আয় রে ছড়া ঝেঁপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছড়া দেখি ইশকুলে যায়

ছড়া খেলে মাঠে,

ছড়া থাকে দুষ্টুমিতে

বাজারে বা হাটে।

ছড়া এসে ধরা পড়ে

ছড়াকারের হাতে,

জ্যোৎস্না মেখে ছড়াগুলো

গল্প জমায় রাতে।

ছড়া ভাসে হাওয়ায় হাওয়ায়

ছড়া মেঘে মেঘে,

এই দেখা দেয় হঠাৎ মিলায়

রোদের ছোঁয়া লেগে!

শাওয়ার ছেড়ে গা ভিজিয়ে

ক্লান্তিকে দেয় ঠেলা,

ছড়া ঘুমায় স্বপ্ন দ্যাখে

অলস দুপুরবেলা।

বিমান চেপে বিদেশে যায়

বাসে ঘোরে ঢাকা,

ট্রেনে চড়ে সারা দেশে

ভ্রমণে তার থাকা!

ছড়া সুখী বাকুম বাকুম

মায়ের আদর পেলে,

ছড়া হাসায় ছড়া কাঁদায়

ছড়াই চিরকেলে।