম্মাননা দিয়েছে। আজীবন সম্মাননায় ভূষিত করে চ্যানেল আই ও মেরিল-প্রথম আলো। ফেরদৌসী, ফিরোজা বেগম, সুধীন দাশ ও বাউল আবদুল করিম এই বিরল সম্মানে ভূষিত। এটি জাতির পক্ষ থেকে হলে কী বিরাট ব্যাপার হতো! সংস্কৃতি মন্ত্রণালয়ে যাঁরা বসে আছেন, তাঁরা ঘাস কাটেন এটি বলা ঠিক হবে না, কিন্তু যদি তাঁদের সম্মানিত করার সুযোগ হতো, তাহলে জাতি হিসেবে আমরা আরও গৌরবান্বিত হতাম। ‘আজীবন সম্মাননা’ ব্যাপারটি যদিও মুম্বাইয়ের ফিল্মওয়ার্ল্ড প্রবর্তন করে, তবু এটি এখন মিডিয়ায় সবচেয়ে আলোচিত বিরল সম্মান। এমনকি ভারতবর্ষে ‘পদ্মশ্রী’, ‘পদ্মবিভূষণ’ এর কাছে ম্লান হয়ে গেছে। আমাদের দেশে গুণী ব্যক্তিদের এই ‘আজীবন সম্মাননা’র প্রবর্তন আমার মতে গুণীর সম্মান দিতে এক ধাপ এগিয়ে যাবে। ‘আজ বাংলা যা চিন্তা করে, ভারত তা করবে আগামীকাল’ কথাটি আমার নয়। সংস্কৃতি ক্ষেত্রে এই সম্মান বাংলার শ্রেষ্ঠ মনীষীদের শনাক্ত করতে সাহায্য করবে, যার পথ দেখিয়েছে মেরিল-প্রথম আলো।সোহরাব হোসেনের জন্ম পশ্চিমবঙ্গের নদীয়া জেলার আয়েশতলা গ্রামে। যেমনটি হয়ে থাকে সবার ক্ষেত্রেই, গান-বাজনা কেউ পছন্দ করতেন না সেকালে। তাঁর গান-বাজনায় যাঁরা উৎসাহ দিয়েছিলেন, তাঁদের মধ্যে জয়নুল আবেদিন নামে একজন সংগীত শিক্ষক উল্লেখযোগ্য, যিনি তাঁকে প্রথম গান শেখান। এরপর ক্লাস ফাইভে পড়ার সময় তাঁর সংগীতগুরু ছিলেন কিরণ দে চৌধুরী। নজরুলগীতির শিল্পী পূরবী দত্ত তাঁকে নজরুলগীতি শেখান। তবে তাঁকে কলকাতায় ডেকে এনে গানের জগতে প্রবেশ করান আমার পিতা।পিতা বলেছেন আমাকে, জানো বাবা, আব্বাসউদ্দীনের নাম কেউ জানতে পারত না, যদি নজরুল কাছে টেনে না নিতেন। আমার শরীরের প্রতিটি রোমকূপ তাঁর কাছে ঋণী। পিতাকে দেখেছি প্রত্যেক নতুন গায়ক-গায়িকাকে সম্মানের চোখে দেখতে। যতখানি পেরেছেন ওপরে তুলে নেওয়ার চেষ্টা করেছেন। তাঁর মৃত্যুর পর গ্রাম থেকে এসেছেন অগণিত শিল্পী পুরানা পল্টনের ‘হিরামন মঞ্জিল’-এ। গুলশানের ‘সিলভারস্প্রিংয়ে আসা বন্ধ হয়নি। শত শত শিল্পীকে তুলে নিয়ে এসেছি রেডিওতে, টেলিভিশনে, ‘আমার ঠিকানা’, ‘আপন ভুবন’, ‘ভরা নদীর বাঁকে’ ও ‘লৌকিক বাংলা’ অনুষ্ঠানে। একটি দুটি প্রোগ্রাম দিয়ে সমাপ্তি নয়, তাঁকে জীবনে প্রতিষ্ঠা করা একটি বড় দায়িত্ব।রানাঘাটের অনুষ্ঠানে অনেকেই ছিলেন, যাঁদের মধ্যে উজ্জ্বল কাজী নজরুল ইসলাম। ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার’ গানটি সম্ভবত একটি কোরাস গান ছিল, যার লিড ভয়েস সোহরাব হোসেন। সুন্দর কণ্ঠে সবাই আকৃষ্ট হলেন। তারপর এলেন কলকাতায়। সোহরাব হোসেনকে আরও সাহায্য করেছিলেন জসীমউদ্দীন, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু ও আমার তবলার শিক্ষক বজলুল করিম। প্রথমে তিনি কাজ পান কলকাতার শ্রীরঙ্গম থিয়েটারে, গায়ক হিসেবে। এরপর ১৯৪৬ সালে এইচএমভি ও রেডিওর সঙ্গে যুক্ত হন। এখানেই দেখা পান আঙ্গুরবালা, ইন্দুবালা, কৃষ্ণচন্দ্র দে, ওস্তাদ আলাউদ্দিন খান, শচীন দেব বর্মণ, অঞ্জলি মুখার্জি প্রমুখের। আমৃত্যু শিক্ষক বুলবুল ললিতকলা একডেমী, ছায়ানট, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, নজরুল একাডেমী, নজরুল ইনস্টিটিউটে। দিবারাত্র হাজিরা দিয়ে ছাত্রছাত্রী গড়ে তুলেছেন। এ দেশে যখন সিনেমা তৈরি হয়, ডাক পড়ে যায় তাঁর। আধুনিক গানগুলোতে কণ্ঠ দেন নানা ছবিতে, যার মধ্যে উল্লেখ করা যায়, এ দেশ তোমার আমার, যে নদী মরু পথে, গোধূলির প্রেম, শীত বিকেল ও মাটির পাহাড়। গানগুলো একত্র করে একটি সিডি তৈরি করলে নতুন প্রজন্ম তাঁকে খুঁজে পাবে।তিনি যাঁদের গান শিখিয়েছিলেন, তাঁদের মধ্যে শাহিন সামাদ, সাদিয়া আফরিন মল্লিক, ডালিয়া নওশিন, সাবিহা মাহবুব, যোসেফ কমল রডরিক্স ছাড়াও ছিলেন রওশন আরা মাসুদ, ইসমত আরা ও রাহাত আরা গীতি।২০১১ সালে চ্যানেল আইয়ের নববর্ষ অনুষ্ঠানে ক্যামেরা নিয়ে আমি রেডি। এর মধ্যে দুটি ছবি পাঠকদের উপহার দিলাম। দেখুন, সোহরাব হোসেন ও সুধীন দাশ সাদা পাঞ্জাবি-পাজামা পরে কত জীবন্ত। পরের ছবিতে সরস আলোচনায় দুজনে এতখানিই মগ্ন যে তা হাতাহাতি পর্যায়ে। পেছনে ও পাশে অনেকেই: সৈয়দ আবদুল হাদী, ফাহমিদা খাতুন, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, হাশেম খান, আসমা আব্বাসী। খানিক দূরে তারিক আনাম, লুৎফর রহমান রিটন, আবদুল্লাহ আবু সাঈদ।তাঁর মৃত্যুতে ফিরোজা বেগম বলছেন, ‘তাঁর মেয়েরাও অনেক ভালো গান করেন। একজন মানুষ ও শিল্পী হিসেবে সোহরাব হোসেন সার্থক’। সন্জীদা খাতুন বলেছেন, ‘মজা করে ছোটদের গান শেখাতেন। ওরাও জমিয়ে গাইত।’ সুজিত মোস্তাফা বলেছেন, ‘তিনি শিক্ষার্থীদের গান শেখাতেন ভালো লাগার মতো। তাঁর কাছ থেকে সহজেই গান আয়ত্ত করা হয়ে যেত।’ খালেদ হোসেন বলেছেন, ‘তাঁর মতো শিল্পীকে হারানোর ক্ষতি পূরণ হওয়ার নয়।’ সুধীন দাশ বলেছেন, ‘নজরুলসংগীতে এমন সুরেলা কণ্ঠ আর আসবে কি না আমার সন্দেহ রয়েছে।’দেশের সম্মানিত প্রেসিডেন্ট জিল্লুর রহমান, সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মানিত বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দলের মুখপাত্রদের যে বাণীগুলো দিয়েছেন, তা সংরক্ষিত হওয়ার দাবিদার। তার চেয়েও সংরক্ষণের দাবিদার: বিটিভিতে রেখে যাওয়া তাঁর ১০০টি গানের ভিডিও, অন্যান্য টিভি চ্যানেলে রক্ষিত তাঁর ১০০টির গানের ভিডিও, রেডিওতে রক্ষিত তাঁর ২০০টি গান সংরক্ষিত রাখার ব্যবস্থা। যেহেতু আমাদের দেশে সে রকম কোনো ব্যবস্থা নেই, আপাতত সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটি সেল ‘সোহরাব হোসেন সংগীত সংরক্ষণ প্রকল্প’ তৈরি করে এগুলো রক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। যখন দেশ উন্নত হবে তখন এগুলোর খোঁজ হবে। আমার মনে হয় তা একদিন হবেই। আবদুল লতিফের মৃত্যুর পরও এ রকম দাবি উঠেছিল। আবদুল লতিফের গান এখন কোথাও খুঁজে পাওয়া যাবে না। একই কথা আবদুল হালিম চৌধুরী, আবদুল মজিদ তালুকদার, শেখ লুৎফর রহমান সম্বন্ধে প্রযোজ্য। তাঁদের মৃত্যুর পর শোকবাণীতে কাগজ ভরে গিয়েছিল, কিন্তু কাজ হয়নি। শোকবাণী দিয়ে এবং প্রবন্ধ লিখে আমাদের দায়িত্ব শেষ করি। পিতার ক্ষেত্রেও তা-ই হয়েছে। এ নিয়ে দুঃখ করে লাভ নেই। নজরুলসংগীতের সংরক্ষণের ব্যাপারটি সোহরাব হোসেনের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট। নজরুল ছিলেন সাহিত্য ও সংগীতের দুই শাখার নায়ক। নজরুল ইনস্টিটিউটের কর্ণধার হওয়ার যোগ্যতা অনেকেরই আছে। তবে যাঁরা গান-বাজনার সঙ্গে বিযুক্ত, তাঁরা শুধু বাজেটের অর্থ ব্যয় করেই যাবেন, ওতে আসল কাজের কিছুই হবে না। প্রতি মাসে নতুন শিল্পীদের দিয়ে গাওয়ান নজরুলের গান, নজরুলের কবিতা, নজরুল সম্পর্কে বই, বের হচ্ছে কি? উত্তর, না। নজরুলের গানকে পপুলার করার জন্য বাংলাদেশব্যাপী কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? উত্তর, না। নজরুলের বই যাতে সহজেই পাওয়া যায় সমগ্র বাংলাদেশে তার উদ্যোগ নেওয়া হয়েছে কি? উত্তর, না।না, শতবর্ষী হননি। মৃত্যুর হিমশীতল হাওয়া স্তব্ধ করে দিয়ে গেছে তাঁর গানের ঘর, যে ঘরে পূর্ণ উপস্থিতি আত্মীয়স্বজন, ছাত্রছাত্রী ও ভক্তজনের। সহাস্য ছবির সোহরাব হোসেন তাকিয়ে। গত বৃহস্পতিবার সকাল ছয়টা ২৫ মিনিটে স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর থেকে গভীর বেদনায় স্তব্ধ তাঁর স্ত্রী সুরাতুন্নেসা, দীর্ঘজীবনে যিনি তাঁর গানের ভালোবাসার সঙ্গী। তিন মেয়ে রওশন আরা, রাহাত আরা ও রিফাত আরা, দুই ছেলে মোয়াজ্জেম হোসেন, মারুফ হোসেন, নাতি-নাতনি, আমরা সবাই মোনাজাতে অংশ নিয়েছি। মৃত্যুর অপর তীরে যে অপরিচিত জীবন, তা যেন হয় নতুন সুরে, নতুন ছন্দে ছন্দায়িত। বেহেশতের অলিন্দ যেন নিয়ে আসে সুমধুর হাওয়া, যাতে লেগে আছে পুরোনো সুর: ‘ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি গো, চুম হেনে নয়নপাতে’।এবার বলি, কোনখানে তাঁর শ্রেষ্ঠত্ব। প্রথম, তিনি যেমন ছিলেন ভান্ডারি, তেমন কান্ডারি। গান গেতে হলে ভালো কণ্ঠ দরকার। সে কণ্ঠ হতে হবে মিষ্টি এবং তিন সপ্তকে সচল। ছাত্রছাত্রীদের মিষ্টি কথায়, মিষ্টি সুরে, মিষ্টি ভঙ্গিতে তাঁর কৃতিত্ব। দুই. বিনয়। অবিনয়ী কখনো শিল্পী হবে না। সবার মন জয় করতে পারবে না। তিন. শিল্পী হবে আনুষঙ্গিক সচল বিতর্ক থেকে খানিকটা দূরে। তাঁর মতামত নিশ্চয়ই থাকবে, কিন্তু এ নিয়ে বাদানুবাদের ঊর্ধ্বে থাকবেন তিনি। চার. তিনি থাকবেন ভোগ থেকে দূরে। ভোগ শিল্পসত্তার মৃত্যু ঘটায়। সোহরাব হোসেন এই চার গুণে গুণানিত্ব।