আলিয়া মাদ্রাসায় শাহনামা
বকশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা। এর মূল ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে রয়েছে মাদ্রাসার নিজস্ব পাঠাগার। এখানে ইসলামের ইতিহাস, দর্শন, সাহিত্য, সংস্কৃতি, গবেষণাধর্মীসহ ২১ হাজারের বেশি বই রয়েছে। বেশির ভাগই দুষ্প্রাপ্য বই, যার একটি পারস্যের কবি আবুল হাকিম ফেরদৌসির শাহনামা। মাদ্রাসার গ্রন্থাগারিক মোহাম্মদ সোবহান উদ্দীনের মতে, পাঠাগারের সংগৃহীত কপিটি ইরানে বিশেষভাবে মুদ্রিত হয়েছিল। এবং শাহনামার শুদ্ধ ও প্রসিদ্ধতম পাণ্ডুলিপি অনুসারে এটি প্রকাশ করা হয়। এই সংস্করণের কেবল দুটি এখন অক্ষত আছে, যার একটি রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে, অপরটি ঢাকা আলিয়া মাদ্রাসার পাঠাগারে।১৯৪৭ সালের দেশভাগের পর কলকাতা মাদ্রাসার অনুমানিক ১৭ হাজার বইয়ের সঙ্গে শাহনামার এই কপিটিও ঢাকা আলিয়া মাদ্রাসায় আনা হয়। এটি পাঁচ ভাগে বিভক্ত, যার এক ভাগে মূল কাহিনি এবং বাকি চার ভাগে মোগল মিনিয়েচার ধাচের চিত্রকর্মের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। চামড়ায় বাঁধাই করা বইয়ের প্রতিটি পাতার চারপাশে রয়েছে ইসলামি চিত্রকলার সূক্ষ্ম কারুকার্য।শাহনামার কাহিনিগুলোর মধ্যে ‘সোহরাব-রুস্তম’ দারুণ জনপ্রিয়। শাহনামার মূল পাণ্ডুলিপিটি সংরক্ষণের দায়িত্ব পালন করছে ‘চাপে তাপান’। শাহনামার এই সংস্করণটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের অধ্যাপক কুলসুম এ বাশার গ্রন্থের প্রকাশনার ইতিহাস পর্যালোচনা করে জানান, আমিরে কায়সার প্রকাশনী থেকে ১৩৪১ হিজরির বসন্তে এটি প্রকাশিত হয়েছে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মোহাম্মদ বাহারামি। ফেরদৌসির রচিত মূল পাণ্ডুলিপি অনুসরণ করে এটি সংকলিত করেছেন বেহক আহসারি।পারস্যের প্রখ্যাত কবি আবুল হাকিম ফেরদৌসির শাহনামার এক হাজার বছর পূর্তি হয়েছে গত বছর। আদিত্য মাহমুদআলিয়া মাদ্রাসা পাঠাগারের শাহনামার মূল খণ্ডের সঙ্গে মিনিয়েচার চিত্রমালায় বর্ণিত শাহনামা।