আমিনুল ইসলামের ‘শিরোনামহীন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ ছবিটির কোনো টাইটেল নেই। এটা শিল্পী আমিনুল ইসলামের নিজস্ব বিন্যাসে আঁকা প্রকৃতি। ছবিটি তাঁর অসুস্থতার কিছু আগে আঁকা। তিনি এখন আর ছবি আঁকছেন না। বই পড়েন আর মাঝেমধ্যে কিছু ড্রয়িং করেন। এ কাজটা ২০১০-এর ডিসেম্বরে করা।আমিনুল ইসলাম ছবি নিয়ে কখনোই একটা জায়গায় থেমে থাকেননি বরং বারবার নিরীক্ষা করেছেন। আমিনুল ইসলাম বলেন, ‘আমরা অনেকেই গগন ঠাকুরের কিউবিস্ট ধারায় কাজ করতাম—এর মধ্যে আমি, কিবরিয়া সাহেব আমরা ছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল শিল্পে নতুন কিছু আনা এবং এ জন্য এক্সপেরিমেন্ট করা।‘আমরা যে সময় শিল্পচর্চা শুরু করি, সে সময় ভারত ভেঙে পাকিস্তান হয়েছে, বাংলা দুটো হয়েছে, জয়নাল আবেদিন সাহেব আর্ট কলেজ করেছেন কিন্তু এই অঞ্চলের কোনো স্কুল বা ঘরানা তৈরি হয়নি।‘আমাদের সামনে যেসব ঘরানা বা স্কুল ছিল, তাঁরা সব ভারতীয় ঐতিহ্যের অনুসারী বলে বলা হয়। হ্যাভেল সাহেব, আনন্দ কুমার স্বামী ওকাকুরা, ভগিনি নিবেদিতা—এঁরাই ছিলেন ইন্ডিয়ান আর্টের প্রমোটর। এঁরা যে শিল্পকে ইন্ডিয়ান শিল্প হিসেবে প্রমোট করেছেন, তা বাস্তবে হিন্দু আর্ট। হিন্দু আর্ট বলছি এ কারণে, এতে ছিল হিন্দু দেব-দেবীর প্রাধান্য। ফলে তাঁরা বাস্তবের সঙ্গে যোগসূত্র হারিয়ে ফেলেন। একটা সময়ে এসে ভাববাদী ও আদর্শবাদী এই দুটো প্রধান ধারা হয়ে ওঠে ভারতের শিল্পকলার। এ ছাড়া দুটো ভাগ ছিল—একটা প্রো-ওয়েস্টার্ন রোমান্টিসিজম আর ইস্ট ধারার শিল্পীরা ছিলেন রিলিজিয়ান বেইসড এবং এর সঙ্গে প্রকৃতিও ছিল এঁদের বিষয়।’শুরুতে আমিনুল ইসলামকে গগন ঠাকুরের আলোছায়া প্রেরণা দেয়। বিশেষ ভাবে তাঁর জ্যামিতিক ফর্মে। তখন এই শিল্পী দেখতে শুরু করলেন, প্রকৃতিতে গগন ঠাকুরের আলোছায়াগুলো কী রকম।তাঁর অভিজ্ঞতার কথা বলেন এভাবে, ‘একদিন জিন্নাহ এভিনিউ দিয়ে হাঁটছি। এখন এটা বঙ্গবন্ধু এভিনিউ। সেখানে লক্ষ করলাম, একটা আলোর প্যাটার্ন কীভাবে একটা আরেকটাকে কেটে নতুন ফর্ম তৈরি করেছে। এটা থেকে আমার ধারণা হয়, কলকাতা শহর তৈরি না হলে গগন ঠাকুরের জন্ম হতো না। এ রকম একটা জিনিসের জন্য নগরের পত্তন জরুরি।’এরপর ইউরোপের শিল্পীদের অনেকেই আমিনুল ইসলামকে প্রভাবিত করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন পিকাসো, ব্রাক, সুভেদেনি, কিরিকো, বাহস, কান্দিনেস্কি, পল-ক্লি। কিছুদিন পর আরেক দোলাচলে পড়েন শিল্পী। তখন একটা তর্ক বেশ প্রবল হলো কমিউনিস্ট ভাবধারার প্রভাবে—‘শিল্পের জন্য শিল্প’ না ‘মানুষের জন্য শিল্প’। ‘বাস্তবে এই তর্ক কী বলতে চেয়েছে, তা আজও এ শিল্পীর কাছে কাছে পরিষ্কার হয়নি। তিনি নিজে যদিও কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই তর্কের দোলাচলে অনেক দিন চলেছেন।‘এরপর জয়নুল আবেদিন এবং কামরুল হাসান একটা মেজর রোল-প্লে করেন আমাদের শিল্পে, যদিও এঁদের পেছনের শক্তিটি ছিল যামিনী রায়। এঁদের সে সময়ের ঝোঁকটা ছিল ফোক আর্টে। আবেদিন সাহেব এটা নিয়ে কাজ করতে গিয়ে ক্যানভাসের পরিবর্তে শীতলপাটিতেও কাজ করেছেন। সেটা অল্প কিছুদিন। তবে অয়েলের পরিবর্তে টেমপারায় কাজ করাটা ওনার সঙ্গে দীর্ঘদিন ছিল এবং এটা তাঁর স্বদেশমুখী প্রবণতা থেকেই এসেছে।’ এই দুজনের কাজের প্রভাব পড়েছে এই শিল্পী এবং তাঁর সমসাময়িক কোনো কোনো শিল্পীর ওপর। তিনি কয়েক ধাপে বিমূর্ত ধারায় প্রবেশ করেছেন। ১৯৫৪ সালে ইতালির দ্বিতীয় পর্বে তিনি বিমূর্ততার চর্চা শুরু করেন। তাঁর সে সময়ের দুটি কাজ ‘ফ্লোরেন্স’ এবং ‘রেইন অ্যান্ড প্রেজেন্স’। সেগুলোর মধ্য দিয়ে তাঁর ছবিতে বিমূর্ততা আসে। তবে এগুলোকে পূর্ণ বিমূর্ত বলা যাবে না।এখানে মুদ্রিত কাজটাতে শিল্পী পূর্ণ বিমূর্ততা এনেছেন। আগে যে দুটো কাজের কথা বলা হয়েছে, সেগুলোতে অবজেক্টকে ভেঙে নতুন চেহারা দেওয়ার চেষ্টা করেছিলেন। এতে ছিল চাষিরা যে টোপর পরে, সেটাকে ভেঙে একটা নতুন চেহারায় নেওয়ার চেষ্টা। পরে তাঁর ছবিতে পূর্ণ বা বিশুদ্ধ বিমূর্ততা এলেও সেগুলো আমাদের দেশের প্রকৃতি-মানুষসহ নানা উপাদানের একটা ছায়া ধারণ করেছে। তবে তিনি বিশ্বাস করেন, আর্টের কোনো বাউন্ডারি নেই, বাউন্ডারি নেই তাঁর নিজের ছবিরও। তিনি সারা দুনিয়া থেকে নিয়েছেন, দেশের নানা উপাদান থেকেও নিয়েছেন। এ ছবিটাতে আমাদের আকাশ, পানি এসবের আবহ অনুভব করা যায়। শিল্পী বলেন, ‘অনেক দিন আমি আঁকতে পারছি না। শুধু ড্রয়িং করছি আর পড়ছি। বাংলায় শিল্পকলাবিষয়ক লেখার মধ্যে পরিতোষ সেনকেই আমার মনে হয় সবচেয়ে স্ট্রং আর এ জন্য ওর লেখাগুলো আবার পড়ছি। শিগগিরই আবার ছবি আঁকায় মন দেব।’