আরব বসন্তের পর লেখকেরা স্বাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরক্কোর খ্যাতিমান ঔপন্যাসিক, কবি তাহার বেন জিলোনের এই সাক্ষাৎকারটি সম্প্রতি প্রকাশিত হয় জার্মান পত্রিকা ডার স্পিগেল-এ। সাক্ষাৎকার-গ্রহীতা ছিলেন জার্মান লেখক ও সাংবাদিক জেস স্মিবিশ শতক এবং একবিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত একনায়কদের স্বৈরশাসনের কারণে মানবাধিকার, রাজনীতি, বাক্স্বাধীনতা প্রায় রুদ্ধ হয়ে পড়েছিল আরব দেশগুলোতে। রাজনীতিবিদ, ছাত্র, শিক্ষক অথবা মানবাধিকারকর্মী; যে-ই প্রতিবাদী হয়েছেন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে, তাঁর জীবন বিপন্ন হয়েছে। নির্যাতন আর শাসকগোষ্ঠীর অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পাননি লেখকেরাও। কবিতা বা গল্পে আরবদের অধিকারের কথা বলার কারণে বহু আরবি সাহিত্যিক জেলখানায় বন্দী হয়েছিলেন আর বেশির ভাগই দেশ ছেড়ে হয়েছিলেন নির্বাসিত।এ রকম উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন: মিসরের বিখ্যাত ঔপন্যাসিক বাহা তাহের (জন্ম ১৯৩৫), লিবিয়ান ঔপন্যাসিক হিসাম মাতার, সৌদি আরবে জন্মগ্রহণকারী সিরিয়ায় নির্বাসিত ঔপন্যাসিক আবদুল রহমান মুনিফ (জন্ম ১৯৩৩), মরক্কোর বিখ্যাত কবি ও ঔপন্যাসিক তাহার বেন জিলোন, ইরাকের বিখ্যাত কবি আদনান আল সায়েগ (জন্ম ১৯৫৫), কবি সালিহ জে. আলতোমা, ইয়েমেনের গল্পকার আলী আল মুখরি (জন্ম ১৯৬৬)। তালিকা দীর্ঘায়িত করলে আরও অনেক আরবি লেখকের নাম যুক্ত করা সম্ভব।১৭ ডিসেম্বর, ২০১০-এ তিউনিশিয়ার ফল বিক্রেতা বু আজিজির আত্মহননের মধ্য দিয়ে প্রথমে তিউনিশিয়ায় ব্যাপক গণজাগরণ বা আরব বসন্তের সূচনা ঘটে; তারপর একে একে মরক্কো, মিসর, ইয়েমেন, লিবিয়াসহ সব আরব দেশে সেই বসন্ত ছড়িয়ে পড়ে। স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একে একে বিদায় নেন অনেক আরব স্বৈরশাসক। আরব বসন্তের পালাবদলে এখন সেসব দেশে এসেছে নতুন সরকার। এই পালাবদলে আরবি লেখকদের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, তাঁরা কতটা স্বাধীনভাবে লিখতে পারছেন; সেসব নিয়ে আরবি লেখকদের মনোভাব জানিয়ে সম্প্রতি জার্মানির বার্লিন লিটারারি ফেস্টিভ্যালে আরব লেখকদের পক্ষ থেকে বক্তব্য রেখেছিলেন মরক্কোর বিখ্যাত আরবি কবি ও ঔপন্যাসিক তাহার বেন জিলোন। ১৯৪৪ সালে মরক্কোর ফেজ শহরে জন্মগ্রহণকারী তাহার ১৯৬৬ সালে মরক্কোর ক্ষমতাসীন শাসকগোষ্ঠী কর্তৃক কারাবন্দী হন। এরপর ১৯৭১ সালে তিনি ফ্রান্সে নির্বাসিত হন এবং সেই থেকে এখনো ফ্রান্সেই বসবাস করছেন। তাঁর বিখ্যাত দুটি গ্রন্থ হচ্ছে দ্য স্যান্ড চাইল্ড ও রেসিজম এক্সপ্লেইনড টু মাই ডটার। এ দুটি বই ইতিমধ্যে ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তিনি পেয়েছেন শ্রেষ্ঠ ফরাসি সাহিত্য পুরস্কার গ্রা প্রি লিটারারি প্রাইজ, জার্মানির অন্যতম সাহিত্য পুরস্কার এরিক মারিয়া রেমার্ক লিটারারি প্রাইজ এবং আইরিশ সাহিত্য পুরস্কার ডাবলিন ইন্টারন্যাশনাল লিটারারি অ্যাওয়ার্ড।ডার স্পিগেল পত্রিকায় সম্প্রতি প্রকাশিত তাহার বেন জিলোনের সাক্ষাৎকারটি জার্মান থেকে সরাসরি অনূদিত হলো এখানে:প্রশ্ন: ‘আরব বসন্ত’—এই শব্দবন্ধটি কি আপনার পছন্দ?উত্তর: হ্যাঁ। এই টার্মটি আসলেই আমার খুব পছন্দ হয়েছে। বলা যায়, আরবদের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমের একটি চমৎকার উপহার এই ‘আরব বসন্ত’ শব্দবন্ধটি। যদি বলা হতো আরব-বিদ্রোহ, তাহলে হয়তো সেটা যথাযথ হতো না। কারণ, বিদ্রোহে জড়িয়ে থাকে কোনো গোষ্ঠী বা দল, কিন্তু বসন্তে জড়িয়ে আছে সবাই। আরব বসন্ত—সব জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।প্রশ্ন: ‘আরব বসন্ত’ কতটা প্রভাবিত করেছে আরবি সাহিত্যকে?উত্তর: আরব বসন্ত আরবি সাহিত্যকে কতটা প্রভাবিত করেছে তা আগামী দিনের আরবি সাহিত্যই বলে দেবে। তবে আরব বসন্তের যে সুফলটি আরব লেখকেরা এখন ভোগ করছেন, সেটি হচ্ছে: আরবের লেখকেরা এখন স্বাধীনভাবে, স্বৈরশাসকদের পরোয়া না করেই লিখতে পারছেন।প্রশ্ন: স্বৈরশাসকদের সময়ে আরবের লেখকদের অবস্থা কি খুব খারাপ ছিল?উত্তর: স্বৈরশাসকদের সময়ে লেখকদের ওপর প্রচুর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সরকারের চাপিয়ে দেওয়া নানা বিধিনিষেধ তো ছিলই; এ ছাড়া লেখকেরাও নিজে থেকেই ভয়ের ভেতর থাকতেন, তাঁর লেখার কারণে কতটা মাশুল গুনতে হতে পারে—এই ভয়ে। এমনকি যাঁরা দেশের বাইরে নির্বাসনে ছিলেন, তাঁরাও অনেক ভয়ে সব কথা লিখতেন না পরিবার-পরিজনের নিরাপত্তার কথা ভেবে।প্রশ্ন: আরব বসন্তের পর আরব লেখকেরা কি নিজেদের দেশে ফিরছেন?উত্তর: অনেক আরব লেখকই দেশে ফিরে গেছেন, যেমন: মিসর, লিবিয়া, ইরাক; অর্থাৎ যেসব দেশে এখন মোটামুটি শান্তি ফিরে এসেছে।প্রশ্ন: লেখকেরা ছাড়া সাধারণ আরবদের ভাবনাটা এখন কী?উত্তর: আরব দেশগুলো সুদীর্ঘ সময় ধরে স্বৈরশাসক দ্বারা শাসিত হয়েছে। আরব বসন্তের মধ্য দিয়ে স্বৈরশাসকদের বিদায়ের পর ধীরে ধীরে সব ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে। কিন্তু জনগণ চায় এ পরিবর্তনের গতি আরও দ্রুত হোক। পরিবর্তনের গতি দ্রুত না হওয়ায় তরুণ প্রজন্ম বেশ হতাশ।প্রশ্ন: তরুণদের এ হতাশার কারণটা কী? উত্তর: আসলে একটি দেশে পরিবর্তন আনতে গেলে কখনো কখনো এক প্রজন্ম পর্যন্ত সময় লেগে যায় কিন্তু আরব বসন্তে যেসব তরুণ পথে নেমেছেন, জীবন বাজি রেখেছেন; তাঁরা পরিবর্তনের জন্য এক প্রজন্ম পর্যন্ত অপেক্ষা করতে কোনোভাবেই রাজি নন। সে জন্য বহু আরব তরুণ হতাশ হয়ে এখন ইউরোপে অভিবাসী হচ্ছেন।প্রশ্ন: তরুণদের বাইরে আরবের সাধারণ জনগণের আশা বা আকাঙ্ক্ষাটা ঠিক এখন কী রকম?উত্তর: আসলে আরবের অনেকগুলো দেশেই এখনো প্রচুর প্রশাসনিক দুর্নীতি আছে। স্বৈরশাসকদের বদল হয়ে সাধারণ মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বটে, কিন্তু প্রশাসনিক দুর্নীতির চিত্রটি ঠিক একই রকম সব জায়গায়। সাধারণ জনগণের স্বপ্ন দুর্নীতিমুক্ত একটি প্রশাসন। কিন্তু রাতারাতি এই সংস্কৃতির পরিবর্তন খুব কঠিন।প্রশ্ন: ২০১১ সালে প্রকাশিত আপনার আরব বসন্ত বইয়ে আরব স্বৈরশাসকদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আপনি ইউরোপীয় রাজনীতিবিদদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। আপনার এ ক্ষোভের কারণ কী?উত্তর: ইউরোপীয় রাজনীতিকদের বিরুদ্ধে এ ক্ষোভের যুক্তিসংগত কারণ তো অবশ্যই আছে। কারণ, ইউরোপীয় রাজনীতিকেরা আরবের সাধারণ মানুষের স্বার্থকে কখনো প্রাধান্য দেননি, বরং অর্থনীতি আর তেল-বাণিজ্যকেই সব সময় তাঁরা প্রাধান্য দিয়েছেন আরব স্বৈরশাসকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে।প্রশ্ন: তো এখন ইউরোপীয় রাজনীতিবিদ বা সরকারগুলো আরব লেখকদের কীভাবে সহায়তা করতে পারে বলে আপনি মনে করেন?উত্তর: এখন ইউরোপীয় সরকারগুলোর সহায়তাই বরং বেশি দরকার আরব লেখকদের জন্য। ইউরোপের সব ভাষাতেই আরবি লেখকদের লেখা আরও বেশি করে অনুবাদ হওয়া দরকার। এর ফলে ইউরোপীয় লেখকদের সঙ্গে আরব লেখকদের একটা সম্পৃক্তি গড়ে উঠবে, আর এ সম্পৃক্তি বাড়ানোর জন্য ইউরোপীয় লেখকদের অনুষ্ঠানে আরব লেখকদের আমন্ত্রণ জানানো যেতে পারে।প্রশ্ন: তরুণ আরবি লেখকদের উদ্দেশে আপনার কী উপদেশ?উত্তর: পড়তে হবে এবং পড়তেই হবে। ব্যাপক পড়াশোনাই একজন লেখকের সফল হওয়ার পথে প্রধান সহায়ক। কিন্তু কম্পিউটারের কারণে পড়াশোনায় ঘাটতি, আরবের তরুণ লেখকদের ক্ষেত্রে লক্ষ করার মতো। আরব সাহিত্য বা সংস্কৃতিকে তুলে ধরতে হলে তাদের অন্য দেশের সাহিত্য ও সংস্কৃতি পাঠ করতে হবে।অনুবাদ: শাহনেওয়াজ