আম-কাঁঠালের ঘ্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মকালের ছুটি মানে আম–কাঁঠালের ছুটি
খাল পেরিয়ে গ্রামের বুকে ধুলোয় লুটোপুটি।
হাঁসের ডানায় রোদ ছড়ানো শান্ত দুপুর বেলা
গ্রীষ্মকালের ছুটি মানেই আম বাগানে খেলা।
আম পেড়ে খাও কাঁচা পাকা নেই তো কারও ধমক
জ্যৈষ্ঠ মাসে গাঁয়ের মাঠে গ্রীষ্মকালের চমক!

কিন্তু চমক পাইনি আমি বাও-বাতাসের ভিড়ে
হয়নি আমার যাওয়ার সুযোগ বাঁকা নদীর তীরে
হয়নি দেখা পাতার ফাঁকে সিঁদুর রাঙা আম
খাইনি পেড়ে পাকা রসে রঙিন করা জাম
গ্রাম দেশে নেই আপন প্রিয় কাছের মানুষ কেউ
ছুটির দিনে লাগেনি তাই ভালোবাসার ঢেউ।

গ্রাম ছেড়েছে মামা–ফুপি, গ্রাম ছেড়েছে কাকা
হুমড়ি খেয়ে সবাই মিলে পড়ছে এসে ঢাকা।
নানুর বাসা উত্তরাতে, দাদু মালিবাগে
তাদের বাসায় আসতে যেতে ঘণ্টা চারেক লাগে।
মামা থাকেন বাসাবোতে, মিরপুরেতে চাচা
ছোট্ট ফ্ল্যাটের বাসা তাদের দেখতে পাখির খাঁচা।
আমরা থাকি রামপুরাতে, ফুপি মুগদাপাড়ায়
পথের জ্যামে গ্রীষ্মকালের ছুটির মজা হারায়।

দূরের গ্রামে হয়নি যাওয়া
গাছপাকা ফল হয়নি খাওয়া
বাজার থেকে কিনে আনা গ্রীষ্মকালের ফলে
নানা রকম ওষুধ মেশায় কত না সব ছলে
ফরমালিনের বিষ মাখা ফল আঁতকে শুধু উঠি
কষ্ট এবং ভয়ে কাটে গ্রীষ্মকালের ছুটি।