আমেরিকার নকল প্রেসিডেন্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন নিউইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্কে আসা দর্শনার্থীদের চক্ষু চড়কগাছ। স্যুট-টাই পরা দুই ভদ্রলোককে কেমন চেনা চেনা লাগে না! ঠিকই তো। মুখোমুখি দাঁড়িয়ে আছেন বারাক ওবামা আর মিট রমনি! যেন এক্ষুনি দুজন দুজনের ওপর চড়াও হবেন। রমনি তো ঘুষি পাকিয়ে তৈরি!দুজনের ‘কুস্তি লড়াই’টা জমবে জমবে করছে। আসল খেল তো সেই নভেম্বরে। কিন্তু এর আগে দুজনে এমন মারমুখী ভঙ্গিতে! এই দৃশ্য তৃতীয় বিশ্বের ‘ভঙ্গুর গণতন্ত্র’র দুই নেতার সঙ্গে মানায়; গণতন্ত্রের ‘তীর্থভূমি’ যুক্তরাষ্ট্রে নয়। ঘটনাটা কী?ঘটনা পরিষ্কার হলো কিছুক্ষণের মধ্যে। নীল টাই পরা ‘ওবামা’ আসলে ওবামা নন। লাল টাই পরা ‘রমনি’ও নন সেই ‘রমণীমোহন’ রিপাবলিকান নেতাও। এই দুজন আসলে দুজনের ‘লুকঅ্যালাইক’। মানে, দেখতে দুই নেতার মতোই। ওবামার মতো দেখতে মানুষটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে তুমুল জনপ্রিয়। নাম রেগি ব্রাউন। আর নকল রমনির নাম মাইক কোট। দুই নেতাকে নকল করাই তাঁদের পেশা। এভাবেই মানুষকে বিনোদন দেন তাঁরা। বিনোদন দিতেই সেদিন হাজির হয়েছিলেন ওয়াশিংটন স্কয়ার পার্কে।মজার ব্যাপার হলো, ধারণা করা হয়, ওবামার কার্বন-কপি ব্রাউন আসলে ডেমোক্র্যাট সমর্থক নন। বরং তিনি রিপাবলিকান ভোটার! শিকাগোতে জন্ম নেওয়া এই ৩১ বছর বয়সী এমন ধারণা উসকে দিয়েছিলেন গত বছরের জুনে রিপাবলিকান লিডারশিপ কনফারেন্সে হাজির হয়ে। নিউ অরলিন্সের ওই সম্মেলনে ওবামা সম্পর্কে স্পর্শকাতর কিছু বর্ণবাদী কৌতুক পরিবেশন করেছিলেন। অবস্থা বেগতিক দেখে মঞ্চ থেকে তাঁকে নামিয়ে আনেন আয়োজকেরা। তবে রাতারাতি খ্যাতি পেয়ে যান ব্রাউন। ইউটিউবে তাঁর ভিডিও খোঁজার হিড়িক পড়ে যায়।এরই মধ্যে ওবামার চরিত্রে হলিউডের বেশ কিছু ছবি, বিভিন্ন টিভি নাটক ও অনুষ্ঠানে হাজির হওয়া ব্রাউন অবশ্য কোন দলের সমর্থক, এমন প্রশ্ন সচেতনভাবে এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমি কোনো দলের সমর্থক নই, আমি স্রেফ একজন বিনোদনদাতা।’ পেশাদার মডেল হিসেবে বেশ কয়েক বছর কাজ করা ব্রাউন ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। একই বিশ্ববিদ্যালয়ে সংলাপ প্রক্ষেপণ ও অভিনয়ের ক্লাসও নিতেন। ওবামা প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর কপালও খুলে যায়।একই রকম প্রার্থনা করছেন মাইক কোট। এবার যদি ওবামাকে হারিয়ে হোয়াইট হাউসে যেতে পারেন রমনি, কপাল খুলে যাবে তাঁরও। ম্যাসাচুসেটসের এই ৫৬ বছর বয়সী অবশ্য এরই মধ্যে ক্যারিয়ার শুরু করে দিয়েছেন। রিপাবলিকান প্রার্থীর মনোনয়নের দৌড়ে থাকা রিক স্যান্টোরামের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। স্বাভাবিকভাবেই সেই বিজ্ঞাপন বানানো হয়েছিল রমনির বিরুদ্ধে। ব্রাউন আর কোট এভাবে আরেকটি বিন্দুতেও মিলে গেলেন। ব্রাউন যেমন ওবামার বিরুদ্ধে কৌতুক বলে আলোচনায় এসেছেন, কোটও তেমনি আলোচনায় এসেছেন রমনির বিরুদ্ধে ব্যবহার করা বিজ্ঞাপনে অভিনয় করেই!কোট একটি রিয়্যালিটি অনুষ্ঠানও করেছেন, যেটি এখনো প্রচারের অপেক্ষায়। তাঁর মতোই নকল রাজনীতিবিদেরা আছেন এই অনুষ্ঠানে। শিগগিরই তাঁকে অনেক পত্রিকার প্রচ্ছদে দেখা যাবে। ক্যালিফোর্নিয়াজুড়ে অসংখ্য বিলবোর্ডেও শোভা পাবেন নকল রমনি। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে তাঁর চাহিদা। অথচ রমনি আলোচনায় আসার আগ পর্যন্ত রাজনীতি নিয়ে কোনো আগ্রহই ছিল না কোটের। ‘এটা সত্যিই অদ্ভুত। ৫৬ বছর বয়সে এসে আমার জীবন হুট করে পাল্টে যাচ্ছে। এমনটা সত্যিই ঘটে না,’ বলেছেন কোট।মানুষকে হাসানোর ব্রত নেওয়া কোটের জীবনটা কিন্তু করুণ। তাঁর মেয়ে একজন ‘সিঙ্গেল মাদার’। তাঁর মা ভুগছেন ক্যানসারে।এ-ই হয়। হাসির আড়ালে অজস্র কান্নাই বুঝি লুকিয়ে থাকে!