আলবার্ট আইনস্টাইনের বেহালা
‘একটি টেবিল, একটি চেয়ার, এক পাত্র ফল আর একটি বেহালা—একজন মানুষকে সুখী হতে আর কী চাই?’ —আলবার্ট আইনস্টাইন১৯৫২ সালে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট ওয়াইজম্যানের মৃত্যুর পর বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে অনুরোধ করা হলো ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার জন্য। তিনি সবিনয়ে প্রস্তাবটি ফিরিয়ে দিলেন। তখন তাঁর বয়স ৭৩ বছর। তিনি আনুষ্ঠানিক প্রত্যাখ্যানপত্রে লিখলেন, ‘যথাযথভাবে মানুষের সঙ্গে মেলামেশার স্বাভাবিক প্রবণতা ও অভিজ্ঞতার অভাব আমার রয়েছে, তা ছাড়া আমি বৃদ্ধও হয়ে যাচ্ছি।’ একটি দেশের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব আইনস্টাইনের পক্ষেই ফিরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু তিনি যা কখনো ফিরিয়ে দেননি, তা হচ্ছে বেহালা বাজানোর প্রস্তাব। তিনি টানা ৭০ বছর বেহালা বাজিয়ে গেছেন। আইনস্টাইনের নিজের কথা, ‘আমি খুব সুখী। কারণ, কারও কাছে আমার কিছু চাওয়ার নেই। আমার টাকার প্রয়োজন নেই। পদক, খেতাব, উপাধি—আমার কাছে এসবের কোনো মানেই নেই। আমি প্রশংসার জন্যও লালায়িত নই। আমার নিজের কাজ ছাড়া একটি মাত্র বিষয় আমাকে আনন্দ দেয়, তা হচ্ছে আমার বেহালা।’ রবীন্দ্রনাথের সঙ্গে ১৯৩০-এর গ্রীষ্মের অপরাহে যখন আইনস্টাইনের দেখা, তখন তাঁদের আলাপের প্রায় পুরোটা জুড়েই ছিল সংগীতের কথা। রবীন্দ্রনাথ বললেন, পিয়ানো তাঁকে হতবাক করে আর বেহালা তাঁকে দেয় তৃপ্তি। আইনস্টাইন বললেন, ব্যক্তির অনুভূতির সঠিক বিকাশ তখনই সম্ভব, যখন সংগীতের সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্য মানুষের মনকে চালিয়ে নিয়ে যায়।আইনস্টাইনের মা পলিন আইনস্টাইন (১৮৫৮-১৯২০) ছিলেন সুশিক্ষিত পিয়ানোবাদক, তিনি চেয়েছেন ছেলেও সংগীত ভালোবাসুক। ছয় বছর বয়সে তিনি ছেলের হাতে বেহালা তুলে দিলেন। কিন্তু তখন বালকের বেহালা ভালো লাগেনি। তখন তাঁর পছন্দ কার্ড দিয়ে ঘর বানানো, জিগসো সমাধান। ১৩ বছর বয়সে যখন তিনি মোৎজার্ট শুনলেন, তাঁর ঘটল ভিন্ন এক উত্তরণ। তিনি আবার বেহালা হাতে নিলেন। হাত থেকে তা আর নামাননি। তিনি নিজের জন্য বেহালা বাজিয়েছেন, বাজিয়েছেন শ্রোতাদের জন্যও। তাঁর খালাতো বোন ও দ্বিতীয় স্ত্রী এলমা লিখেছেন, ‘আলবার্ট যখন বেহালায় মোৎজার্টের সুর তুলেছে নিপুণ হাতে, আমি তখন ছোট্ট বালিকা, তার প্রেমে পড়ে যাই।’ ...আলবার্ট পিয়ানোও বাজাতেন। তিনি যখন বিজ্ঞানের তত্ত্বের কথা ভাবতেন, সংগীত তাঁকে সাহায্য করত। পড়ার ঘর থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ সুর তুলতেন, চিন্তাকে সমন্বিত করে আবার পড়ার ঘরে ফিরে যেতেন।আইনস্টাইন ১৭তম জন্মদিনে সংগীত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষক মন্তব্য করেন, ‘আইনস্টাইন নামের একজন ছাত্র একাই সংগীতের প্রতি তার গভীর মমত্ব দেখিয়ে বিটোফেনের সোনাটা বাজিয়ে শুনিয়েছে।’ বার্লিন-জীবনে বিজ্ঞান ও সংস্কৃতির চর্চা তিনি সমানতালে চালিয়ে গেছেন। কোয়ান্টাম তত্ত্বের জনক ম্যাক্স প্লাঙ্কের সঙ্গে বেহালা বাজিয়েছেন, ওঠাবসা করেছেন সংগীতগুরু ফ্রিৎজ ক্রিসলার আর আর্তুর শনাবেলের সঙ্গে। ১৯২১-এ যখন আইনস্টাইন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এলেন, সংবাদপত্রের প্রতিবেদকেরা দেখতে পেলেন তাঁদের সামনে আলুথালু চুলের একজন দয়ালু মানুষ, পুরোনো দিনের পোশাক, বেহালার বাক্সটি হাতে; সফরে বের হওয়া পেশাদার শিল্পীরা যেমন করে পৃথিবীকে দেখেন, তিনিও তেমনি পৃথিবীকে দেখছেন। বিটোফেন শেষ পর্যন্ত আইনস্টাইনকে বেশি টানেনি। তিনি আমৃত্যু মোৎজার্ট-মুগ্ধ ছিলেন, তাঁর প্রিয় অন্য সুরস্রষ্টাদের মধ্যে ছিলেন বাখ, শুবার্ট, ভিভালদি ও কোরেল্লি। ১৯২৯-এ আইনস্টাইন যখন বেলজিয়াম সফরে এলেন, রানি এলিজাবেথ (সাবেক প্রিন্সেস এলিজাবেথ অব বাভারিয়া) তাঁর সঙ্গে বেহালা বাজানোর জন্য বিজ্ঞানীকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন। রানির বেহালাবাদনের সুখ্যাতি ছিল। তিনি নেদারল্যান্ডসে অক্সফোর্ডে বেহালা বাজিয়েছেন। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে শরণার্থী সহায়তা তহবিল গড়তে গ্যাবি ক্যাসাডেসাসের সঙ্গে যুগলবন্দী বাজিয়েছেন। ১৯৫৫-এর ১৮ এপ্রিল আইনস্টাইনের মৃত্যু হয়। ১৭ ডিসেম্বর ১৯৫৫ প্রিন্সটন সিম্ফনি আইনস্টাইন স্মারক সংগীত বাদনের আয়োজন করে। আইনস্টাইন বিভিন্ন ধরনের বেহালা বাজিয়েছেন। জীবনের শেষ পর্যায়ে এসে একসময় দেখলেন সহজভাবে বাঁ হাত আর তুলতে পারছেন না, তিনি বেহালা রেখে দিলেন। আর হাতে তুলে নেননি।