আলেকজান্ডার হ্যামিলটন ও মারিয়া রেনল্ডসের অমর প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার রাজনীতির ইতিহাসে প্রথম কেলেঙ্কারি বলা যেতে পারে এই ঘটনাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা আলেকজান্ডার হ্যামিলটনের সঙ্গে মারিয়া রেনল্ডসের প্রেম নিয়ে সেকালেও হইচই কম হয়নি।একে তো অন্যের স্ত্রীর সঙ্গে রাষ্ট্রের এমন হোমরাচোমরা ব্যক্তির প্রেম, তার ওপর মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো হ্যামিলটনের কপালে জোটে রাষ্ট্রের টাকার অপব্যবহার করার অভিযোগ। নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকব্যবস্থা ও অর্থনৈতিক নীতিনির্ধারণের দায়িত্বে ছিলেন যিনি, তাঁকেই কিনা মুখোমুখি হতে হলো এমন অভিযোগের। ক্যারিয়ার ধ্বংস করতে এর চেয়ে বেশি আর কী চাই। অবশ্য পারিবারিক সুনাম জলাঞ্জলি দিয়ে হ্যামিলটন তাঁর পেশাগত সম্মান অটুট রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন।১৭৯১ সালে ২৩ বছরের তরুণী মারিয়া রেনল্ডসের সঙ্গে দেখা হয় হ্যামিলটনের। তাঁর বয়স তখন ৩৪। মারিয়া তখন সেনাবাহিনীর কর্মকর্তা জেমস রেনল্ডসের স্ত্রী। সুসান নামে এক মেয়েও আছে তাঁদের। ওদিকে হ্যামিলটনের ১১ বছরের সংসার এলিজাবেথ শুয়েলারের সঙ্গে। স্বামী তাঁকে ছেড়ে চলে গেছে বলে হ্যামিলটনের সাহায্য প্রার্থনা করেন মারিয়া। ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্ক ফিরে যাওয়ার অর্থ সাহায্য চান তিনি। হ্যামিলটন শুধু টাকা দিয়েই ক্ষান্ত হলেন না, মনটাও দিয়ে বসলেন সেই তরুণীকে। আর শুধু একবার নয়, পরের তিন বছর ধরে টাকার জোগান দিতেই থাকলেন।স্ত্রীর সঙ্গে হ্যামিলটনের এই প্রেমের ব্যাপারটা জানতেন জেমস রেনল্ডস। সে যুগে এক নারীকে দুই পুরুষ ভালোবাসলে তাঁদের মধ্যে ডুয়েল লড়াই হওয়ার চল ছিল। লড়াইয়ে যে জিততেন সে-ই পেতেন সেই নারীকে। তবে সে পথে যাননি রেনল্ডস। তাঁর হিসাব ভিন্ন। লড়াই করে জিতলেও কীই-বা পাবেন। স্ত্রীর প্রতি তো আগে থেকেই আর কোনো আকর্ষণ ছিল না তাঁর; বরং হেরে গিয়ে প্রাণটা খোয়ানোর আশঙ্কা আছে। ওদিকে হ্যামিলটনকে হারাতে হতে পারে এত দিনের অর্জিত মানসম্মান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষমতা ও আপাতসুখী পারিবারিক জীবন। রেনল্ডস তাই বিলকুল চেপে যান স্ত্রীর প্রেমের খবর; বরং ব্ল্যাকমেইল করতে থাকেন হ্যামিলটনকে। টাকা না দিলে ফাঁস করে দেবেন এই গোপন প্রেমের কথা, সুনাম নষ্ট করে দেবেন তাঁর। সেই সময়ে প্রায় এক হাজার ডলার গচ্চা দিতে হয়েছিল হ্যামিলটনকে। তবে রেনল্ডসের লোভ কমেনি তাতে। সরকারি কর্মীদের বেতন নিয়ে প্রতারণার অভিযোগে জড়িয়ে পড়েন তিনি। আর তা থেকে রক্ষা পেতে হ্যামিলটনকে ব্যবহারের পাঁয়তারা করেন। এবার মাত্র দুটি উপায় ছিল হ্যামিলটনের। গোপন প্রেমের কথা স্বীকার করে নিজেকে আর্থিক কেলেঙ্কারি থেকে বাঁচানো অথবা সরকারি কাজে প্রতারণার অভিযোগ মাথা পেতে নেওয়া। এবার সত্যিটাই প্রকাশ করেন তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেন যে তাঁকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। তাঁরাও তাঁকে বিশ্বাস করে চুপচাপ মিটিয়ে ফেলেন সব।তবে প্রেমের ফাঁড়া কাটেনি তখনো। মারিয়ার চিঠিগুলো হ্যামিলটন তুলে দিয়েছিলেন কর্তৃপক্ষের হাতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। বছর পাঁচেক পর সেগুলো নিয়ে চালু হয় নানা গুজব। সর্বনাশটা হয় ১৭৯৭ সালে, সেই চিঠিগুলো ছাপা হয় একটি সংবাদপত্রে। আজকের হলুদ সাংবাদিকতার আদি নিদর্শন বলা যেতে পারে একে। দুর্নীতির অভিযোগটাও নতুন করে মাথাচাড়া দিল।তখন তো আর টুইটার, ফেসবুক নেই যে একটা স্ট্যাটাস দিয়েই পরিষ্কার করে বলা যাবে সব। হ্যামিলটনকে তাই গাঁটের পয়সা খরচ করে ৯৫ পৃষ্ঠার একটি ছোটখাটো বই-ই ছাপতে হলো। তাতে প্রতারণার অভিযোগ নাকচ করে দিলেন তিনি। তবে প্রেমের কথা খোলাখুলিই স্বীকার করলেন। ‘প্রেমিক বটে আমি, চোর নই।’ আজকের দিনে হয়তো এভাবেই বলতেন তিনি।প্রেমিক হিসেবে তাঁর সাহসের তুলনা নেই। কিন্তু তাঁর পেশাগত ক্ষতি তাতে ঠেকানো গেল না। সরকারি অফিস ছাড়তে হলো তাঁকে। পুরোনো আইনি পেশায় ফিরে গেলেন তিনি। আর এই গোলযোগে মারিয়ারও একটা লাভ হলো বটে। অত্যাচারী স্বামীর হাত থেকে শেষমেশ মুক্তি পেলেন তিনি। রুহিনা তাসকিন, হাউস্টাফওয়ার্কস ডটকম অবলম্বনে