আরও পরিশীলিত
বাংলাদেশের আধুনিক শিল্পের পথিকৃৎ বলতে যাঁঁদের নাম প্রথমেই উচ্চারিত হবে, শিল্পী মুর্তজা বশীর তাঁদের অন্যতম। তাঁর কাজের গুরুত্ব যতখানি, তাকেও ছাপিয়ে যায় তাঁর ওই ঐতিহাসিক গুরুত্ব্ব। পঞ্চাশের দশকে বাংলাদেশের যে বিমূর্ত শিল্পচর্চার সূচনা হয়, তা নিয়ে নানা ধরনের মতামত আছে। এই ধারা কতটা সঠিক-বেঠিক, তা নিয়ে বিস্তৃত বিতর্কও হতে পারে। প্রশ্ন উঠতে পারে, হঠাৎ কেন এ দেশে এমন শিল্পধারার উদ্ভব হলো, কী ছিল এর পরিপ্রেক্ষিত, যে কারণে এই ধারার বিকাশ। কথাগুলো এ জন্য বলা প্রয়োজন হলো যে এই আলোচনার মধ্যে লুকায়িত আছে ওই সময়ের আধুনিক চিত্র ভাষার বিকাশের ধারণাটি। যদিও আজকের লেখার পরিধি এ বিষয়ে আলোচনার জন্য যথেষ্ট নয়। আমাদের আলোচ্য শিল্পী বরাবরই একটা কথা বলেন আমাদের, তিনি না দেখে আঁকতে পারেন না। প্রায় এক দশক আগে তাঁর একটি ড্রয়িং প্রদর্শনীতে একটি অন্তঃপ্রতিকৃতি ছিল, যেটি দেখলে মনে হয়, তিনি কিউবিস্ট স্টাইলে ড্রয়িং করেছেন। এ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘আমি ড্রয়িং করে দুমড়ে ফেলে দিয়ে সেটা কুড়িয়ে কিছুটা সোজা করে আবার এগোচ্ছি, ফলে এমন হয়েছে।’ বশীর আমাদের শিল্পীদের মধ্যে এমন একজন, যাঁর তথ্য ও তত্ত্বে প্রবল আগ্রহ, সেই সঙ্গে প্রবল রোমান্টিংও—এই দুইয়ের মিশ্রণে গড়ে উঠেছে তাঁর চিত্র, অনন্য চিত্রভাষা। বর্ণ বিভাজন বুনট ও জ্যামিতিক বিন্যাস সম্পর্কে অপরিসীম জ্ঞান তাঁর আবেগের লাগাম হিসেবে কাজ করেছে বলে মনে হয়। গ্যালারি কায়ায় অনুষ্ঠিত তাঁর প্রদর্শনীটি এর ব্যতিক্রম নয়। ‘পাখা’ শিরোনামের এই সিরিজের ৩৬টি চিত্রকর্ম নিয়ে এ আয়োজন। ১৯৯৯ সালে প্রথম, এই সিরিজের প্রথম প্রদর্শনী থেকে এবারের কাজগুলো আরও পরিণত ও পরিশীলিত, এখানে বর্ণবিন্যাস রেখা বুনটে প্রজাপতির ডানায় ভর করে তাঁর ব্যক্তিগত বাক্যগুলো একটু নতুনভাবে ডানা মেলেছে। বর্ণবিন্যাসে অত্যন্ত যত্নশীল বশীর অভিব্যক্তিবাদ ও ইউরোপের ধ্রুপদি শিল্পীদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন এবং তাকে যুক্ত করেছেন নিজের ভাষা পঠনে। বুনট তৈরির জ্যামোর ব্যবহারে তাঁর দক্ষতাকে ব্যবহার করেছেন সুচিন্তিত পরিমিত বোধের বিবেচনায়।যে পরিমিতিবোধ তথ্য সচেতনতা তাঁর আবেগের রাস টেনে ধরে। কোথাও সামান্য রং ছিটিয়েছেন স্প্রের মতো করে এবং ক্যানভাসে আঁচড় কেটে তৈরি করেছেন রেখার মায়াজাল। দেখে যতই আকুল হন না কেন, তাঁর দেখা বস্তুগুলো নিজের অনুভূতির সঙ্গে মিশে অন্য একটি চেহারা নিয়েছে, যা দৃষ্টিনন্দন।সেইসঙ্গে জ্যামিতিক বিন্যাসে অত্যন্ত সঠিক উপস্থাপনায় তাঁর দক্ষতা অত্যন্ত উঁচুমাপের। তাঁর এই প্রদর্শনীটি যে চিত্রভাষা নির্মাণে শিল্পীর দীর্ঘ যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্ব, তাতে কোনো সন্দেহ নেই।এই পর্বে সবচেয়ে উপভোগ্যের বিষয়, তাঁর দক্ষতা ও পরিশীলিত পরিমিতির প্রকাশ। প্রদর্শনীটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।