আমিশপাড়ার মানুষেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলার্সবার্গের আমিশপাড়ায় এভাবেই দেখা যায় ঘোড়ার গাড়ি। ছবি: লেখক
মিলার্সবার্গের আমিশপাড়ায় এভাবেই দেখা যায় ঘোড়ার গাড়ি। ছবি: লেখক

এক রাত আর দুই দিনের আমিশপাড়া সফর শেষে এখন আমাদের গেটিসবার্গ শহরের দিকে যাওয়ার কথা। যাওয়ার আগে খাঁটি আমিশ খাবার খেতে এসেছিলাম ‘চার্ম’ নামের লোকালয়ে। এসে দেখি এটা সে রকম কিছু না, আমিশদের নিজেদের ঘরে বানানো নানা রকম খাবার আর তরিতরকারির ডিপার্টমেন্টাল স্টোর। ক্যামেরা হাতে বাইরে এসে দাঁড়াই আমি। লোকজনের চলাচল দেখি। এই দুই দিনে আমিশ নারী-পুরুষের কোনো পোর্ট্রেট তুলতে পারিনি। দোকান থেকে একজন বেরোতেই ভাবলাম, শেষ চেষ্টা করে দেখা যাক।
‘আমি কি আপনার একটা ছবি তুলতে পারি?’
প্রশ্ন করার পর নিজেই ‘না’ উত্তর শোনার জন্য তৈরি হয়ে আছি। আগেই জেনেছি, আমিশ সম্প্রদায়ের লোকেরা ক্যামেরা-ফ্রেন্ডলি তো নয়ই, বরং তাদের না জানিয়ে গোপনে ছবি তুলতে গেলে ক্যামেরা কেড়ে নিয়ে নাকি ছুড়ে মারে।
যে ভদ্রলোকের সঙ্গে কথা বলছি, বয়স ষাটের কাছাকাছি। ধবধবে ফরসা, গায়ে হাফহাতা ফতুয়ার মতো শার্ট, ঢোলা প্যান্ট, মুখে দাঁড়ি ও মাথায় হ্যাট। দুই হাতে বাজারের ব্যাগ রাখছেন এক দ্বিচক্রযানে। আমিশরা গাড়ি চালায় না, দ্বিচক্রযানেই চলাচল করে।
এই আমিশপাড়ায় আমরা এসেছিলাম কাল রাতে। মিশিগান থেকে মেরিল্যান্ডমুখী রোডট্রিপের প্রথম রাত কাটাতে চেয়েছিলাম আমিশদের সঙ্গে। কোথায় থাকব, ঠিক করিনি। ভেবেছিলাম, ওদের শহরকেন্দ্রে এসে খুঁজে নেব কোনো সরাইখানা। কিন্তু সন্ধ্যা সাতটায় পৌঁছেই মনে হলো, এ এক ভিন্ন আমেরিকা। জনমানবহীন লোকালয়, দু-একটা চব্বিশ ঘণ্টার মুদি দোকান ছাড়া নেই কিছুই। যে কয়েকটা মোটেলে ঢুঁ মারলাম, তার সবগুলোই ভরা, কোথাও দুটো কামরা খালি নেই। তবে সে সময় আমাদের বহন করে নিয়ে যাচ্ছিলেন—গাড়ি চালচ্ছিলেন যিনি—গাইড বাবলু ভাই আমাদের জন্য সস্তার মেটেলে দুই কামরা বুকিং দিয়ে দিলেন পাঁচ মিনিটের মধ্যে।
আমার ক্রেডিট কার্ড দেওয়া আছে তাঁর কাছে, বুকিং দিতে সমস্যা নেই। যেখানে আছি এর থেকে মাইল পঁচিশ দূরে মিলার্সবার্গের ‘মোটেল-৬’ই হচ্ছে সবচেয়ে কাছের হোটেল, সস্তায় রুম আছে এখানে। ৬০ ডলারে একেকটি রুম বুক করে আমরা ছুটে চলি হোটেলের দিকে। এই যাত্রাটি ছিল ভীষণ ভয়ানক।
পাহাড়ের পর পাহাড়। দুটো গাড়ি একে অন্যকে ঝামেলা না করে ক্রস করতে পারে, এমন প্রস্থ। আমাদের চালক বাবলু ভাই। আমি সামনে বসা আমার ক্যামেরা নিয়ে। পেছনে স্ত্রী জলি আর ছোট ছেলে ইবন, তার পেছনে গিটার নিয়ে বড় ছেলে ইশমাম আধশোয়া।
বিদেশে, বিশেষ করে আমেরিকায় এসে এমন ভুতুড়ে সড়ক কখনো পাইনি। বাবলু ভাই পেয়েছেন। বললেন, আমিশদের অঞ্চলে এমনই হবে। ওদের বাড়ির সামনে কোনো লাইট পোস্ট থাকবে না। রাস্তায়ও না। ঘোড়ার গাড়িতে চলাচল করে তারা। সন্ধ্যার পর কোথাও বেরোয় না, পরিবারের সবাই মিলে ঘরে আড্ডা দেয়।
বাবলু ভাই পেনসিলভানিয়ার আরেক আমিশপল্লিতে অনেক আগে গিয়েছিলেন একবার। তাদের সম্পর্কে আরও জানান তিনি, সুযোগ হলে কাল আপনাদের তাদের কারও বাড়ির ভেতর নিয়ে যাব। দেখবেন, সাত-আট বেডরুমের বাড়ি তাদের। আমেরিকানদের এতগুলো বেডরুমের বাড়ি থাকে না। বয়স আঠারো হয়ে গেলেই সন্তানেরা নিজের বাড়িতে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড নিয়ে থাকে। তবে আমিশদের এসব নেই। তারা খুব একটা জন্মনিয়ন্ত্রণও করে না। প্রতিটি পরিবারেই ছয়-সাতজন ছেলেমেয়ে। তারা মনে করে, যত বেশি সন্তান, তত ঈশ্বরের আশীর্বাদ। জীবনযাপনে তাদের কাছে পরিবার ও খেতখামার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরেই আছে ঈশ্বরের কাছে প্রার্থনা। প্রায় প্রতিটি বাড়িতেই আছে নিজস্ব উপাসনালয়। তবে রোববারটা তারা রাখে গির্জার জন্য। রোববারে কেউ দোকান খোলে না, খেতেও যায় না।
আমিশদের আছে নিজস্ব ভাষা—পেনসিলভানিয়ান ডাচ। তারা নিজেদের মধ্যেই এই ভাষাতেই কথা বলে। অবশ্য এখন ইংরেজিও বলে।
পাহাড়ের উঁচু-নিচু পথে ঘণ্টায় ৪০ মাইল বেগের বেশি গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তবু এভাবেই পৌঁছালাম মোটেলে। পথে দেখলাম নিবু নিবু বাতি জ্বলছে কোনো কোনো বাড়ির ভেতর। এটা হয়তো সোলার এনার্জির নিবু নিবু বাল্ব বা হারিকেন। তাদের মনিহারি দোকানে হারিকেন বিক্রি হতে দেখেছি।

আমিশরা গাড়ি চালায় না, দ্বিচক্রযানেই চলাচল করে
আমিশরা গাড়ি চালায় না, দ্বিচক্রযানেই চলাচল করে

পরদিন ভোরবেলা মোটেল থেকে চেক আউট করে যাচ্ছি আমিশপাড়ায়। বাদামি ভুট্টাখেত, ক্রমাগত ঢেউখেলানো উঁচু-নিচু পাহাড়ের সারি তথা পৃথিবীর সুন্দরতম ল্যান্ডস্কেপ দৃশ্য দেখতে দেখতে একসময় বুঝলাম আমাদের বাহনের পাশ দিয়ে ঘটঘট শব্দে চলে যাচ্ছে ঘোড়ার গাড়ি। তাহলে মিলার্সবার্গের আমিশপাড়ায় চলে এসেছি নিশ্চয়!
ডানে-বাঁয়ে বাড়িগুলো একতলা-দোতলা। একেবারে সাদামাটা আমেরিকান কুঁড়েঘর। বেশির ভাগই সাদা রঙের। সাদাই তাদের বেশি পছন্দ। পোশাক-আশাকের মধ্যেও পছন্দ সাদা। বাড়ির সামনে ঘোড়ার গাড়ি রাখার বড় উঁচু গ্যারেজ। গুগল গাইডের বাইরে বাবলু ভাই আমাদের অতিরিক্ত গাইড। তিনি বললেন, ফুডস্টাম্প নেয় না তারা। আমাদের দেশ বা আরও গবির দেশ থেকে
আসা ইমিগ্রেন্টরা নানা রকমের খয়রাতি তহবিলের খোঁজ করে। িকন্তু আমেরিকান সরকারকে আমিশরা জানিয়ে দিয়েছে, তারা ওই সব নেবে না। এটা তাদের ধর্মীয় চেতনাবিরোধী। বিস্ময়ের ব্যাপার হলো, তাদের দিয়ে কোনো রকমের ইনস্যুরেন্সও করানো যায় না। এসবে তাদের ধর্ম বিশ্বাসে আঘাত লাগে। তারা মনে করে না, কোনো কোম্পানি তাদের বিপদ সাহায্য করবে। এখানে না আছে কলকারখানা, না উঁচু বাণিজ্যিক দালান। এসব তাদের প্রয়োজনও নেই। আদতে যারা এখানকার বাসিন্দা, তাদের জীবনাচারে নেই বাণিজ্যিক চিন্তাচেতনা।
দেখলাম, আমিশদের বাড়ির উঠানে বাঁশের ওপর কাপড় শুকাতে দেওয়া, অনেকটা আমাদের দেশের মতো। জানা গেল, তারা কেউ ওয়াশিং মেশিন বা ড্রায়ার ব্যবহার করে না। নিজেদের কাপড় নিজেরা ধুয়ে শুকাতে দেয় এভাবে। আমেরিকায় এটি ব্যতিক্রমী দৃশ্য বটে।
এই অঞ্চলে কৌতূহলী কিছু পর্যটক আর সরকারি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ থাকে না। পুলিশ আছে কিন্তু অপরাধ নেই একেবারেই। আমিশ সম্প্রদায়ের কাউকে মেরে ফেললেও তাকে দিয়ে মিথ্যা কথা বা মিথ্যা সাক্ষী দেওয়ানো যাবে না।
বার্লিন হলো আমিশপাড়ার রাজধানী। এখানে গাড়ি রেখে নিজেদের মতো ঘুরতে থাকি আমরা। পাঁচ সদস্যের পর্যটক দল ভাগ হয়ে গেল চার ভাগে। আমি ক্যামেরা নিয়ে, আমার স্ত্রী ব্যস্ত দোকানপাটে, বাবলু ভাই ক্লান্তি সারছেন কফির মগে, আর আমার দুই ছেলে নিজেদের মিউজিক ভিডিওর শুটিংয়ে মনোযোগী।
স্ত্রীকে খুঁজতে একতলা দোকানে ঢুকে প্রথমেই মনে এল প্রশ্নটি—এটা কি জাদুঘর না বিক্রয়কেন্দ্র? সবকিছুই আমিশদের ঘরে বানানো—হাতে বানিয়ে রাখা চেয়ার-টেবিল। কোথাও কোনো কারুকাজ নেই। কতগুলো তক্তা বিছিয়ে রাখা হয়েছে। বসার জন্য চেয়ার যে কাজ করে, এটাও তা-ই করে।
গ্রিনহাউসের মতো একটা ছাউনি আছে এক পাশে। ওপরটি ফাইবার গ্লাসে ঢাকা। নিচে নানা রকমের ফুলদানি, ফুলগাছ। পাশেই একটা চৌচালা ঘর, অনেকটা খাটানো তাঁবুর মতো। প্রথম দিকে অভিবাসী আমিশরা এমন ঘরেই বাস করত। পাশে একটি বায়ুপাখা। এই পাখা থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, সন্ধ্যার পর তা দিয়ে আলোকিত হয় ঘর।
এখানকার একটা খোলাবাজারে আমিশদের উৎপাদিত সবজি আর ফসল দেখে ভিরমি খেতে হলো। বড় টমেটো দেখেছি অনেক, কিন্তু বাঁধাকপির সাইজে টমেটো দেখা হয়নি কখনো। এককেকটা কাঁচা মরিচ, ঢ্যাঁড়সের আকারে!
দেখেশুনে খিদে পেয়েছে আমাদের। খাবার অন্বেষণ অতঃপর। খুঁজে পেলাম একটি পিৎজার দোকান। অন্যরা পিৎজার দোকানে ঢুকলে পাশের একটি খোলা মাঠে এলাম আমি। দেখলাম, এক তরুণীকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন শিশু-কিশোর। বুঝতে কষ্ট হলো না, পাশের ঘরটি একটি স্কুল আর এই তরুণী ওই শিশু-কিশোরদের শিক্ষক। বাংলাদেশের গ্রাম দেশের স্কুলেও ইউনিফর্ম চলে এসেছে। আর আমেরিকায় তো কথাই নেই। কিন্তু খটকা লাগল যখন দেখলাম, এই ছেলেমেয়েদের কেউই ইউনিফর্ম পরে না! দূর থেকে ছবি তুললাম তাদের। কাছে যেতে দেখি আমার ক্যামেরা দেখে স্থির হয়ে গেছে তাদের সব কর্মকাণ্ড।
এবার গেলাম তরুণী শিক্ষকের কাছে। দু-তিনটি প্রশ্নের পর তিনি বলেন, ‘আমরা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করি। সনাতনী আমিশদের বিশ্বাস, জীবনযাপনের জন্য এর চেয়ে বেশি শিক্ষার দরকার নেই। এই যে দেখছেন ছাত্রছাত্রীদের, তারা প্রথম থেকে পঞ্চম শ্রেণিপড়ুয়া। একটি ক্লাসরুমেই সব ক্লাসের ছাত্রছাত্রী বিভিন্ন বেঞ্চে বসে নিজ নিজ শ্রেণির পড়াশোনা করে। শিক্ষক আছেন মাত্র দুজন।’ এরপর তরুণী জানালেন মজার তথ্যটি, এখানকার শিক্ষকেরা সবাই অবিবাহিত তরুণী। বিবাহিতদের এখানে চাকরি দেওয়া হয় না। শিক্ষকদের বেতন আসে মহল্লার তহবিল থেকে, সরকার তরফে কিছু নেওয়া হয় না।

আমিশপাড়ার বার্লিনের এক সবজি দোকানের কাচা মরিচ
আমিশপাড়ার বার্লিনের এক সবজি দোকানের কাচা মরিচ


স্কুলের ভেতরে গিয়ে ছবি তোলার অনুমতি চাইলাম তরুণীর কাছে।
‘অনুমতি আমি দিতে পারব না। তবে তুমি ছবি তুললে তোমাকে নিষেধও করব না,’ তরুণী বললেন।
কেবল ছবি তোলা নয়, এসব যন্ত্রের কিছুই ব্যবহার করে না আমিশরা। তাদের বাড়িতে কম্পিউটার নেই, ইন্টারনেট-ফেসবুকের প্রশ্ন করাই তো বোকামি। রেডিও শোনে না। দেখে না টেলিভিশনও। সরকার তাদের ঘরে যে ল্যান্ড লাইনের ফোন দিয়েছে, তা দিয়েই যোগাযোগ করে স্বজাতীয় লোকজনের সঙ্গে। কারোরই সেলফোন নেই। ওহাইওর এই হোমস কাউন্টিতে ‘ওল্ড অর্ডার’ বা সনাতনী আমিশের বসবাস শুরু হলো যখন, সেই ১৮০৮ সাল থেকে চলছে এভাবেই।
এখনো কৃষিনির্ভর জীবনে অভ্যস্ত এ সম্প্রদায়। দুই শ বছর আগে আমেরিকায় থিতু হয়েছিল তারা। নেটিভ আমেরিকানদের সঙ্গে মিলেমিশে শুরু করেছিল চাষাবাদ। যে অঞ্চলে এখন রয়েছি আমরা, একসময় আমাদের বান্দরবনের মতোই ছিল এটি—সেই পাহাড়, সেই উপত্যকা।
একপর্যায়ে দুপুরবেলা আমিশদের রান্না করা সবজি দিয়ে আহার করতে ইচ্ছে হলো আমাদের। ইবনের ফোনে আছে নানা ধরনের তথ্য। কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করে ও বলল, ‘এখান থেকে পাঁচ মাইল দূরে “চার্ম” নামে এক জায়গায় আমিশদের ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, চলো ওখানে খাব।’
‘চার্ম’-এ এলাম। সেখানে কথা হলো ধবধবে ফরসা, গায়ে হাফহাতা ফতুয়ার মতো শার্ট, ঢোলা প্যান্ট, মুখে দাড়ি ও হ্যাট মাথার সেই আমিশ ভদ্রলোকের সঙ্গে। আগেই বলেছি, যাঁর পোট্রে৴ট তোলার খায়েশে তাঁকে বলেছিলাম, ‘আমি কি আপনার একটা ছবি তুলতে পারি?’
আমার কথা শুনে স্পষ্ট ইংরেজিতে বললেন ষাটের কাছাকাছি বয়সের লোকটি, ‘আমাদের জাতের লোকেরা ছবি তোলা পছন্দ করে না। তুমি চাইলে আমার ছবি তুলতে পারো, কিন্তু আমরা ক্যামেরার সামনে পোজ দিই না। ধর্মে নিষেধ আছে।’
কথাগুলো বলেই লোকটি উঠে পড়লেন দ্বিচক্রযানে। দোকান থেকে এবার বেরোলেন এক বৃদ্ধা। তাঁর পোশাক আরও সাদামাটা। গলা থেকে গোড়ালি পর্যন্ত নীল রঙের আলখেল্লা, মাথায় টুপির মতো সাদা রঙের কাপড়ের আস্তরণ। তাঁর দুই হাতে চারটি বড় ব্যাগ। দোকান থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে ওপারে এক টিলার ওপর ঘোড়াশালে বেঁধে রাখা নিজের ঘোড়ার গাড়ির দিকে চলে গেলেন তিনি। দড়ি ছোটালেন খুঁটি থেকে। তারপর নিজেই উঠে পড়লেন দুই চাকার গাড়ির ওপর। ধীরে ধীরে অদৃশ্য হলেন বৃদ্ধা।
ওদিকে আমাদের গাড়ি ছুটে চলল গেটিসবার্গ শহরের দিকে।

.
.

আমিশ কি আলাদা জাতি?
সুইজারল্যান্ডের জেকব আম্মান ছিলেন ভিন্ন মতবাদের খ্রিষ্টান ধর্মযাজক ও একজন মন্ত্রীও। ১৬৯৩ সালে ক্যাথলিক খ্রিষ্টানদের সঙ্গে বিরোধে জড়িয়ে তাঁর ভাষায় ‘প্রকৃত বাইবেলীয়’ জীবনধারার একটা মতামত প্রকাশ করেন তিনি। এই মতের সঙ্গে মিলে যারা তাঁর অনুসারী, পরে তারাই পরিচিত হলো আমিশ নামে। তাদের কিছু লোক ছড়িয়ে পড়ল আমেরিকা, কানাডা ও ব্রিটেনে। গত দুই শ বছরে তাদের সংখ্যা খুব একটা বাড়েনি। আমেরিকায় পেনসিলভানিয়ার মাধ্যমে শুরু হয় আমিশদের অভিবাসন। পরে ওহাইও, ইন্ডিয়ানা, উইসকনসিন, নিউইয়র্ক, মিশিগান, মিজৌরি, কেনটাকি—এসব রাজ্যেও বসবাস শুরু করে তারা। ১৯২০ সালের জনমিতি জরিপে পুরো আমেরিকায় তাদের সংখ্যা ছিল পাঁচ হাজারের মতো। ২০১৬ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখে। ১৯৫০ সালের পর নিজেদের উত্তর পুরুষ ছাড়া খ্রিষ্টান ধর্মের মাত্র ৭৫ জন যুক্ত হয়েছে আমিশ জীবনধারায়। তবে এখানেও আছে বিভাজন। গোটা আমেরিকায় ২৫ রকম আচারিক গির্জা আছে তাদের। নিজেদের মধ্যে বিভিন্ন গোত্রে বিভক্ত তারা। প্রতিটি গোত্রের আছে নিজস্ব কিছু সংস্কার ও বিধিমালা। এর বাইরে কেউ যায় না।