আমি ‘নাইট অব দ্য জেনারেল’-এর পিটার-ও-টুল বলছি
শোনো, করপোর্যাল, সর্বনিম্নস্থ কর্মচারী তুমি; তোমার কাজই হলো আমি যা বলি তাই শোনা, যেদিকে বলি সেদিকে যাওয়া। অতএব, তুমি মেনে নেবে আকাশের পাঞ্জাবিতে রক্তজবার ফুল তুমিই এঁকেছ। এর সঙ্গে তোমার উদ্দেশ্যগত কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি ওমর শেরিফদের বুঝিয়ে দেব, কেন পোশাকে পারফিউম মাখতে হয়। শুধু মনে রেখ, তুমি রক্তজবার শিল্পী...তা না হলে যাদের জন্য ঘামের ছদ্মবেশে রক্ত ঝরছে, তারা সব শিউলিতলার মৃত ফুল—গোড়ালিতে রক্ত লেগে-থাকা। অন্যথায় শিউলিতলায় নয়, পাটখেতে পড়ে আছে ত্রয়োদশী তোমার চাঁদনি। কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়ে পড়েছে ছোট ছেলে, কতগুলো স্থির মশা, মশারি মেলেনি, তারা পাখা। হাত-পা ছড়িয়ে দিয়ে উঠোনে কাঁদতে থাকে একজন বুড়ি। নরম কাদার মূর্তি গৃহিণীর ঘরে মাঝরাতে কড়া নাড়ে জিন...আমি পিটার-ও-টুল কথা দিচ্ছি, যদি তুলি তুলে নাও হাতে,—তবে প্রতি পূর্ণিমার রাতে মোহর গড়িয়ে পড়বে, শিলাবৃষ্টি মনে করে উঠোনে আসবে নেমে ছেলে ও মেয়েরা, উঠোনে বুড়ির কোল ভরে যাবে স্বর্ণচাঁপা ফুলে; ফুলে ফুলে কেঁদে ওঠা বিষণ্ন যৌবনে চাপা হাসি। দুই চোখে মন্তাজ তার, ডাক্তার হয়ে ফিরে বাছাধন শাদা অ্যাপ্রনে। কেউ আর বলবে না—‘ডাক্তার পিস্তল নিয়ে রোগীদের তাড়া করে যেই সিনেমায়, সেখানে খুনির ছেলে হয়ে মানুষের জান ফিরিয়ে দিচ্ছে দ্যাখ, আমাদের ধলা!’কথা দিচ্ছি, আমি আর ওমর শেরিফ মিলে চিত্রনাট্যকারকে বুঝিয়ে বলব, অব্নক্শাস্ কিরাতরাজ্যের এসব পরাবাস্তববাদী দৃশ্য যেন সেন্সর বোর্ডে যাওয়ার আগেই বাদ দেওয়া হয়।আরেক রজনীর গল্পআলিবাবা। নামটা শোনামাত্রই চল্লিশ চোরের প্রসঙ্গ চলে আসে। আর কাসিম খান, খুবই ধূর্ত, চুষে খেত ছোট ভাইয়ের হূৎপিণ্ড। গবেষকদের ধারণা: আলিবাবার বড় আরও এক ভাই ছিল। পশ্চিম ভাগের জমিজমাগুলো ওদের। আলিবাবা পূর্বদিকে, পূর্ববৎ নিগৃহীত ছিল। লোভে পাপ, পাপে মৃত্যু কাসিম খানের। কিন্তু আলিবাবার মৃত্যুর বিশদ বিবরণ গবেষকেরা এখনো তুলে ধরতে পারেননি। তার মৃত্যুর পরপরই জেঁকে বসেছিল চল্লিশ চোরের একজন। অন্ধকার কী কী যেন নাম। বাকিরা কোথায় গেল, এখন প্রশ্নটা সেখানেই। কেননা, এখনো মধ্যরাতে ঘোড়ার বুটের শব্দ শোনা যায়...মৃত মানুষের কাছে নিজেদের লজ্জা ঢাকা খুবই দরকারবনবিভাগের রাস্তা হুমড়ি খেয়ে পড়েছে ফুটপাতে। ব্যাপার তেমন কিছু নয়। গতকাল শেষ রাতে মারা গেছে উলঙ্গ পাগল, যাকে দেখা যেত রাত-দিন, ফুটপাত-ডাস্টবিন-লাইটপোস্ট—তার নিচে সভ্যতার প্রকৃত আদলে; কাল রাতে ভেঙে গেছে ভাস্কর্যের আদিম নমুনা। পাতার আড়াল থেকে বস্ত্রসভ্যতার যুগে আসতে তার দেরি হয়ে গেছে। তাই সে উলঙ্গ দৃশ্য! সবাই তাকিয়ে দেখে, তারপর কেন তারা চক্ষু ফেরানোর ভান করে? রিকশাও পোশাক পরে বৃষ্টিকালে, দুপুরে মোটরগাড়ি ছায়াপর্দা টানে। প্রচণ্ড শীতের রাতে ফুটপাতে সে পাগল যেন মাতৃগর্ভে গুটিপোকা। মায়ের স্তনের মতো নেমে আসতে চায় গোল বাল্ব। তিন হাত বহরের সাদা আসমান আজ নেমেছে ফুটপাতে। জীবিতের লজ্জাটুকু শেষবার ঢাকা পড়ছে মুদ্রা আর কাগজের নোটে। মৃত ক্রেতাদের কাছে বাকি রাখতে কোনো লজ্জা নেই! অকস্মাৎ পাগল বাতাস কাফন উড়িয়ে নিয়ে ফেলে দিল পচা ডাস্টবিনে।