আলাউদ্দিন আল আজাদ ‘সূর্যস্নান’ দেখতে বলেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স তখন কতই বা হবে! এই সাত বা আট। সে সময় প্রথম সিনেমা দেখা শুরু বাবার হাত ধরে। একেবারেই আক্ষরিক অর্থে। বাবা সিনেমা হলে নিয়ে যেতেন। আমরা কজন ভাইবোন একসঙ্গে যেতাম। বাবার পাশে বসে ছবি দেখতাম। কখনো বা হয়তো আমাদের ঢুকিয়ে দিয়ে তিনি হলের বাইরে দাঁড়িয়ে থাকতেন। বলতে গেলে বেশ আটঘাট বেঁধেই সিনেমা দেখা হতো আমাদের পরিবারে। সে সময় জাদু, রূপকথা ধরনের ফ্যান্টাসি ছবি ভালো লাগত। সেটা ১৯৫৪-৫৫ সালের কথা। এরপর ৫৮ সালে প্রথম একা একা হলে গিয়ে একটি হিন্দি ছবি দেখি। ছবির নামটা এখনো মনে আছে, বহুত দিন হুয়ে। ওই সিনেমাটা আমাকে এতটাই টেনেছিল যে, সেই বয়সে ১৬ বার সিনেমাটি দেখা হয়েছিল।অনেক চলচ্চিত্রই মনে দাগ কেটেছে। এর মধ্যে সালাউদ্দিনের আসিয়া, সুভাষ দত্তের সুতরাং, খান আতাউর রহমানের জীবন থেকে নেয়া, সত্যজিৎ রায়ের অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। আর ইংরেজি চলচ্চিত্রের মধ্যে ওয়ার অ্যান্ড পিস, দ্য ট্র্যাপ, (রিটা টুসিংগাম অভিনীত), মিড নাইট কাউ বয়, দ্য রেইন ম্যান (দুটিই ডাসটিন হফম্যান অভিনীত) আমার প্রিয়। এ ছাড়া তারাশ বুলভা (ইয়্যূল ব্রাইনার অভিনীত) আমার বেশ পছন্দের চলচ্চিত্র। এটি রাশিয়ান কাহিনিভিত্তিক চলচ্চিত্র—কিন্তু চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন মার্কিন নির্মাতা। এই চলচ্চিত্রের নামকরা অভিনয়ের নায়ক যে শুধু শক্তিশালী অভিনেতা ছিলেন তা-ই নয়, তাঁর একটা বৈশিষ্ট্যের জন্যও তিনি বিখ্যাত ছিলেন—তিনি সব সময় মাথা কামিয়ে রাখতেন। আর সেভাবেই অভিনয় করে তিনি সাংঘাতিক নাম করেছিলেন।দেশের চলচ্চিত্রকর্মীদের মধ্যে সুমিতা দেবীর অভিনয় বেশ ভালো লাগত। জহির রায়হানের চলচ্চিত্র কাঁচের দেয়ালে তাঁর প্রথম চমৎকার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। সেই ছবিতে তিনি দেখতেও অসাধারণ ছিলেন। চলচ্চিত্রটিতে বিখ্যাত গান ‘নতুন নতুন সবই ভালো...’ গানটি এবং তার চিত্রায়ণ বেশ ভালো লেগেছিল। কতগুলো কার্টুন দিয়ে গানটি চিত্রায়ণ করা হয়। চলচ্চিত্রে এ রকম ট্রিটমেন্ট জহির রায়হানের মতো চলচ্চিত্রকারের পক্ষেই সম্ভব।আরেকজনের অভিনীত চলচ্চিত্রের কথা না বললে তো ভালোলাগার গল্পটা অসম্পূর্ণই থেকে যাবে। তিনি সুচিত্রা সেন। তাঁর অভিনীত পথে হলো দেরি, অগ্নিপরীক্ষা, সবার উপরেসহ অনেক ছবি সিনেমা হলে গিয়ে দেখেছি।তবে যে ছবিটি এখনো আমার স্মৃতিকে বিশেষভাবে নাড়া দেয়, সেটি সালাউদ্দিনের সূর্যস্নান। চলচ্চিত্রটিতে অভিনয় করেন খালেক, নাসিমা, আনোয়ার এবং রওশন আরা। সবাই তাতে অসাধারণ অভিনয় করেছিলেন। বিশেষ করে শেষ দৃশ্যের রওশন আরার অভিনয় মনে দাগ কাটতে বাধ্য। ছবিতে দেখা যায়, আনোয়ারের স্ত্রী ধর্ষণের শিকার হন এবং পরে আত্মহত্যা করেন। যিনি এই পুরো ঘটনার জন্য দায়ী, তাঁর ওপর প্রতিশোধ নিতে গিয়ে আনোয়ার শিল্পপতির মেয়ে রওশনকে তুলে নিয়ে যান। তারপর আটকে রাখেন মধুপুরের জঙ্গলে। পাথরের মতো ভাবলেশহীন আনোয়ার একসময় খুলে বলেন রওশনের বাবার কুকর্মের কথা। ধীরে ধীরে দুজনের ভালোবাসা তৈরি হয়। পরে রওশনের বাবা তাঁর খোঁজ পেলে মেয়েকে উদ্ধার এবং আনোয়ারকে শেষ করে দিতে লোক লাগিয়ে দেন। কিন্তু রওশন কিছুতেই আনোয়ারকে ছেড়ে যাবেন না। চলচ্চিত্রের শেষ দৃশ্যটা অসাধারণ। রওশনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, নায়িকা রওশন চিৎকার করে কাঁদছেন। গুন্ডারা কুড়াল দিয়ে আনোয়ারকে মেরে ফেলেছে। তার পরের শটেই দেখা যায়, সূর্য প্রখর তাপ দিচ্ছে মৃতদেহের ওপর। এ যেন সূর্যের আলোস্নান! এই শটেই শেষ হয় সিনেমা। গানটিতে কলিম শরাফীর গাওয়া একটা গান বেশ জনপ্রিয় হয়েছিল, পথে পথে দিলাম ছড়াইয়া। এটা আমার খুব পছন্দের গান। চলচ্চিত্রটি আমার স্মৃতিতে জায়গা করে নিয়েছে আরও একটি কারণে। আমি তখন কলেজে পড়তাম। আমাদের শিক্ষক ছিলেন আলাউদ্দিন আল আজাদ। তিনি আমাকে ছবিটি দেখতে বললেন। আমি সে সময় চিত্রালী পত্রিকার চট্টগ্রাম জেলার বিনোদন সাংবাদিক। সূর্যস্নান দেখে চিত্রালী ও স্থানীয় আরও দুটো পত্রিকায় সমালোচনা লিখেছিলাম। আলাউদ্দিন আল আজাদ বেশ খুশি হয়েছিলেন। মনে আছে, তিনি রিভিউগুলোর কাটিং রেখেছিলেন।এখন সময় পাল্টেছে। সেই সঙ্গে পাল্টেছে পছন্দের ধরন। এখন জীবনধর্মী আর শিল্পমানসম্পন্ন চলচ্চিত্রই আমার দেখা হয়। তাতে করে জীবনের নানা বোধ এসে চিন্তায় ঠাঁই করে নেয়। মন্দ লাগে না।অনুলিখন: সুচিত্রা সরকার