আর্ট ক্যাম্প সৃজনশীলতার আনন্দযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বেঙ্গল সেন্টারে সম্প্রতি যে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হলো, তাকে সৃজনশীলতার এক বিপুল আনন্দযজ্ঞ বলা যায়। বাংলাদেশের ১২৫ আর পশ্চিমবঙ্গ ও আসামের ১৭ জন শিল্পীর সৃষ্টিশীলতার আনন্দহিল্লোলে চার দিন (২৯ জুলাই থেকে ১ আগস্ট) মুখরিত ছিল খিলক্ষেতের বেঙ্গল সেন্টার। এত বিপুলসংখ্যক শিল্পীর অংশগ্রহণের বিষয়টি নানা দিক থেকে তাত্পর্যপূর্ণ।এই আর্ট ক্যাম্পের আরও গুরুত্বের দিক হলো, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মোত্সব উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন বছরব্যাপী যে বেঙ্গল সাংস্কৃতিক উত্সবের আয়োজন করেছে, তারই অংশ এটি। রবীন্দ্রনাথ বাঙালির সৃজনশীলতাকে বহুমাত্রিক আলোয় শুধু আলোকিতই করেননি এর বিচিত্রমুখী বিকাশে নিরন্তর অনুপ্রেরণার উত্স হয়ে আছেন। সুতরাং তাঁর উদ্দেশে নিবেদিত হওয়ায় বৃদ্ধি পেয়েছে এ ক্যাম্পের তাত্পর্য।শিল্পীরা সাধারণত নিজ গৃহকোণে কিংবা স্টুডিওতে একান্ত আপন মনে শিল্পরচনা পছন্দ করেন। কারও কারও কাছে ছবি আঁকা এক প্রকার নির্জন ধ্যানের বিষয়। কিন্তু অনেকের সঙ্গে যুক্ত হয়ে হইহুল্লোড়ে মেতে, গল্পগুজব করে, ভাব ও অভিজ্ঞতার লেনদেনের মধ্য দিয়ে ছবি আঁকার যে অন্যরকম আনন্দও আছে তা এ ধরনের আর্ট ক্যাম্পে অনুভব করা যায়। বোঝা যায়, শিল্পীরা কোলাহল ও নির্জনতা দুয়েরই আস্বাদ গ্রহণ করতে পারেন। বরং কারও কারও ক্ষেত্রে দেখা যায়, এ ধরনের কোলাহল ও সম্পৃক্ততা তাঁদের উদ্যমকে আরও বাড়িয়ে দেয়। এর মধ্য দিয়ে কেটে যায় অনেকের জড়তা। এ ক্যাম্প শিল্পীদের উদ্যমকে কতটা গতিশীল করেছে, তার প্রমাণ পাওয়া যায় সৃষ্টির প্রাচুর্যের মধ্যে। যেমন দুটি করে ছবি আঁকার কথা থাকলেও তরুণদের অনেকেই এঁকেছেন চারটি বা চারের অধিক চিত্র, এমনকি পাঁচ-ছয়টি পর্যন্ত। প্রবীণেরাও বাদ যাননি এই বেগবান সক্রিয়তার ধারা থেকে। ৮০ বছর বয়সী কাইয়ুম চৌধুরীও এঁকেছেন চারটি চিত্র। এ ক্যাম্পে অনেককেই দেখা গেছে, নিজ অঙ্কনশৈলী নিয়ে, ছবির ভালোমন্দ নিয়ে অন্যের সঙ্গে মতবিনিময় করছেন। এ ধরনের মতবিনিময়ে কিংবা অন্যের মত গ্রহণ বা বর্জনে শিল্পীর শক্তির পরিচয় আছে।এ আর্ট ক্যাম্পে প্রবীণ থেকে নবীন, প্রতিষ্ঠিত থেকে সম্ভাবনাময় সবাই সমবেত হয়েছিলেন। আশি-ঊর্ধ্ব থেকে ত্রিশেরও কম বয়সীরাও যুক্ত হয়েছিলেন এখানে। প্রবীণতম হিসেবে পশ্চিমবঙ্গের রবিন মণ্ডলের পরই উল্লেখযোগ্য বাংলাদেশের আমিনুল ইসলাম ও কাইয়ুম চৌধুরীর নাম। এ ছাড়া ছিলেন পশ্চিমবঙ্গের যোগেন চৌধুরী, গণেশ হালুই, সুনীল দাস, ধীরাজ চৌধুরী, লালু প্রসাদ সাউ, জয়শ্রী চক্রবর্তী, বাংলাদেশের মুস্তাফা মনোয়ার, সমরজিত্ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, মাহমুদুল হক, কাজী গিয়াস, আবুল বারাক আলভী, ফরিদা জামান, শাহাবুদ্দিন, মনসুর উল করিম, ঢালি আল মামুন, শিশির ভট্টাচার্য প্রমুখ। শিল্পীরা যেমন এসেছিলেন বাংলাদেশের বাইরে থেকে অর্থাত্ পশ্চিমবঙ্গ ও আসাম থেকে, তেমনি এসেছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ প্রতিটি অঞ্চলের প্রতিনিধিত্ব ছিল এ ক্যাম্পে।আঁকার পরিবেশটিও ছিল অসাধারণ। বেঙ্গল সেন্টারের পাঁচতলা ভবনের প্রতি তলাই ছিল শিল্পীদের পদচারণায় মুখর। এ ছাড়া বাইরের বৃহত্ জলাশয়ের পাড় ধরে শ্যামল সতেজ প্রকৃতির সান্নিধ্যে সর্বত্রই শিল্পীরা নিজেদের খাপ খাইয়ে নিয়েছিলেন। শ্রাবণের আকাশ ও প্রকৃতি ছিল কখনো মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল, কখনো মেঘলায় বিষাদাচ্ছন্ন, আবার কখনো ঝরঝরে বৃষ্টির ছোঁয়ায় আবেগদীপ্ত।আয়োজকপ্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশনের আতিথেয়তা ছিল অকৃপণ ও ত্রুটিহীন। সারা দিনের কর্মকোলাহল শেষে শিল্পীদের মনোরঞ্জনের জন্য তিন সন্ধ্যায়ই ছিল গানের আয়োজন। দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পীদের পরিবেশিত রবীন্দ্রসংগীতে রসসিক্ত হয়েছে শিল্পীদের চিত্তভূমি। তৃতীয় সন্ধ্যায় ছিল সমকালীন চিত্রকলা নিয়ে আলোচনা সভা। পশ্চিমবঙ্গ-বাংলাদেশের শিল্পী ও শিল্পসমালোচকদের গুরুত্বপূর্ণ বক্তব্য থেকে শিল্পীরা নিজেদের চিন্তাভাবনাকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন। আসলে গত কয়েক দশকে দৃশ্যশিল্পের ক্ষেত্রে বিশ্ব পর্যায়ে যে বিপুল পরিবর্তন সাধিত হয়েছে তার সঙ্গে খাপ খাইয়ে চলা আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশের শিল্পীদের পক্ষে হয়ে পড়েছে রীতিমতো দুরূহ। গত কয়েক শতক ধরে গড়ে ওঠা দ্বিমাত্রিক চিত্ররীতির ঐতিহ্যে সৃষ্টি হয়েছে সুগভীর ভাঙন। দৃশ্যবস্তুকে আঁকার ধারণা থেকে সরে গেছে সমকালীন শিল্পকলা। কনসেপ্টের বিচিত্রমাত্রিক ব্যবহার হয়ে উঠেছে শিল্পের মূল বিষয়। চোখ দিয়ে দেখার পরিবর্তে চেতনার উজ্জীবনের ওপরই আরোপিত হচ্ছে গুরুত্ব। বিজ্ঞান ও প্রযুক্তির বিপুল উন্নতিসাধন, আর্থসামাজিক-সাংস্কৃতিক পরিবর্তন প্রভৃতির তীব্র অভিঘাতে শিল্পবিষয়ক ধ্যান-ধারণার ক্ষেত্রে সাধিত এসব রূপান্তরশীলতা নিয়ে এ দেশের শিল্পীরাও ভাবিত।তবে এ ক্যাম্পে সামান্য দু-একটি ব্যতিক্রম ছাড়া শিল্পীরা মূলত দ্বিমাত্রিক চিত্র-ঐতিহ্যের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রেখেছেন। ক্যানভাস কিংবা কাগজে তেল রং, জল রং ও এক্রিলিক মাধ্যমেই রচনা করেছেন চিত্র। আয়োজকদের ব্যবস্থা সীমাবদ্ধ ছিল এর মধ্যেই। ফলে অনেক ছাপচিত্রীও এসব মাধ্যম অবলম্বন করে তাঁদের চিত্র এঁকেছেন।এ ক্যাম্প যে সব ধারার শিল্পীদের একত্র করতে পেরেছে, সেখানেই তার শক্তি নিহিত। বাস্তববাদী অবয়বধর্মী ধারার পাশেই রচিত হয়েছে বিমূর্ত প্রকাশবাদী ধারার চিত্রগুচ্ছ। দৃশ্যজগত্ চিত্রিত হওয়ার পাশাপাশি রচিত হয়েছে মনের অচেতন লোক-উত্সারিত ধারণানির্ভর শিল্প। শিল্পীরা যাঁর যাঁর স্বভাববৈশিষ্ট্যে প্রাণিত থেকেই পরিচয় দিয়েছেন উন্নত রসবোধের।