সবিশেষ
আলতাফ ভাইয়ের সঙ্গে শ্বাসরুদ্ধকর ৩৬ ঘণ্টা
১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি সেনাবাহিনী বাসা থেকে ধরে নিয়ে যায় সুরকার আলতাফ মাহমুদ ও তাঁর শ্যালকদের। ঘটনাক্রমে সেদিন তাঁদের সঙ্গে ছিলেন চিত্রশিল্পী আবুল বারক আলভী। তাঁদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল হানাদাররা। আলভী ও তাঁর শ্যালকেরা একদিন উদ্ধার পেয়েছিলেন সেই নরক থেকে, কিন্তু আলতাফ মাহমুদ আর ফিরে আসেননি। শহীদ আলতাফ মাহমুদের সেই অন্তর্ধানের ৫০ বছর পূর্ণ হচ্ছে এই ৩০ আগস্ট। এ উপলক্ষে মতিউর রহমানের সম্পাদনায় প্রথমা প্রকাশন থেকে বের হচ্ছে আলতাফ মাহমুদ: এক ঝড়ের পাখি নামের বই। সুরকার আলতাফ মাহমুদের আপনজন ও বন্ধু—অনেকের লেখার সঙ্গে আলভী প্রথমবারের মতো লিখেছেন আলতাফ মাহমুদের সঙ্গে কাটানো ভয়াল সেসব দিনের রুদ্ধশ্বাস বিবরণ। প্রকাশিত হলো লেখাটির সংক্ষেপিত অংশ।
আলতাফ ভাই, সুরকার আলতাফ মাহমুদের সঙ্গে আমার পরিচয় মূলত তাঁর স্ত্রী সারা আরা মাহমুদের মাধ্যমে। তাঁর ডাকনাম ছিল ঝিনু। বাল্যকাল থেকেই আমরা ঘনিষ্ঠ ছিলাম। আমি, সুলতানা কামাল আর ঝিনু একসঙ্গে কচিকাঁচার মেলা করতাম। বিয়ের আগে-পরে আলতাফ ভাইয়ের সঙ্গে কথা বলার সময় মাঝেমধ্যে ঝিনু আমাকে নিয়ে যেত। আমি বসে থাকতাম পাশে। ওখান থেকেই আলতাফ ভাইয়ের সঙ্গেও আমার ঘনিষ্ঠ একটা সম্পর্ক গড়ে ওঠে। ঝিনুর বন্ধু ছিলাম বলে আলতাফ ভাই নিজের ছোট ভাইয়ের মতোই দেখতেন আমাকে।
শুধু আমার সঙ্গেই নয়, ’৭১-এর মুক্তিযুদ্ধের বিখ্যাত ক্র্যাক প্লাটুনের প্রায় সবার সঙ্গেই আলতাফ ভাইয়ের পরিবারের ঘনিষ্ঠতা ছিল। আসলে আলতাফ ভাইয়ের মধ্যে একটা ব্যাপার ছিল, তিনি সহজেই মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা আদায় করে নিতেন।
২.
আগস্টের ২৯ তারিখ আলতাফ মাহমুদের বাসায় যাই আমি। বাসাটা ছিল শহীদবাগে, রাজারবাগ পুলিশ লাইনসের ঠিক উল্টো দিকের গেট। অনেক গল্পগুজব করলাম সেদিন আলতাফ ভাইয়ের সঙ্গে। দেশের অবস্থা নিয়ে নানা কথাবার্তা হলো। আমার কাছে খুঁটিয়ে খুঁটিয়ে মুক্তিযুদ্ধের গল্প শুনলেন।
কথায় কথায় রাত নয়টা-সাড়ে নয়টা বেজে গিয়েছিল। সে সময় রাতে কারফিউ চলে। গাড়ি বন্ধ, রিকশাও পাওয়া যেত না। আমি চলে যেতে চাইলে আলতাফ ভাই বললেন, আলভী, কারফিউ চলছে, এত রাতে যেতে পারবে না। রাতটা থেকে যাও তুমি।
আমি থেকে গেলাম।
৩.
আমি আগে আগেই শুয়ে পড়েছিলাম। আমি ছিলাম বাইরের ঘরে। ভোরের দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। তখনো অন্ধকার ঠিক কাটেনি। পর্দা সরিয়ে দেখি, আর্মি পুরো বাসা ঘিরে ফেলেছে। কী করব ভাবছি। বাইরে আওয়াজ শুনে মনে হলো, আলতাফ ভাইয়েরও বোধ হয় ঘুম ভেঙে গেছে। এমন সময় আমার দরজায় জোরে জোরে আঘাত করতে লাগল বাইরে থেকে। মনে হচ্ছে দরজা ভেঙেই যাবে। এ সময় আলতাফ ভাইয়ের গলা শুনতে পেলাম, আলভী, দরজা খোলো।
দরজা খুললাম। দেখি আলতাফ ভাই সামনে দাঁড়িয়ে আছেন। গায়ে একটা সাদা গেঞ্জি, ছোপ ছোপ রক্ত লেগে আছে তাতে। আমি দরজা খোলার সঙ্গে সঙ্গেই একজন রাইফেলের বাঁট দিয়ে আমাকে বাড়ি মারল। এরপর যে যেভাবে পারল, মারতে শুরু করল। আমি ঘরের ভেতরে চলে গেলাম।
ওরা আসলে আলতাফ ভাইয়ের খোঁজেই এসেছিল। আলতাফ ভাইয়ের শ্যালকেরা ও আমি বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। সবার দিকে তাকিয়ে একজন বলল, মিউজিক ডিরেক্টর সাব কৌন হ্যায়?
আলতাফ ভাই এগিয়ে গিয়ে বললেন, আমি।
আমাদের আগেই ধারণা ছিল যে আলতাফ ভাইয়ের বাসায় মুক্তিযোদ্ধাদের একটা গ্রুপের কিছু আর্মস রাখা আছে। এটা অন্য কেউ জানত না। আলতাফ ভাইয়ের বাসারও কেউ জানত বলে মনে হয় না। তিনি জানতেন যে কেউ জানলে সেটা আস্তে আস্তে ছড়াবেই। তখন নিজের তো বিপদ হবেই, অন্যদেরও বিপদ ঘটবে। আমার ধারণা, কেউ জানলে বড়জোর ঝিনু হয়তো জানত।
আলতাফ ভাইয়ের বাসায় রান্নাঘরের পেছনে একটা জায়গায় মুক্তিযোদ্ধাদের একটা গ্রুপের কিছু আর্মস রাখা আছে, আর্মির লোকজন আগেই খবর পেয়ে এসেছে বোঝা গেল। তারা যে গাড়িতে এসেছিল, সেখানে আগে থেকে কয়েকজন লোক বসা। সামাদ সাহেব বলে একজন সেখানে ছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করতেন। সামাদ সাহেবরাই ইন্টারকন্টিনেন্টালে অপারেশন শেষে অস্ত্র রেখে গিয়েছিলেন আলতাফ ভাইয়ের বাসায়। খুব সম্ভবত নির্যাতনের মুখে তিনিই বলে দিয়েছেন আলতাফ ভাইয়ের কথা।
পরিচয় পেয়ে আর্মির লোকজন আলতাফ ভাইকে মারতে মারতে নিয়ে যায় রান্নাঘরের পেছনে ওই জায়গাটায়। তাঁকেই মাটি খুঁড়তে বলা হয়েছিল। সে সময়ও বারবার আঘাত করা হয়। লাথি মারা হচ্ছিল, রাইফেলের বাঁট দিয়ে আঘাত করা হচ্ছিল। নিরুপায় ছিলেন আলতাফ মাহমুদ।
৪.
গাড়িতে করে আলতাফ ভাইসহ আমাদের সরাসরি নিয়ে গেল ‘মার্শাল ল কোর্টে’। এখন যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়, ওটা ছিল সংসদ ভবন। ওটার পাশেই ছিল সংসদ সদস্যদের থাকার জন্য দুটো বাড়ি বা হোস্টেল। ওর একটাতে নিয়ে যাওয়া হলো আমাদের।
ছোট্ট একটা ঘর। সম্ভবত রান্নার কাজে ব্যবহৃত হয়। গাদাগাদি করে আমাদের রাখা হলো ওখানে। দেখলাম, আমাদের আগে আরও অনেকেই ধরা পড়েছে।
‘ইন্টারোগেশন’ শুরু হলো। একজন একজন করে ডাকতে থাকল তারা। আমাদের ঠিক পাশের ঘরেই ইন্টারোগেশন সেল। একসময় ভেতর থেকে ডাক এল, মিউজিক ডিরেক্টর সাব আইয়ে।
আলতাফ ভাইকে ডাকছে। একটা বিষয় লক্ষ করলাম, আলতাফ ভাইয়ের ভেতর খুব বেশি ভাবান্তর নেই। নির্বিকার ও কঠোরভাবে দাঁড়িয়ে আছেন তিনি। আতঙ্কেরও তেমন কোনো ছাপ আছে বলে মনে হচ্ছিল না।
তাঁর পরনে কী ছিল, সকালবেলার সাদা গেঞ্জিটা পাল্টানো হয়েছিল কি না, আমার ঠিক মনে নেই। শুধু মনে আছে, সব সময় রক্তাক্ত দেখেছি আলতাফ ভাইকে। বাসা থেকেই তো ওরা আমাদের নির্যাতন করা শুরু করেছিল।
বাইরে থেকে শুনতে পেলাম, মারের একপর্যায়ে আলতাফ ভাই জানিয়েছিলেন, কয়েকজন তাঁর কাছে অস্ত্র রেখে গেছে। তবে তিনি কারও নাম বলেননি। সব দোষ নিজের ওপরে নিয়ে তিনি বলছিলেন, আমার সঙ্গে যারা এসেছে, আমি ছাড়া আর কেউই অস্ত্রের ব্যাপারে কিছু জানে না।
আলতাফ ভাইয়ের তিন-চারজন পরেই আমার ডাক পড়েছিল। একটা ব্যাপার, ওরা কিন্তু কাউকে নাম ধরে ডাকছিল না। যেমন আলতাফ ভাইকে ডাকছিল মিউজিক ডিরেক্টর সাব। কিন্তু আমাকে ডাকা হলো নাম ধরে, আলভী কৌন হ্যায়?
তো ওদের ডাকে আমি কোনো সাড়া না দিয়ে চুপ করে থাকলাম। ওরা আবার বলল, আলভী কৌন হ্যায়? দেখি কেউ কিছু বলছে না। তবে সবাই তাকাচ্ছে আমার দিকে। তখন মনে হলো যে যেভাবে ওরা বারবার ডাকছে, ওরাও নিশ্চিত যে এখানে আলভী আছে। মনে আছে, আমাদের যখন এখানে ঢোকায়, আরও একটা লাইন ছিল। হয়তো তাঁদের মধ্যে কেউ ‘আইডেন্টিফাই’ করেছে। তবে আমি এখনো বিশ্বাস করি যে আলতাফ ভাই বলেননি। তাঁর বলার প্রশ্নই ওঠে না।
তো আমাকে নিয়ে ভেতরে চলে গেল। প্রথমেই ওরা আমার পরিচয় দিল। দেখলাম, ওরা সবকিছুই জানে। আমার সঙ্গীদের নামও বলল। তখন ধারণা হলো, আমাদের দলেরই কেউ ধরা পড়েছে। তাদেরই কেউ আমাকে আইডেন্টিফাই করেছে। তবে কে ধরা পড়েছে, সেটা বুঝতে পারছিলাম না।
আমি সরকারি চাকরি করতাম—ফিল্মস অ্যান্ড পাবলিকেশনসে। সেটা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম মুক্তিযুদ্ধে। আসলে সে সময় মনে হয়েছিল যে দেশের জন্য কিছু করা দরকার। ইন্টারোগেশন চলাকালীনই ওরা আমাকে টর্চার করে যাচ্ছিল। আমি তখন একটা বিষয় বুঝতে পারছিলাম যে স্বীকার করলে আর বাঁচার কোনো সুযোগ নেই। সুতরাং ঠিক করেছিলাম যে এমনিও মরব অমনিও মরব, কিন্তু আমাকে সব অস্বীকার করতে হবে। তবু শেষ পর্যন্ত দেখব।
ওরা আমার একেক বন্ধুর নাম বলতে শুরু করল। বলল যে তোমার অমুক বন্ধু ধরা পড়েছে। আমি বললাম, ওই নামে আমার কোনো বন্ধু নেই। তারপর আরেকজনের নাম বলল। আমি আবারও অস্বীকার করলাম। ওরাও বোধ হয় বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। এবার বাদলের নাম বলল। তখন আমি বললাম, আমরা একসঙ্গে থাকতাম। বলল, ফতেহ আলী? আমি বললাম, আমার এলাকার বন্ধু। একসঙ্গে খেলতাম।
তারপর বলল, বাকের? আমি বললাম, আমি একে চিনি না। তখন ওরা বাকেরকে নিয়ে এল। দেখি যে সারা শরীর রক্তাক্ত। বাকেরকে দেখে ধারণা করলাম যে সে-ই আমার কথা বলেছে। কিন্তু সত্যি বলছি, তার প্রতি কোনো ধরনের আক্রোশ বা ক্ষোভ হয়নি আমার। সে তো আর জানে না যে আমি ধরা পড়ব।
ওরা আমাকে দেখিয়ে বাকেরকে জিজ্ঞেস করল, ইয়ে আলভী হ্যায় কেয়া? বাকের দেখি করুণভাবে তাকাল একবার। তারপর মাথা সামান্য ঝুঁকিয়ে হ্যাঁ-সূচক নাড়াল। আর কোনো কথাবার্তা নেই।
আমি আর কী বলব? অমানবিক নির্যাতনে আমার শরীরও তখন রক্তাক্ত। তবু অস্বীকার করলাম। আমি ঠিকই করেছিলাম যে হ্যাঁ-না ছাড়া আর কোনো উত্তরে যাব না। তা ছাড়া একসময় দেখা গেল শুরুর দিকের ব্যথাবোধটা আস্তে আস্তে কমে গেছে। কষ্টের অনুভূতিটা একসময় প্রায় নেই হয়ে গেল। তারপর ওরা বাকেরকে নিয়ে গেল। যখন দেখল আমার কাছ থেকেও আর কোনো কথা বের করতে পারছে না, আমাকে অন্য একটি রুমে পাঠিয়ে দিল। অন্য কারও ইন্টারোগেশন শুরু হবে।
আমি একবার পড়ে যাচ্ছি, আবার উঠছি, আবার পড়ে যাচ্ছি। তাকিয়ে দেখলাম, আমার সারা শরীরের রক্ত শার্টে মেখে আছে। অন্য রুমে নেওয়ার সময় একজন সেপাই বলল যে তুমি কি অস্বীকার করলে ছাড়া পাবে বুঝছ? তার চেয়ে সত্য বলো, তা-ও ছেড়ে দিতে পারি।
৫.
ইন্টারোগেশন শেষ হলে মার্শাল ল কোর্ট থেকে আলতাফ ভাইসহ আমাদের নিয়ে গেল রমনা থানায়।
রমনা থানায় দুটি সারিতে দাঁড় করানো হয়েছিল আমাদের—আলতাফ ভাই সামনের সারিতে, আমি পেছনে। আমি তখন সামনের সারিতে চলে আসি। আমার কাছে মনে হয়েছে যে তিনি অভিজ্ঞ। তা ছাড়া তাঁর কাছে থাকলে আলাদা একটা সাহস পাই আমি।
রমনা থানায় আমি আলতাফ ভাইয়ের সঙ্গে একই কক্ষে ছিলাম। তাঁকে জানিয়েছিলাম যে আমি কিন্তু সব অস্বীকার করেছি। নামও পাল্টে বলেছি।
আলতাফ ভাই জিজ্ঞেস করলেন, কী নাম?
বললাম, সৈয়দ আবুল বারক। আলভীটা বলিনি।
আলতাফ ভাই বললেন, ঠিক আছে। কিছু স্বীকার কোরো না।
৬.
পরদিন সকালে আবার আমাদের নিয়ে গেল আর্মির লোকজন। এবার আর ওই বিল্ডিংয়ে নয়; পাশের বিল্ডিংটাতে নিল। ওখানে সব উচ্চপর্যায়ের অফিসাররা থাকে—লেফটেন্যান্ট বা মেজর হতে পারে।
একসময় আলতাফ ভাইয়ের ডাক পড়ল। দেখি যে আলতাফ ভাইয়ের সঙ্গে তাঁর শ্যালকদেরও ডাকছে, তবে আমাকে আর ডাকে না। তখন একটু বিপদ মনে হলো। ভাবলাম যে এখনই যদি আমি না যাই, তাহলে আবার প্রশ্ন উঠবে, আলভী কোত্থেকে এল? তা ছাড়া আমার মাথায় ছিল যে এক নির্দয়-নিষ্ঠুর সেপাই আমাকে হুমকি দিয়েছিল। আজ আবার দেখি বাইরে ডিউটি পড়েছে তার। তো যখন আলতাফ ভাইকে ডাকল, আমার মনে হলো আমারও যাওয়া উচিত। সম্ভবত ওদের স্টেটমেন্টের যে ফাইল ছিল, যেহেতু কিছু বলিনি, সব অস্বীকার করে গেছি, ফলে একটা সময় ওদের মনে হয়েছিল যে আমি একাই। ওরা আমার ফাইলের কাগজ ছুড়ে ফেলে দিয়ে একটা অশ্লীল গালি দিয়ে বলেছিল, লে যাও ইসকো। আচ্ছা কারকে বানাও।
তো আমি তাদের বললাম, ভাই আমাকেও তো একই জায়গা থেকে ধরে নিয়ে এসেছে। আমাকে নিচ্ছেন না কেন? তখন ওরা আলতাফ ভাইকে ডাকল, যেহেতু তিনি সিনিয়র। জানতে চাইল, আমি তাঁর সঙ্গে কি না। আলতাফ ভাই বললেন, হ্যাঁ। তারপর আমাকেও ভেতরে নিয়ে গেল। ওখানে প্রশ্ন শুরু হলো।
ইন্টারোগেট করছিল চারজন লোক। আমার পাশে আলতাফ ভাই বসা। ওরা আমাকে জিজ্ঞেস করল, তোমাকে কিসের জন্য ধরেছে? আমি বললাম যে আমার আত্মীয়ের বাসায় বেড়াতে গেছি, যেহেতু রাতে কারফিউ ছিল আমি আর বেরোতে পারিনি। এ জন্য বাসায় থেকে গেছি। ওখান থেকে ধরে এনেছে। ওরা আলতাফ ভাইকে জিজ্ঞেস করলে তিনি হ্যাঁ-সূচক মাথা নাড়লেন।
তখন জিজ্ঞেস করল, তুমি কী করো? আমি বললাম, সরকারি চাকরি করি—ফিল্মস অ্যান্ড পাবলিকেশনসে। বলল, অফিসের ফোন নম্বর বলো। যদিও আমি রিজাইন করেছি, তবু সাহস করে অফিসের নম্বর বললাম। আমি অ্যাডমিনিস্ট্রেশনের নম্বরটা দিলাম।
যা-ই হোক, ওরা আমার মুখের দিকে তাকিয়ে আর ফোনটা করল না। নম্বরটা একবার ডায়াল করেই রিসিভারটা রেখে দিল। ওরা আবার বলল, কয়েকজনের নাম অন্তত বলো, যারা যুদ্ধে গেছে। আমি বললাম, আমি সরকারি চাকরি করছি। এই সময় কে কাকে বিশ্বাস করে? হ্যাঁ, যাদের সঙ্গে ঘুরছি, কথা বলছি, হয়তো তাদের কেউ মুক্তিযোদ্ধা থাকতে পারে, কিন্তু আমার কাছে কেউ স্বীকার করেনি।
একসময় সম্ভবত তাদের ধারণা হলো যে আমি নিরীহ। তাই ওরা আমাকে ছেড়ে দিল। আমাদের সবাইকে ছাড়ল, শুধু আলতাফ ভাইকে রেখে দিল। আলতাফ ভাইকে ছাড়বে না বুঝতে পেরে আমার ভীষণ কষ্ট হতে লাগল। কিন্তু কিছু তো করার ছিল না।
বেরিয়ে আসার আগে আলতাফ ভাই আমাকে বিদায় দিলেন। বিদায় বলতে শুধু মাথায় হাত রাখলেন। তাঁর চোখভরা তখন পানি।