
খোদ ফারসি থেকে দেশের বিশিষ্ট প্রত্নতত্ত্ব ও ইতিহাসবিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার অনুবাদ করা তারিখ-ই বঙ্গালা-ই মহাবত জঙি-তে ধরা আছে বাংলার নবাবি আমলের শেষ অধ্যায়ের প্রায় বিস্তারিত বিবরণ। এই বইয়ের মূল লেখক ইউসুফ আলি খান সম্পর্কে বলতে গিয়ে অনুবাদক ও সম্পাদক জানাচ্ছেন, ‘গ্রন্থকারের পিতা ছিলেন নবাবের (আলিবর্দির) অন্তরঙ্গ বন্ধু ও বিশ্বস্ত সেনাপতি। কিন্তু গ্রন্থকার কী হিসেবে নবাবের সহচর ছিলেন, সে কথা কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই। তবে তিনি যে নবাবের কোনো সেনাপতি ছিলেন না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তখনকার দিনে রাজদরবারের সঙ্গে সম্পৃক্ত সবাইকে যোদ্ধা হতে হতো। সেই হিসেবে একজন সৈনিক হলেও গ্রন্থকার ইউসুফ আলি খান ছিলেন খুব সম্ভব নবাবের দরবারের গুণীজনদের একজন। তিনি যে একজন সুপণ্ডিত ও উঁচুমানের লেখক ছিলেন, আলোচ্য গ্রন্থ এবং এ পর্যন্ত প্রাপ্ত তাঁর রচিত আরও তিনটি গ্রন্থই তা প্রমাণ করে।’
এই দীর্ঘ উদ্ধৃতিটুকু তুলে ধরার কারণ আর কিছুই নয়, ইংরেজি অষ্টাদশ শতকের ছয় বা সাতের দশক থেকে ইংরেজদের সরাসরি মদদ বা আর্থিক পৃষ্ঠপোষকতায় বাংলার নবাবি আমল নিয়ে যেসব বই রচিত হতে শুরু করে, সেগুলোতে ঘটনার বিকৃতি অথবা তার প্রধান প্রধান কুশীলবদের চরিত্রহানির যে স্পষ্ট ছবি আমরা দেখতে পাই, এ বইয়েও তার উপস্থিতি বিরল নয়। অনুবাদকের এ সম্পর্কিত মন্তব্য-ভাষ্য প্রনিধানযোগ্য, ‘আলিবর্দির প্রশংসার ব্যাপারে গ্রন্থকার পঞ্চমুখ হলেও তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র সিরাজের চরিত্রের ত্রুটি অনুসন্ধান ও বর্ণনার ব্যাপারে তাঁর উদ্যমের সীমা ছিল না।’
বইটির আদ্যোপান্ত পাঠে আমরা আলিবর্দি বা মহাবত জঙির শুধু বংশ পরিচিতিই নয়, পাব বাংলার মসনদে আসীন হওয়ার ব্যাপারে তাঁর অদম্য আকাঙ্ক্ষা ও প্রয়াসের বিবরণও। ফারসিতে রচিত নবাবি আমল সম্পর্কিত অন্য আর সব বইয়ে যেখানে এ পর্বের বিবরণ নেই বললেই চলে, এতে তুলে ধরা হয়েছে তার প্রায় নিত্যকার নিবিড় ভাষ্য।
মহাবত জঙি-তে মারাঠাদের চূড়ান্তভাবে দমনে আলিবর্দির ভূমিকাকে যত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, তাঁর চরম নিষ্ঠুরতাসমেতই, সমসাময়িক বা তৎপরবর্তী কোনো বইয়ে এ জাতীয় বিবরণ প্রায় নেই বললেই চলে। থাকলেও তা আলোচ্য বই থেকেই ধার করা। স্বীকৃতিও আছে এ কথার।
>

তারিখ-ই-বঙ্গালা-ই মহাবত জঙি: বাংলায় নবাবিআমলের শেষ অধ্যায়
ইউসুফ আলি খান
অনুবাদ: আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া
প্রচ্ছদ: অশোক কর্মকার প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা প্রকাশকাল: জুলাই ২০১৬ ২৭৮ পৃষ্ঠা
দাম: ৫০০ টাকা।
আলিবর্দির মৃত্যুর পর সিরাজের সিংহাসনে আহরণ এবং ইংরেজদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব-সংঘাত, শেষত পলাশীর ময়দানে দুই পক্ষের সশস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়া এবং সেনাধ্যক্ষ মীর জাফরের বিশ্বাসঘাতকতার যে বিবরণ লেখক তুলে ধরেছেন, এক কথায় তা অতুলনীয়। পাশাপাশি সিরাজ-উদ-দৌলার যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন, তাঁর ধরা পড়া এবং মৃত্যুর বর্ণনা পাঠ করতে গিয়ে থমকে পড়তে হয় বারবার। তবে লেখক সিরাজের ক্ষণকালের রাজত্বে ইংরেজদের কোনো দোষ দেখতে পাননি। অনিবার্য মৃত্যুর মুখেও সিরাজের দোষের পর দোষের বর্ণনা দিচ্ছেন তিনি। তবুও এই বই এমন অজানা অনেক তথ্য জানার সুযোগ করে দেয়, যা নবাবি আমল সম্পর্কিত সমসাময়িক অন্যান্য গ্রন্থে নেই।
এ বইয়ের অনুবাদ করে প্রয়াত আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া যে গুরুদায়িত্ব পালন করেছেন, নিঃসন্দেহে তা-ও ইতিহাস।